২৬ নভেম্বর ২০২৫, ৫:১৪ পিএম

ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় বেশিদিন থাকতে পারলেন না নিউজি ল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁকে সরিয়ে আবারো শীর্ষে ফিরেছেন ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মা। এদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
কয়েকদিন আগে নিউ জিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন মিচেল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে না পারায় গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে গেছেন তিনি। ওয়ানডে ব্যাটারদের তালিকায় রোহিতের রেটিং পয়েন্ট এখন ৭৮১, মিচেলের রেটিং পয়েন্ট ৭৬৬।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন রাজা। এক নম্বরে থাকা রাজার রেটিং পয়েন্ট ২৮৯, আর দুইয়ে নেমে যাওয়া সাইমের রেটিং পয়েন্ট ২৬৯। চলতি বছর সেপ্টেম্বরে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন রাজা, বর্তমানে ওয়ানডে তালিকায় দুই নম্বরে আছেন এই তারকা। এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।
পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এক ধাপ উঠে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাহিবজাদা ফারহান আট ধাপ উঠে চার নম্বরে উঠেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম পাঁচ ধাপ উঠে বর্তমানে ২৯ নম্বরে আছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পার্থে হারানোর পর অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় উপরে উঠে এসেছেন। চতুর্থ ইনিংসে ম্যাচজয়ী ইনিংস খেলে টেস্ট ব্যাটারদের তালিকায় চার ধাপ উঠে ছয় নম্বরে ট্রাভিস হেড। ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার ওলি পোপও চার ধাপ টপকে ২৪ নম্বর ব্যাটার।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ইংল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সে চার ধাপ টপকে বোলারদের তালিকায় পঞ্চম। সেই সঙ্গে অর্জন করেছেন ক্যারিয়ার সেরা ৮২০ রেটিং পয়েন্ট।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় যথারীতি এক নম্বরে ভারতের রবীন্দ্র জাদেজা। এক ধাপ উঠে দুইয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, আর দুই ধাপ উঠে পাঁচে জায়গা করে নিয়েছেন স্টার্ক।
No posts available.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগের ( পিএসএল) ধাক্কা ভালই লেগেছে নিউ জিল্যান্ড ক্রিকেটে। বোর্ডের অনাপত্তিপত্র নিয়ে এই দুটি ফ্রাঞ্চাইজি লিগে নিউ জিল্যান্ডের সেরা ক্রিকেটাররা এখন খেলছেন। সে কারণেই নিউ জিল্যান্ডের নিয়মিত অধিনায়ক স্যান্টনার, গ্লেন ফিলিপ এবং রাচিন রবীন্দ্রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের ওডিআই স্কোয়াড ঘোষণা করতে হয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেটকে।
১৫ সদস্যের স্কোয়াডে অধিনায়ক টম ল্যাথাম, হেনরি নিকোলাস এবং ইস সোধি ছাড়া অভিজ্ঞ ক্রিকেটার নেই তেমন একটা। দলের মিডল অর্ডার বেভন জ্যাকবসের হয়নি ওডিআই অভিষেক। লেগ স্পিনার জসুয়া ক্লার্কসন এবং পেসার ম্যাট ফিশার খেলেছেন ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ মাত্র ১টি। বাঁ হাতি স্পিনার জায়দান লিনাক্স সেখানে খেলেছেন ২টি ওডিআই। পেস বোলার ক্রিস্টার্ন ক্লার্ক, বাঁ হাতি স্পিনার নিক বেলি এবং লেগ স্পিনার অদ্বিতীয়া অশোকার ওডিআই ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্র ৩টি করে।
পরিস্থিতির মুখে ইনজুরি থেকে ফেরা জাতীয় দলের ৩ অনিয়মিত পেসার ম্যাট ফিশার, ও রোর্কে এবং ব্লেয়ার টিকনারকে নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড গঠন করতে হয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেটকে।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট সাদা বলের দলে ফিরেছেন। নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে দারুণ পারফর্ম করে মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্সের মতো খেলোয়াড়রা ওডিআই স্কোয়াডে ঢুকেছেন।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখার কথা নিউ জিল্যান্ড ক্রিকেট দলের। আগামী ১৭ এপ্রিল থেকে ৩ ম্যাচের ওডিআই এবং ২৭ এপ্রিল থেকে ৩ ম্যাটের টি-২০ সিরিজের জন্য ইতোমধ্যে দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। উভয় দলকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও'রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।
বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), কেটেন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

দীর্ঘদিন ভারত জাতীয় দলে উপেক্ষিত মোহাম্মদ শামি। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্ট দলেও এখন ব্রাত্য এই পেসার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে ডাক না পাওয়ায় নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি শামি।
সবশেষ ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শামি। পুরোপুরি ফিট হওয়া সত্ত্বেও এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি তাঁর। ২০২৫-২৬ ঘরোয়া মৌসুমে ৬৭টি উইকেট নিয়েছেন শামি। তবুও মন গলেনি ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারের।
ভারতের জনপ্রিয় সাংবাদিক শুভঙ্কর মিশ্র শুভঙ্কর মিশ্রর পডকাস্টে নিজের হতাশা ঝাড়েন শামি,
‘আইপিএলের কথাই ধরুন, আমার রেকর্ড দেখুন। অন্য কোনো ভারতীয় বোলার আমার ধারেকাছে নেই। তবুও বলা হয় আমি টি-টোয়েন্টি বোলার নই। গত ৫-৬ বছরে আমি প্রায় ১৩০টি উইকেট নিয়েছি। আর কী চান আপনারা?’
২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় শামির। ভারতের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত নিয়েছেন ৪৬২ উইকেট। বিরাট কোহলি-রবি শাস্ত্রী যুগে ভারতীয় বোলিং আক্রমণে বড় অস্ত্র ছিলেন ৩৫ বছর বয়সী পেসার।
তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলা শামি ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে (২০১৮-১৯ এবং ২০২০-২১) টানা দুটি টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেসার।
অবশ্য ভারতের হয়ে এখন পর্যন্ত যত সাফল্য পেয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকতে চাচ্ছেন শামি। দলে আবার সুযোগ পাওয়া নিয়ে মাথা ঘামাতে চান না তিনি,
‘সত্যি বলতে, আমার তাতে কিছু যায় আসে না। আমার ঘরোয়া রেকর্ড দেখুন; বল দিলে তো আমি উইকেট নেব, তা না হলে আমি বড়জোর 'ওয়াটার বয়' হিসেবে কাজ করতে পারি। কিন্তু আমি এই নিয়ে খুব একটা বিচলিত নই। ভারতের হয়ে যতটুকুই খেলেছি, অনেক নাম, যশ আর অর্থ পেয়েছি। আমি দেশের জন্য অনেকগুলো বছর দিয়েছি এবং অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, এতেই আমি তৃপ্ত।‘
এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) হয়ে খেলবেন শামি। গত নভেম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ১০ কোটি রুপিতে ট্রেডে তাকে দলে ভেড়ায় লখনউ।

প্রথমবার বিগ ব্যাশে নাম লিখিয়েই অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়া রিশাদ হোসেন পেলেন বিশেষ এক স্বীকৃতি। ক্রিকেট তাসমানিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী এই লেগ স্পিনার। আনুষ্ঠানিকভাবে আজ তারা রিশাদের নাম ঘোষণা করে।
বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ব্যাট-বল হাতে পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে ক্রিকেট তাসমানিয়া। রিশাদের সঙ্গে বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।
রিশাদকে বর্ষসেরা মনোনয়নের ব্যাখ্যায় ক্রিকেট তাসমানিয়া নিজেদের ওয়েবসাইটে লিখেছিল, ‘বেগুনি জার্সিতে নিজের প্রথম বছরেই দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।’
বল হাতে নিয়মিত আলো ছড়িয়ে হোবার্ট হারিকেন্সকে প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ। সবশেষ বিগ ব্যাশের প্লে অফ থেকে বিদায় নিয়েছে হোবার্ট। আসরে ১১ ইনিংসে ১৫ উইকেট নেন রিশাদ। হ্যারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার ছিলেন তিনি। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৮২ রান, বোলিং গড় ২০.৮৬। ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট রিশাদের সেরা বোলিং।

গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সেই সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেসি)। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৩, ২৫ ও ২৬ জুলাই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে সব খেলা।
আরও পড়ুন
| আইপিএলে টাকা কম, তাই পিএসএল খেলছেন জাম্পা |
|
২০২৪ সালের জুলাইয়ের পর এটিই হবে ভারতের প্রথম জিম্বাবুয়ে সফর। এরপর আবার ২০২৭ সালের জানুয়ারিতে তিন ওয়ানডে খেলতে ভারতে যাবে জিম্বাবুয়ে দল। ২০০২ সালের পর সেটিই হবে জিম্বাবুয়ের প্রথম ভারত সফর।
সবশেষ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবুয়ে। সুপার এইটের ম্যাচে আগে ব্যাট করে ২৫৬ রানের পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে সেদিন ৭২ রানে হারায় ভারত।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ভারতের বিপক্ষে এই সিরিজটি খেলোয়াড় ও সমর্থক- উভয়ের জন্যই বড় একটি সুযোগ তৈরি করেছে।
“ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে নিজেদের মাটিতে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য নিজেদের সামর্থ্য যাচাই করার দারুণ সুযোগ।”
“বিশ্বকাপে আমাদের উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সের পর এই সিরিজ আমাদের জন্য গতি ধরে রাখার ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে এগিয়ে যাওয়ার একটি শক্ত ভিত্তি তৈরি করবে।”
দুই দশকের বেশি সময় পর ভারতের মাটিতে জিম্বাবুয়ের সামনের সফরটিও বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছে জিম্বাবুয়ে ক্রিকেট।
আরও পড়ুন
| ম্যাচ জিতে দুঃসংবাদ পেলেন শ্রেয়াস আইয়ার |
|
“দুই দশকেরও বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়া জিম্বাবুয়ের জন্য একটি মাইলফলক মুহূর্ত। বিশ্ব ক্রিকেটে ভারত অন্যতম শীর্ষ গন্তব্য, তাই এই সফর আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি খেলোয়াড়দের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ।”
“আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উচ্চমানের ক্রিকেট দেখার অপেক্ষায় আছি। একই সঙ্গে বিশ্বাস করি, এই সিরিজ দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য মুখিয়ে থাকেন বিভিন্ন দেশের নামী ক্রিকেটাররা। সেই আইপিএল বাদ দিয়ে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন অ্যাডাম জাম্পা। আর পিএসএল বেছে নেওয়ার পেছনে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার জানিয়েছেন, আইপিএলে পারিশ্রমিক কম ও সূচি বেশ দীর্ঘ।
২০২৫ সালের আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন জাম্পা। গত ডিসেম্বরে নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। এরপর ১৬ ডিসেম্বরে হওয়া নিলাম তালিকায় নিজের নাম যুক্ত করেননি জাম্পা।
আরও পড়ুন
| কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ম্যাক্সওয়েল, প্রথমবার ডগেট |
|
পরে পিএসএলে করাচি কিংসে নাম লেখান অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার। টুর্নামেন্ট চলাকালেই জনপ্রিয় সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম এআরওয়াই পডকাস্টে আইপিএল ছাড়ার কারণ জানিয়েছেন জাম্পা।
“এই বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে, আমার মতো দক্ষতা যাদের আছে, তারা অন্যান্য ক্যাটাগরির খেলোয়াড়দের মতো অত টাকা পায় না। আইপিএলের পেছনে যতটা সময় দিতে হয়, সেই বিবেচনায় টুর্নামেন্টটি চালিয়ে যাওয়া খুব একটা যুক্তিসঙ্গত মনে হয়নি।”
জাম্পা এখন পর্যন্ত পাঁচটি আইপিএল মৌসুম খেলেছেন। এই লেগস্পিনারকে গত বছর মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ ২.৪০ কোটি টাকায় দলে নিয়েছিল। ভারতের লিগটি থেকে এটিই এক মৌসুমে জাম্পার সর্বোচ্চ আয়।
আইপিএলে না থাকলেও বর্তমানে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে করাচি কিংসের হয়ে পিএসএলে খেলছেন জাম্পা। নিলামে করাচি কিংস তাকে ৪.৫ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে।
হঠাৎ বিশ্রাম বাদ দিয়ে পিএসএলে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেন জাম্পা।
আরও পড়ুন
| উচ্চগতিতে গাড়ি চালিয়ে ৭ মাস পর জরিমানা দিলেন ডাকেট |
|
“বিশ্রামে থাকতে চেয়েছিলাম, কিন্তু মাসখানেক আগে পিএসএলের বিষয়টি সামনে আসে। সবকিছু খুব দ্রুত ঘটে গেল, তবে আমি এখানে খেলা উপভোগ করছি।”
পিএসএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচে ৪.৬২ ইকোনমি রেটে ৩টি উইকেট শিকার করেছেন জাম্পা।
চলতি আইপিএলে না থাকলেও, টুর্নামেন্টের ইতিহাসে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এখনও তার দখলেই। ২০১৬ সালে নিজের অভিষেক মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।