
জয় দিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের নতুন আসর শুরু করল মুলতান সুলতান্স। গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রানের পুঁজি পায় ইসলামাবাদ। তবে সেটি যথেষ্ট হয়নি। ৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় মুলতান।
দলের জয়ের নায়ক বাঁহাতি রিস্ট স্পিনার মোমিন কামার ও অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ফিলিপ। পিএসএল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ৩ উইকেট নেন মোমিন। আর ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিলিপ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন মন্দ ছিল না ইসলামাবাদের। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন ডেভন কনওয়ে (২৬) ও সামির মিনহাস (২৮)।
পরে চার নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কায় ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান। শেষ দিকে ফাহিম আশরাফ ১৭ বলে ২৬ রান করলে লড়াইয়ের পুঁজি পায় ইসলামাবাদ।
মুলতানের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নেন মোমিন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ২ উইকেটের জন্য খরচ করেন ৪২ রান।
রান তাড়ায় শুরুতেই সাহিবজাদা ফারহানের উইকেট হারায় মুলতান। তবে চাপ আসতে দেননি স্টিভেন স্মিথ ও জশ ফিলিপ। দুজনের জুটিতে আসে ৪৫ রান। স্মিথ আউট হন ২৩ বলে ৩১ রান করে।
ফিলিপের ব্যাট থেকে আসে ৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ৫ নম্বরে নেমে ২৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন অ্যাশটন টার্নার। এছাড়া ১১ বলে ২৫ রান করেন আরাফাত মিনহাস।
No posts available.

স্বার্থের সংঘাত এড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়াহাব রিয়াজ ও সরফরাজ আহমেদকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে সরাসরি প্রভাব পড়েছে কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে তাঁদের সম্পৃক্ততায়।
পিসিবির এই সিদ্ধান্তের মূল লক্ষ্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়িত্বের দ্বৈততা থেকে তৈরি হওয়া সম্ভাব্য স্বার্থের সংঘাত দূর করা। বোর্ডের বর্তমান দায়িত্বে থাকা অবস্থায় কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকা নিয়ে আপত্তি উঠেছিল, যার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।
এর আগে কোয়েটা গ্লাডিয়েটর্সের দল ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন ওয়াহাব ও সারফরাজ। তবে পিসিবির দায়িত্বে থাকায় এখন তাঁদের সেই সম্পৃক্ততা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।
বর্তমানে পিসিবিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন দুজনই। সারফরাজ জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হওয়ার পাশাপাশি টেস্ট দলের প্রধান কোচ হিসেবেও কাজ করছেন। ওয়াহাব রিয়াজ পাকিস্তান নারী দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বোর্ডের একাধিক কর্মকর্তা মনে করছেন, একই সঙ্গে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকলে সিদ্ধান্ত গ্রহণের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এমন দ্বৈত ভূমিকা সীমিত করাই ছিল প্রয়োজনীয়।
পিসিবির এই সিদ্ধান্তকে ঘিরে দেশের ঘরোয়া ক্রিকেটে সুশাসন জোরদারের বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে পিএসএলের মতো বড় টুর্নামেন্টে স্বচ্ছতা ও আস্থা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বোর্ড।

পাকিস্তান ক্রিকেটে বিতর্কে ঘি ঢাললেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। আরেক সাবেক ব্যাটার আহমেদ শেহজাদের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছেন তিনি।
সামা টিভির প্রতিবেদন, সম্প্রতি মিসবাহকে নিয়ে একটি অভিযোগ করেন শেহজাদ। দাবি করেন, পিএসএলে এক ক্রিকেটারের পারিশ্রমিক নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন মিসবাহ। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও তাঁর সুনামের জন্য ক্ষতিকর মনে করছেন সাবেক এই অধিনায়ক। সে কারণেই আইনি পদক্ষেপ হিসেবে শেহজাদকে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে শেহজাদের করা মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে শেহজাদের পক্ষের আইনজীবীরা বিষয়টি পর্যালোচনা করছেন। এক-দুই দিনের মধ্যেই এ নিয়ে তাঁদের পক্ষ থেকে জবাব আসতে পারে।
বিতর্কের সূত্রপাত শেহজাদ দাবি করেছিলেন, ক্রিকেটার হাসিবুল্লাহ খানের বেতন পরিশোধ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন মিসবাহ। তবে এই অভিযোগ এখন আইনি পর্যালোচনার মধ্যে রয়েছে।
দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ফলে বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যেই নিষ্পত্তির দিকে এগোচ্ছে।

শনিবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম সংস্করণ। বল মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসের। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট নাম প্রত্যাহার করে নেওয়ার পর বদলি খেলোয়াড় হিসেবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আরও দুই ব্রিটিশ তারকা জেমি স্মিথ ও জশ টাং।
গত ডিসেম্বরে নিলামে ২ কোটি রুপিতে ডাকেটকে দলে ভিড়িয়েছিল দিল্লি। টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে নাম প্রত্যাহার করে নেন এই বাঁহাতি ওপেনার। ঘরোয়া ক্রিকেট ও ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হতে নাম সরিয়ে নেন ডাকেট।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ডাকেটের বিকল্প হিসেবে জেমি স্মিথ ও পেসার জশ টাংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল দিল্লি। কিন্তু দুজনেই ইংল্যান্ডে থেকে ঘরোয়া ক্রিকেটে সময় দেওয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন।
আইপিএলের মতো জমকালো টুর্নামেন্টে ইংলিশ ক্রিকেটারদের অনীহা এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ২৪ জনের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে।
দলে লোকেশ রাহুল ও পাথুম নিশাঙ্কার মতো ওপেনার থাকলেও ডাকেটের মতো বিধ্বংসী একজনের অভাব বোধ করতে পারে দলটি। বুধবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে দিল্লি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট শুরুর দিনে বড় ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। পায়ের পেশির চোটে অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন মহেন্দ্র সিং ধোনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ধোনির ছিটকে যাওয়ার খবর জানিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। আপাতত চোটের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন ৪৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার।
গুয়াহাটিতে সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করবে চেন্নাই। এরপর প্রথম দুই সপ্তাহে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রুতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বাধীন দল।
ধোনির অনুপস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্বে দেখা যেতে পারে এবার রাজস্থান থেকে চেন্নাইয়ে যোগ দেওয়া সাঞ্জু স্যামসন। এছাড়া দলে কার্তিক শর্মা ও উরভিল প্যাটেলের মতো কিপার-ব্যাটাররাও আছেন। নিলাম থেকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে কার্তিককে নিয়েছে চেন্নাই।
আইপিএলের গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে সবকটি ম্যাচ খেলেছেন ধোনি। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে নেমে ঝড় তোলার কাজটি করেছিলেন অভিজ্ঞ ব্যাটার।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মাঝে দ্বিতীয় দিন ছিল না বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ। তবে শনিবার একসঙ্গে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের ৪ ক্রিকেটার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে পেশাওয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। চলতি টুর্নামেন্টে এটিই দুই দলের প্রথম ম্যাচ। এই দুই দলে আছেন বাংলাদেশের মোট ৪ জন ক্রিকেটার।
পেশাওয়ার জালমিতে আছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও তরুণ গতিতারকা নাহিদ রানা। এছাড়া পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজে যোগ দিয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।
আরও পড়ুন
| জাতীয় দলে খেলতে আর বাধা নেই সূর্যবংশীর |
|
২০১৭ সালের পর আর পিএসএলে চ্যাম্পিয়ন হয়নি জালমি। দীর্ঘ শিরোপা খরা কাটাতে এবার বোলিংয়ে শক্তি বাড়িয়েছে দলটি। শরিফুল, নাহিদদের দলে নিয়ে বোলিং আক্রমণে সন্তষ্টিও প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম।
শনিবার বিকেলের ম্যাচে বাংলাদেশের দুই পেসারেরই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্তত একজন যে খেলবেন, তা নিশ্চিতই বলা যায়।
ওপেনিংয়ে তানজিদ তামিমের অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা। কারণ এই দলে আছেন বাবর, কুশল মেন্ডিস, জেমস ভিন্স, ব্রায়ান বেনেটের মতো টপ-অর্ডার ব্যাটাররা। তাদের সঙ্গে লড়াই করেই একাদশে সুযোগ পেতে হবে তামিমের।
পিন্ডিজ একাদশে রিশাদের উপস্থিতি প্রায় নিশ্চিত। দলটির স্কোয়াডে রিশাদ ছাড়া লেগ স্পিনার আছেন শুধু সাদ মাসুদ। যার আবার অভিজ্ঞতা তেমন বেশি নয়। তাই লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে রিশাদকেই নিতে পারে পিন্ডিজ।
এই ৪ বাংলাদেশির আগে এবারের পিএসএলে মাঠে নেমেছেন মোস্তাফিজ ও ইমন। লাহোর কালান্দার্সের বড় জয়ের ম্যাচে ১৩ বলে ১৪ রান করেছেন ইমন। আর বাঁহাতি পেসার মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট।
পিএসএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।