
নামে, ভারে ও অভিজ্ঞতায় আর্জেন্টিনার ফুটবলে লিওনেল মেসির তুলনা নেই। দীর্ঘ প্রতীক্ষার বিশ্বকাপ খরা কাটাতে আলবিসেলেস্তেদের যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁরই। তবে আরেকটি বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না—সে প্রশ্নের কেন্দ্রে এখন বয়স।
বিশ্বকাপ প্রসঙ্গে বারবার প্রশ্ন উঠলেও এ নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিশ্রুতি দেননি মেসি। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুরোপুরি মেসির ব্যক্তিগত বিষয়। তবে ইন্টার মায়ামিতে তাঁর বর্তমান কোচ ও সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো মনে করেন, আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় মেসি এখনো গুরুত্বপূর্ণ অংশ।
মাশ্চেরানো জানান, স্কালোনি মেসির জন্য দরজা খোলা রেখেছেন। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। সবুজ সংকেত মিললে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে দলে নিতে কোনো দ্বিধা থাকবে না। কারণ ১০ নম্বর পজিশনে মেসি এখনো আর্জেন্টিনার জন্য প্রতীকী ও প্রভাবশালী উপস্থিতি।
৩৮ বছর বয়সী মেসি কি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে পারেন—এমন প্রশ্নে মাশ্চেরানোর উত্তর,
“হ্যাঁ, কেন নয়?”
খেলোয়াড় হিসেবে মেসির শারীরিক অবস্থান কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে মাশ্চেরানো বলেন,
“আমি খেলোয়াড়দের কাছাকাছি থাকতে পছন্দ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তারা কেমন অনুভব করছে। নিজের শরীর কীভাবে সাড়া দিচ্ছে, সেটা খেলোয়াড়দের চেয়ে ভালো কেউ জানে না।”
বিশ্বকাপে শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন,
“আর্জেন্টিনা বিশ্বকাপে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই যাবে। তারা দীর্ঘদিন ধরেই উচ্চমানের প্রতিযোগিতায় খেলছে এবং দলে আছে অসাধারণ সব ফুটবলার।”
বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতিমধ্যে মেসির দখলে—২৬ ম্যাচ। সেই সংখ্যাটা আরও বাড়ানোর সুযোগ আছে তাঁর সামনে। পাশাপাশি বাড়তে পারে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাও, যা বর্তমানে ১৯৬।
২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার অংশ হওয়া নিয়ে আগেও নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন মেসি। সে সময় তিনি বলেছিলেন,
“আমি আশা করি সেখানে থাকতে পারব। আগেও বলেছি, আমি থাকতে চাই। সবচেয়ে খারাপ হলেও গ্যালারিতে বসে খেলা দেখব—তবু সেটা বিশেষ হবে। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, বিশেষ করে আমাদের জন্য।”
স্কালোনির সঙ্গে সম্পর্ক ও আলোচনা প্রসঙ্গে মেসির ভাষ্য,
“আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। সে আমাকে বোঝে। আমরা সবকিছু নিয়েই আলোচনা করি। সে সবসময় বলে—যেকোনো ভূমিকায় হলেও আমাকে সেখানে দেখতে চায়। আমাদের মধ্যে গভীর বিশ্বাসের সম্পর্ক আছে।”
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ৫:৪১ পিএম
৩ এপ্রিল ২০২৬, ২:২৩ পিএম

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না চেলসির। সবশেষ চার ম্যাচেই হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এরমধ্যে ‘ব্লুজদের’ সহ-অধিনায়কের এক মন্তব্য একেবারেই ভালোভাবে নেয়নি ক্লাবটি। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে কঠিন এক সিদ্ধান্তই নিল চেলসি। ক্লাবটির পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এনজোকে। এমনটাই জানিয়েছেন চেলসির কোচ লিয়াম রোসেনিওর।
ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক বিরতিতে। বেশ কদিন এনজো ফার্নান্দেজের চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনে সরব হয়ে ওঠে ইউরোপিয় ফুটবল। গুঞ্জন আছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিও এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে আগ্রহী। এরমধ্যে চেলসিতেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর।
সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক বিরতির সময় রিয়াল মাদ্রিদে যোগদানের সম্ভাবনা আর চেলসির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নে মুখোমুখি হয়েছিলেন এনজো। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি মাদ্রিদকে সত্যিই পছন্দ করি, এটি বুয়েন্স আইরেসের মতো’। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে অন্য দেশে বসবাস করা সম্ভব কি না। মাদ্রিদকে ‘ঘর’ হিসেবে ভাবার ব্যাপারে জিজ্ঞেস করলে ২৫ বছর বয়সী এই তারকা উত্তর দিয়েছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’
আরও পড়ুন
| ফ্রান্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এমবাপে |
|
চেলসির বাজে সময়ের মধ্যে এমন মন্তব্য করে মূলত কাঁটা ঘায়ে নুনের ছিটাই যেন দিয়েছেন এনজো। কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নেয় চেলসি। পরের ম্যাচেই লিগে এভার্টনের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় তারা। এরমধ্যেই টকস্পোর্টকে এনজো জানান, মৌসুম শেষে মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ আছে তাঁর, তবে তিনি সরাসরি চেলসিকে জানাননি যে তিনি ক্লাব ছাড়তে চান।
দলের গুরুত্বপূর্ণ সদস্যের এমন মন্তব্যে বেশ চটেছে চেলসি। ক্লাবটির কোচ রোসেনিওর জানিয়েছেন, ২০২৩ সালে ১ কোটি ৬ লাখ পাউন্ড খরচ করে দলে ভেড়ানো মিডফিল্ডারকে আনুষ্ঠানিকভাবে শাস্তি দিয়েছে ক্লাব। এনজো আগামীকাল এফএ কাপে পোর্ট ভেলের বিপক্ষে ম্যাচ এবং প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে স্কোয়াডের বাইরে থাকবেন।
এফ এ কাপের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে রোসেনিওর বলেন,
‘আমি এক ঘণ্টা আগে এনজোর সঙ্গে কথা বলেছি। ক্লাবের অংশ হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি—সে আগামীকাল এবং পরের রোববারের ম্যানচেস্টার সিটি ম্যাচে খেলবেন না।’
চেলসি কোচ আরও বলেন,
‘এনজোর জন্য এটা হতাশাজনক যে এমন মন্তব্য করেছে সে। তাঁর চরিত্র বা ব্যক্তিত্ব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে আমাদের ক্লাবের সংস্কৃতি ও কাঠামোর সীমা পার করা হয়েছে। তাই আমরা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন
| বিশ্বকাপের একদিন আগে মাঠে নামবে পর্তুগাল |
|
চেলসিতে সহ-অধিনায়ক এনজোর ভবিষ্যত সম্পর্কে রোসেনিওর বলেন,
‘আমি তাঁর পক্ষ হয়ে কথা বলতে পারব না। যা আমি জানি তা হলো, সে মাঠে থাকাকালীন এভার্টনের বিপক্ষে আমরা হেরে গিয়েছিলাম এবং পারফরম্যান্স হতাশাজনক ছিল—তার মধ্যে কোনো কমিটমেন্টের অভাব ছিল না, তার মধ্যে ক্লাবের হয়ে ভালো করার ইচ্ছার কোনো অভাব ছিল না। তার ভবিষ্যৎ বা সে কী চায়, তা আমার পক্ষে বলা ঠিক নয়। আমি চাই আগামীকালের বড় ম্যাচের দিকে মনোযোগ দিতে, যে ম্যাচ আমরা জিতলে এফ এ কাপের সেমিফাইনালে পৌঁছাতে পারব। পাশাপাশি আমাদের দৃষ্টি এখনও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখা, যে সম্ভাবনা এখনও ভালোভাবেই টিকে আছে।’
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে চেলসি। লিগে ৩১ ম্যাচে ১৩ জয় ৯ ড্র ও ৯ হারে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে ক্লাবটি। লিগ জয়ের আশা অনেক আগেই শেষ হয়ে যাওয়ার পর, ক্লাবটির লক্ষ্য এখন শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা।

শুধু ফ্রান্স নয়, অনেকের মতে ফুটবলবিশ্বে বর্তমানে সেরা তারকা কিলিয়ান এমবাপে। মাত্র ১৮ বছর বয়সেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। আরেকটি বিশ্বকাপে খেলেছেন ফাইনাল। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল—সমানতালেই নিয়মিত সাফল্য পাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা। যেকোনো দলের জন্য এমন একজন খেলোয়াড় পাওয়া তো সোনার হরিণ থেকেও বেশি কিছু। তবে হীরের টুকরো এমবাপেকেই হারাতে বসেছিল ফ্রান্স। বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় বলতে চেয়েছিলেন তিনি।
ইউরোপে বর্ণবাদ নতুন কিছু নয়। বর্ণবাদী আক্রমণের থাবায় জর্জরিত হতে হয় ফুটবলকেও। প্রায়ই উগ্রবাদী সমর্থকদের কারণে অনাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় ফুটবলারদের। অনেক সময় বিশ্বের সেরা তারকা ফুটবলারও বর্ণবাদী আচারণের লক্ষ্য হওয়া থেকে বাঁচতে পারেন না। শক্ত মনোবলের অধিকারী অনেক খেলোয়াড় এমন পরিস্থিতির সঙ্গে লড়াই কর টিকে থাকলেও , অনেকেই ভেঙে পড়েন।
সমর্থকদের তীব্র বণর্বাদী আক্রমণ সহ্য করতে না পেরে কঠিন এক সিদ্ধান্ত নিতে বসেছিলেন এমবাপে। ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে শেষ পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতির নোয়েল লে গ্রায়েতের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এমবাপে।
ঘটনা মূলত ২০২০ ইউরোর পর। ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতার শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেন এমবাপে। এরপরই তীব্র ফ্রান্সের সমর্থকদের সমালোচনা ও বর্ণবাদী আক্রমণের শিকার হন তিনি। রিয়ালের ফুটবলারের কাছে এটি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার সময়গুলোর একটি। এমবাপের ভাষায় ওই সময়টায় তিনি যেন ‘জীবন্ত লাশ’ হয়ে ছিলেন।
‘দ্য ব্রিজ’ পডকাস্টে নিজের ক্যারিয়ারের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে এমবাপে বলেন,
‘আমাকে “বানর” বলে ডাকা শুরু হয়েছিল… আমার কাছে জাতীয় দলই ছিল সবকিছু। কিন্তু এখানে এমন কিছু মানুষ আছে, যারা তুমি গোল না করলে তোমাকে একেবারে ওপর থেকে নিচে ফেলে দেবে। এতে জাতীয় দলের সঙ্গে আমার সম্পর্কটাই বদলে যায়।’
এমবাপে যোগ করেন,
‘এক জায়গায় সব আশা বেঁধে রাখা উচিত নয়; কারণ সেটাই পরে আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। সময়টা ছিল ভয়াবহ কঠিন। ছুটিতে গিয়ে নিজেকে হাঁটতে থাকা মৃত মানুষ মনে হচ্ছিল। অনেক উঁচু থেকে ধপ করে পড়ে গিয়েছিলাম। অথচ অল্প সময়েই জাতীয় দলে নায়ক হয়ে উঠেছিলাম।’
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপের নায়ক ইউরোর পর বর্ণবাদী আক্রমণের লক্ষ্যবস্তু হলেন—এই নির্মম রূপ পরিবর্তন ২২ বছর বয়সী এমবাপেকে ঠেলে দেয় জাতীয় দল ছাড়ার দ্বারপ্রান্তে। তৎকালীন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রা’র সঙ্গে এক উত্তেজনাপূর্ণ বৈঠকের কথা স্মরণ করে এমবাপে বলেন,
‘আমি লে গ্রার সঙ্গে দেখা করে বলেছিলাম, আমি আর খেলব না। মনে হচ্ছিল—আমি যাদের জন্য খেলছি, তারা যদি আমি গোল না করি, আমাকে ‘বানর’ ভাববে। আমি ভেবেছিলাম, “এমন মানুষের জন্য আমি খেলতে পারি না।” আমি বলেছিলাম, “আমি প্যারিসে ফিরে যাচ্ছি, সেখানে আমার কোনো সমস্যা নেই।”
ফ্রান্স জাতীয় দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেও এমবাপেকে তো আর সহজে ছাড়ার কথা নয় ফ্রান্সের। ফরাসি ফরোয়ার্ডকে সহজে ছেড়ে দিতে রাজি ছিলেন না লে গ্রা। এমবাপের ভাষায়,
‘তিনি আমাকে বলেছিলেন, “তুমি কি ভাবছো এভাবে অফিস থেকে বেরিয়ে চলে যাবে? এটা ভুলে যাও।” এই দৃঢ় অবস্থানই শেষ পর্যন্ত এমবাপেকে নিজের সিদ্ধান্ত নতুন করে ভাবতে বাধ্য করে।
অন্ধকার সময়টা পেছনে ফেলে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ফিরে আসেন এমবাপে। ২০২২ কাতার বিশ্বকাপে আবারও দলকে ফাইনালে তোলার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। ফাইনালে তো একাই ফ্রান্সকে জিতিয়ে দিচ্ছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক ওই হ্যাটট্রিক বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ব্যাক্তিগত পারফরম্যান্স।
জাতীয় দলে এমবাপের গুরুত্ব কতটা সেটা সবারই জানা। বর্তমানে ফ্রান্সের অধিনায়কের আর্মব্যান্ডও উঠেছে তাঁর হাতে। আর গোলের হিসেবে তিনি এখন সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার অপেক্ষায়। ৯৬ ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন ৫৬। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোল করা ওলিভার জিরুদের সমান গোল করতে তাঁর প্রয়োজন মাত্র এক গোল।

আগামী ১১ জুন শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তার ঠিক একদিন আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আজ পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এই ম্যাচের কথা নিশ্চিত করেছে।
ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ভেন্যুর নাম ঘোষণা না করলেও পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচটি পর্তুগালের লেইরিয়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ৬ জুন ওইরাসের ন্যাশনাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপের আগে পর্তুগালের প্রস্তুতি এখন পর্যন্ত মিশ্র। গত রোববার আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রবার্তো মার্তিনেজের দল। এরপর বুধবার ভোরে আটলান্টায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা।
চোটের কারণে দুই ম্যাচেই অনুপস্থিত ছিলেন পর্তুগালের নিয়মিত অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘কে’ তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রোনালদোরা।
এরপর ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামিতে কলম্বিয়াকে মোকাবিলা করতে হবে মার্তিনেজ শিষ্যদের।

ব্রাজিলিয়ান সিরি আ-তে শুক্রবার ভোরে রেমোকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে সান্তোস। এই জয়ের রাতে ভালো অভিজ্ঞতা হয়নি দলটির প্রাণভ্রমরা নেইমার জুনিয়রের। মৌসুমের তৃতীয় হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নামতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।
২-০ ব্যবধানে পাওয়া জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের ৪০ মিনিটে থাসিয়ানোর গোলে এগিয়ে যায় সান্তোস। ৮২ মিনিটে দ্বিতীয় গোলের পেছনেও ছিল নেইমারের অবদান।
৮৬ মিনিটে মাঝমাঠে ডিয়েগো হার্নান্দেজের ফাউলের শিকার হন নেইমার। উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে এগিয়ে গেলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হন। ফলে পরের ম্যাচে নেইমারকে পাচ্ছে না সান্তোস।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নেইমার বলেন, ‘এটি সম্পূর্ণ অন্যায়। আমাকে বারবার ফাউল করা হচ্ছিল, এটি ছিল চতুর্থ বা পঞ্চম ফাউল। আমি শুধু প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়েছিলাম আর আমাকেই হলুদ কার্ড দেওয়া হলো।’
রেফারি সাভিও সাম্পাইও কে নিয়েও ক্ষোভ ঝাড়েন ব্রাজিলের পোস্টার বয়, ‘সাভিও এমনই। সে সব সময় ম্যাচের কেন্দ্রবিন্দু হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার চরম সম্মানবোধের অভাব রয়েছে। সে কারো সাথে কথা বলতে চায় না, কোনো যোগাযোগ করতে চায় না। সে মনে করে সেই সবকিছুর নিয়ন্ত্রক এবং খেলাটিকে নিজের মতো করে চালাতে চায়।’
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সান্তোস। আগামী রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ক্লাবটিকে।
পর্তুগিজ সমর্থকদের জন্য আনন্দের খবরই বটে। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আজ রোনালদোকে শুরুর একাদশে নামানোর ইঙ্গিত দিয়েছেন আল নাসর কোচ জর্জ জেসুস।
গত ২৮ ফেব্রুয়ারি আল ফায়হার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রোনালদো। এই চোটের কারণে আল নাসরের সবশেষ তিনটি ম্যাচ এবং পর্তুগালের হয়ে গত মাসে দুটি প্রীতি ম্যাচে ছিলেন না তিনি।
দীর্ঘ এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর গত মঙ্গলবার আল নাসরের অনুশীলনে ফেরেন রোনালদো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল নাসর কোচ বলেন,
‘আজ আমাদের একটি অনুশীলন সেশন আছে এবং সেখানে ক্রিস্তিয়ানো বলে আশা করা হচ্ছে।’
এরপর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোনালদোর অনুশীলনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে আল নাসর। যেখানে বেশ হাস্যোজ্জ্বল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে আল নাসর তারকাকে।
রোনালদোর ফেরার বিষয়টি জানিয়ে ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ইনস্টাগ্রামে লেখেন,
‘চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর রোনালদোকে দলে ডাকা হয়েছে এবং তিনি আজ খেলার জন্য প্রস্তুত আছেন।’
মার্চের শুরুতে গোড়ালিতে চোট পাওয়া সাদিও মানেও আজ ফিরছেন। বর্তমানে ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা ৩ পয়েন্টে এগিয়ে আছে।
আল নাসর ও আল নাজমোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।