
ব্রাজিলের নারী ফুটবল তারকা ও সৌদি ক্লাব আল-নাসরের অধিনায়ক ক্যাথলিন সৌজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্লাবের পক্ষ থেকে আজ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার ক্লাব আল-নাসর তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করে লিখেছে,
“আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সৌজার জীবনের বিশেষ মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করছি। আমরা প্রার্থনা করি—ঈশ্বর তাঁকে স্থির বিশ্বাস দিন এবং হৃদয় শান্তি ও স্নিগ্ধতায় পূর্ণ করুন।”
ভিডিওটিতে দেখা যায়, আন্তর্জাতিক এই ফুটবলার আবেগের এক গভীর মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন,
“আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি উন্নত সংস্করণ গ্রহণ করতে চেয়েছিলাম।”
ক্যাথলিন একজন সেন্টার ব্যাক, যিনি সৌদি নারী প্রিমিয়ার লিগের আল-নাসর ক্লাবের অধিনায়ক এবং ব্রাজিল জাতীয় দলের সদস্য। তিনি বেইক্সাদা সান্তিস্টায় বড় হয়েছেন। ছোটবেলায় ফুতসালে শুরু করেন, পরে মার্কিন কলেজ সিস্টেমে সুযোগ পান—মোনরো কলেজ, লুইসভিল কার্ডিনালস ও ইউসিএফ নাইটসের সঙ্গে খেলেছেন।
পেশাদার ক্যারিয়ার শুরু করেন এফসি জিরঁডিনস দ্য বোর্দো-তে, পরে খেলেছেন ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ-এ। ২০২৪ সালে যোগ দেন আল-নাসর ক্লাবে এবং বর্তমানে সেই ক্লাবের হয়ে খেলছেন।
ব্রাজিল সিনিয়র দলের হয়ে তাঁর অভিষেক ২০১৮ সালে। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে নিয়মিত স্টার্টার হন। বিশেষ করে রাউন্ড অফ ১৬-এ ফ্রান্সের বিপক্ষে তাঁর পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে—সেই ম্যাচে তিনি ছিলেন মাঠের সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান।
No posts available.
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫২ পিএম
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৬ পিএম
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ এম

প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে দল। তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয় আনুষ্ঠানিক দল ঘোষণা এবং জানানো হয় প্রস্তুতির কথা। বেশ কিছু দিন ধরেই দলের সঙ্গে আছেন সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনে ওঠে এই মিডফিল্ডারের প্রসঙ্গ। আনিকার প্রসঙ্গে কোচ পিটার বাটলার প্রশ্নকর্তাকে আগে ধন্যবাদ দিলেন, এরপর প্রশংসায় ভাসালেন সুইডেন থেকে মিডফিল্ডারকে।
নারী ফুটবলে আনিকাই প্রথম নয়, এর আগে জাপানিজ সুমাইয়া মাতসুশিমাও খেলেছেন। তবে দলের সঙ্গে আনিকার যোগ হওয়া নতুন মাত্রা যোগ করেছে, সেটি শক্তি বাড়াবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। কোচ বাটলারও তাঁর আসায় বেশি খুশি এবং এটি একটি ইতিবাচক বার্তা হবে নারী ফুটবল দলের জন্য এমনটাই মনে করেন তিনি, ‘শুধুমাত্র স্থানীয় বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গড়ার প্রথা তা থেকে আমাদের বের করে আনবেন। কারণ আমি নিশ্চিত যে অস্ট্রেলিয়াতে অনেক অনেক বাংলাদেশি খেলোয়াড় খেলছেন; এমনকি অ্যাস্টন ভিলাতেও একজন মেয়ে খেলছেন বলে আমি জানি। আসল বিষয়টি হলো— এমন একজনকে প্রয়োজন যে কি না সাহসের সঙ্গে এগিয়ে আসবে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি (আনিকা) ঠিক সেটিই করছেন।’
আনিকা সুইডেনের ক্লাব ব্রোমপোজকার্নার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এ মাসেই সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলের হয়েও অভিষেক হয়েছে তাঁর। গত ১৬ ফেব্রুয়ারি দলের আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দেন তিনি। অনুশীলনে আনিকাকে দেখে মনে ধরেছে বাংলাদেশ কোচের। আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয় তাঁর (আনিকা) বয়স ২০-২১ বছর। আমি তাঁকে (খেলোয়াড় হিসেবে) পরখ করে দেখতে বেশ আগ্রহী ছিলাম। আমি এ বিষয়ে যথেষ্ট গবেষণা করেছি, তাঁর কোচদের সাথে কথা বলেছি, ভিডিও দেখেছি এবং অনুশীলনে তাঁকে পর্যবেক্ষণ করেছি। আমার চোখে সে সত্যিই দারুণ সম্ভাবনাময় একজন খেলোয়াড়; সেইসঙ্গে একটি চমৎকার আবিষ্কার।’
বাফুফের ট্রায়াল থেকে আনিকাকে দলে ভিড়ানো হয়। এবার তো অস্ট্রেলিয়াতেও যাচ্ছেন তিনি। সব ঠিক থাকলে অভিষেক হয়ে যাবে এশিয়ান কাপের প্রথম ম্যাচেই। ২৬ সদস্যের দলে তাঁকে নেওয়ার প্রসঙ্গে কোচ বাটলার বলেন, ‘এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কেন আমি তাঁকে বেছে নিলাম? আমি তাঁর দক্ষতা বা সক্ষমতার ভিত্তিতে তাঁকে নির্বাচন করেছি। তাঁর বয়স এখানে একটি বড় ইতিবাচক দিক; সে ভবিষ্যতের জন্য একজন যোগ্য খেলোয়াড়। মনে করি তাঁর মানসিকতা বেশ সতেজ এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খুবই লড়াকু মনোভাবের। সে দলের মান এবং শক্তি যোগ করবেন এবং দিনে দিনে সে আরও উন্নতি করবে।’
এদিকে, বাংলাদেশের হয়ে খেলতে যেন তর সইছে না আনিকার। অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া কঠিন হলেও বাংলাদেশের প্রেমে পড়েছেন তিনি। বাফুফের এক ভিডিও বার্তায় আনিকা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার একটা লক্ষ্য ছিল। যেভাবেই হোক বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই আমি। এখানে এসে আমার ভালো লাগছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি- চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন মনিকা-মারিয়া মান্দারা।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে ঘিরে।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ নকআউট ম্যাচে লিসবনে মাঠে নামে বেনফিকা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর কিলিয়ান এমবাপে অভিযোগ করে বলেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর’ বলেছেন প্রেস্তিয়ান্নি। পরে ভিনিসিয়ুস সামাজিক মাধ্যমে লেখেন, ‘বর্ণবাদীরা সর্বোপরি কাপুরুষ।’
ওই ঘটনার পর কথা বলতে হয়েছে বেনফিকা কোচ হোসে মরিনহোকেও। তিনি বলেন, ‘আমি দুজনের সঙ্গেই কথা বলেছি। দুজন ভিন্নরকম কথা বলছে। আমি বলছি না যে প্রেস্তিয়ান্নিকে শতভাগ সমর্থন করছি, আবার এটাও বলতে পারছি না যে ভিনিসিয়ুস আমাকে পুরো সত্য বলেছে। আমি নিশ্চিত নই।’
এদিকে আর্জেন্টাইন মিডিয়া খবর প্রচার করছে ম্যাচের সময় জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়ুসকে নাকি ‘হারমানো’ বলেছেন প্রেস্তিয়ান্নি। পর্তুগিজ ভাষায় যার অর্থ দাঁড়ায় ‘ভাই’। এমনটাই জানা গেছে জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর ফেসবুক পোস্ট থেকে।
বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে উইয়েফা। ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা। আর অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ান্নি।
এই ঘটনায় প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তাঁর ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি বুধবার সামাজিক মাধ্যমে লিখেছে, ‘একসঙ্গে তোমার পাশে।’

শেষ মুহূর্তের নাটকীয়তায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়াল ক্লাব ব্রুগ। চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বেলজিয়ান ক্লাবটি।
ম্যাচের যোগ করা সময়ের ঠিক আগে ক্রিস্তোস জোলিসের গোলে পরাজয় এড়ানোর উল্লাসে ভাসে ব্রুগ। মিনিট দশেক আগের এক আত্মঘাতী গোলের হতাশা মুহূর্তে মিলিয়ে যায়।
বৃষ্টিভেজা রাতে শুরুটা ছিল আতলেতিকোর। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেস। ভিএআর যাচাই শেষে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। আর জোরাল শটে জাল কাঁপান আলভারেস।
আরও পড়ুন
| নিয়মরক্ষার ম্যাচে জিতল ভারত |
|
প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে আদেমোলা লুকম্যান ব্যবধান দ্বিগুণ করলে ২-০তে এগিয়ে থেকে যায় বিরতিতে আতলেতিকো।
দ্বিতীয়ার্ধে চেহারা বদলায় ম্যাচের। ৫২ মিনিটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাগতিক ক্লাব। দলের প্রথম গোল করেন রাফায়েল ওনিয়েদিকা।
৮ মিনিট পর নিকোলো ত্রেসোল্ডির গোলে সমতা ফেরায় ব্রুগে। বাম দিক থেকে মামাদু দিয়াখনের জোরালো ক্রস সামনে পেয়ে কাছের পোস্টে ফিনিশিং করেন ত্রেসোল্ডি।
তবে ৭৯ মিনিটে ফের ধাক্কা খায় ব্রুগ। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তের ক্রসে চাপে পড়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন জোয়েল অর্ডোনেজ। ফলে ৩-২ গোলে এগিয়ে যায় আতলেতিকো। মনে হচ্ছিল, ব্রুগের ঘুরে দাঁড়ানো হয়তো হবে নয়া
নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে শেষ কথা বলেন জোলিস। ৮৯ মিনিটে ওনিয়েদিকার ক্রস থেকে বাঁ পায়ে নিচু শটে সমতা ফেরান তিনি। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরে গোল বৈধ ঘোষণা হলে গর্জে ওঠে স্বাগতিক গ্যালারি।
ব্রুগের ঘুরে দাঁড়ানো ড্রয়ে দুই লেগের লড়াইটা এখনও রইল পুরোপুরি খোলা। আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগে শেষ ষোলোয় ওঠার ভাগ্য নির্ধারণ হবে, উত্তেজনার পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

নবাগত টিনএজার টম এডোজির ৯৪তম মিনিটের সমতাসূচক গোলে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। দুই গোলে এগিয়ে গিয়েও জিততে না পারায় প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় সুযোগ নষ্ট করল মিকেল আরতেতার আর্সেনাল।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখনও তালিকার শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান পাঁচ পয়েন্ট।
অন্য দিকে ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে ওলভস। ডার্বি কাউন্টির রেকর্ড সর্বনিম্ন ১১ পয়েন্টের চেয়ে এখনও এক পয়েন্ট নিচে তারা।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে কনকনে ঠান্ডায় ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের। শুরুতেই নতুন পাঁচ বছরের চুক্তি উদ্যাপন করলেন বুকায়ো সাকা, ক্লাবের হয়ে ১৬ ম্যাচ পর গোল পেলেন তিনি। ম্যাচের চার মিনিটেই ডেকলান রাইসের দৃষ্টিনন্দন লফটেড পাসে কাছ থেকে হেডে জাল কাঁপান সাকা।
আরও পড়ুন
| প্রথমার্ধেই ৪ গোলে গর্ডনের রেকর্ড, নিউক্যাসলের বিশাল জয় |
|
বিরতির পর ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো হিনকাপিয়ে। গ্যাব্রিয়েলের পাসে দৌড়ে এসে জোসে সাকোর ওপর দিয়ে বল তুলে দেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়লেও, সেখানেই থামেনি ওলভস। রক্ষণে জায়গা পেয়ে বক্সের কিনারা থেকে দারুণ কার্লিং শটে প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন হুগো বুয়েনো।
যোগ করা সময়ে হয় নাটক। ডেভিড রায়া ক্রস ঠিকমতো ধরতে না পারলে ফিরতে বলে জোরালো শট লক্ষ্যে রাখেন ১৯ বছর বয়সী এডোজি। শটটি ক্যালাফিওরির গায়ে লেগে পোস্ট ছুঁয়ে জালে ঢোকে। শুরুতে আত্মঘাতী গোল ধরা হলেও পরে গোলটি এডোজির নামে লেখা হয়।
ম্যাচ শেষে হতাশ আরতেতা বলেন, ‘ফলাফল ও ম্যাচের শেষটা- দুটো নিয়ে খুব হতাশ। দায় আমাদের। দ্বিতীয়ার্ধে এই লিগে জিততে যে মান দরকার, তার ধারেকাছেও ছিলাম না। একের পর এক মুহূর্ত হাতছাড়া হয়েছে।’
সাকাও সুর মিলিয়েছেন হতাশায়, ‘প্রথম ও দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় বড় পার্থক্য ছিল। খেলার মান নেমে যাওয়ার শাস্তিই পেয়েছি। নিজেদের দিকে তাকাতে হবে। উন্নতির চাবি আমাদের হাতেই।’
এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে আর্সেনালের শেষ আট ম্যাচে জয় মাত্র তিনটি- শিরোপা দৌড়ে চাপটা তাই আরও বাড়ল।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগেই কার্যত শেষ ষোলোর টিকিট কেটে ফেলল ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। আজারবাইজানে এফকে কারাবাগের মাঠে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে ক্লাবটি- আর সেই জয়ের কেন্দ্রে একাই অ্যান্থনি গর্ডন।
ম্যাচের শুরু থেকে ঝড় তোলে নিউক্যাসল। মাত্র তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। ছয় মিনিট পর কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন মালিক থিয়াও। এরপর পুরো প্রথমার্ধটা যেন গর্ডনের ওয়ান ম্যান শো।
৩২ মিনিটে প্রতিপক্ষে হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ২৪ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। এক মিনিটের ব্যবধানে রক্ষণভাগের ভুলে সুযোগ নিয়ে নিজের হ্যাটট্রিক ও দলের হালি পূরণ করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও পেনাল্টি পায় নিউক্যাসল। কারাবাগ মাতেউস কোখালস্কি ডি-বক্সের ভেতরে গর্ডনকে ফেলে দিলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। সেখান থেকে চতুর্থ গোলটি করেন গর্ডন। প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৫–০!
বিরতির আগেই চার গোলে একাধিক রেকর্ডে নাম তুলেছেন গর্ডন। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথমার্ধে চার গোল করা তিনিই প্রথম ফুটবলার। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে দ্রুততম (৩৩ মিনিটে) হ্যাটট্রিকও এখন তার নামের পাশে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গর্ডনের গোলসংখ্যা ১০- যা হ্যারি কেইন (৮) ও আর্লিং হলান্ড (৭)-এর চেয়ে বেশি। এখন সামনে শুধু কিলিয়ান এমবাপ্পে (১৩)।
বিরতির পর গতি কিছুটা কমালেও নিয়ন্ত্রণ ছিল নিউক্যাসলেরই। ৫৬ মিনিটে এলভিন জাফারগুলিয়েভ একটি গোল শোধ দেন কারাবাগের হয়ে। তবে ৭২ মিনিটে বদলি হিসেবে নামা জ্যাকব মারফির ডিফ্লেক্টেড শটে শেষ পর্যন্ত ৬–১ ব্যবধানের জয় নিশ্চিত হয় নিউক্যাসলের।
এই ফলের পর ইংল্যান্ডে ফিরতি লেগে কারাবাগের সামনে চ্যালেঞ্জটা পাহাড়সম। নিউক্যাসলের জন্য শেষ ষোলোয় জায়গা করে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।