১ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৬ পিএম

সাবেক চেলসি ও ইংল্যান্ডের ডিফেন্ডার জন টেরি নিজের ব্যক্তিগত সংগ্রহের বেশ কিছু স্মারক নিলামে বিক্রি করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম সংস্থা গোল্ডিন অকশনসে তোলা এসব সামগ্রী বিক্রি হয়েছে মোট ৬ লাখ ৯৫ হাজার ডলারে।
নিলামে টেরি দিয়েছেন নিজের সংগ্রহ থেকে ৫০টির বেশি স্মারক। এর মধ্যে ছিল ম্যাচে ব্যবহৃত ও ছবি মিলিয়ে যাচাই করা লিওনেল মেসির বার্সেলোনা জার্সি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি, যেটিতে ছিল তাঁর স্বাক্ষরও।
২০০৬ সালের ১৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলা ম্যাচের মেসির জার্সিটি বিক্রি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ডলারে। আর ২০০৮ সালের ২৬ এপ্রিল প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে ব্যবহৃত রোনালদোর জার্সিটির দাম উঠেছে ১ লাখ ১৫ হাজার ৯০০ ডলার— যা রোনালদোর ম্যাচ চলাকালীন ব্যবহৃত জার্সির সর্বোচ্চ মূল্য।
এ ছাড়া নিলামে বিক্রি হয়েছে থিয়েরি অঁরি ও জিয়ানলুইজি বুফনের ম্যাচে ব্যবহৃত জার্সিও। ২০০৩ মৌসুমে চেলসির বিপক্ষে ম্যাচে অঁরির পরা আর্সেনাল জার্সিটি বিক্রি হয়েছে ৯৮ হাজার ৮২০ ডলারে। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে চেলসি–জুভেন্টাস ম্যাচে ব্যবহৃত বুফনের সোনালি জার্সির দাম উঠেছে ২২ হাজার ২৬৫ ডলার—দুজনের ক্ষেত্রেই যা রেকর্ড মূল্য।
নিজের খেলা চেলসি, ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার জার্সির পাশাপাশি ফ্র্যাংক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, পাওলো মালদিনি, সেস ফাব্রেগাস, অ্যাশলি কোল, জিয়ানফ্রাঙ্কো জোলা, সামুয়েল ইতো, রিও ফার্ডিনান্ড, ক্লোদ মাকেলেলে ও মার্সেল দেসাইলির মতো তারকাদের জার্সিও নিলামে তুলেছিলেন টেরি।
জার্সির পাশাপাশি বিক্রি হয়েছে টেরির ট্রফি, অধিনায়কত্বের আর্মব্যান্ড, ম্যাচে ব্যবহৃত বুট ও শিনগার্ড। এর মধ্যে ২০০৭ সালের এফএ কাপ জয়ের প্রতিকৃতি ট্রফিটি বিক্রি হয়েছে প্রায় ২৬ হাজার ৮৪০ ডলারে।
নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ যাবে জন টেরি ফাউন্ডেশনে, যা যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত তরুণদের সহায়তায় কাজ করে।
১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর চেলসিতে খেলেছেন টেরি। এই সময়ে ৭১৭টি ম্যাচে করেছেন ৬৭ গোল। তাঁর নেতৃত্বে ক্লাবটি ৫ বার প্রিমিয়ার লিগ, ১ বার চ্যাম্পিয়নস লিগ, ১ বার ইউরোপা লিগ, ৫ বার এফএ কাপ এবং ৩ বার লিগ কাপ জিতেছে।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচ খেলেছেন টেরি। দীর্ঘ সময় অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। ২০০৬ বিশ্বকাপের 'অল-স্টার স্কোয়াডে' তিনি ছিলেন একমাত্র ইংলিশ খেলোয়াড়।
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ২:২৩ পিএম
৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এম

ব্রাজিলিয়ান সিরি আ-তে শুক্রবার ভোরে রেমোকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে সান্তোস। এই জয়ের রাতে ভালো অভিজ্ঞতা হয়নি দলটির প্রাণভ্রমরা নেইমার জুনিয়রের। মৌসুমের তৃতীয় হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নামতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।
২-০ ব্যবধানে পাওয়া জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের ৪০ মিনিটে থাসিয়ানোর গোলে এগিয়ে যায় সান্তোস। ৮২ মিনিটে দ্বিতীয় গোলের পেছনেও ছিল নেইমারের অবদান।
৮৬ মিনিটে মাঝমাঠে ডিয়েগো হার্নান্দেজের ফাউলের শিকার হন নেইমার। উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে এগিয়ে গেলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হন। ফলে পরের ম্যাচে নেইমারকে পাচ্ছে না সান্তোস।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নেইমার বলেন, ‘এটি সম্পূর্ণ অন্যায়। আমাকে বারবার ফাউল করা হচ্ছিল, এটি ছিল চতুর্থ বা পঞ্চম ফাউল। আমি শুধু প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়েছিলাম আর আমাকেই হলুদ কার্ড দেওয়া হলো।’
রেফারি সাভিও সাম্পাইও কে নিয়েও ক্ষোভ ঝাড়েন ব্রাজিলের পোস্টার বয়, ‘সাভিও এমনই। সে সব সময় ম্যাচের কেন্দ্রবিন্দু হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার চরম সম্মানবোধের অভাব রয়েছে। সে কারো সাথে কথা বলতে চায় না, কোনো যোগাযোগ করতে চায় না। সে মনে করে সেই সবকিছুর নিয়ন্ত্রক এবং খেলাটিকে নিজের মতো করে চালাতে চায়।’
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সান্তোস। আগামী রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ক্লাবটিকে।
পর্তুগিজ সমর্থকদের জন্য আনন্দের খবরই বটে। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আজ রোনালদোকে শুরুর একাদশে নামানোর ইঙ্গিত দিয়েছেন আল নাসর কোচ জর্জ জেসুস।
গত ২৮ ফেব্রুয়ারি আল ফায়হার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রোনালদো। এই চোটের কারণে আল নাসরের সবশেষ তিনটি ম্যাচ এবং পর্তুগালের হয়ে গত মাসে দুটি প্রীতি ম্যাচে ছিলেন না তিনি।
দীর্ঘ এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর গত মঙ্গলবার আল নাসরের অনুশীলনে ফেরেন রোনালদো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল নাসর কোচ বলেন,
‘আজ আমাদের একটি অনুশীলন সেশন আছে এবং সেখানে ক্রিস্তিয়ানো বলে আশা করা হচ্ছে।’
এরপর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোনালদোর অনুশীলনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে আল নাসর। যেখানে বেশ হাস্যোজ্জ্বল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে আল নাসর তারকাকে।
রোনালদোর ফেরার বিষয়টি জানিয়ে ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ইনস্টাগ্রামে লেখেন,
‘চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর রোনালদোকে দলে ডাকা হয়েছে এবং তিনি আজ খেলার জন্য প্রস্তুত আছেন।’
মার্চের শুরুতে গোড়ালিতে চোট পাওয়া সাদিও মানেও আজ ফিরছেন। বর্তমানে ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা ৩ পয়েন্টে এগিয়ে আছে।
আল নাসর ও আল নাজমোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।
টটেনহাম হটস্পারে শুরু হয়েছে রবার্তো ডি জার্বি অধ্যায়। মঙ্গলবার ক্লাবটির দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায় ম্যাসন গ্রিনউডকে নিয়ে করা পূর্বের এক মন্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
২০২২ সালে গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাহার করে নেয়। এর কারণ হিসেবে মূল সাক্ষীদের সরে যাওয়া এবং নতুন কিছু তথ্যের প্রকাশ পাওয়ার কথা জানানো হয়।
২০২৪ সালের জুলাইয়ে ডি জার্বি যখন ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের কোচ ছিলেন, তখন গ্রিনউডকে দলে ভেড়ান। গত নভেম্বরে গ্রিনউডকে নিয়ে ডি জার্বি বলেন ‘আমি শুধু এটুকুই দেখছি যে ম্যাসন একজন ভালো ছেলে।’
টটেনহামের ডেরায় ডি জার্বির থাকার বিষয়টি প্রকাশ পেলে ফুঁসে ওঠে স্পার্সের ফ্যান গ্রুপগুলো। গ্রিনউডকে সমর্থনে ডি জার্বির আগের বক্তব্যের জন্য তারা এই কোচের নিয়োগের বিরোধিতা করেছিল।
সমর্থকদের বিরোধিতা সত্বেও মঙ্গলবার ৫ বছরের জন্য ডি জার্বিকে সই করায় উত্তর লন্ডনের ক্লাবটি। দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথম ক্লাব সাক্ষাৎকারে কথা বলেন এই কোচ। পূর্বের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বলেন,
‘আমি কখনোই নারীদের প্রতি সহিংসতা বা সাধারণভাবে কারোর প্রতি সহিংসতার বিষয়টিকে খাটো করে দেখতে চাইনি। এই বিষয়ে আমার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আমার একটি মেয়ে আছে এবং আমি জানি এই বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আমাকে আরও ভালোভাবে জানবে এবং বুঝবে যে ওই মুহূর্তে আমি কোনো পক্ষ নিতে চাইনি।’
গত ২৮ ডিসেম্বরের পর লিগে জয়ের মুখ দেখেনি টটেনহাম। বর্তমানে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে রয়েছে তারা। রেলিগেশন জোনের ঠিক এক ধাপ উপরে থাকা ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে ইতালিয়ান কোচ বলেন,
‘এখানে ৫ বছরের চুক্তিতে এসেছি কারণ আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী। আগামী মৌসুমেও টটেনহামের কোচ থাকব, ফলাফল যাই হোক না কেন। এমনকি আমরা যদি চ্যাম্পিয়নশিপে নেমে যাই, তবুও আমি থাকব। আমার লক্ষ্য এখন শুধুই এই ক্লাব এবং এর সমর্থকদের মুখে হাসি ফেরানো।’
ব্রাইটনের সাবেক কোচ বর্তমান সময়কে তাঁর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন,
‘টটেনহামের এখন সবার জন্যই কঠিন সময়। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড়দের সেই মান আছে যা দিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। আমাদের বড় মাপের খেলোয়াড় আছে, শুধু তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার কাজটুকু করতে হবে। এই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত।’
আগামী ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ডি জার্বির মাঠের লড়াই শুরু হবে।
শেষ হয়ে গেল বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন। গ্রুপ পর্বের শেষ খেলায় মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে লাল সবুজের দল। আন্তর্জাতিক বিরতি শেষে খেলোয়াড়েরা ফিরেছেন নিজ নিজ ক্লাবে। বাংলাদেশ দলের বেশিরভাগ খেলোয়াড় যখন ঢাকায়, তখন সিঙ্গাপুর থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা চৌধুরী।
হামজার ক্লাব লেস্টার সিটি আজ চ্যাম্পিয়নশিপের খেলায় মোকাবিলা করবে প্রিস্টন নর্থ এন্ডকে। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশের ফুটবল সমর্থকদের নিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের ‘নম্বর এইট’। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন গত এক বছরে বাংলাদেশের ফুটবল যেভাবে এগিয়েছে সেটিকে। একই সঙ্গে ধন্যবাদ দিয়েছেন দেশের ফুটবল সমর্থকদেরও।
বৃহস্পতিবার রাতে ওই পোস্টে হামজা লিখেছেন,
‘‘গ্রুপ পর্বটা আমরা যেভাবে শেষ করতে চেয়েছিলাম, ঠিক সেভাবে হয়নি। তবে এক বছরে আমরা যতটুকু এগিয়েছি, সেজন্য আমি অত্যন্ত গর্বিত। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের সামনে দারুণ সব অর্জনের সুযোগ রয়েছে।’
এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ শেষ করেছে পয়েন্ট টেবিলের তিনে থেকে। ৬ খেলায় একটিতে জয়, দুটিতে ড্র এবং তিনটিতে হেরেছে বাংলাদেশ। তবে জয়-পরাজয় দূরে রাখলে, বাংলাদেশ বাছাই পর্বে প্রায় প্রতিটি ম্যাচে লড়াই করেছে। ভাগ্য সহায় হলে হয়ত ভিন্ন কিছু হতে পারত। এই সময়ে বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরে পেয়েছে আবার। সমর্থকেরা মাঠে ফিরেছেন। হামজা-জামালদের সাপোর্ট দিতে দেশে এবং দেশের বাইরে স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন তারা। লাল সবুজের সমর্থকদের নিয়েও লিখেছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার,
‘আর আপনাদের সমর্থন বরাবরের মতোই অবিশ্বাস্য ছিল।’
আপাতত ক্লাবেই মনোযোগ দেবেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে দলের অবনমন ঠেকাতে কঠিন সময় পার করতে হবে তাদের। মৌসুমে ক্লাবগুলোর হাতে আছে আর মাত্র ৭টি করে ম্যাচ। অবনমন অঞ্চলের একদম উপরের স্পটে থাকা হামজাদের পয়েন্ট ৩৯ খেলায় ৩৯। ২৪ দলের লিগে লেস্টার সিটি ২২-এ।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেন পাইকারি দরে গোল পেয়েছে বার্সেলোনা। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বীদের জালে দুই লেগেই ৬টি করে গোল দিয়েছে কাতালান ক্লাবটি। সব মিলিয়ে এক ডজন গোল হজম করে বিদায় নিলো রিয়াল।
নারী চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে রিয়ালকে ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে রিয়ালকে পাত্তাই দেয়নি ক্লাবটি। এর আগে প্রথম লেগে রিয়ালের মাঠে ৬-২ গোলে জিতেছিল তারা।
দুই লেগ মিলিয়ে ১২-২ গোলে এগিয়ে থেকে সেমি-ফাইনালের টিকেট পেয়েছে বার্সেলোনা। আগামী ২৫ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে নারী ক্লাব ফুটবলের প্রবল শক্তিধর দলটি।
চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের মাঝে স্প্যানিশ লা লিগার ম্যাচেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিলেন অ্যালেক্সিয়া পুতেয়াস, ক্লাউদিও পেনারা।
এবার ফিরতি লেগের লড়াইয়ে অষ্টম মিনিটে আলতো ছোঁয়ায় জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নামা পুতেয়াস। সেটি যেন করে তালা ভাঙার কাজ। এরপর শুরু হয় একের পর এক গোল।
ম্যাচের ১৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। ম্যাচের বয়স আধঘণ্টা হওয়ার আগে স্কোরলাইন ৩-০ করে দেন আইরিন পারেদেস। আর ৩৪ মিনিটে ইউয়া পাজোর গোল করলে রিয়ালের জালে পূরণ হয় এক হালি।
বিরতির পর আর দুই গোলের বেশি করতে পারেনি বার্সেলোনা। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন হানসেন। আর ৭৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইসমি ব্রুগটস।