
অ্যাশেজ সিরিজে পার্থে প্রথম দিনেই পড়ল ১৯ উইকেট। মিচেল স্টার্ক নিলেন ৭, বেন স্টোকসের দখলে ৫ উইকেট। অ্যাশেজে গত একশ বছরে প্রথম দিনের সর্বোচ্চ উইকেটপতনের রেকর্ড এবারই হলো।
পার্থের ইতিহাসেও প্রথম দিনে এত উইকেট পড়েনি কখনো। ২০০৫ সালের লর্ডসের পর প্রথমবার দুই দলের দুই বোলার টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট তুলে নিলেন।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসে বেশি দূর যেতে পারেনি তারা; মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাব দিতে নেমে দিনশেষে ৯ উইকেটে ১২৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে এখনো ৪৯ রানে পিছিয়ে স্বাগতিকরা। কাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন বেন ডগেট ও নাথান লায়ন; দুজনেই এখনো রানের খাতা খুলতে পারেননি।
আরও পড়ুন
| মেহেরব-সোহান তাণ্ডবে কাঁপল ভারত |
|
ইংল্যান্ডের পর ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। জোফরা আর্চারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানে ফিরে যান অভিষেক ম্যাচ খেলতে নামা জেক ওয়েদারাল্ড।
এই টেস্ট দিয়ে ফেরা লাবুশেন ৯ রান করে ফেরেন আর্চারের বলে বোল্ড হয়ে। এরপর টানা দুই ওভারে জোড়া আঘাত হানেন পেসার ব্রাইডন কার্স। হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক করেন ১৭ রান। তৃতীয় উইকেটে নামা উসমান খাজা–ও টিকতে পারেননি বেশিক্ষণ। কার্সের বলে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।
বোলিংয়ে এসে রীতিমতো তাণ্ডব চালান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ৬ ওভার বল করে ফাইফার তুলে নেন ইংলিশ তারকা। শুরু করেন ট্রাভিস হেডকে দিয়ে। হেড ও ক্যামেরন গ্রিনের জুটি ভয়ংকর হওয়ার আগেই আঘাত হানেন ইংল্যান্ড অধিনায়ক। স্টোকসের বলে কার্সের হাতে ক্যাচ দিয়ে ২১ রানে ফিরে যান হেড। ফলে ভাঙে ৪৫ রানের জুটি।
আরও পড়ুন
| ভূমিকম্পের সময় মাঠে কী অবস্থা ছিল ক্রিকেটারদের |
|
একে একে আরও চারটি উইকেট তুলে নেন স্টোকস—গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক ও স্কট বোলান্ডকে আউট করে ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেটের দেখা পান তিনি। কার্স ও আর্চার নেন দুটি করে উইকেট।
এর আগে সকালে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ১৭২ রানেই গুটিয়ে যায় তারা। পার্থে স্টার্ক গুনে গুনে নিয়েছেন ৭ উইকেট—টেস্টে ১৭তম বার ফাইফারের স্বাদ পেলেন তিনি।
দিনের শুরুতে প্রথম ৬ ওভারের প্রথম স্পেলেই ‘অন্যরকম সেঞ্চুরি’ করে অ্যাশেজে নিজের নাম লেখান অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার। ইংল্যান্ডের তিন ব্যাটারকে তুলে নিয়ে পৌঁছান অ্যাশেজে ১০০ উইকেটের ক্লাবে। অস্ট্রেলিয়ার ১৩তম বোলার হিসেবে গড়েন এই কীর্তি।
আরও পড়ুন
| ১০ বছরের স্মৃতি ফেরালেন জয়-সাদমান, বাংলাদেশের বড় লিড |
|
প্রথম সেশনেই আগুনঝরা স্পেলে একে একে জ্যাক ক্রলি, বেন ডাকেট ও জো রুটকে ফেরান স্টার্ক। নিজের প্রথম ওভারেই ক্রলিকে আউট করে ইংলিশ ধসের শুরুটা করেন। এরপর দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউ করে ফেরান ডাকেটকে।
তবে সবচেয়ে বড় শিকার ছিল জো রুট—সাত বল খেলে শূন্য রানে ফেরায় স্টার্ককে পৌঁছে দেয় বিশেষ মাইলফলকে। অ্যাশেজ ইতিহাসে তিনি এখন অস্ট্রেলিয়ার ১৩তম বোলার, যাঁর উইকেট সংখ্যা তিন অঙ্কে পৌঁছাল।
ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর আরও চারটি উইকেট নেন স্টার্ক। অ্যাশেজে ৪৩ ইনিংসে মোট ১০৪ উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার সফল বোলারদের তালিকায় নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছেন।
No posts available.

গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সেই সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেসি)। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৩, ২৫ ও ২৬ জুলাই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে সব খেলা।
আরও পড়ুন
| আইপিএলে টাকা কম, তাই পিএসএল খেলছেন জাম্পা |
|
২০২৪ সালের জুলাইয়ের পর এটিই হবে ভারতের প্রথম জিম্বাবুয়ে সফর। এরপর আবার ২০২৭ সালের জানুয়ারিতে তিন ওয়ানডে খেলতে ভারতে যাবে জিম্বাবুয়ে দল। ২০০২ সালের পর সেটিই হবে জিম্বাবুয়ের প্রথম ভারত সফর।
সবশেষ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবুয়ে। সুপার এইটের ম্যাচে আগে ব্যাট করে ২৫৬ রানের পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে সেদিন ৭২ রানে হারায় ভারত।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ভারতের বিপক্ষে এই সিরিজটি খেলোয়াড় ও সমর্থক- উভয়ের জন্যই বড় একটি সুযোগ তৈরি করেছে।
“ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে নিজেদের মাটিতে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য নিজেদের সামর্থ্য যাচাই করার দারুণ সুযোগ।”
“বিশ্বকাপে আমাদের উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সের পর এই সিরিজ আমাদের জন্য গতি ধরে রাখার ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে এগিয়ে যাওয়ার একটি শক্ত ভিত্তি তৈরি করবে।”
দুই দশকের বেশি সময় পর ভারতের মাটিতে জিম্বাবুয়ের সামনের সফরটিও বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছে জিম্বাবুয়ে ক্রিকেট।
আরও পড়ুন
| ম্যাচ জিতে দুঃসংবাদ পেলেন শ্রেয়াস আইয়ার |
|
“দুই দশকেরও বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়া জিম্বাবুয়ের জন্য একটি মাইলফলক মুহূর্ত। বিশ্ব ক্রিকেটে ভারত অন্যতম শীর্ষ গন্তব্য, তাই এই সফর আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি খেলোয়াড়দের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ।”
“আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উচ্চমানের ক্রিকেট দেখার অপেক্ষায় আছি। একই সঙ্গে বিশ্বাস করি, এই সিরিজ দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য মুখিয়ে থাকেন বিভিন্ন দেশের নামী ক্রিকেটাররা। সেই আইপিএল বাদ দিয়ে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন অ্যাডাম জাম্পা। আর পিএসএল বেছে নেওয়ার পেছনে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার জানিয়েছেন, আইপিএলে পারিশ্রমিক কম ও সূচি বেশ দীর্ঘ।
২০২৫ সালের আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন জাম্পা। গত ডিসেম্বরে নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। এরপর ১৬ ডিসেম্বরে হওয়া নিলাম তালিকায় নিজের নাম যুক্ত করেননি জাম্পা।
আরও পড়ুন
| কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ম্যাক্সওয়েল, প্রথমবার ডগেট |
|
পরে পিএসএলে করাচি কিংসে নাম লেখান অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার। টুর্নামেন্ট চলাকালেই জনপ্রিয় সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম এআরওয়াই পডকাস্টে আইপিএল ছাড়ার কারণ জানিয়েছেন জাম্পা।
“এই বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে, আমার মতো দক্ষতা যাদের আছে, তারা অন্যান্য ক্যাটাগরির খেলোয়াড়দের মতো অত টাকা পায় না। আইপিএলের পেছনে যতটা সময় দিতে হয়, সেই বিবেচনায় টুর্নামেন্টটি চালিয়ে যাওয়া খুব একটা যুক্তিসঙ্গত মনে হয়নি।”
জাম্পা এখন পর্যন্ত পাঁচটি আইপিএল মৌসুম খেলেছেন। এই লেগস্পিনারকে গত বছর মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ ২.৪০ কোটি টাকায় দলে নিয়েছিল। ভারতের লিগটি থেকে এটিই এক মৌসুমে জাম্পার সর্বোচ্চ আয়।
আইপিএলে না থাকলেও বর্তমানে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে করাচি কিংসের হয়ে পিএসএলে খেলছেন জাম্পা। নিলামে করাচি কিংস তাকে ৪.৫ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে।
হঠাৎ বিশ্রাম বাদ দিয়ে পিএসএলে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেন জাম্পা।
আরও পড়ুন
| উচ্চগতিতে গাড়ি চালিয়ে ৭ মাস পর জরিমানা দিলেন ডাকেট |
|
“বিশ্রামে থাকতে চেয়েছিলাম, কিন্তু মাসখানেক আগে পিএসএলের বিষয়টি সামনে আসে। সবকিছু খুব দ্রুত ঘটে গেল, তবে আমি এখানে খেলা উপভোগ করছি।”
পিএসএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচে ৪.৬২ ইকোনমি রেটে ৩টি উইকেট শিকার করেছেন জাম্পা।
চলতি আইপিএলে না থাকলেও, টুর্নামেন্টের ইতিহাসে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এখনও তার দখলেই। ২০১৬ সালে নিজের অভিষেক মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

দা হান্ড্রেডে ম্যাচের দিন অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে ১ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকার বেশি) জরিমানা গুনলেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার বেন ডাকেট।
গত ২৪ আগস্ট স্টাফোর্ডশায়ারের স্টোক-অন-ট্রেন্টের কাছে এ৫০ সড়কে ৭০ মাইল গতিসীমা অতিক্রম করে ঘণ্টায় ৯৩ মাইল বেগে নিজের ল্যান্ড রোভার ডিফেন্ডার চালাচ্ছিলেন ডাকেট। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে পুলিশের স্পিডগানে ধরা পড়েন তিনি।
একই দিন পরে দা হান্ড্রেদ টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচ খেলেন ডাকেট।
আরও পড়ুন
| বিগ ব্যাশে বর্ষসেরার দৌড়ে রিশাদ হোসেন |
|
উচ্চগতিতে গাড়ি চালানোর পর অপরাধ স্বীকার করেন ৩১ বছর বয়সী ওপেনার। ক্যানক ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে বিচারক মিশেল ফস্টার তার ড্রাইভিং লাইসেন্সে চার পেনাল্টি পয়েন্ট যোগ করেন।
এর পাশাপাশি ৭০০ পাউন্ড জরিমানা, ১২০ পাউন্ড খরচ ও ২৮০ পাউন্ড ভিকটিম সারচার্জ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাফোর্ডশায়ার পুলিশ প্রথমে লিখিতভাবে নোটিশ পাঠানোর পর সেপ্টেম্বরেই অপরাধ স্বীকার করে নেন ডাকেট। পরে অতিরিক্ত গতির কারণে সাধারণ জরিমানার বদলে মামলাটি আদালতে নেওয়া হয়, যেখানে ‘সিঙ্গেল জাস্টিস প্রসিডিউর’-এর মাধ্যমে তিনি দোষ স্বীকার করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, ডাকেটকে মোট ১ হাজার ১০০ পাউন্ড পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে লিখিতভাবে জানানো হবে।

ইংল্যান্ড ও ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পরপরই স্কটল্যান্ডের এডিনবরায় বার্ষিক সাধারণ সভায় বসবে আইসিসি। আগামী ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত হওয়ার কথা আইসিসির এবারের সভা।
সম্প্রতি এক অনলাইন সভায় বার্ষিক সাধারণ সভার সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে হবে বার্ষিক সভা।
আগামী ১২ জুন শুরু হয়ে ৫ জুলাই শেষ হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে বসে দেখার পর বার্ষিক সভার জন্য স্কটল্যান্ডে চলে যাবেন আইসিসি সদস্যরা।
এডিনবরার এই সভায় সহযোগী বোর্ড পরিচালক নির্বাচন হওয়ার কথা রয়েছে। ১৭ সদস্যের বোর্ডের জন্য ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এই নির্বাচনে বেশিরভাগ প্রার্থী হবেন আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে।

জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের নতুম মৌসুম শুরু করেছে গতবারের রানার্স-আপ পাঞ্জাব কিংস। তবে ম্যাচ জেতার পর দুঃসংবাদই পেয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
নিউ চন্ডিগড়ে মঙ্গলবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মন্থর ওভার-রেটের কারণে আইয়ারকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।
নিয়ম অনুযায়ী, প্রথম ইনিংসের ২০তম ওভারটি ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও, সেটি শেষ হতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। এই অপরাধের শাস্তি হিসেবে জরিমানার মুখে পড়তে হয়েছে আইয়ারকে।
সময় বেশি নেওয়ায় শেষ ওভারে পাঞ্জাবকে শাস্তি হিসেবে ৩০ গজের বৃত্তের বাইরে ৫ জনের বদলে ৪ জন ফিল্ডার রাখার শাস্তি দেন আম্পায়ার। ম্যাচে পাঞ্জাবের বোলাররা ১১ টি ওয়াইড এবং ১টি নো-বল করেন।
ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।
আইপিএল অভিষেকে ৩ নম্বরে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটার কুপার কনলি ৪৪ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন।