২ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলামের শুরুতে দুই লিজেন্ডারি ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ অবিক্রিত থেকে যান। ক্যাটাগরি 'বি'-তে ৩৫ লাখ টাকার ভিত্তি মূল্যে প্রথম রাউন্ডের ডাকে অবিক্রিত থাকা এই ক্রিকেটাররা অবশ্য শেষ পর্যন্ত দল পান। তাঁদের কিনতে নিলামের আইন বদলে ফেলতে হয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের প্লেয়ার্স অকশন আইন অনুযায়ী, অবিক্রিত ক্রিকেটারকে পরবর্তী রাউন্ডে পুনরায় বিক্রির জন্য উঠলে ক্যাটাগরি অবনমন হবে এবং পরের ক্যাটাগরির ভিত্তিমূল্যে ডাক উঠবে।
মাহমুদউল্লাহ ও মুশফিকের প্রতি সম্মান রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএলের অন্যতম সফল দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুই ক্রিকেটারকে আবারও ‘বি’ ক্যাটাগরিতে তোলা হয়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সে ভিড়েন মাহমুদউল্লাহ।
আজ বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ শেষে বিষয়টি সামনে আনেন এক সাংবাদিক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মাহমুদউল্লাহ সে প্রশ্নের উত্তর দেন। এসময় রংপুর রাইডার্স ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে ধন্যবাদ জানান তিনি।
মাহমুদউল্লাহ বলেন,
‘সত্যি বলতে, উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই—এই প্রশ্নটা করার জন্য আপনাকে (সাংবাদিক) ধন্যবাদ। আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, শুরুতে আমাকে কেউ নেয়নি, তারপর তাঁরা আমাকে এই সুযোগটা দিয়েছে।’
‘এই সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে—ফ্র্যাঞ্চাইজির জন্য, টিম মালিকদের জন্য, কোচ আর অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।’—যোগ করেন তিনি।
১২তম আসরে নিলাম অনুষ্ঠান টিভিতে লাইভ দেখেছেন বলেনও জানান মাহমুদউল্লাহ। সাংবাদিকের প্রশ্নের প্রতিউত্তরে তিনি বলেন
‘হ্যাঁ, আমি নিলামটি দেখছিলাম। সত্যি বলতে আমি খুব অবাক হয়েছিলাম। কারণ গত দুই বছর, এমনকি গত তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান যদি দেখেন, আমার মনে হয় অনেক জাতীয় দলের খেলোয়াড়ও ওই সময়টায় আমার কাছাকাছি ছিল না।’
রংপুরের দ্বিতীয় জয়ের ম্যাচে শেষদিকে একক নৈপুণ্য দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডার ১৬ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। ৫টি চার এবং ১টি ছক্কায় সাজান ইনিংস। শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। পঞ্চম উইকেটে তাঁর সঙ্গী ছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। তিনি ১১ বলে ১৯ রানের অপরাজিত ছিলেন।
আগের দিন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হাতের কাছের ম্যাচ হাতছাড়া করে রংপুর। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে কাঠগড়ায় ওঠেন মাহমুদউল্লাহ। পরদিনই যেন ব্যাট হাতে সেই জবাবটা দিয়ে দিলেন। সিলেটের দেওয়া লক্ষ্য তাড়ায় ১৬ বলে ৩৪ রান করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মাহমুদউল্লাহ।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৬:১০ পিএম
২ এপ্রিল ২০২৬, ৩:৩৬ পিএম
২ এপ্রিল ২০২৬, ২:৩০ পিএম

আইপিএলে খেলার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না দেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটের বিরুদ্ধে মামলা করেছেন দলটির পেসার নুয়ান থুশারা। এনওসি না মেলায় কলম্বো জেলা আদালতে মামলা করেছেন তিনি।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার কথা ছিল থুশারার। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বোর্ড তাঁকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। বোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইপিএলে খেলার সুযোগ পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন এই পেসার।
থুশারার অভিযোগ, গত দুই আইপিএল মৌসুমে একই ধরনের ফিটনেস থাকা সত্ত্বেও তাকে এনওসি দেওয়া হয়েছিল। অথচ এবার তাকে জানিয়ে দেওয়া হয়, জাতীয় দলে বিবেচনায় রাখা হবে না, তারপরও একই ফিটনেসের অজুহাতে এনওসি আটকে দেওয়া হয়েছে।
মামলায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে বিবাদী করেছেন থুশারা। কলম্বো জেলা আদালতে গত বৃহস্পতিবার বিষয়টি উত্থাপিত হওয়ার পর ৯ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় থুশারাকে এনওসি দেওয়া হয়নি। পাঁচটি মানদণ্ডে সর্বোচ্চ ২৯ পয়েন্টের মধ্যে তিনি পেয়েছেন মাত্র ১৭। বোর্ডের অবস্থান স্পষ্ট—বিদেশি লিগে খেলতে হলে এই ফিটনেস পরীক্ষা পাস করাই বাধ্যতামূলক।
তবে থুশারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তার দাবি, ক্যারিয়ারজুড়েই তার ফিটনেস একই রকম রয়েছে। ২০২৪ ও ২০২৫ আইপিএল মৌসুমে কোনো ফিটনেস ইস্যু না তুলেই তাকে এনওসি দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, ২০২৬ সালের ৩১ মার্চ তার এসএলসি চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং তিনি সেটি নবায়ন না করার সিদ্ধান্ত আগেই বোর্ডকে জানিয়েছিলেন। পাশাপাশি, এসএলসির কর্মকর্তারা তাকে জানিয়ে দেন যে ভবিষ্যতে জাতীয় দলে তার জায়গা নেই—এমন অবস্থায় ফিটনেসের অজুহাতে এনওসি না দেওয়া তার কাছে পরস্পরবিরোধী বলে মনে হচ্ছে।
থুশারা আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাকে এনওসি পাওয়ার অধিকারী ঘোষণা করা হয়। পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন ও স্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করেছেন, যাতে এসএলসি-কে অবিলম্বে সনদটি দিতে নির্দেশ দেওয়া হয় যাতে চলতি মৌসুমে বেঙ্গালুরুতে যোগ দিতে পারেন তিনি।
থুশারার জন্য এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনওসি না পেলে আরসিবি বাধ্য হবে ৩১ বছর বয়সী এই পেসারকে স্কোয়াড থেকে বাদ দিয়ে বিকল্প খেলোয়াড় নিতে। ফলে তিনি শুধু চলতি আইপিএলের পারিশ্রমিকই হারাবেন না, ভবিষ্যতে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোর সুযোগও হাতছাড়া হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর আইপিএলই এখন তার আয়ের প্রধান উৎস।
আইপিএলে থুশারা এখন পর্যন্ত দুটি দলের হয়ে খেলেছেন। প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০২৪ মৌসুমে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন। আর আরসিবির হয়ে এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি ম্যাচ। গত মৌসুমে—যেখানে তিনি নিয়েছেন ১ উইকেট।

জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য বড় সংবাদই বটে। এক যুগ পর তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে অষ্ট্রেলিয়া। সর্বশেষ ২০১৪ সালে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে সফর করেছিল অজিরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি হবে হারারে স্পোর্টস ক্লাবে। সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর, এরপর ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ও ২০ সেপ্টেম্বর হবে শেষ ওয়ানডে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া। ঘরের মাঠে মেগা ইভেন্টের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সিরিজটি স্বাগতিকদের জন্য বড় পরীক্ষা।
অস্ট্রেলিয়া সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন,
‘আমরা অস্ট্রেলিয়াকে আবারও জিম্বাবুয়েতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এই ধরনের বড় দলের বিপক্ষে খেলা আমাদের দলের উন্নতির জন্য অপরিহার্য। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে এই সফরটি অমূল্য ভূমিকা রাখবে।’
এই সিরিজের আগে জুলাইয়ে ঘরের মাঠে ভারতকে স্বাগত জানাবে জিম্বাবুয়ে। সেই সিরিজে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ঘরোয়া ওয়ানডে কাপের ফাইনাল চলাকালীন দলকে মাঝপথে ফেলে যান বেয়ার্স সোয়ানেপোল। এ ঘটনায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই অলরাউন্ডার।
গত রোববার জোহানেসবার্গে লায়ন্স ও টাইটান্সের মধ্যে ঘরোয়া কাপের ফাইনাল ম্যাচ চলাকালীন এ ঘটনা ঘটে। সোয়ানেপোল বল হাতে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিলেও ইনিংস শেষ হওয়ার ৮ ওভার বাকি থাকতেই মাঠ ছাড়েন।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্যের ফ্লাইট ধরার জন্য মূলত ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে যান সোয়ানেপোল। শুক্রবার থেকে ওরচেস্টারশায়ারের হয়ে তাঁর খেলার কথা ছিল। তবে এই পরিকল্পনার বিষয়ে কিছুই জানত না লায়ন্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন
| বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর দাবি ইউরোপের দেশগুলোর |
|
এ ঘটনায় সোয়ানেপোলকে কাউন্টি ক্রিকেটে খেলার ‘অনাপত্তিপত্র’ বা ‘এনওসি’ দিতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে সোয়ানেপোলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও চুক্তিবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে।
ওরচেস্টারশায়ার ক্লাবের ডিরেক্টর অ্যাশলে জাইলস বিষয়টিকে বড় ধাক্কা হিসেবে দেখছেন, ‘কেন এমনটা ঘটেছে তা ব্যাখ্যা করা কঠিন। তবে সোয়ানেপোল সম্ভবত এখন বুঝতে পারছেন যে তিনি একটি ভুল করে ফেলেছেন। আমাদের পক্ষ থেকে তাঁর দ্রুত যুক্তরাজ্যে পৌঁছানোর কোনো চাপ ছিল না। মানুষ ভুল করে, সোয়ানেপোল ভালো ছেলে, কিন্তু এক্ষেত্রে তিনি বড় একটি ভুল করে ফেলেছেন।’
পুরো মৌসুম খেলার কথা থাকলেও লায়ন্স দলের সাথে সোয়ানেপোলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাকে এনওসি না দেওয়া বিষয়টি ইতিমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। আইনি প্রক্রিয়ায় নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা রয়েছে সোয়ানেপোলের।

দুদিন আগে ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেখানে নিজের নাম না থাকার পর বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডুসেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এই টপ-অর্ডার ব্যাটার লেখেন, ‘গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি পরাটা এমন এক অর্জন যা আপনার ধৈর্য ও নিষ্ঠার পরীক্ষা নেয় এবং অবিশ্বাস্যভাবে পুরস্কৃত করে। নিজের দেশের হয়ে খেলা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান।‘
আরও পড়ুন
| ২০০ ইনিংস কম খেলে কোহলির পাশে সাহিবজাদা |
|
২০১৮ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। সাত বছরের ক্যারিয়ারে ১৮ টেস্ট, ৭১ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রোটিয়া জার্সিতে করেছেন ৪ হাজার ৯৬৮ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ফরম্যাটে এবি ডি ভিলিয়ার্সের পর দ্বিতীয় সর্বোচ্চ গড় ডুসেনের। ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি করা এই ব্যাটারের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত বছরের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী ডুসেন। এছাড়া বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে নিয়মিত দেখা যাবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অশোভন আচরণের দায়ে অভিযুক্ত হওয়ার পর অল্পেই পার পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে গত বছর নিরাপত্তা রক্ষীর সঙ্গে বিবাদে জড়ানোয় এই দুজনকে সতর্ক করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘটনাটি ঘটেছিল গত বছরের ১ নভেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার আগের রাতে মদ্যপান করতে বাইরে গিয়েছিলেন ব্রুক। নৈশক্লাবে প্রবেশের সময় নিরাপত্তা রক্ষীর সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি।
দুই মাস পর সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টে হারের পর যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসে। তখন ব্রুকের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত গোপনেই তাকে জরিমানা করা হয়।
আরও পড়ুন
| দা হান্ড্রেডের প্রতিটি মুহূর্ত ঘৃণা করেন অ্যান্ডারসন |
|
ব্রুক প্রথমে দাবি করেছিলেন তিনি একাই ছিলেন, তবে পরে স্বীকার করেন তার সঙ্গে বেথেল এবং জশ টাংও ছিলেন। সতীর্থদের বাঁচাতেই তিনি প্রথমে মিথ্যা বলেছিলেন।
ব্রুক ও বেথেল ইসিবির আচরণবিধির ৩.২ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় এমন কোনো কাজ করতে পারবেন না যা ক্রিকেটের স্বার্থের পরিপন্থী বা খেলাটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
আচরণবিধি ভঙ্গের দায়ে ব্রুক ও বেথেল উভয়কেই সতর্ক করা হয়েছে। তাদের কোনো ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তবে ভবিষ্যতে এমন আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জশ টাংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন এই পেসার।
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ব্রুক বর্তমানে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি খেলার প্রস্তুতি নিচ্ছেন এবং বেথেল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে রয়েছেন।