
চতুর্থ দিন শেষে অনেকটাই নিশ্চিত ছিল ম্যাচের ফলাফল। শেষ দিনে দারুণ কিছু হতে হলে বাংলাদেশকে হতে হত আগ্রাসী। তবে সেটা আর হলো না। নাজমুল হোসেন শান্ত করলেন টেস্টে তার দ্বিতীয় সেঞ্চুরি, তাতে ভর করে স্বাগতিকরা ছুঁড়ে দিল এমন টার্গেট, যা তাড়া করা প্রায় অসম্ভবই। তবে শ্রীলঙ্কার ব্যাটারদের রক্ষণাত্মক কৌশলে দ্রুত কিছু উইকেট তুলে বাংলাদেশ শিবিরে জাগল জয়ের সুবাস। সব রোমাঞ্চ ছাপিয়ে শেষ পর্যন্ত ম্যাচ শেষ হল ড্রতেই।
গল টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ৬ উইকেটে ২৮৫ রানে। ২৯৬ রানের লক্ষ্যে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস থামে ৪ উইকেটে ৭২ রানে।
বাংলাদেশ শেষ দিনের খেলা শুরু করেছিল ৩ উইকেটে ১৭৭ রানে। দিনের খেলা সব মিলিয়ে প্রায় ৯৫ ওভার হওয়ার সম্ভাবনা থাকায় দ্রুত রান তুলে বাংলাদেশ যদি একটা টার্গেট ছুঁড়ে দিত, তাহলে ম্যাচের একটা ইতিবাচক ফল বের করার ভালো সুযোগ তৈরি হতেও পারত। তবে প্রথম সেশনে শান্ত ও মুশফিকুর রহিম মিলে রয়েসয়েই ব্যাট করেন, ফলে রানের চাকা ছিল বেশ ধীর।
এর মাঝেই অহেতুক রান চুরি করতে গিয়ে কাঁটা পড়েন মুশফিকুর। বৃষ্টি ছিল গুঁড়িগুঁড়ি, খেলা বন্ধের আগে সম্ভাব্য শেষ ওভারে ৪৯ রানে থাকা অবস্থায় ঝুঁকিপূর্ণ সিঙ্গেলস বের করতে গিয়ে শিকার হন রান আউটের।
এরপর খেলা আবার শুরুর পর লিটন দাস ক্রিজ ছেড়ে ব্যাট চালাতে গিয়ে বোল্ড হন বাঁহাতি স্পিনার থারিন্দু রত্নায়েকের বলে। খানিক বাদে এক ডিজিটে স্টাম্পড হন জাকের আলি অনিক। তবে এর আগেই বাংলাদেশের লিড আড়াইশ পার হওয়ায় দেখার ব্যাপার ছিল বাংলাদেশ আর কতোটা সময় ব্যাট করে।
তবে অধিনায়ক শান্ত নব্বইয়ের ঘরে যাওয়ার পর দ্রুত রান বের না করে এগিয়ে যান ধীরগতিতে। শেষ পর্যন্ত থারিন্দুর বলে সিঙ্গেলস নিয়ে করেন পূর্ণ করে শতক। প্রথম ইনিংসে ১৪৮ রান করা বাঁহাতি এই ব্যাটার এরপর হাঁকান তিনটি বিশাল ছক্কা। ইনিংস ঘোষণার আগে অপরাজিত থাকেন ১২৫ রানে।
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। এর আগে তিনি এই কীর্তি গড়েছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে।
৩৭ ওভারে ২৯৬ রানের অবিশ্বাস্য টার্গেটে প্রথম ওভারে দুই চার হাঁকিয়ে ইতিবাচক ব্যাটিংয়ের আভাস ছিল শ্রীলঙ্কার। তবে বেশ স্পিন ধরা উইকেটে আক্রমণে এসেই টার্ন পান তাইজুল ইসলাম, যা বদলে দেয় চিত্র। এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন লাহিরু উদারা।
অন্যপ্রান্তে এরপর আঘাত হানেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া নাঈম হাসানও। তার বলে টপ এজ হয়ে শান্তকে ক্যাচ দিয়ে ২৫ বলে ২৪ করে ফেরেন পথুম নিশাংকা। এরপর খোলসবন্দী হয়ে যায় শ্রীলঙ্কা। মাটি আঁকড়ে ব্যাট করার প্রচেষ্টায় নিজের বিদায়ী টেস্টের শেষ ইনিংসটা বড় করতে ব্যর্থ হন অ্যাঞ্জেলো ম্যাথুউস।
এই উইকেটের পর জেগে ওঠে বাংলাদেশের জয়ের আশাও। সেটা আরও বাড়িয়ে দিয়ে ৪৪ বলে ৬ করা দীনেশ চান্দিমালকে বোল্ড করেন ইনিংসে তিন উইকেট পাওয়া তাইজুল। এরপর বাকি সময়ে আর উইকেট না ধরা দেওয়ায় দুই অধিনায়ক মেনে নেন ড্র।
No posts available.
২৯ এপ্রিল ২০২৬, ৭:৪৫ পিএম
২৯ এপ্রিল ২০২৬, ৪:০৬ পিএম
২৯ এপ্রিল ২০২৬, ৩:৪০ পিএম

দেশের মাঠে সাকিব আল হাসানকে বিদায় দেওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার একাধিকবার ঘরের মাঠে অবসর নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এবার আরও একবার অধরা স্বপ্ন পূরণের কথা বললেন সাকিব।
মুম্বাইয়ে ইইউ টি২০ বেলজিয়াম ইভেন্টে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসময় নিজের ক্রিকেট ক্যারিয়ার, বাংলাদেশের ক্রিকেটের বর্তমান-ভবিষ্যত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এই অলরাউন্ডার। দেশে ফিরে একটি টেস্ট খেলে বিদায় নিতে চান কি না এমন প্রশ্নে সাকিব সবকিছু ছেড়ে দেন সময়ের কাছেই।
সাকিব বলেন, ‘সেটা না হয় পরে দেখা যাবে। তবে আমি বিশ্বাস করি, আজ হোক বা কাল পরিস্থিতির উন্নতি ঘটবে। সময়ের সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়। আমি আশাবাদী, আমি যা চাই (সম্মানজনক বিদায়), তা পাবো।’
এর আগেও তিন সংস্করণেই বাংলাদেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার স্বপ্নের কথা জানিয়েছিলেন সাকিব। ৩৯ বছর বয়সী ক্রিকেটারকে ফেরানোর কথা বলেছিলেন সদ্য ভেঙে যাওয়া বিসিবির পরিচালক আসিফ আকবরও। তবে শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতায় সাকিবের ফেরা বারবার অনিশ্চিত হয়ে পড়ে।
২০২৪ সালে ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলে বেড়াচ্ছেন সাকিব। দীর্ঘ সময় বাইরে থাকা সাকিব দেশকে মিস করা নিয়ে বলেন, ‘আমি তো দেশের জন্য অনেক খেলেছি। এখন তরুণদের সুযোগ দেওয়ার সময়।’
বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ তারকাদের নিয়েও আশার কথা শোনান সাকিব। তাঁর মতে বাংলাদেশ আর আগের মতো নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল নয়, বরং দল হয়ে খেলা শিখেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা, ‘একটা সময় বাংলাদেশ দল ব্যক্তি-নির্ভর ছিল, কিন্তু এখন দল হিসেবে তারা দারুণ খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ই তার প্রমাণ। এখন আর আগের মতো ব্যক্তি-কেন্দ্রিক খেলা নেই, বরং পুরো দল মিলে পারফর্ম করছে—এটাই সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথ।’
তরুণ তুর্কি নাহিদ রানা প্রসঙ্গে সাকিব বলেন, ‘নাহিদ রানাকে আমাদের খুব যত্ন করে গড়ে তুলতে হবে। সে এখনো অনেক তরুণ। ওর প্রতিভা আর মানসিকতা অসাধারণ, তবে সঠিক নির্দেশনার প্রয়োজন আছে। যদি তাকে ঠিকভাবে পরিচালনা করা যায়, তবে সে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্পদে পরিণত হবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন বিতর্ক রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে নিয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন দলের ড্রেসিংরুমে বসে তাঁকে ইলেকট্রনিক সিগারেট বা ভেপ ব্যবহার করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে।
গতকাল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের ম্যাচ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি সরাসরি সম্প্রচারের সময় ধরা পড়ে। রাজস্থান যখন ২২৩ রান তাড়া করছিল, ঠিক সেই সময় আউট হয়ে সাজঘরে ফেরার পর পরাগকে এমন অপেশাদার আচরণ করতে দেখা যায়। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ক্রিকেটপ্রেমীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, ‘আমরা এই ইস্যুতে রিয়ানের কাছে ব্যাখ্যা চাইব। ড্রেসিংরুমে বা মাঠের ভেতরে এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। তার ব্যাখ্যার ওপর ভিত্তি করেই পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইপিএল কর্তৃপক্ষ।’
চলতি আসরে রাজস্থান রয়্যালস দলের ভেতরে এটি দ্বিতীয় দফার শৃঙ্খলাভঙ্গের ঘটনা। এর আগে গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালীন দলের ম্যানেজার রভিন্দর ভিন্ডারকে মুঠোফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল। সেই ঘটনায় তাঁকে সতর্ক করার পাশাপাশি ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। এবার খোদ অধিনায়কের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠল।
২৪ বছর বয়সী রিয়ান পরাগ এবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সঞ্জু স্যামসন দল পরিবর্তন করে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় পরাগের ওপর নেতৃত্বের ভার তুলে দেয় কর্তৃপক্ষ। তবে নেতৃত্বের পাশাপাশি ব্যাটে হাতেও তিনি চূড়ান্ত ব্যর্থ। এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ১১৭ রান, গড় ১৪.৬৩।
বর্তমানে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। শুক্রবার জয়পুরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে রাজস্থান। সেই ম্যাচের আগে বিসিসিআইয়ের এই কড়া অবস্থানে পরাগের অধিনায়কত্ব বা দলে তাঁর অবস্থান ঝুঁকির মুখে পড়ে কি না, সেটাই এখন দেখার বিষয়। আইপিএলের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের আচরণবিধি এবং শৃঙ্খলার বিষয়ে বোর্ড সবসময়ই আপসহীন অবস্থানে থাকে।

শেষমেশ জিতল বৃষ্টি। নিষ্ফলা অপেক্ষার পর খেলা বাতিলের সিদ্ধান্ত নিলেন ম্যাচ অফিসিয়ালরা। টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা যায়নি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের।
সে লক্ষ্যে যথাসময়েই মাঠে চলে আসে দুই দল। কিন্তু বৃষ্টি না থামায় ড্রেসিং রুম থেকে বের হতে পারেননি ক্রিকেটাররা। প্রায় সোয়া দুই ঘণ্টা অপেক্ষার পর বিকেল সোয়া ৪টায় বাতিল ঘোষণা করা হয় ম্যাচ।
একই মাঠে প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এখন তাই ১-০তে এগিয়ে স্বাগতিকরা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

গতির ঝড়ে নিউ জিল্যান্ডের ব্যাটারদের কাঁপিয়ে বাংলাদেশকে সিরিজ জিতিয়ে আইসিসির কাছ থেকেও পুরস্কার পেলেন নাহিদ রানা। তরুণ গতিতারকার মতোই র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন আরও দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বরাবরের মতো বুধবার পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। তিন পেসারের পাশাপাশি বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার এগিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোস্তাফিজ, নাহিদ ও শরিফুল মিলে নিয়েছেন ১৮ উইকেট। এর মধ্যে নাহিদ একাই নিয়েছেন ৮ উইকেট। শুধু মাত্র শেষ ম্যাচটি খেলা মোস্তাফিজ নিয়েছিলেন ৫ উইকেট। শরিফুলেরও শিকার মোট ৫ উইকেট।
এমন পারফরম্যান্সের পর বোলিং র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছে নাহিদ। এছাড়া ১৪ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন মোস্তাফিজ। আর ১১ ধাপ লাফিয়ে ২৮ নম্বরে উঠেছেন শরিফুল।
আরও পড়ুন
| পিএসএলের ফাইনাল খেলতে পাকিস্তান যাবেন নাহিদ |
|
বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের মতোই ৮ নম্বরে আছেন তিনি।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের। ১১ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন শান্ত। আর ১৫ ধাপ লাফিয়ে ৬৫ নম্বরে এসেছেন লিটন।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় ১ ধাপ এগিয়ে এখন ৩ নম্বরে উঠে এসেছেন মিরাজ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা পারফরম্যান্সের পর ৯ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন তাওহিদ হৃদয়। এছাড়া বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ৩ ধাপ এগিয়ে উঠেছেন ৪০ নম্বরে।
টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন শেখ মেহেদি হাসান।

পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। সিলভা ছাড়াও বোর্ডের সকল কর্মকর্তা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শাম্মি সিলভার পদত্যাগপত্র আজ আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পাঠানো হয়েছে। গতকাল এক বিশেষ সভায় প্রায় তিন ঘণ্টা আলোচনার পর সবাই নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে একমত হয়েছিলেন।
৬৫ বছর বয়সী সিলভা ২০১৯ সাল থেকে এসএলসি সভাপতির দায়িত্বে ছিলেন। শ্রীলঙ্কা পুরুষ দলের ক্রমাগত অবনতি এবং অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে তিনি দাঁড়ালেন। ২০১৯ সালে তিলঙ্গা সুমাথিপালার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর টানা চার মেয়াদে বোর্ডপ্রধানের পদে ছিলেন সিলভা, যার মধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
সিলভা ২০২৫ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসির) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক ছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে টুর্নামেন্টে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয় লঙ্কানরা।
এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর সিলভাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা বোর্ডকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। ২০২৫ সালে সিলভা পুনরায় এসএলসি প্রধান হিসেবে ফিরে এলেও, অবশেষে তাঁর সাত বছরের শাসনের অবসান ঘটল।
আরও পড়ুন
| পিএসএলের ফাইনাল খেলতে পাকিস্তান যাবেন নাহিদ |
|
শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এখন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের জোর সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই নতুন কমিটির নেতৃত্বে থাকবেন সাবেক সংসদ সদস্য ইরান বিক্রমরত্নে। এছাড়া ক্রিকেট বোর্ডে সংস্কার প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে লঙ্কান ক্রিকেটের দুই কিংবদন্তি সিদাথ ওয়েত্তিমুনি এবং রোশান মহানামাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
ইরান বিক্রমরত্নের নেতৃত্বাধীন প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন কমিটি গঠন নিয়ে এখন বড় ধরনের আইনি মারপ্যাঁচেও পড়েছে শ্রীলঙ্কা। এসএলসি’র বর্তমান সংবিধান অনুযায়ী, সভাপতির পদ শূন্য হলে কার্যনির্বাহী কমিটিকে সভা ডেকে বর্তমান সহ-সভাপতিদের মধ্য থেকে একজনকে সেই পদে বসাতে হয়। কিন্তু গত মঙ্গলবার সহ-সভাপতি জয়ন্ত ধর্মদাসা এবং রবিন বিক্রমরত্নে দুজনেই পদত্যাগ করায় সেই পথ এখন বন্ধ।
বোর্ড বা সংগঠনের অভ্যন্তরীণ এই নিয়ম এড়িয়ে যাওয়ার জন্য সরকার সাধারণত ১৯৭৩ সালের ২৫ নম্বর ক্রীড়া আইনের ৩৩ নম্বর ধারা ব্যবহার করে থাকে। এই আইন বলে ক্রীড়ামন্ত্রী চাইলে যেকোনো জাতীয় ক্রীড়া সংস্থাকে বিলুপ্ত ঘোষণা করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে পারেন।
তবে এই পুরো প্রক্রিয়ার সামনে সবচেয়ে বড় বাধা হতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে আইসিসি সবসময়ই জিরো-টলারেন্স নীতি মেনে চলে। অতীতেও দেখা গেছে, সরকার মনোনীত কোনো কমিটি বা কর্তৃপক্ষ যদি বোর্ডের দায়িত্ব নেয়, তবে সেটিকে আইসিসি তাদের গঠনতন্ত্রের (আর্টিকেল ২.৪ ডি) লঙ্ঘন হিসেবে দেখে। এর ফলে শ্রীলঙ্কা আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।