
বিশ্বকাপ না জেতা ব্রাজিলের ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকা করলে সেখানে অনায়াসেই চলে আসবে নেইমারের নাম। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার তিনটি বিশ্বকাপে ফিরেছেন খালি হাতেই। সম্ভাব্য শেষ সুযোগটা পাবেন ২০২৬ সালেই। দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও মনে করেন, শুধুমাত্র নেইমারের জন্য হলেও বিশ্বকাপ জয় করতে হবে সেলেসাওদের।
ক্যারিয়ারের সেরা সময়ে নেইমার ২০২২ বিশ্বকাপে খেলেছিলেন দারুণ ছন্দে। তবে ব্রাজিলকে থামতে হয় শেষ আটেই। এরপর থেকেই ছন্দহীন ফুটবল খেলছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে আছে পঞ্চম স্থানে। বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার পথটা এখনও বেশ কঠিনই দলটির জন্য। ২০২৪ সালটা সবদিক থেকে হতাশাজনক কাটানো ব্রাজিল ভালো করতে পারেনি কোপা আমেরিকাতেও।
সম্প্রতি পডকাস্ট চার্লাতে কথা বলতে গিয়ে রোমারিও অবশ্য ব্রাজিলকে টোটকা দিয়েছেন আরও বড় অর্জনের, বিশ্বকাপ জেতার।
“বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নেইমারের ওপরও নির্ভর করে। ১৯৬২ সালে দলটি গ্যারিঞ্চার জন্য খেলেছিল, ১৯৭০ সালে পেলের জন্য, ১৯৯৪ সালে রোমারিওর জন্য, আর ২০০২ সালে রোনালদোর জন্য। তাই ২০২৬ সালে তারা নেইমারের জন্য খেললে সেই সুযোগটা আর পাবে না।”
রোমারিও আশাবাদী হলেও, নেইমারের জন্য সেরা ছন্দ ফিরে পাওয়াটাই এখন হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জের। ২০২৩ সালে এসিএল চোট পেয়ে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। সুস্থ হয়ে ফিরে কয়েকটি ম্যাচ খেলে আবার চোট পেয়ে গেছেন ছিটকে। আল হিলালে ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপের মত আসরের আগে শীর্ষ পর্যায়ে খেলা এবং নিজেকে ফিট রাখার লড়াই তাই হয়ে উঠেছে বড় প্রশ্ন।
No posts available.
২৯ মার্চ ২০২৬, ৮:৩১ পিএম
২৯ মার্চ ২০২৬, ৫:১০ পিএম

আন্তর্জাতিক বিরতির মাঝেই ইগোর তুদোরকে বরখাস্ত করেছে টটেনহাম হটস্পার। ফেব্রুয়ারিতে থমাস ফ্রাঙ্কের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন এই ক্রোয়েশিয়ান কোচ। দায়িত্বপ্রাপ্তির ৪৪ দিন অর্থাৎ ছয় সপ্তাহের মাথায় ছাঁটাই হলেন তিনি।
রবিবার এক বিবৃতিতে তুদোর ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে টটেনহাম। তাৎক্ষণিক আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাওভাবে প্রচার হয় ক্রোয়াট কোচের চাকরি হারানোর খবর।
তুদোর অধীনে পাঁচটি লিগ ম্যাচে একটিও জয় পায়নি টটেনহাম। যার একটি ড্র ও চারটি হারে হতাশাজনকভাবে হেরেছে স্পার্স।
বিবৃতিতে টটেনহাম জানিয়েছে, পারস্পরিক সমঝোতায় তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছেড়েছেন তুদোর। তার সঙ্গে গোলরক্ষক কোচ টমিস্লাভ রোগিচ ও ফিটনেস কোচ রিকার্দো রাগনাচ্চিও ক্লাব ছেড়েছেন। ক্লাব তাদের সবার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে।
সম্প্রতি ব্যক্তিগত দুঃসংবাদও পেয়েছেন তুদোর। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে হারের পরই তিনি তার বাবার মৃত্যুসংবাদ পান, যার কারণে ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতায় থাকতে পারেননি। ক্লাব তার প্রতি সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তার পাশে থাকার কথা বলেছে।
লিগে সাতটি ম্যাচ বাকি থাকতে কোচবিহীন হয়ে পড়ল টটেনহাম। দলটি অবনমন অঞ্চলের ঠিক ওপরে। মাত্র এক পয়েন্ট ব্যবধানে টিকে আছে।

২০২৫ আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। ম্যাচের শেষ দিকে রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের বেশির ভাগ খেলোয়াড়। বিতর্কিত এই ওয়াক-অফের জেরে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়।
শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশনে (সিএএস) আপিল করেছে সেনেগাল। সুইজারল্যান্ডভিত্তিক এই ট্রাইব্যুনাল বিষয়টি নিশ্চিত করেছে। কাফের প্রেসিডেন্ট প্যাট্রিয়েক মোৎসেপে জানিয়েছেন, ক্রীড়া সালিশি আদালত যা সিদ্ধান্ত দেবে, সেটিই মেনে নেব তাঁরা।
মরক্কোকে শিরোপা দেওয়াকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে রবিবার খোলামেলা কথা বলেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি প্যাট্রিয়েক মোৎসেপে।
তিনি বলেন, “আমাদের এই অধ্যায় শেষ করতে হবে। ফুটবলের উন্নয়নে কাজ চালিয়ে যেতে হবে। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশকে আমাদের সমর্থন করতে হবে। সেনেগালের জনগণের উদ্দেশ্যে আমার বার্তা—আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সমর্থন করি। আমরা সবাই আফ্রিকান। একই বার্তা আমি মরক্কোর জনগণকেও দিয়েছি। অনেক সেনেগালি মরক্কোতে বসবাস করে। আমরা ফুটবলকে বিভাজনের জন্য ব্যবহার করব না; এটি আমাদের একত্রিত করার মাধ্যম হওয়া উচিত।”
মোৎসেপে আরও জানান, তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনেগাল সফরে যাবেন। একই সঙ্গে তিনি বলেন, ‘সেনেগালের আপিলের পর ক্রীড়া সালিশি আদালত যে সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে আগাম কোনো মন্তব্য করা হবে না।’ তার ভাষায়, “ক্রীড়া সালিশি আদালত যা সিদ্ধান্ত দেবে, আমরা সেটিই মেনে নেব।”

প্রায় চার দশক ধরে বিশ্বকাপের মঞ্চে নেই ইরাক। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর মিশনে নেমেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ কোচ গ্রাহাম আর্নল্ড। তবে দায়িত্ব নেওয়ার পরই তিনি বুঝেছেন, কাজটা মোটেই সহজ নয়।
প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্নল্ড বলেছেন, ‘এই দায়িত্ব নেওয়ার আগে আমাকে বলা হয়েছিল, এটা সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।’
১৯৮৬ সালের পর আর কখনো বিশ্বকাপে খেলতে পারেনি ইরাক। সেই হিসেবে প্রায় ৪০ বছর পর আবার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে দেশটি। আর্নল্ড বলেন, ‘এটা বিশাল চ্যালেঞ্জ, প্রচণ্ড চাপের। ৪৬ মিলিয়ন মানুষের দেশ, যারা ফুটবল নিয়ে ভীষণ আবেগপ্রবণ।’
এর আগে ২০২২ বিশ্বকাপে বাছাইপর্বে অস্ট্রেলিয়াকে নিয়ে সাফল্য পেয়েছিলেন আর্নল্ড। প্লে-অফে পেরুকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপে তোলেন তিনি। এবার ইরাককে সফল করতে পারলে ইতিহাস গড়বেন—দুটি ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে তোলার প্রথম অস্ট্রেলিয়ান কোচ হবেন।
তবে ভাষাগত বাধা থাকলেও ইরাকের ফুটবল সংস্কৃতির গভীরতা তিনি বুঝতে পেরেছেন, ‘আমি আরবি বলতে পারি না, কিন্তু জানি এই সাফল্য দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ইরাকের মানুষ ফুটবল নিয়ে একেবারেই পাগলপ্রায়।’
ইরাকের দীর্ঘদিন বিশ্বকাপের বাইরে থাকার পেছনে নানা কারণ রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ-সংঘাত, সব মিলিয়ে দেশের ফুটবল পিছিয়ে পড়ে। যদিও ২০০৭ এশিয়ান কাপ জিতে নতুন আশার সঞ্চার করেছিল দলটি।
বর্তমান বাছাইপর্বে নাটকীয়ভাবে প্লে-অফে উঠেছে ইরাক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে তারা। সেই জয়ে রাজধানী বাগদাদসহ পুরো দেশে উদযাপনের ঢেউ নেমে আসে।
গত ১০ মাসে দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন আর্নল্ড, ‘আমি প্রায় সাত মাসই বাগদাদে ছিলাম, সংস্কৃতি বোঝার জন্য। এখানে কোথাও গেলে ব্যক্তিগত সময় পাওয়া কঠিন। সবাই ছবি তুলতে চায়, সবাই কাছে আসতে চায়।’
অর্নল্ড বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর বাগদাদের রাস্তায় মানুষের উদযাপন দেখেছি। আবেগটা বিশাল ছিল। তবে আমি তখনও খেলোয়াড়দের বলেছি—আমরা এখনো যোগ্যতা অর্জন করিনি।’
ইরাকের ফুটবলারদের আবেগ ও দায়বদ্ধতার কথাও তুলে ধরেন আর্নল্ড, ‘এই খেলোয়াড়রা দেশের জন্য কিছু করতে চায়। তাদের এই ইচ্ছাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
মঙ্গলবারের ম্যাচেই নির্ধারিত হবে, দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে ফিরতে পারবে কি না ইরাক।

৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে শুরু হওয়ার অপেক্ষায় ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থের চুড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে ৪২ দল। ইউরোপীয় ও আন্তমহাদেশীয় অঞ্চলের ৬ দল অধীর অপেক্ষায়। ৩১ মার্চ ফয়সালা হবে তাদেরও।
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাওয়া বিশ্বকাপ শুরু হতে এখনও দুই মাসের বেশি সময় বাকি। অথচ ইরান-ইসরায়েল যুদ্ধ, আমেরিকার ভিসা নীতি এবং রাজনৈতিক অস্থিরতাসহ ৬ কারণে এই প্রতিযোগিতা অনিশ্চয়তার ছায়ায়।
ইসরায়েল ও ইরান যুদ্ধ: বিশ্বকাপ যতই ঘনিয়ে, ততই স্পষ্ট হচ্ছে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়। টুর্নামেন্টে ইরানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ মার্কিন মুলুকে। তেহরান থেকে বারবার ভেন্যু পরিবর্তনের অনুরোধ করা হলেও ফিফা এখনও পর্যন্ত ফিরতি উত্তর দেয়নি।
ইরানের ভেন্যু পরিবর্তনের বাহনার মূলে—আমেরিকা। তেল আবিব ও তেহরান যুদ্ধে ইসরায়েলের বড় মিত্র যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল। দেশটির রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনায় সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র।
যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি ইন্ধন ও সহযোগিতার কারণে প্রথম দিকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পরবর্তীতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, তারা যুক্তরাষ্ট্রের ভেন্যু ব্যতিত যেকোনও ভেন্যুতে খেলতে রাজি। আর ফিফা প্রেসিডেন্ট জিয়ানলুইজি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, বিশ্বকাপে ইরানকে স্বাগত জানানো হবে। তবে ট্রাম্প নিরাপত্তার নিশ্চয়তা দেননি। সবকিছু বিবেচনায় বিষয়টি আরও জটিলতার দিকে যাচ্ছে, যা প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে।
রাজনৈতিক অস্থিরতা: মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। অবৈধ অভিবাসন রোধ ছাড়াও ইরানের বিপক্ষে ইসরায়েলের হয়ে যুদ্ধের বিষয়টি মেনে নিতে পারছেন না আমেরিকার অনেক রাজনীতিবিদ। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। ইউএস ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সংস্থার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জানুয়ারিতে আইস হেফাজতে ছয়জনের মৃত্যুরে ঘটনা ঘটে।
ড্রাগ কার্টেল সহিংসতা: মেক্সিকোতে জালিস্কো ড্রাগ কার্টেলের সহিংসতা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে এটি। কার্টেল নেতা নিহত হওয়ার পর সেনাবাহিনী ও কার্টেলের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে।
যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ভক্তদের নিরাপত্তার জন্য ১ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে।
ভ্রমণ নিষেধাজ্ঞা: ‘বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাগত’— ফিফা প্রেসিডেন্ট এমন ঘোষণা দিলেও বাস্তবতার নিরিখে ঠিক তার উল্টোটাই ঘটছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অনেক ভক্তই সমস্যায় পড়ছেন। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা বেআইনি অভিবাসন রোধের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
ফলস্বরূপ, সেনেগাল ও আইভরি কোস্টের ভক্তদের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে। আর ইরান ও হাইতির ভক্তরা যুক্তরাষ্ট্রে প্রবেশে ঝামেলায় পড়তে পারেন। তাছাড়া ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ অনুযায়ী কয়েকটি দেশের ভক্তদের ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য।
টিকিটের উচ্চ দাম: বিশ্বকাপে সবচেয়ে কমদামি টিকিটের মূল্য ৬০ মার্কিন ডলার। এ নিয়ে আন্দোলন কম হয়নি। ফ্যান গ্রুপগুলোর অভিযোগ—টিকিটের আসল দাম অনেক বেশি এবং সাধারণ ভক্তদের জন্য এটি বহনযোগ্য নয়।
ফিফা অভিযোগ তুলেছে, এই টিকিটগুলো অনেক আগে বিক্রি হয়ে গেছে এবং বিজ্ঞাপনে দেখানো দাম আসলেই পাওয়া যায় না। এছাড়া পুনঃবিক্রয় বাজার নিয়ন্ত্রণের অভিযোগও আছে। টিকিটের দাম বিশ্বকাপ থামিয়ে দেওয়ার মতো বড় ঘটনা না হলেও, সমালোচনা তীব্র হতে পারে বিশ্বকাপ চলাকালীন।
মাঠ ও আবহাওয়া: যেসব ভক্ত যুক্তরাষ্ট্রে যেতে পারবেন, তাদের জন্য মাঠের পরিস্থিতি এবং আবহাওয়া একটি বড় উদ্বেগের বিষয়। গত বছর ক্লাব বিশ্বকাপে কয়েকটি মাঠ খারাপ অবস্থায় ছিল। এ নিয়ে খেলোয়াড় ও কোচরা অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন। গরমের কারণে বিরতি বাধ্যতামূলক হয়ে পড়েছিল। ফিফা তিন মিনিটের হাইড্রেশন বিরতি ঘোষণা দিয়েছিল। তবে কিছু সমালোচক মনে করেন এটি শুধুমাত্র টিভি বিজ্ঞাপনের সুবিধার জন্য।

স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা যেন আরও উগরে উঠেছে। বিশেষ করে ‘নেগ্রেইরা কেলেঙ্কারি’ ঘিরে দুই ক্লাবের সম্পর্ক তলানিতে ঠেকেছে।
এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছেন বার্সেলোনার পুনর্নির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তা। দায়িত্বে ফিরেই আবারও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তোপ দাগলেন।
সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘নেগ্রেইরা মামলায় তাদের সম্পৃক্ততার পর থেকেই আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। অনেক দিন ধরেই তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।’
এর আগে নেগ্রেইরা ইস্যুতে বার্সেলোনার বিরুদ্ধে কড়া অবস্থান নেয় রিয়াল মাদ্রিদ। তদন্ত প্রক্রিয়াতেও সক্রিয় ভূমিকা রাখে ক্লাবটি। সেই ঘটনার জেরেই দুই ক্লাবের সম্পর্কের অবনতি ঘটে বলে মনে করা হচ্ছে।
ইউরোপিয়ান সুপার লিগ নিয়েও দুই ক্লাবের অবস্থান ভিন্ন হয়ে যায়। একসময় যৌথভাবে এই প্রকল্পে থাকলেও পরে সরে দাঁড়ায় বার্সেলোনা। লাপোর্তা বলেন, ‘আমরা সুপার লিগ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, কারণ প্রকল্পটি বাস্তবায়নের কোনো অগ্রগতি হচ্ছিল না। আগেই আমরা বিষয়টি জানিয়েছিলাম।’
বার্সেলোনা সভাপতি যোগ করেন, ‘উয়েফা ইউরোপীয় ফুটবলের স্থায়িত্ব বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে, সেটাও আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’
তবে সবচেয়ে বিতর্কিত মন্তব্য করেন রেফারিং প্রসঙ্গে। লাপোর্তার দাবি, রেফারিরা বার্সেলোনাকে সুবিধা দেন না, বরং রিয়াল মাদ্রিদই বেশি সুবিধা পায়। তাঁর ভাষায়, ‘আমার সবসময়ই মনে হয়েছে আমাদের অনেক ভালো খেলতে হয়, কারণ রেফারিরা আমাদের পক্ষে থাকে না। এখানে মনে হয় সবসময় রিয়ালকেই সহায়তা করা হয়। তাদের বার্সেলোনা-ইটিস আছে, এটা স্পষ্ট।’
নেগ্রেইরা কেলেঙ্কারি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন লাপোর্তা। তাঁর দাবি, বার্সেলোনার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে পাল্টা অভিযোগ তুললেন, ‘আমরা এমন একজনকে নিয়োগ দিয়েছিলাম, যিনি আগে রেফারি কমিটির সহ-সভাপতি ছিলেন—এ নিয়ে আমাদের সমালোচনা করা হচ্ছে। অথচ তাদের সঙ্গেই রেফারি কমিটির সভাপতিদের যোগসূত্র ছিল।’
লাপোর্তার এই মন্তব্য স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুই ক্লাবের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এমন বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।