৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

সাম্প্রতিক জটিলতা সমাধানে আইসিসি ও পিসিবির সঙ্গে বৈঠক করার পর পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আইসিসি ও পিসিবির সঙ্গে বৈঠক করতে ঝটিকা লাহোর সফরে যান বুলবুল। এই সফর শেষ করে আনুষ্ঠানিক বিবৃতিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সূচি অনুযায়ী, কলম্বোতে ম্যাচটি হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি।
ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা দূর করতেই মূলত লাহোরে আইসিসি ও পিসিবি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বুলবুল। বৈঠক শেষে পিসিবি প্রধান মহসিন নাকভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবি সভাপতি।
একইসঙ্গে বৃহৎ স্বার্থের কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে খেলার অনুরোধও করেন বুলবুল।
“এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে পাকিস্তান যে বাড়তি উদ্যোগ ও আন্তরিকতা দেখিয়েছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। আমাদের এই ভ্রাতৃত্ব দীর্ঘস্থায়ী হোক।”
“পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর ও আমাদের আলোচনার সম্ভাব্য ইতিবাচক ফলাফলের প্রেক্ষিতে, আমি পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি পাকিস্তানকে খেলার জন্য অনুরোধ জানাচ্ছি।”
No posts available.
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০০ পিএম
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৪ পিএম
৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৭ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওপেনার মোহাম্মদ জোহাইবকে দেশে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ইউএই ক্রিকেট অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
দল থেকে বাদ পড়ার পর জোহাইব অভিযোগ করেছেন, পাকিস্তানি নাগরিক হওয়ার কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর দাবি, দলের পুরো ব্যবস্থাপনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেই কারণেই তাঁকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য তিনি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন।
জোহাইবের অভিযোগ সরাসরি নাকচ করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাঁকে ভারত থেকে দুবাইয়ে ফেরত পাঠানো হয়েছে।
ইসিবির সংক্ষিপ্ত বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার বিস্তারিত তথ্য উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। আপাতত এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চায় না বোর্ড।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপ চলাকালীন আপত্তিকর আচরণ, অতিরিক্ত মদ্যপান এবং ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল জোহাইবের বিরুদ্ধে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় টিম ম্যানেজমেন্ট দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
জোহাইবের জন্ম পাকিস্তানে। পরে তিনি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব নেন এবং সে দেশের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। কলম্বোতে মাত্র ১০৪ রানের লক্ষ্য ৩৯ বল আগেই ছুঁয়ে ফেলেছে সিকান্দার রাজার দল।
ওমানকে গুঁড়িয়ে দেওয়ার কারিগর জিম্বাবুয়ের তিন পেসার ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। তিন জনই নেন ৩টি করে উইকেট। পরে ব্যাট হাতে আলো ছড়ান ব্রায়ান বেনেট।
টস হেরে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি ওমান। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাত্র ২৭ রানে তারা হারিয়ে ফেলে ৫ উইকেট।
পরে সুফিয়ান মেহমুদ ৩৯ বলে ২৫, বিনায়ক শুক্লা ২১ বলে ২৮ ও নাদিম খান ১৮ বলে ২০ রান করলে কোনোমতে একশ পার করে ওমান।
৪ ওভারে এক মেডেনসহ ১৭ রানে ৩ উইকেট নেন এনগারাভা। এক মেডেন দিয়ে ১৬ রানে ৩ উইকেট নেন মুজারাবানি। আর ১৮ রানে ৩ উইকেট নেন ইভান্স। অর্থাৎ তিন পেসার মিলে ৪৮ রানে নেন ৯ উইকেট।
রান তাড়ায় চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সের উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দলের ওপরে চাপ আসতে দেননি ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেলর।
দুই ব্যাটার মিলে গড়েন ৬৮ রানের জুটি। জয়ের খুব কাছে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন ৩১ রান করা টেলর। শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন বেনেট।
সংক্ষিপ্ত স্কোর
ওমান: ১৯.৫ ওভারে ১০৩ (আমির ৫, জাতিন্দার ৫, হাম্মাদ ০, কারান ০, ওয়াসিম ৩, সুফিয়ান ২৫, বিনায়ক ২৮, রমানন্দি ১, নাদিম ২০, শাকিল ৪, ফয়সাল ৫*; এনগারাভা ৪-১-১৭-৩, মুজারাবানি ৪-১-১৬-৩, ইভান্স ৩.৫-০-১৮-৩, রাজা ৪-০-১৭-১, বেনেট ২-০-১৮-০, মাসাকাদজা ২-০-১২-০)
জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ১০৬/২ (বেনেট ৪৮*, মারুমানি ২১, মায়ার্স ০, টেলর ৩১ আহত অবসর, রাজা ৫*; ফয়সাল ২-০-১৩-০, শাকিল ২-০-২৭-০, সুফিয়ান ৩-০-১২-২, নাদিম ৩-০-২৮-০, ওয়াসিম ২-০-১০-০, রমানন্দি ১-০-৯-০, কারান ০.৩-০-৬-০)
ফল: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রস্তুত পাকিস্তান। তবে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আইসিসির সতর্কবার্তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় ছিল পিসিবি। তবে গতকাল লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা নিরসনে তিনটি প্রস্তাব তুলে ধরে পিসিবি।
সূত্র অনুযায়ী, পিসিবির প্রথম দাবি হলো—বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতিপূরণ বাড়াতে হবে। পিসিবির মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবদান বিবেচনায় নিয়ে আইসিসিকে আর্থিক বরাদ্দ পুনর্বিবেচনা করতে হবে।
আরও পড়ুন
| দুই ভাইয়ের লড়াই থামিয়ে স্কটল্যান্ডের রেকর্ডগড়া জয় |
|
দ্বিতীয় দাবি—বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দেওয়ার কথা বলেছে পিসিবি। তাদের যুক্তি, টুর্নামেন্টের প্রস্তুতিতে দলগুলো বড় অঙ্কের বিনিয়োগ করে এবং পারফরম্যান্স বা পরিস্থিতি যাই হোক, একটি ন্যূনতম আর্থিক নিরাপত্তা থাকা উচিত।
তৃতীয় দাবি—ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি। তাদের মতে, বর্তমানে আন্তর্জাতিক মানের ভেন্যু ও দর্শকসমর্থন থাকায় বড় কোনো আসর আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে, যা দেশটির ক্রিকেট অর্থনীতিকেও শক্তিশালী করবে।
সূত্রগুলো জানায়, পিসিবির ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ভিন্নমত রয়েছে। কিছু কর্মকর্তা ম্যাচ খেলতে আগ্রহী হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনো বয়কটের অবস্থানে কঠোর। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন নাকভি।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কি না পাকিস্তান—এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন বলে জিইও টিভির প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে অবস্থান নিয়েছে পাকিস্তান, তা বহাল থাকবে নাকি পরিবর্তন আসবে—এই বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
এর আগে গতকাল পিসিবি, আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেইই আলোচনায় পিসিবি মূল সমন্বয়কের ভূমিকা পালন করে।
সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে আইসিসি বাংলাদেশের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দেয় এবং বিসিবির অভিযোগ ও আপত্তি নিরসনে একটি সমাধানসূত্র তৈরি করা হয়েছে। এ সময় আইসিসি ও বিসিবি একে অপরের কাছে প্রস্তাব বিনিময় করে।
বৈঠক শেষে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসির সদর দপ্তরে ফিরে গেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ঢাকায় ফিরে সংশ্লিষ্ট মহলকে বিষয়টি অবহিত করবেন। সূত্র জানায়, প্রস্তাবগুলোতে সম্মতি মিললে আজ বিকেলে আইসিসি ও বিসিবি আবার বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবে।

সব স্বাভাবিক থাকলে বিশ্বকাপই খেলা হতো না স্কটল্যান্ডের। নিরাপত্তাজনিত নানান ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে তারা। আর দ্বিতীয় ম্যাচেই তারা গড়ল রেকর্ড। পেল বিশাল ব্যবধানে জয়।
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালিকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড। ইডেন গার্ডেন্সে সোমবার সকালের ম্যাচে আগে ব্যাট করে ২০৭ রান করে স্কটিশরা। জবাবে ২০ বল বাকি থাকতে ১৩৪ রানে গুটিয়ে যায় ইতালি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই স্কটল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ১৮০ রান ছিল এত দিনের সর্বোচ্চ। এছাড়া এর আগে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ ব্যবধানে জয় ছিল ৪২ রানের। সেই রেকর্ডও নতুন করে লিখল তারা।
আরও পড়ুন
| জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু শ্রীলঙ্কার |
|
টস হেরে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন নিজেদের বিপদই ডেকে আনে ইতালি। উদ্বোধনী জুটিতে ৮৩ বলে ১২৬ রান যোগ করেন জর্জ মানজি ও মাইকেল জোন্স। ১৪তম ওভারে ফেরার আগে ১৩ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৮৪ রান করে মানজি।
আরেক ওপেনার জোন্সের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৭ রান।
পরে দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাকমুলেন ও মাইকেল লিস্ক। ৪টি ছক্কার মারে মাত্র ১৮ বলে ৪১ রান করেন ম্যাকমুলেন। লিস্কের ব্যাট থেকে আসে ২টি করে চার-ছক্কায় ৫ বলে ২২ রান।
রান তাড়ায় প্রথম বলেই জাস্টিন মোস্কার উইকেট হারায় ইতালি। পাওয়ার প্লের মধ্যে একই পথে হাঁটেন জেজে স্মাটস ও অ্যান্টনি মোস্কা।
চতুর্থ উইকেটে ইতালিকে আশা দেখান দুই ভাই হ্যারি মানেন্তি ও বেন মানেন্তি। দুজন মিলে ৪৫ বলে গড়ে তোলেন ৭৩ রানের জুটি। ১৩তম ওভারের প্রথম বলে আউট হন ১ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৭ রান করা হ্যারি মানেন্তি।
পরের ওভারে ৩১ বলে ৫২ রান করা বেন মানেন্তিও আউট হয়ে গেলে খেই হারায় ইতালি। মাত্র ৫ চারের মধ্যে শেষের ৬ উইকেট হারায় দলটি।
ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ায় ব্যাট করতে নামতে পারেননি ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন।
২২ রানের ক্যামিও ইনিংসের পর ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন স্কটল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার লিস্ক।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড: ২০ ওভারে ২০৭/৪ (মানজি ৮৪, জোন্স ৩৭, ম্যাকমুলেন ৪১, ব্রুস ১, লিস্ক ২২*; হাসান ৪-০-২১-১, স্টুয়ার্ট ৪-০-৪৪-১, ড্রাকা ২-০-৩৭-১, স্মাটস ৪-০-৩৮-১, বেন মানেন্তি ২-০-২০-০, হ্যারি মানেন্তি ১-০-১৫-০, কালুগামাগে ৩-০-৩২-০)
ইতালি: ১৬.৪ ওভারে ১৩৪ (জাস্টিন মোস্কা ০, অ্যান্টনি মোস্কা ১৩, স্মাটস ২, হ্যারি মানেন্তি ৩৭, বেন মানেন্তি ৫২, স্টুয়ার্ট ২, মিয়েড ০, কালুগামাগে ৩*, ড্রাকা ২, হাসান ০, ম্যাডসেন ০ আহত আউট; লিস্ক ৪-০-১৭-৪, কারি ২-০-১২-১, হুয়েল ২.৪-০-২৯-১, ওয়াট ৪-০-২৪-২, ডেভিডসন ৩-০-৩৯-১, ম্যাকমুলেন ১-০-১৩-০)
ফল: স্কটল্যান্ড ৭৩ রানে জয়ী