
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে শক্তি কমেছে ওয়েস্ট ইন্ডিজের। শেষ সময়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা ব্যাটার শিমরন হেটমায়ার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার অ্যালিক আথানাজে।
এর আগে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকার পর ছিটকে গিয়েছিলেন জ্যামাইকান পেসার মারকুইনো মাইন্ডলি এবং জেদিয়া ব্লেডস। এবার তালিকায় যুক্ত হলেন হেটমায়ারও।
সেন্ট কিটসে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৭টায় শুরু হবে প্রথম ওয়ানডে। স্কোয়াডে থাকলেও অসুস্থতার কারণে গত শনিবার রাতে স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন হেটমায়ার।
সদ্যই শেষ হওয়া গ্লোবাল সুপার লিগে হেটমায়ার খেলেছিলেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। চার ম্যাচে রান ছিল যথাক্রমে ১৪,১৮,২৪ ও শুন্য।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজুড়ে জনপ্রিয় নাম হলেও ওয়ানডেতে হেটমায়ারের রেকর্ড খুব ভালো নয়। ৫৬ ম্যাচে ৩২ গড়ে রান করেছেন ১ হাজার ৫৩৯। আর তার বদলি আথানাজে ১২ ম্যাচে ২৪ গড়ে ২ ফিফটিতে করেছেন মাত্র ২৯৯ রান।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেজ, অ্যালিক অ্যাথানাজে, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, মারকুইনো মাইন্ডলি, জেডেন সিলস, জেদিয়া ব্লেডস ও রোমারিও শেফার্ড।
No posts available.
২০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম
২০ এপ্রিল ২০২৬, ৮:২৭ পিএম
২০ এপ্রিল ২০২৬, ৮:০৬ পিএম

ক্রিকেটে যে কোনো পেসারের বড় শত্রু চোট। ক্যারিয়ারের উড়ন্ত অবস্থায় হঠাৎ ইনজুরিতে পেসারদের খেই হারানোর নজির আছে অনেক। তবে এই অমোঘ সত্য মেনে নিয়েই গতিময় বোলিং চালিয়ে নিচ্ছেন নাহিদ রানা।
সন্দেহাতীতভাবেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলার নাহিদ। গত কয়েক বছর ধরে তিন সংস্করণেই বল হাতে গতির ঝড় তুলছেন তরুণ এই পেসার। যার আগুনে সবশেষ ভস্মীভূত হয়েছে নিউ জিল্যান্ডের ব্যাটিং।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৫৯টি ডেলিভারি ১৪০ কিমি প্রতি ঘণ্টার চেয়ে বেশি বেগে করেছেন নাহিদ। সোমবার তার আগুনঝরা এই বোলিংয়ের জবাব দিতে না পেরে ৩২ রানে ৫ উইকেট দিয়েছে কিউইরা।
এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ। এর বাইরে টেস্ট আর টি-টোয়েন্টিতেও প্রতিপক্ষ ব্যাটারদের মনে কাঁপন ধরানোর কাজটি নিয়মিতই করছেন ২৩ বছর বয়সী পেসার।
তবে যতোই ভালো করছেন নাহিদ, ততোই উঁকি দিচ্ছে আরেক শঙ্কা- ইনজুরির চোখরাঙানি। প্রশ্ন উঠছে চোট থেকে বেঁচে থাকতে যথাযথ পূর্ব সতর্কতা নিচ্ছেন তো নাহিদ?
কারণ ক্যারিয়ারের শুরুর দিকে গতিময় বোলিং নিয়ে হাজির হয়েছিলেন তালহা জুবায়েরও। কিন্তু চোটের কারণে লম্বা হয়নি তার ক্যারিয়ার। দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও শুরুতে করতেন এক্সপ্রেস বোলিং। কিন্তু চোটের কারণে পরে হয়ে যান মিডিয়াম পেসার।
এছাড়া নানা সময়ে চোটের কারণে ভুগতে হয়েছে নাজমুল হোসেন, রুবেল হোসেন থেকে শুরু করে বর্তমান সময়ের তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবদের।
পেসারদের জন্য যে চোটে পড়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়, তা ভালোভাবেই জানা নাহিদের। তার মতে, যুদ্ধ করতে নামলে গুলি খেতেই হবে। দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কথাই বলেন নাহিদ।
“অবশ্যই ইনজুরি কখনও বলে-কয়ে আসে না। আর আপনি যদি যুদ্ধে নামেন, তবে গুলি তো আপনার গায়ে লাগবেই। সেই রকম যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবেই, ইনজুরিতে পড়বেন এটা স্বাভাবিক।”
পাশাপাশি ইনজুরি থেকে বেঁচে থাকার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তরুণ পেসার।
“ফিটনেস পরিচর্যারর বিষয়টা... বিসিবিতে যারা ফিজিও আছেন বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখার দায়িত্বে যারা আছেন, তারা অবশ্যই দেখেন যে কোন ম্যাচ বা কয়টা ম্যাচ খেলব। তারাই সার্বিক দিক দেখভাল করেন আমাদের পেস বোলারদের।”

শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে এক মৌসুমের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, লাহোর কালান্দার্সের সাথে চুক্তি থাকা সত্ত্বেও পিএসএল থেকে নাম প্রত্যাহার করে আইপিএলে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ায় চুক্তির শর্ত ভঙ্গ করেছেন শানাকা।
সোমবার এক বিবৃতিতে পিসিবি আরও জানায়, ‘পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার’ পর শানাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের মতে, শানাকা একতরফাভাবে নাম প্রত্যাহার করেছেন, যা খেলোয়াড় নিবন্ধন শর্ত এবং ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এর ফলে তিনি ২০২৭ সালের পিএসএল-এ অংশ নিতে পারবেন না।
শানাকার আগে জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকেও দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে পিসিবি। মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তি বাতিল করে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। পিএসএল থেকে নাম প্রত্যাহারের কারণে কোনো খেলোয়াড়ের ওপর এটিই এখন পর্যন্ত পিসিবির দেওয়া সবচেয়ে কঠোর শাস্তি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে রোমাঞ্চকর বিষয়গুলোর মধ্যে অন্যতম নাহিদ রানার বোলিং। টানা গতিময় বোলিং করে যে কোনো দলকে ভড়কে দেওয়ার কাজটি নিয়মিতভাবেই করছেন তরুণ এই পেসার। আর এটি ধারাবাহিকভাবে করার পেছনে রয়েছে খেলাবিহীন ফাঁকা সময়ে করা পরিশ্রম।
মিরপুরে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ১০ ওভারে এক মেডেনসহ মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। তার আগুনঝরা বোলিংয়ে অনায়াস জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ২৩ বছর বয়সী পেসার।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নেন নাহিদ। সেদিনের মতো নিউ জিল্যান্ডের বিপক্ষেও গতির ঝড় তোলেন তিনি। ম্যাচে নিজের প্রথম বল থেকে শুরু করে শেষ পর্যন্ত টানা ১৪০ কি.মি. প্রতি ঘণ্টা গতিবেগের ওপরে বোলিং করেন বাংলাদেশের তরুণ পেসার।
অথচ বেশ কিছু দিন ধরেই ঢাকার তাপমাত্রা অসহনীয় পর্যায়ে রয়েছে। সোমবার ম্যাচ চলাকালীন সময়েও তাপমাত্রা ছিল ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সঙ্গে বাতাসের আর্দ্রতার কারণে গরম অনুভূত হয় আরও বেশি।
এর মাঝেও নিউ জিল্যান্ডকে ভড়কে দিয়ে ১৯টি ডেলিভারি ১৪৫ কি.মি. প্রতি ঘণ্টার বেশি বেগে করেন নাহিদ। নিজের ১০ ওভারের মধ্যে ৫৯টি বৈধ ডেলিভারিই তিনি করেন ১৪০ কি.মি. প্রতি ঘণ্টার বেশি গতিতে।
নাহিদের এমন ধারাবাহিক গতিময় বোলিং ভড়কে দিয়েছে নিউ জিল্যান্ডকেও। ম্যাচ শেষে যা স্বীকার করেছেন ৮৩ রান করা কিউই ওপেনার নিক কেলি। আর এর পেছনে ফিটনেস ধরে রাখার কৃতিত্ব দিয়েছেন নাহিদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তরুণ এই পেসার গতি ধরে রাখার জন্য ফিটনেস নিয়ে কাজ করার বিস্তারিত ধারণা দেন।
“আলহামদুলিল্লাহ, আল্লাহ ফিট রেখেছেন। ফিটনেস নিয়ে যে জিনিসটা, সেটা আমি আমার প্র্যাকটিসের বাইরে কিংবা যখন প্র্যাকটিস চলে তখন ফিটনেস ট্রেইনারের সঙ্গে কাজ করি।”
“তাদের সঙ্গে কথা বলি যে, কীভাবে নিজের ফিটনেসটা উন্নত করা যায় কিংবা আরও বাড়ানো যায় যাতে আমার ম্যাচের সময় মাঠের মধ্যে ভালো অনুভূতি হয় আমি বোলিং করছি, কখনও টায়ার্ড না হই।”
আর এগুলো করার জন্য খেলা না থাকা ফাঁকা সময়গুলো বেছে নেন নাহিদ।
“এই জিনিসগুলোর জন্য ফাঁকা সময়ে যে জিনিসগুলো করা লাগে; জিমে বলেন বা রানিং বলেন কিংবা নিজের পরিচর্যা করা- এই জিনিসগুলো খেলার বাইরে ফাঁকা সময়েও ভালো করার চেষ্টা করি।”
তবে সিরিজের প্রথম ম্যাচেই খরুচে ছিলেন নাহিদ। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিতে পেরেছিলেন স্রেফ ১ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচেই জেতালেন দলকে।
এই বিষয়ে নাহিদ বললেন, সব দিন সবার সমান যায় না।
“প্রত্যেক দিন, প্রত্যেক ম্যাচ একজন ক্রিকেটারের জন্য ভালো যায় না। আগের ম্যাচ আমার জন্য হয়তো ভালো দিন ছিল না। পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, কাজ হয়নি। এই ম্যাচেও সেটা করার চেষ্টা করেছি যা যথাযথভাবে হয়েছে।”

প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হেরে গেলেও, দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। ফলে সিরিজ এখন সমতায়। শেষ ম্যাচ জিততে ট্রফি নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ড। আর নাহিদ রানা বললেন, খেলা হবে মাঠেই।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবারের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন নাহিদ। শুরু থেকে শেষ পর্যন্ত তুমুল গতিময় বোলিংয়ে ১০ ওভারে এক মেডেনসহ মাত্র ৩২ রান খরচ করে তিনি নিয়েছেন ৫ উইকেট।
নাহিদের গতির আগুনে পুড়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড। পরে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে অনায়াস জয়ই পায় বাংলাদেশ। যার ফলে সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়।
চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল। এর আগে দ্বিতীয় ম্যাচ শেষে নিউ জিল্যান্ডের ওপেনার নিক কেলি বলেছেন, প্রথম ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে ও দ্বিতীয় ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজ জিততে চান তারা।
“এই তো দুই দিন আগে আমরা ভালো পারফর্ম করে প্রথম ম্যাচটি জিতেছি। তো এখান থেকে আমরা শিক্ষা নেবো। কাগজে-কলমে এটি খুব বাজে পরাজয়। তবে আমরা যদি শেষ দিকে ৪০-৫০ রান বেশি করতে পারতাম, তাহলে তাদের জিততে আরও সময় লাগত। তো হ্যাঁ, বিশ্রাম নিয়ে আমরা সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য তৈরি থাকব।”
পরে সংবাদ সম্মেলনে আসা নাহিদকে জানানো হয় কেলির মন্তব্যের ব্যাপারে। প্রতি উত্তরে তেমন কিছু না বলে নাহিদ জানান, খেলা হবে মাঠেই!
“নিউ জিল্যান্ড সিরিজ জেতার কথা বলেছে... অবশ্যই তারা ভালো দল। আসলে মুখে ক্রিকেট খেলা হয় না। মাঠে যে ভালো খেলবে, সেই জিতবে। তো পরের ম্যাচ আমরা ইনশাআল্লাহ্ চেষ্টা করব।”
“ঘরের মাঠে আমরা অবশ্যই চেষ্টা করব সুবিধা নেওয়ার। তবে যে মাঠে ভালো ক্রিকেট খেলবে এবং ভালো পরিকল্পনার বাস্তবায়ন করবে, তারাই জিতবে।”

বাংলাদেশ-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। প্রথম ম্যাচ কিউইদের ২৬ রানে জয়ের পর দ্বিতীয়টি নিজেদের পক্ষে নিয়েছে মেহেদী হাসান মিরাজরা। সোমবার হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচ রাজধানীতে হলেও তৃতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের স্কোয়াডে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৫ সালের ১১ অক্টোবর একদিনের ম্যাচ খেলেছেন তিনি। স্কোয়াডের বাকি অংশ অপরিবর্তিত রয়েছে।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।