
শেষ মুহূর্তে মালিকানা বদলে যাওয়ার পর নিজেদের প্রথম ম্যাচে চার বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দুই বিদেশি নিয়ে খেলতে নেমেছে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতেছে চট্টগ্রাম। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
চট্টগ্রাম একাদশের দুই বিদেশি হলেন মাসুদ গুরবাজ ও মির্জা বেগ। আফগানিস্তানের তারকা ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ভাই মাসুদ গুরবাজ।
নোয়াখালীর একাদশে আছে পূর্ণ ৪ বিদেশি। মাজ সাদাকাত, হায়দার আলি, জহির খান ও ইহসানউল্লাহকে নিয়ে খেলতে নেমেছে তারা।
চট্টগ্রাম রয়্যালস একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ, মির্জা বেগ।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ
মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি, সৈকত আলি (অধিনায়ক), জাকের আলি, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসানউল্লাহ, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৩:৩৬ পিএম
২ এপ্রিল ২০২৬, ২:৩০ পিএম
২ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ঘরোয়া ওয়ানডে কাপের ফাইনাল চলাকালীন দলকে মাঝপথে ফেলে যান বেয়ার্স সোয়ানেপোল। এ ঘটনায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই অলরাউন্ডার।
গত রোববার জোহানেসবার্গে লায়ন্স ও টাইটান্সের মধ্যে ঘরোয়া কাপের ফাইনাল ম্যাচ চলাকালীন এ ঘটনা ঘটে। সোয়ানেপোল বল হাতে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিলেও ইনিংস শেষ হওয়ার ৮ ওভার বাকি থাকতেই মাঠ ছাড়েন।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্যের ফ্লাইট ধরার জন্য মূলত ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে যান সোয়ানেপোল। শুক্রবার থেকে ওরচেস্টারশায়ারের হয়ে তাঁর খেলার কথা ছিল। তবে এই পরিকল্পনার বিষয়ে কিছুই জানত না লায়ন্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন
| বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর দাবি ইউরোপের দেশগুলোর |
|
এ ঘটনায় সোয়ানেপোলকে কাউন্টি ক্রিকেটে খেলার ‘অনাপত্তিপত্র’ বা ‘এনওসি’ দিতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে সোয়ানেপোলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও চুক্তিবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে।
ওরচেস্টারশায়ার ক্লাবের ডিরেক্টর অ্যাশলে জাইলস বিষয়টিকে বড় ধাক্কা হিসেবে দেখছেন, ‘কেন এমনটা ঘটেছে তা ব্যাখ্যা করা কঠিন। তবে সোয়ানেপোল সম্ভবত এখন বুঝতে পারছেন যে তিনি একটি ভুল করে ফেলেছেন। আমাদের পক্ষ থেকে তাঁর দ্রুত যুক্তরাজ্যে পৌঁছানোর কোনো চাপ ছিল না। মানুষ ভুল করে, সোয়ানেপোল ভালো ছেলে, কিন্তু এক্ষেত্রে তিনি বড় একটি ভুল করে ফেলেছেন।’
পুরো মৌসুম খেলার কথা থাকলেও লায়ন্স দলের সাথে সোয়ানেপোলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাকে এনওসি না দেওয়া বিষয়টি ইতিমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। আইনি প্রক্রিয়ায় নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা রয়েছে সোয়ানেপোলের।

দুদিন আগে ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেখানে নিজের নাম না থাকার পর বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডুসেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এই টপ-অর্ডার ব্যাটার লেখেন, ‘গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি পরাটা এমন এক অর্জন যা আপনার ধৈর্য ও নিষ্ঠার পরীক্ষা নেয় এবং অবিশ্বাস্যভাবে পুরস্কৃত করে। নিজের দেশের হয়ে খেলা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান।‘
আরও পড়ুন
| ২০০ ইনিংস কম খেলে কোহলির পাশে সাহিবজাদা |
|
২০১৮ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। সাত বছরের ক্যারিয়ারে ১৮ টেস্ট, ৭১ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রোটিয়া জার্সিতে করেছেন ৪ হাজার ৯৬৮ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ফরম্যাটে এবি ডি ভিলিয়ার্সের পর দ্বিতীয় সর্বোচ্চ গড় ডুসেনের। ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি করা এই ব্যাটারের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত বছরের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী ডুসেন। এছাড়া বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে নিয়মিত দেখা যাবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অশোভন আচরণের দায়ে অভিযুক্ত হওয়ার পর অল্পেই পার পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে গত বছর নিরাপত্তা রক্ষীর সঙ্গে বিবাদে জড়ানোয় এই দুজনকে সতর্ক করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘটনাটি ঘটেছিল গত বছরের ১ নভেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার আগের রাতে মদ্যপান করতে বাইরে গিয়েছিলেন ব্রুক। নৈশক্লাবে প্রবেশের সময় নিরাপত্তা রক্ষীর সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি।
দুই মাস পর সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টে হারের পর যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসে। তখন ব্রুকের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত গোপনেই তাকে জরিমানা করা হয়।
আরও পড়ুন
| দা হান্ড্রেডের প্রতিটি মুহূর্ত ঘৃণা করেন অ্যান্ডারসন |
|
ব্রুক প্রথমে দাবি করেছিলেন তিনি একাই ছিলেন, তবে পরে স্বীকার করেন তার সঙ্গে বেথেল এবং জশ টাংও ছিলেন। সতীর্থদের বাঁচাতেই তিনি প্রথমে মিথ্যা বলেছিলেন।
ব্রুক ও বেথেল ইসিবির আচরণবিধির ৩.২ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় এমন কোনো কাজ করতে পারবেন না যা ক্রিকেটের স্বার্থের পরিপন্থী বা খেলাটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
আচরণবিধি ভঙ্গের দায়ে ব্রুক ও বেথেল উভয়কেই সতর্ক করা হয়েছে। তাদের কোনো ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তবে ভবিষ্যতে এমন আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জশ টাংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন এই পেসার।
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ব্রুক বর্তমানে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি খেলার প্রস্তুতি নিচ্ছেন এবং বেথেল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে রয়েছেন।

ক্যারিয়ারে প্রথমবার দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলে একদমই উপভোগ করেননি জেমস অ্যান্ডারসন। এই ইংলিশ কিংবদন্তি সরাসরিই বলেছেন, একশ বলের ক্রিকেটের প্রতিটি মুহূর্ত তাকে মিশ্র ঘৃণার অনুভূতি দিয়েছে।
গত বছর ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট দিয়ে প্রায় এক যুগ করে স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন। পরে ওয়াইল্ড কার্ড হিসেবে ম্যানচেস্টার অরিজিনালসের জার্সিতে দা হান্ড্রেডে তিনটি ম্যাচ খেলেন এই অভিজ্ঞ পেসার।
হান্ড্রেডের ওই তিন ম্যাচে তেমন সাফল্য পাননি। সব মিলিয়ে ২ উইকেটের বিপরীতে তার ইকোনমি রেট ছিল ১০.৯২! এমন টুর্নামেন্ট কাটানোর পর আর ২০২৭ সালের দা হান্ড্রেডের নিলামে নাম লেখাননি ৪৩ বছর বয়সী পেসার।
আরও পড়ুন
| ফারহানের সেঞ্চুরিতে মুলতানের বড় জয় |
|
ইংল্যান্ডের নতুন ঘরোয়া মৌসুম শুরুর দিনে হান্ড্রেডের ব্যাপারে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলেন অ্যান্ডারসন।
“দা হান্ড্রেড আসলে প্রতিটি মিনিটে ঘৃণার এক মিশ্র অনুভূতি ছিল, যদি সেভাবে বলা যায়। হ্যাঁ আমি ওই অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। আমার মতে, এটি দারুণ টুর্নামেন্ট। তবে আমি মনে করি, ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক হিসেবে আমাকে ৪ দিনের ক্রিকেটের জন্য ফিট থাকা উচিত।”
গত মৌসুমের কাউন্টি ক্রিকেটে পাঁচ ম্যাচে ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করেছেন অ্যান্ডারসন। এবার সামনে কাউন্টিতে দলের পূর্ণাঙ্গ মেয়াদের নেতৃত্ব পেয়েছেন তিনি। তাই হান্ড্রেড না খেলে চার দিনের ক্রিকেটের জন্য নিজেকে ফিট রাখতে চান কিংবদন্তি পেসার।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার রাতে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন সাহিবজাদা ফারহান। এই সেঞ্চুরির সুবাদে ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তানের এই ওপেনার।
বুধবার রাতে সাহিবজাদার সেঞ্চুরিতে হায়দরাবাদ কিংসম্যানের দেওয়া ২২৬ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় মুলতান সুলতান। ম্যাচে ৫৭ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সাহিবজাদা। ডানহাতি ব্যাটারের ইনিংসটি ছিল ৮ ছক্কা এবং ৭টি চারে সাজানো।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সাহিবজাদার এটি নবম সেঞ্চুরি। মাত্র ১৬০ ইনিংসে ৯টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। ভারতের ব্যাটিং গ্রেট কোহলিরও সেঞ্চুরি ৯টি, তবে খেলেছেন ৩৯৮ ইনিংস। অর্থাৎ ২৩৮ ইনিংস কম খেলেই তার পাশে এখন সাহিবজাদা।
আরও পড়ুন
| আইপিএল-পিএসএলের ধাক্কা নিউ জিল্যান্ড ক্রিকেটে |
|
চলতি বছর টি-টোয়েন্টিতে এরই মধ্যে ৩টি সেঞ্চুরির দেখা পেলেন সাহিবজাদা। যার দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। বৈশ্বিক এই আসরের এক সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে ২টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন সাহিবজাদা।
বিশ্বকাপে ৬ ইনিংসে ৩৮৩ রান করে এক সংস্করণের সর্বোচ্চ রানের রেকর্ডটিও এই ব্যাটারের। ভেঙে দেন কোহলির ২০১৪ সালে করা সর্বোচ্চ ৩১৯ রানের রেকর্ড।
গত বছর সাহিবজাদার ব্যাট থেকে এসেছে ৪টি সেঞ্চুরি। মার্চে পাকিস্তানের পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে তিনটি সেঞ্চুরি করার পর এপ্রিলে পিএসএলে খেলেন ১০৬ রানের ইনিংস। এক বছরে ৪টি সেঞ্চুরি করে ভাগ বসান ক্রিস গেইল ও বিরাট কোহলির রেকর্ডে। সাহিবজাদার বাকি দুটি সেঞ্চুরি ২০২৩ ও ২০২২ সালে।
টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় বর্তমানে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে সাহিবজাদা। দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশোও ৯টি সেঞ্চুরি করেছেন (৩৭৭ ইনিংসে)। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার এবং বর্তমান করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১০টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
সর্বোচ্চ ২২ টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রিস গেইল। ১১ টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে থাকা স্বদেশি ব্যাটার বাবর আজমের রেকর্ডে ভাগ বসাতে আর ২টি সেঞ্চুরি দরকার সাহিবজাদার।