
বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয় পেয়েছিল আতলেতিকো মাদ্রিদ। লিগে তিন মাসেরও বেশি সময় হার দেখেনি তারা। বার্সার বিপক্ষেও শুরুতে এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি আতলেতিকো। অবশেষে ভাঙল তাদের জয়ের ধারা। প্রিয় আঙিনা ন্যূ ক্যাম্পে ফেরার পর দারুণে ছন্দে থাকা বার্সা সহজেই হারাল দিয়েগো সিমিওনের দলকে।
লা লিগায় ঘরের মাঠে গতকাল আতলেতিকোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সা। অ্যালেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনহা। এরপর দানি ওলমো এবং যোগ করা সময়ে ফেরান তরেসের গোলে উড়তে থাকা আতলেতিকোকে মাটিতে নামিয়ে আনে হান্সি ফ্লিকের দল।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করল বার্সা। ১৫ ম্যাচে ১২ জয়, একটি হার ও দু’টি ড্রয়ে কাতালান ক্লাবটির পয়েন্ট ৩৭। এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে জয় পেলে রিয়ালকে হটিয়ে দুইয়ে উঠে আসতে পারত আতলেতিকো। তবে ১৫ ম্যাচের ৯টিতে জিতে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে জুলিয়ান আলভারেজের দল।
বল দখলের লড়াইয়ে প্রায় সমানতালেই লড়েছে বার্সা-আতলেতিকো। তবে আক্রমণে আর গোলের সুযোগ তৈরিতে সফরকারীদের চেয়ে ঢের এগিয়ে ছিল স্বাগতিকরা। ১৯টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখেছেন লামিনে ইয়ামাল-রবার্ট লেভানডফস্কিরা। যেখানে মোটে সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে আতলেতিকো।
সমতায় ফিরতে সাত মিনিট সময় নিয়েছে বার্সা। চোট থেকে ফিরে প্রথম গোল পেলেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনহা। পেদ্রির নিখুঁত থ্রু-পাস ধরে আতলেতিকোর গোলকিপার ইয়ান ওবলাককে কাটিয়ে খালি জালে বল পাঠান রাফিনহা।
আরও পড়ুন
| হামজা থেকে অনুপ্রাণিত হয়ে মারিয়ার অ্যাক্রোবেটিক গোল |
|
প্রথামার্ধেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সা। আতলেতিকোর খেলোয়াড় পাবলো বারিওস বার্সা মিডফিল্ডার ওলমোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। কিন্তু স্পট কিক নিতে আসা লেভানডফস্কি ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন।
দ্বিতীয়ার্ধ পরিণত হয় শ্বাসরুদ্ধকর এক দফা আক্রমণ–প্রতিআক্রমণে। ৬৫ মিনিটে ব্যবধান ২-১ করা গোলটি পেয়ে যায় বার্সা। বার্সাকে এগিয়ে দেন ওলমো। তবে এই গোলের জন্য চড়া মূল্যও চুকাতে হয়েছে বার্সেলোনাকে। শট নেওয়ার সময় কাঁধে চোট লেগে মাঠ ছাড়েন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
এরপর সিমিওনের দল সমতায় ফিরতে পারত। কিন্তু বদলি নামা আর্জেন্টাইন উইঙ্গার থিয়াগো আলমাদা অবিশ্বাস্যভাবে খালি জাল পেয়েও শট মিস করেন। আর শেষ দিকে যোগ করা সময়ের শেষ মিনিটে আরেক দফা আতলেতিকোর জালে বল পাঠিয়ে তাদের ফেরার সব সম্ভাবনা শেষ করে দেয় বার্সা। আলেহান্দ্রো বালদের ক্রস ধরে কাছ থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ফেরান তরেস।
লা লিগায় বার্সার পরের ম্যাচ রিয়াল বেতিসের বিপক্ষে। আগামী শনিবার ক্লাবটির মাঠে আতিয়েতা নেবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। আর আতলেতিকো মাদ্রিদের পরের অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
No posts available.
৫ মে ২০২৬, ১:০০ পিএম
৫ মে ২০২৬, ১২:৩৭ পিএম

গত
এপ্রিলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে
হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হয়েছে। চার
বছরেরও বেশি সময় বাংলাদেশ
দলের প্রধান কোচ ছিলেন তিনি।
তার অধীনে বাংলাদেশ একবার সাফের সেমিফাইনালে খেলে। সেবার প্রশংসিত হয়েছিলেন বেশ। তবে এরপর
তাঁর কৌশল ও খেলার
ধরন থেকে মন উঠে
যায় সমর্থকদের। যদিও বাফুফে তাঁর
ওপর আস্থা হারায়নি।
কাবরেরা
বিদায় নিয়েছেন নিজের পূর্ণ মেয়াদ শেষ করেই। সামাজিক
যোগাযোগ মাধ্যম লিংকডইনে কাবরেরা বিদায়ী বার্তায় লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ
হিসেবে আমার যাত্রা শেষ
হতে চলেছে। চার বছর চার
মাস, যা বাংলাদেশ জাতীয়
দলের ইতিহাসে কোনো প্রধান কোচের
দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু
অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে
বিদায় নিচ্ছি যা প্রতিটি সেকেন্ডের
জন্য সার্থক ছিল।’
দলের
ভেতর প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করার দাবি
কাবরেরার, ‘মাঠ এবং মাঠের
বাইরে আমরা অনেকটা পথ
পাড়ি দিয়েছি। কয়েকশ’ দর্শকের সামনে খেলা থেকে শুরু
করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে অবিস্মরণীয় রাতগুলো কাটানো পর্যন্ত, আমরা এমন কিছু
মুহূর্ত তৈরি করেছি যা
বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বদা অংশ হয়ে থাকবে।
একসঙ্গে মিলে আমরা একটি
শক্তিশালী পরিচয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি
করেছি, যা আমাদের মহাদেশের
শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করার সামর্থ্য
জুগিয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু
মাইলফলক অর্জন করেছি, ১৪ বছর পর
সাফের সেমিফাইনালে পৌঁছানো, ২২ বছরের মধ্যে
প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের
পর ফিফা র্যাঙ্কিংয়ে
সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো।’
বাংলাদেশের
সেরা সময় এখনো আসা
বাকি আছে
বলে মনে করেন কাবরেরা।
শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তী
প্রজন্মের জন্য আমরা যে
পথ তৈরি করেছি, তা
নিয়ে আমি বিশেষভাবে গর্বিত।
এই সময়ের মধ্যে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক
হয়েছে, যা এশিয়ার অন্যতম
কনিষ্ঠ জাতীয় দল হিসেবে নিজেদের
প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে
এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী
ভিত্তি তৈরি করেছে। প্রত্যেক
খেলোয়াড়, স্টাফ সদস্য, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের সকলকে জানাই ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা
ও গর্ব নিয়ে বিদায়
নিচ্ছি এবং আমি বিশ্বাস
করি যে বাংলাদেশের ফুটবল
সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে এবং এর সেরা
মুহূর্তগুলো আসা এখনো বাকি।’
২০২২
সালে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ
পান কাবরেরা।
তাঁর অধীনে ৩৯ ম্যাচ খেলে
মাত্র ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
কাবরেরা যুগের অবসান ঘটিয়ে বাফুফে এখন হাঁটছে নতুন
কোচের সন্ধানে। শুক্রবারই চূড়ান্ত হওয়ার কথা নতুন কোচ।

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার ছিল প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা। যেখানে জয়লাভ করে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা।
তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ দিনে আট ম্যাচের তিনটিতে ফল আসে টাইব্রেকারে।
বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র থাকে স্টার নিউজ ও এখন টিভির ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্টার নিউজ। দলের গোলরক্ষক আশফাক উল মুশফিক ম্যাচ সেরা নির্বাচিত। অন্য ম্যাচে ঢাকা পোস্টকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় দ্য ডেইলি স্টার। ম্যাচসেরার পুরস্কার জেতেন গোলরক্ষক শামসুল আরেফিন আবির।
গোলের দেখা মেলেনি আর টিভি ও দীপ্ত টিভির মধ্যকার ম্যাচেও। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে যায় দীপ্ত টিভি। ম্যাচ সেরা হন মির্জা সাকিব। পরে বাংলাভিশনকে ২-০ গোলে হারায় চ্যানেল আই। ম্যাচ সেরা নির্বাচিত হন আব্দুল্লাহ আল নওফেল।
জাগোনিউজ২৪কে ২-১ গোলে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ম্যাচ সেরা নির্বাচিত হন তৌকির আহমেদ। চ্যানেল টোয়েন্টিফোরের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাওসার শান্ত।
তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে এনটিভিকে ২-১ হারিয়েছে দৈনিক কালবেলা। ম্যাচ সেরা হন শাহরিয়ার। দিনের শেষ ম্যাচে দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দৈনিক যুগান্তর। জোড়া গোল করে ম্যাচ সেরা সাদ্দাম হোসেন ইমরান।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাঈদ হাসান কানন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্যাচার্য, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, বিএসজেএ সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।
বুধবার হবে কোয়ার্টার-ফাইনালের লড়াই।

আজ
রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত হবে চ্যাম্পিয়নস লিগের
ফাইনালের ভাগ্য। বুদাপেস্টের ফাইনালের স্বপ্ন নিয়ে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে
মুখোমুখি হচ্ছে আর্সেনাল এবং আতলেতিকো মাদ্রিদ।
দুই দশক পর ইউরোপের
শ্রেষ্ঠত্বের মঞ্চে ফিরতে মরিয়া মিকেল আর্তেতার আর্সেনাল। এই প্রতিযোগিতায় ১০ বছর আগে
সর্বশেষ ফাইনাল খেলা স্প্যানিশ জায়ান্টরাও চাইবে নিজেদের সেখানে ফিরিয়ে আনতে।
নিজেদের
সর্বশেষ ২৩টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে কেবল দুবার হেরেছে আর্সেনাল। সর্বশেষ ৬টির মধ্যে
তিনটিতে জয়, তিনটিতে ড্র। এই সময়ে আতলেতিকো মাদ্রিদ সমান তিন ম্যাচে জিতলেও হেরেছে
দুটিতে। আর অন্য ম্যাচে করেছে ড্র। স্প্যানিশ দলটির সামনে এই মৌসুমে একমাত্র ট্রফি
জেতার আশা কেবল চ্যাম্পিয়নস লিগ ঘিরে। এদিকে আর্সেনাল প্রিমিয়ার লিগ শিরোপা জেতার অনেকটাই
কাছে। লিগ টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৫।
তিন ম্যাচ হাতে থাকা আর্সেনালের চেয়ে অবশ্য এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল।
ফর্ম
বিবেচনায় আতলেতিকো মাদ্রিদের চেয়ে বেশ এগিয়ে আর্সেনাল। তবে এই প্রতিযোগিতায় গানারদের
চেয়ে আবার অভিজ্ঞ মাদ্রিদের দলটি। তারা মোট তিনবার ফাইনাল খেলেছে। এদিকে একবারই প্রতিযোগিতার
ফাইনাল খেলেছিল আর্সেনাল। শেষ পর্যন্ত কে যাবে ফাইনালে- আর্সেনাল নাকি আতলেতিকো, সেটির
জন্য আপাতত অপেক্ষাই করতে হচ্ছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
সনি স্পোর্টস-২।
প্রথম লেগের
প্রেক্ষাপট
গত
সপ্তাহে স্পেনের রাজধানীতে হওয়া প্রথম লেগটি
ছিল পেনাল্টির নাটকীয়তায় ভরা। ১-১
গোলে সমতায় থাকায় আর্সেনাল কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভিক্টর ইয়োকেরেস এবং হুলিয়ান আলভারেজ,
দুজনেই পেনাল্টি
থেকে গোল করেন। তবে
আর্সেনাল কোচ আর্তেতা ক্ষুব্ধ ছিলেন ভিএআর রিভিউতে তাদের দ্বিতীয় পেনাল্টি বাতিল করে দেওয়ায়। বিতর্ক
যাই হোক, প্রতিপক্ষের মাঠ
থেকে হার না মেনে
ফিরে আসা গানারদের জন্য
ইতিবাচক।
আর্সেনালের ফর্ম
ও
রেকর্ড
২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগ
মৌসুমে আর্সেনাল
এখন পর্যন্ত অপরাজিত। মঙ্গলবার হার এড়াতে পারলেই
তারা চ্যাম্পিয়নস লিগে টানা ১৪
ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ড
গড়বে। ঘরোয়া লিগেও দারুণ ছন্দে আছে লন্ডনের ক্লাবটি। গত শনিবার ফুলহামকে
৩-০ গোলে হারিয়ে
ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে
এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। এছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে আর্সেনালের রেকর্ডও
আশাজাগানিয়া- গত
১৫টি ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে
হেরেছে।
আতলেতিকো মাদ্রিদের
অবস্থা
আতলেতিকো
মাদ্রিদের জন্য এটিই মৌসুমের
শেষ আশা। কোপা দেল
রে-র ফাইনালে হার
এবং লা লিগার শিরোপা
দৌড় থেকে ছিটকে যাওয়ার
পর দিয়েগো সিমিওনের দলের সামনে এখন
শুধুই চ্যাম্পিয়নস লিগ। গত শনিবার
ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারা ২-০
গোলে জিতেছে, যা তাদের আত্মবিশ্বাস
বাড়িয়েছে। অতীতে ইউরোপীয় আসরে প্রথম লেগ
ড্র করার পর ১০
বারের মধ্যে ৬ বারই পরবর্তী
রাউন্ডে যাওয়ার রেকর্ড আছে সিমিওনের দলের।
আমি আর
অপেক্ষা
করতে
পারছি
না:
মিকেল আর্তেতা
সর্বশেষ
২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলিছিল আর্সেনাল। সেবার বার্সেলোনার কাছে ২-১
ব্যবধানে হারে তারা। দীর্ঘ ২০ বছর পও আবার সেই ফাইনালের হাতছানি দলটির সামনে। খেলোয়াড়,
কোচ এবং ক্লাব সমর্থকদের জন্য এটি বিশেষ মুহূর্ত। সেটি উল্লেখ করে আর্সেনাল কোচ গতকাল
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আর অপেক্ষা
করতে পারছি না। আমি দল
এবং আমাদের সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা রয়েছে
তা অনুভব করছি। এ ধরনের মুহূর্তগুলো
আমরা সবাই মিলে উপভোগ
করতে চাই। ২০ বছর
পর আবার এই অবস্থানে
আসতে ক্লাব ও দল হিসেবে
আমাদের অনেক পরিশ্রম করতে
হয়েছে। আমরা খুবই আগ্রহী,
আগামীকাল (আজ) আমরা ম্যাচটি জিততে
চাই এবং ফাইনালে পৌঁছাতে
চাই।’
আমরা শুধু
চাই
খেলা
শুরু
হোক: দিয়েগো সিমিওনে
ইয়াহু
স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়- সোমবার যখন সংবাদ সম্মেলনে আসলেন যেন কোনো বিতর্কে জড়ানোর
মুডে ছিলেন না দিয়েগো সিমিওনে। বরং
আতলেতিকো মাদ্রিদ কোচকে
বেশ স্বচ্ছন্দই মনে হচ্ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা এমন একটি শিরোনাম
বা আলাদা কোনো মন্তব্য খুঁজছেন
যা সাধারণের বাইরে। কিন্তু কোচ ও খেলোয়াড়রা
শুধু চায় খেলা শুরু
হোক। কারণ এটা একটি
ফুটবল ম্যাচ, যে দল ভালো
খেলবে সেই দলই জিতবে।
আমরা আমাদের শক্তিগুলো সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা
করব। আর আর্সেনালের ম্যানেজারও
তাদেরটা করার চেষ্টা করবেন।’
গত
বছরের অক্টোবরে চ্যাম্পিয়নস লিগের
গ্রুপ পর্বে আর্সেনালকে মোকাবিলা করে আতলেতিকো
মাদ্রিদ এবং ৪-০
ব্যবধানে হারে স্প্যানিশ ক্লাবটি। সেবার লন্ডনের
যে হোটেলে উঠেছিল, এবার তারা হোটেল বদলেছে। এটা নিয়ে প্রশ্ন করাতেই ওই উত্তর মেলে সিমিওনের
কাছ থেকে। এরপর যোগ করে বলেন, ‘অক্টোবরে আমরা
যেমন ছিলাম, এখন তার চেয়ে
ভালো অবস্থায় আছি। আর হোটেলটাও
সস্তা ছিল। তাই আমরা
পরিবর্তন করেছি (হাসি)।’
ইনজুরি আপডেট
ও
সম্ভাব্য
একাদশ
আর্সেনাল: ইনজুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজ। বুকায়ো সাকাও পুরোপুরি ফিট আছেন। তবে
জুরিয়েন টিম্বার এবং মিকেল মেরিনোকে
ছাড়াই মাঠে নামতে হবে
গানারদের। মাঝমাঠে মার্টিন জুবিমেন্ডি এবং রক্ষণভাগে পিয়েরো
হিনকাপি ফিরতে পারেন।
সম্ভাব্য শুরুর
একাদশ (৪-২-৩-১ ফরমেশন): ডেভিড রায়া
(গোলকিপার), বেন হোয়াইট, উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালেস, পিয়েরো হিনকাপি, ডেকলান রাইস, মার্টিন জুবিমেন্ডি, বুকায়ো সাকা, এবারিচি এজে, লিয়ান্দ্রো ট্রসার্ড,
ভিক্টর ইয়োকেরেস।
আতলেতিকো মাদ্রিদ:
আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ প্রথম লেগে চোট পেলেও
তিনি এখন পুরোপুরি ফিট এবং লন্ডনে
দলের নেতৃত্ব দেবেন। আলভারেজ প্রথম লেগেই লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন;
সবচেয়ে দ্রুততম আর্জেন্টাইন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল
করার কীর্তি গড়েছেন তিনি। তবে পাবলো ব্যারিওস
এবং নিকো গঞ্জালেজ ইনজুরির
কারণে স্কোয়াডে নেই।
সম্ভাব্য
শুরুর একাদশ (৩-৫-২ ফরমেশন): ইয়ান ওবলাক (গোলকিপার), মার্কোস ইয়োরেন্তে,
মার্ক পুবিল, ডেভিড হাঙ্কো, মাত্তেও রুগেরি, জিউলিয়ানো সিমিওনে, কোকে, জনি কার্দোসো, আদেমোলা
লুকমান, হুলিয়ান আলভারেজ, আতোয়ান গ্রিজম্যান।

সান্তোস ক্লাবের অন্দরমহলে চরম অস্থিরতা। ১৮ বছর বয়সী সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিক লাঞ্ছনা ও গালিগালাজ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ব্রাজিলের ক্লাবটি।
ইএসপিএন এবং গ্লোবো স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, রোববারের অনুশীলনে নেইমারকে ড্রিবল করে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন রবিনহো জুনিয়র। বিষয়টিকে নিজের প্রতি অসম্মান হিসেবে ধরে নেন ৩৪ বছর বয়সী নেইমার।
মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একপর্যায়ে কথা চলার মাঝখানে নেইমার প্রথমে রবিনহোকে ল্যাং মেরে ফেলে দেন এবং পরবর্তীতে তাকে চড় মারেন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন।
রবিনহো জুনিয়র এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। ক্লাবের কাছে তিনটি অভিযোগ জমা দিয়েছেন এবং ক্লাবে ন্যূনতম নিরাপত্তার অভাব উল্লেখ করে নিজের চুক্তি বাতিলের আবেদন জানিয়েছেন।
সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাব এই অভিযোগ সম্পর্কে অবগত এবং তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের আইন বিভাগ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।‘
ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে নেইমার ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়রকে ফোন করেছিলেন এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। রবিনহো জুনিয়রের বাবা রবিনহোর সঙ্গে একসময় ব্রাজিল জাতীয় দলে একসাথে খেলেছেন নেইমার।
এই বিতর্কের মাঝেই বুধবার ভোরে কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বে প্যারাগুয়ের দেপোর্তিভো রেকোলেটার মুখোমুখি হবে সান্তোস। তবে অধিনায়কের বিরুদ্ধে এমন তদন্ত চলায় ম্যাচে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ম্যানচেস্টার সিটি। কিন্ত হঠাৎই ম্যাচের চিত্র পাল্টে দিল এভারটন। ৬৮ থেকে ৮১—এই ১৩ মিনিটের ঝড়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল স্বাগতিকরা। তবে নাটকীয়তার শেষ তখনো বাকি। ইনজুরি টাইমে জেরেমি ডোকুর দুর্দান্ত এক গোলে শেষ মুহূর্তে হার এড়িয়েছে সিটিজেনরা।
প্রিমিয়ার লিগে সোমবার রাতে এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লিগ শীর্ষে থাকা গানারদের চেয়ে এখন ৫ পয়েন্ট পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার শিষ্যরা।
এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য এখন পুরোপুরি আর্সেনালের হাতে। নিজেদের বাকি তিন ম্যাচের সবকটিতে জিতলে দীর্ঘ দুই দশক পর লিগ শিরোপা ঘরে তুলবে গানাররা।
এভারটনের মাঠে ম্যাচের ৪৩ মিনিটে জেরেমি ডোকুর দর্শনীয় এক কার্লিং শটে লিড নেয় সিটি। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। স্বাগতিক দর্শকদের সামনে সিটির রক্ষণভাগ ভেঙে পড়তে শুরু করে।
৬৮ মিনিটে মার্ক গুয়েহির ভুল ব্যাকপাস থেকে গোল শোধ করেন থিয়ের্নো ব্যারি। ৫ মিনিট পরই জেমস গার্নারের কর্নার থেকে ও’ব্রায়েনের জোরালো হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। ৮১ মিনিটে ব্যারি নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে সিটিজেনরা।
৮৩ মিনিটে গোলকিপারকে একা পেয়ে এক গোল শোধ করেন আর্লিং হালান্ড। এরপর শুরু হয় সিটির মরণপণ লড়াই। ইনজুরি টাইমে (৯০+৭) শেষ বাঁশি বাজার আগমুহূর্তে সিটিকে রক্ষা করেন ডোকু। কর্নার থেকে বল পাওয়ার পর ডি-বক্সের বাইরে থেকে তাঁর ডান পায়ের জোরালো শটে সমতায় ফেরে সিটি।
এই ড্রয়ের পর ৩৪ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আর্সেনাল। গানারদের পরবর্তী তিন ম্যাচ ওয়েস্ট হ্যাম, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। সবগুলো ম্যাচ জিতলে কোন যদি কিন্তু ছাড়াই শিরোপা ঘরে তুলবে আর্সেনাল।