৮ মে ২০২৬, ৯:০৮ এম

সৌদি প্রো লিগে নিজের শততম গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার গোল আর সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে আল শাবাবকে সহজেই হারিয়েছে রিয়াদের ক্লাবটি। এই জয়ে শিরোপার আরও কাছে আল নাসর।
বৃহস্পতিবার রাতে আল নাসরের জয় ৪-২ ব্যবধানে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তারা। যদিও নাসরের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে আল হিলাল।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল আল নাসর। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে দুই গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন জোয়াও ফেলিক্স। বিরতির আগে ইয়ানিক কারাসকো আল শাবাবের হয়ে একটি গোল শোধ করলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে।
আরও পড়ুন
| সতীর্থদের মারামারি, কোচকে বয়কট ৬ ফুটবলারের: রিয়ালের ড্রেসিংরুমে আরও যা ঘটেছে |
|
তবে ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে আল নাসরকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। সৌদি প্রো লিগে এটি ছিল রোনালদোর ১০০তম গোল, ক্যারিয়ারের ৯৭১তম এবং চলতি লিগ মৌসুমের ২৬তম গোল।
ম্যাচের ৮০ মিনিটে আলি আল-বুলাইহির গোলে আল শাবাব ব্যবধান ৩-২ এ কমিয়ে আনলে ম্যাচ কিছুটা জমে ওঠে। তবে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আল নাসরের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন ফেলিক্স।
এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭।
শিরোপার ভাগ্য ঝুলে আছে আগামী ১২ মে এর বড় ডার্বির ওপর। সেদিন আল নাসর মুখোমুখি হবে আল হিলালের। ওই ম্যাচটি জিতলেই ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর নিজের প্রথম বড় ট্রফি জয় প্রায় নিশ্চিত করে ফেলবেন রোনালদো।
No posts available.
৮ মে ২০২৬, ৮:৫৯ পিএম
৮ মে ২০২৬, ৭:১০ পিএম

অনুশীলনে মারামারির ঘটনায় ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিকে ৫ লক্ষ ইউরো (প্রায় সাড়ে ৬ কোটি টাকা) করে জরিমানা করেছে রিয়াল মাদ্রিদ। ওই ঘটনায় উরুগুয়েন মিডফিল্ডার ভালভার্দে মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়ালের দুই ফুটবলারের জরিমানার বিষয়টি জানিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল জানিয়েছিল,
‘অনুশীলন চলাকালীন ঘটা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ভালভার্দে এবং চুয়ামেনির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দুই খেলোয়াড়ের বিষয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
হাসপাতাল থেকে ফিরে এক দীর্ঘ বিবৃতিতে নিজের দায় স্বীকার করেছেন ভালভার্দে। প্রতিযোগিতার ক্লান্তি এবং দলের নাজুক পরিস্থিতির হতাশা থেকে এই ঝামেলার সূত্রপাত বলে জানান তিনি।
সতীর্থের হাতে সরাসরি আঘাত পাওয়ার বিষয়টি অস্বীকার করে ভালভার্দে বলেন,
‘তর্কের এক পর্যায়ে আমি দুর্ঘটনাক্রমে একটি টেবিলে আঘাত পাই, যার ফলে কপাল কেটে যায়। চুয়ামেনি আমাকে আঘাত করেনি, আর আমিও তাকে আঘাত করিনি।’
শুধুই ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিই নন। পুরো রিয়াল যেন গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কা এক প্রতিবেদনে জানিয়েছেন, দলের প্রায় ছয় খেলোয়াড় কথা বলেন না কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে। এমনকী তারা তাকে আপত্তিকর নামে ডাকছেন বলেও জানা গেছে।
খবর অনুযায়ী, ম্যাচের সময় ডাগআউটে থাকা কিছু খেলোয়াড় আরবেলোয়াকে 'কোন' বলে ডাকছেন, যা স্প্যানিশ ফুটবলে একটি অপমানজনক শব্দ। কোন শব্দের বাংলা অর্থ দাঁড়ায় ট্রাফিক খুঁটি। অর্থাৎ কিছু খেলোয়াড় আরবেলোয়াকে কোচের বদলে ট্রাফিক খুঁটি হিসেবেই ডাকছেন।

লুসাইল স্টেডিয়ামের সেই স্মরণীয় দিনের স্মৃতি কী আরও একবার ফেরাতে পারবে আর্জেন্টিনা? সাদা-আকাশি জার্সির আনন্দ-নৃত্য কী আবারও দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে? ২০২৬-এর পাতায় কী ফিরে আসবে ২০২২-এর সেই সোনালি সাফল্য? এসব প্রশ্নের উত্তর তোলা থাক সময়ের হাতে। তবে ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল নিয়ে যে উন্মাদনা চলছে, তাতে খোদ ফুটবলাররাই গা ভাসাচ্ছেন।
এই যেমন, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বমঞ্চে আর্জেন্টিনার চেয়েও বেশ কিছু দল অনেক বেশি শক্তিশালী হয়ে মাঠে নামবে।
আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপের ফেবারিট দলগুলোর নাম জানান মেসি। গতবারের রানার্স-আপ ফ্রান্সকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে আলাদাভাবে উল্লেখ করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।
২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন,
‘আমাদের স্বীকার করতে হবে অন্য কিছু দল আমাদের চেয়ে বেশি ছন্দে আছে এবং তারা ফেবারিট হিসেবে এগিয়ে থাকবে। ফ্রান্স এখন অনেক শক্তিশালী। তাদের অনেক টপ-লেভেল খেলোয়াড় রয়েছে।’
ইন্টার মায়ামির এই তারকা বিশ্বজয়ের দৌড়ে স্পেন, ব্রাজিল এবং পর্তুগালকেও বড় হুমকি হিসেবে মনে করছেন। মেসির মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্স স্পেনের উন্নতির প্রমাণ দেয়। অন্যদিকে, গত কয়েক বছর কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও ব্রাজিল সবসময়ই শিরোপার দাবিদার।
ব্রাজিল প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘ব্রাজিল কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে না থাকলেও তারা সবসময়ই শক্তিশালী প্রতিযোগী।’
পর্তুগাল সম্পর্কে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা বিশ্বাস করেন, পর্তুগিজ দলটি এখন বিশেষভাবে প্রতিযোগিতামূলক এবং বিশ্বের যেকোনো সেরা দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। আর এটিই হতে পারে বিশ্বমঞ্চে লিওনেল মেসির শেষ অংশগ্রহণ।

বসুন্ধরা কিংস ও পুলিশ এফসির মধ্যকার খেলা বন্ধ থাকল ১ ঘণ্টা ১২ মিনিট! ঘটনাবহুল ম্যাচে পয়েন্ট হারাল কিংস। দিনের অন্য ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। তাতে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) শিরোপা লড়াই আরও জমে উঠলো।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার পুলিশ এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো প্রথমার্ধে কিংসকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পুলিশকে সমতায় ফেরান আরেক ব্রাজিলিয়ান পাওলো হেনরিক।
কিংসের পয়েন্ট হারানোর দিনে পিডব্লিউডির বিপক্ষে আবাহনী জিতেছে ২-০ গোলে। তাতে পয়েন্ট টেবিলে জমে উঠেছে মধুর লড়াই। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচ এখনও বাকি। লিগ ডিসাইডার ম্যাচ হতে পারে সেটি।
এদিন শুরু থেকেই স্বাগতিকদের চোখে চোখ রেখে খেলছিল পুলিশ এফসি। দ্বিতীয় মিনিটে রাকিব হোসেনের দূরূহ কোণ থেকে নেওয়া শটে গ্লাভসের ছোঁয়ায় ক্লিয়ার করে গোলকিপার মোহাম্মদ আসিফ।
২৯ মিনিটে পুলিশের এমএস বাবলু রক্ষণ চেরা পাস বাড়িয়েছিলেন, কিন্তু হেনরিক পারেননি বলের নাগাল নিতে। চার মিনিট পর কিংসের ভালো সুযোগ নষ্ট হয়। বক্সের ভেতরে বাম দিক থেকে কাছের পোস্টে ফয়সাল আহমেদ ফাহিমের নেওয়া জোরাল শট গোলকিপার ফেরানোর পর বল চলে যায় রাকিবের পায়ে, কিন্তু তিনিও শট লক্ষে রাখতে পারেননি।
৩৫ মিনিটে রাকিবের ক্রসে ছোট বক্সের ভেতর থেকে লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে কিংসের রক্ষণে চাপ দিতে থাকে পুলিশ। ৫৩ মিনিটে সমতায় ফিরে তারা। সতীর্থের হেড পাস বক্সের জটলার ভেতর থেকে সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন হেনরিক। জার্সি খুলে বুনো উদযাপন করে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
জমজমাট ম্যাচে অনাকাঙ্ক্ষিত কাণ্ডের শুরু ৬৩ মিনিটে। বল দখলের লড়াইয়ে ফাহিমকে ধাক্কা দেন হেনরিক। আগে থেকেই হলুদ কার্ড দেখা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।
একজন বাংলাদেশি তুলে নিয়ে দানিলো কুইপাকে বদলি নামায় পুলিশ এফসি। কিংসের তপু আপত্তি জানান, স্থানীয় খেলোয়াড় তুলে বিদেশি বদলি নামানোর সিদ্ধান্ত নিয়ে। এ নিয়ে তপুর সঙ্গে বচসায় জড়িয়ে তাঁকে ধাক্কা দেন হেনরিক। ডাগআউট থেকে খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশনা দেয় পুলিশ এফসির কর্তারা। তাতে খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা ১২ মিনিট!
দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলে রেফারি অতিরিক্ত সময় দেন ২৭ মিনিট। ১৪৪ মিনিটে ফাহিমের কর্নারে তপুর হেড ক্রসবারে লেগে ফিরে। দশ মিনিট পর বুটের তলা দিয়ে ইসমাইল হোসেনকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন রিমন হোসেন। কিংসও পরিণত হয় দশ জনের দলে। বাকি সময়ে তারা জয়সূচক গোলের দেখা আর পায়নি।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়ের খোঁজে ২ মে দেশব্যাপী শুরু হয় ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। আটটি ডিসিপ্লিনে দেশব্যাপী চলছে আগামীর তারকা অন্বেষণ।
শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসে উপস্থিত ছিলেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। বৃহস্পতিবার তাঁকে সম্পৃক্ত করার আশা প্রকাশ করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে ধারাবাহিকতায় আজ উপস্থিত হয়েছেন হামজা।
নতুন কুঁড়ি স্পোর্টসে হামজা ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ফাহাদ করিম ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই তৃণমূল ক্রীড়া উৎসবে যোগ দেওয়ার জন্য ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলারের প্রশংসা করেন বাফুফে সভাপতি।
তিনি বলেন,
‘আমরা সৌভাগ্যবান এ রকম নতুন করে স্পোর্টস বাংলাদেশে সমানতালে শুরু হয়েছে। অনেক তরুণ ছেলে-মেয়েরা খেলছে এখানে। একটা রেকর্ড আমি দেখেছি, শুনেছি রেজিস্টার্ড ৪৫,০০০ মেয়েরা রেজিস্ট্রেশন করেছে খেলার জন্য। এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইলফলক ব্যাপার। তার সাথে যে হামজা চৌধুরী, যিনি পরিচিত ও জনপ্রিয় তারকা। যদিও সে ফুটবল প্লেয়ার। কিন্তু সব ক্রীড়াবিদরাই তাকে স্টার হিসেবে গণ্য করে।’
তাবিথ আউয়াল আরও বলেন,
‘হামজা আজ এসেছেন আমিনুল হক সাহেবের আমন্ত্রণে। আমাদের প্রতিমন্ত্রী এবং হামজা মিলে যে ইন্সপিরেশনটা দিয়েছে, আজকে আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরা বাংলাদেশে পৌঁছে যাবে—যে অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা অনুপ্রেরণা পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে উঠানোর জন্য।’

লেস্টার সিটি অধিনায়ক হামজা চৌধুরীর ঢাকা আগমনের খবর ছড়িয়ে পড়েছিল বৃহস্পতিবারই। বিজ্ঞাপনজনিত কারণে বর্তমানে ঢাকা সফরে থাকা এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলারকে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর সাথে সম্পৃক্ত করার আশা প্রকাশ করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কিশোর-কিশোরীদের এই মিলনমেলায় হাজির হন হামজা।
শুক্রবার বিকেল চারটা নাগাদ ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই তৃণমূল ক্রীড়া উৎসবে যোগ দেন তিনি। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ফাহাদ করিম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মাঠে হামজাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে শিক্ষার্থীরা। খুদে খেলোয়াড়দের সেলফি তোলা আর প্রিয় ফুটবলারকে ছুঁয়ে দেখার আবহে হামজাও যেন মিশে যান আগামীর তারকাদের ভিড়ে। এই মহতী উদ্যোগের প্রশংসা করে হামজা বলেন, ‘নতুন কুঁড়ি' আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে। এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের সেরা খেলোয়াড়রা।’
হামজা আরও যোগ করেন,
‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই মহৎ উদ্যোগের অংশ করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি সত্যিই চমৎকার কিছু শুরু করেছেন, যা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ তারকাদের অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।’
ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস' আগামী দিনের চ্যাম্পিয়ন তৈরির আঁতুড়ঘর হিসেবে কাজ করবে বলে বিশ্বাস করেন তিনি। তিনি বলেন,
‘এখানে অসাধারণ কাজ হচ্ছে। মন্ত্রী মহোদয় যেমনটা বলেছেন—এখান থেকেই আগামীতে বড় বড় তারকার জন্ম হবে। তারা আমার চেয়েও অনেক বড় হবে, এমনকি হয়তো আমাদের জাতীয় দলের অধিনায়কের চেয়েও বড় তারকা হয়ে উঠবে। এই ধরণের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আবারো সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ।’