
মার্কোস সেনেসিকে দলে টানার দৌড়ে অনেকটা এগিয়ে গেছে টটেনহাম হটস্পার। বোর্নমাউথ থেকে এই ডিফেন্ডারকে ফ্রি ট্রান্সফারে (বিনা মূল্যে) পেতে ক্লাবটির সঙ্গে সমঝোতাও হয়ে গেছে তাদের। তবে বড় এক চুক্তির পথে এখন মূল বাধা হয়ে দাঁড়িয়েছে একটি বিশেষ শর্ত। উত্তর লন্ডনের এই ক্লাবটি যদি আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের টিকিয়ে রাখতে পারে, তবেই কেবল সেনেসিকে দেখা যাবে টটেনহামের জার্সিতে।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে থাকা টটেনহামের জন্য টিকে থাকার লড়াইটি বেশ কঠিন হয়ে পড়েছে। কোচ রবার্তো ডি জার্বির দল যদি শীর্ষ স্তরের লিগ থেকে ছিটকে যায়, তবে এই চুক্তিটি বাতিল হয়ে যাবে। এই সুযোগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলোও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
২৮ বছর বয়সী সেনেসির সঙ্গে আলোচনার শেষ পর্যায়ে পৌঁছেছে টটেনহাম। ডি জার্বির অধীনে রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে এই আর্জেন্টাইন তারকাকে অপরিহার্য বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে নীতিগতভাবে সব চূড়ান্ত হয়ে গেছে। মূলত অভিজ্ঞ ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকায় সেনেসিকে রক্ষণের প্রধান স্তম্ভ করতে চান কোচ।
সবকিছু ঠিক থাকলেও চুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রধান বাধা হলো লিগে টটেনহামের অবস্থান। চলতি মৌসুমে অবনমন এড়ানোর নিরাপদ সীমা থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে দলটি। ২০২৬-২৭ মৌসুমে তারা প্রিমিয়ার লিগে খেলবে—গাণিতিকভাবে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো নতুন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারছে না তারা। সেনেসি নিজেও ডি জার্বির পরিকল্পনায় আগ্রহী হলেও দ্বিতীয় স্তরের লিগ অর্থাৎ 'চ্যাম্পিয়নশিপে' খেলার কোনো ইচ্ছা তাঁর নেই।
যদি টটেনহাম অবনমিত হয়, তবে সেনেসিকে পাওয়ার দৌড়ে নামবে ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইব্রাহিমা কোনাতের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকায় রক্ষণের শক্তি বাড়াতে সেনেসিকে পছন্দ লিভারপুল কোচ আর্নে স্লটের। ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের সম্ভাব্য খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় এই ডিফেন্ডারকে রেখেছে।
লিগের আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। সেনেসি চুক্তির অপেক্ষায় থাকলেও সময় ফুরিয়ে আসছে টটেনহামের। ক্লাবটির ইতোমধ্যে যাবতীয় দাপ্তরিক কাজ গুছিয়ে রেখেছে। লিগে টিকে থাকা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে জিতে টটেনহাম তাদের পছন্দের এই খেলোয়াড়কে ধরে রাখতে পারে কি না।
No posts available.

২০২২ ও ২০২৪ সালে পরপর দুবার সাফ শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার মিশন। আফঈদা-ঋতুপর্ণাদের নিয়ে শুক্রবার চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে গেছেন প্রধান কোচ পিটার বাটলার। সেখানে ১০ দিনের মতো নিবিড় অনুশীলন করবে বাংলাদেশ দল।
এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে ৫০ জনের বেশি ফুটবলার। চট্টগ্রামে শুধু সিনিয়র ফুটবলারদের নিয়ে গেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ। তাঁর সঙ্গে কোচিং স্টাফ হিসেবে আছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন, গোলকিপার কোচ মাসুদ হাসান উজ্জ্বল। ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী ফুটবলারদের কোচিং করাচ্ছেন মাহবুবুর রহমান লিটু।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে থাইল্যান্ড অথবা চীনে এক সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাফুফের। কদিন আগে এমনটাই জানান ফেডারেশনের একজন সহ-সভাপতি। তার আগে অবশ্য ভারতীয় ভিসার কাজ এগিয়ে রাখছে ফেডারেশন।
আগামী ২৫ মে থেকে নারী সাফ গড়াবে ভারতের গোয়ায়। পাকিস্তান অংশগ্রহণ করবে না এই টুর্নামেন্টে। ছয় দল দুই গ্রুপে খেলবে। প্রতি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই ম্যাচ শেষে পয়েন্টে এগিয়ে থাকা দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আর গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ স্বাগতিক পড়েছে ভারতের সঙ্গে। তৃতীয় দলটি মালদ্বীপ।
গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল উঠবে সেমি-ফাইনালে। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ মে দল মুখোমুখি হবে ভারতের। দুটি সেমি-ফাইনাল হবে ৩ জুন। শিরোপার লড়াই ৬ জুন।

লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকার মিশনে শুক্রবার রাতে বড়োসড়ো ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করেছে। পয়েন্ট হারানোর ম্যাচে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে কিলিয়ান এমবাপের চোট।
ম্যাচের শেষদিকে এমবাপে মাঠ থেকে তুলে নেওয়ার সংকেত দেন। ৮১ মিনিটে তাঁর পরিবর্তে গনসালো গার্সিয়াকে নামান কোচ আলভারো আরবেলোয়া। মাঠ ছাড়ার পর এমবাপে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘এমবাপের ঠিক কী হয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েক দিন আমরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব।’
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-এর সূত্র মতে, এমবাপে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন। চলতি মৌসুমে লিগের ২৮ ম্যাচে ২৪ গোল করা ফরাসি ফরোয়ার্ডের চোট রিয়াল শিবিরের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বীরা।
পরের ম্যাচ আগামী ৩ মে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এর ঠিক এক সপ্তাহ পরই বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচ।
নাইজেরিয়ার মাঠ থেকে হৃদয় বিদারক এক খবর পেল ফুটবল বিশ্ব। খেলতে খেলতে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো।
কাদুনার উংওয়ান ইয়েলওয়াতে শুক্রবার একটি প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন এনেরামো। প্রথমার্ধের পুরোটা সময় স্বাভাবিকভাবেই খেলেন তিনি।
পরে দ্বিতীয়ার্ধে নেমে পঞ্চম মিনিটে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ড। মাঠে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এনেরামোকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক এরেস্টের কথা বলা হয়।
নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এনেরামোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছেন ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মেদ সানুসি।
তিউনিশিয়ার হয়ে খেলার সুযোগ থাকার পরও নাইজেরিয়াকেই বেছে নিয়েছিলেন এনেরামো। দেশটির হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
এছাড়া ক্লাব ক্যারিয়ারে তিউনিশিয়া, তুরস্ক, আলজেরিয়া ও সৌদি আরবের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। তিউনিশিয়ার এস্পারেন্স স্পোর্টিভ ডে তিউনিসের খেলার সময় 'দ্য ট্যাংক' খেতাব পেয়েছিলেন এনেরামো।
চরম দুঃসময়ের মাঝেও একটি সুখবরের স্বস্তি পেলেন লামিন ইয়ামাল। মাস জুড়ে চমৎকার খেলার পর এপ্রিলের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড। একইসঙ্গে গড়লেন স্প্যানিশ লা লিগার নতুন রেকর্ড।
স্প্যানিশ লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলার হয়েছেন ইয়ামাল। শুক্রবার রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
চূড়ান্ত ভোটে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলার, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওভেইদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল।
চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মাসের সেরা হলেন ১৮ বছর বয়সী এই তারকা। এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরেও এই স্বীকৃতি পান তিনি।
২০১৩ সালে মাসসেরা ফুটবলারের পুরস্কার চালুর পর থেকে এই প্রথম এক মৌসুমে তিনবার এই স্বীকৃতি পেলেন কোনো ফুটবলার।
সেল্টা ভিগোর বিপক্ষে গত সপ্তাহে গোল করার পরপর পায়ের পেশিতে টান অনুভব করেন ইয়ামাল। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। যে কারণে চলতি মৌসুমে আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ তারকা।
চোটে ছিটকে যাওয়ার আগে এপ্রিল মাসে লা লিগায় বার্সেলোনার তিন জয়ের প্রতিটিতে অবদান রাখেন ইয়ামাল। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও মাঠের খেলায় তিনি ছিলেন স্বপ্রতিভ।
পরে এস্পানিওলের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট এবং সেল্টার ভিগোর বিপক্ষে তিনি করেন ম্যাচের একমাত্র গোলটি।
সব মিলিয়ে এবারের লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লিগে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কারও।
স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে এমনিতেই বেশ পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এর মধ্যে আবার ধাক্কা দিলো রিয়াল বেতিস। শুরুতে এগিয়ে গিয়েও একদম শেষ সময়ে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে হলো স্প্যানিশ জায়ান্টদের।
প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। ম্যাচটি অবশ্য হারতেও পারত তারা। বেশ কিছু সেভ করে দলকে বারবার বাঁচিয়েছেন গোলরক্ষক আন্দ্রে লুনিন। কিন্তু শেষে গিয়ে আর পারেননি।
এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রইল রিয়াল। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচে রিয়াল বেতিস।
তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে টেবিলের বার্সেলোনা। বাকি ৬ ম্যাচে আর ৮ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কাতালান ক্লাবটি।
শুক্রবার রাতের ম্যাচে দাপট দেখিয়ে খেলে বেতিস। প্রায় ৫৩ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৭টি শট করে স্বাগতিকরা। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে রিয়ালের ১৪ শটের ৮টি ছিল লক্ষ্য বরাবর।
ম্যাচের শুরুর দিকে দারুণ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপে। ক্লাবের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে গোলরক্ষককে একা পেয়েও বাইরে উড়িয়ে মারেন ফরাসি তারকা।
তবে ১৭ মিনিটে ভুল করেননি ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় ৩৫ গজ দূর থেকে জোরাল শট নেন ফেডেরিখ ভালভার্দে। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালে বল পেয়ে যান কাছেই থাকা ভিনিসিয়ুস। সহজেই বল জালের জড়ান তিনি।
কিছুক্ষণ পর সুযোগ হারান জুড বেলিংহ্যাম। এরপর একাধিকবার রিয়ালের জাল অক্ষত রাখেন আন্দ্রে লুনিন।
বিরতির পর আবার গোলের চেষ্টা চালিয়ে নেয় বেতিস। কিন্তু কোনোভাবেই জালের দেখা পাচ্ছিল না তারা।
এর মাঝে ৫৪তম মিনিটে এমবাপে গোল করলেও অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।
ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গিয়ে ধাক্কাটা খায় রিয়াল। জটলার মধ্য থেকে বল জালে পাঠান হেক্টর বেল্লেরিন। পয়েন্ট ভাগাভাগি করার আনন্দে মাতে বেতিস।