
লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে বড় এক ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে বদলি হিসেবে নামলেও ম্যাচ শেষে জানা যায়, পেশির চোটে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার নাহুয়েল মলিনা।
রবিবার আতলেতিকো মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মলিনাকে।
২৮ বছর বয়সী মলিনা ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে আর্জেন্টিনা জাতীয় দলও। ১১জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ ১৬ জুন। তবে তিন সপ্তাহের এই অনুপস্থিতির কারণে টুর্নামেন্টের আগে নিজের ছন্দ ফিরে পাওয়া নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন মলিনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পর্যাপ্ত অনুশীলন ছাড়া তার ফেরাটা আর্জেন্টিনা শিবিরের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।
আতলেতিকো মাদ্রিদের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করার পাশাপাশি মলিনাকে এখন পূর্ণ মনোযোগ দিতে হবে তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে। যাতে বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।
No posts available.
১০ মে ২০২৬, ৭:০৭ পিএম
১০ মে ২০২৬, ৬:৪১ পিএম
১০ মে ২০২৬, ৫:৫২ পিএম

পেশির চোটের কারণে ঘরোয়া মৌসুমের বাকি সময়টা মাঠের বাইরে থাকতে হচ্ছে লামিন ইয়ামালকে। তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের বিশ্বকাপ পরিকল্পনায় এখনো মূল ভরসা ১৮ বছর বয়সী এই বিস্ময়বালক।
ইয়ামালের বর্তমান অবস্থা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে ফেরমিন লোপেজ বলেন,
‘শুরুতে চোট পাওয়াটা ওর (ইয়ামাল) জন্য কঠিন ছিল। এটা মেনে নেওয়াও সহজ ছিল না, কারণ মাঠে দলকে ও সাহায্য করতে পছন্দ করে। তবে এখন মানসিকভাবে ভালো আছে এবং সুস্থ হয়ে ওঠায় মনোযোগ দিচ্ছে। আমার বিশ্বাস, বিশ্বকাপের আগেই ও পুরোপুরি ফিট হয়ে উঠবে।’
স্পেন কোচ আগেই জানিয়েছিলেন যে, ইয়ামাল প্রতিদিন অন্তত তিন ঘণ্টা কঠোর পরিশ্রম করছেন, যাতে আন্তর্জাতিক মঞ্চে ফেরার জন্য তিনি শতভাগ প্রস্তুত থাকতে পারেন।

জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত আজকের মধ্যে জানানোর কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। গত শুক্রবার সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, আজকের মধ্যে হেড কোচ চূড়ান্ত করা হবে এবং ১৫ মে চুক্তি স্বাক্ষর হবে। তবে সর্বশেষ পরিস্থিতিতে জানা গেছে, আজ নয়, ১৫ মে’তেই হেড কোচ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চুক্তি সম্পন্ন হবে।
কোচ নিয়োগে বাফুফে এখনো আলোচনার পর্যায়ে। তাবিথ আউয়াল বলেছেন,
‘না, আজকে কোচের নাম ঘোষণা করা হচ্ছে না। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ১৫ মে পর্যন্ত আলোচনা চলবে। এরপর সবকিছু ঠিক হবে।’
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে একাধিক হাইপ্রোফাইল কোচ আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ৫৫ বছর বয়সী কোলম্যান খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সবচেয়ে বড় অর্জন ২০১৬ ইউরোতে ওয়েলসকে ৫৮ বছর পর প্রথমবারের মতো টুর্নামেন্টে নিয়ে যাওয়া এবং সেমিফাইনালে পৌঁছে দেওয়া। এই কোচের অধীনে ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ে ১১৭ থেকে ৮ নম্বরেও উঠে আসে।
পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন এবং কোচিং স্টাফেও ছিলেন। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দলের দায়িত্বেও ছিলেন।
এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও মিকেলের নামও তালিকায় ছিল। যদিও শেষ পর্যন্ত তিনি নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবে দায়িত্বে আছেন। তালিকায় একজন পর্তুগিজ কোচও রয়েছেন।
এখন পর্যন্ত ক্রিস কোলম্যানই সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সভাপতির ঘোষণা অনুযায়ী ১৫ মেতেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মাঠের লড়াই শুরু হতে বাকি আর কয়েক ঘণ্টা। গোটা ফুটবল বিশ্ব যখন অধীর আগ্রহে মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’দেখার অপেক্ষায়, ঠিক তখনই বার্সেলোনায় নেমে এল শোকের ছায়া। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজের বাবাকে হারালেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক।
ফ্লিকের বাবার মৃত্যুতে শোক জানিয়ে বার্সেলোনা শোক জানিয়েছে। লিগ শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার ঠিক আগে এমন শোক সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েছেন ফ্লিক। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, এই ক্রান্তিলগ্নে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন ফ্লিক। ব্যক্তিগত শোকের চেয়ে দলের দায়িত্বকে বড় করে দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এই শোকাতুর অবস্থাতেই ডাগআউটে থেকে দলকে নেতৃত্ব দেবেন।
প্রতিবেদন অনুযায়ী, আজ সকালেই হান্সি ফ্লিক তাঁর বাবার মৃত্যুর খবর ক্লাব ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের জানিয়েছেন। ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময় কোচ আবেগপ্রবণ হয়ে পড়লেও, তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে তিনি দলকে এক মুহূর্তের জন্যও একা ছাড়তে চান না। বার্সেলোনা খেলোয়াড়রা তাদের প্রিয় কোচের এই ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানিয়ে আজ তাকে একটি জয় উপহার দেওয়ার শপথ নিয়েছেন।
শোক বার্তায় বার্সেলানা লিখেছে, এফসি বার্সেলোনা ও পুরো ব্লাউগ্রানা পরিবার হান্সি ফ্লিকের পিতার মৃত্যুতে প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জ্ঞাপন করছে। আমরা তার এই শোকের অংশীদার এবং এই অত্যন্ত কঠিন সময়ে আমরা তার ও তার পরিবারের পাশে আছি।
লা লিগার শিরোপা ভাগ্য নির্ধারণের জন্য এই ম্যাচটি বার্সেলোনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের।
বাবার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার দর্শকের সামনে ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশ দেওয়া যে কোনো মানুষের জন্যই এক চরম মানসিক পরীক্ষা। হান্সি ফ্লিক সেই পরীক্ষাই দিতে যাচ্ছেন। ন্যু ক্যাম্পের গ্যালারি আজ হয়তো কেবল ফুটবল নয়, বরং তাদের প্রিয় কোচের প্রতি সহমর্মিতায়ও মুখরিত হবে।

থাইল্যান্ডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ তারা তৃতীয় অনুশীলন সেশন করেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে দেড় ঘন্টার অনুশীলন করেন আফঈদা খন্দকাররা। যেখানে দলের মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে কাজ করা হয়েছে। ফিনিশিং ড্রিল এবং সেট-পিস নিয়ে কাজ করে সেশনটি শেষ হয়।
অনুশীলন সেশনের পর দলটি প্রশিক্ষণ মাঠের পাশেই আইস বাথ রিকভারি সেশন করে। জানা গেছে খেলোয়াড়েরা সবাই সুস্থ আছে। থাইল্যান্ড থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো ভিডিও বার্তায় গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন,
‘দলের সার্বিক অবস্থা অনেক ভালো। কোনো ইনজুরি আপডেট নেই। আজকে যে সেশন হয়েছে, সেখানে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে যে বোঝাপড়া দরকার সেটা নিয়ে মেয়েদের শেখানো হয়েছে।’
বাংলাদেশ দলের প্রথম ক্লোজড-ডোর প্রস্তুতিমূলক ম্যাচটি থাইল্যান্ড নারী লিগের ক্লাব কাসেমবন্ডিত এফসির বিরুদ্ধে আজ হওয়ার কথা ছিল। তবে হেড কোচ পিটার বাটলারের সিদ্ধান্ত মতে সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ওই ম্যাচটি আগামীকাল হওয়ার কথা রয়েছে। এ নিয়ে উজ্জ্বল বলেন, ‘আগামীকাল একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলব। এই ম্যাচটি আমাদের জন্য খুবই সহায়ক। আমরা যে ধরনের ফুটবল খেলতে চাচ্ছি, নতুন কিছু খেলোয়াড় দলে ঢুকেছে, তাদের ভূমিকা কি হবে সেটা দেখা খুবই দরকারী। সাফে যা আমাদের কাজে দেবে।’
থাইল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন ১৩ মে আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে ২১ মে দল সরাসরি যাবে ভারতের গোয়ায়। যেখানে ৬ দল নিয়ে গড়াবে এবারের সিনিয়র নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮ মে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

শিরোপাহীন মৌসুম কাটানোর পথে রিয়াল মাদ্রিদ। তারপরও লিগ শিরোপার শেষ আশাটুকু যখন বাঁচিয়ে রাখার সুযোগ, ঠিক তখনই এক মহাকেলেঙ্কারিতে লণ্ডভণ্ড হয়ে গেছে তারা।
গোল ডটকমের প্রতিবেদন, ফুটবল বিশ্বের নজর যখন ন্যু ক্যাম্পের ‘এল ক্লাসিকোর’ দিকে, তখন খবর এল—কিলিয়ান এমবাপে ও ফেদে ভালভার্দেসহ মোট আটজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই আজ মাঠে নামতে হচ্ছে রিয়ালকে। মাঠের ভেতরে পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের অভ্যন্তরীণ কোন্দল এখন মাদ্রিদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিয়ালের এই সংকটের মূলে রয়েছে দুই সতীর্থ ফেদে ভালভার্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ। সম্প্রতি অনুশীলনের সময় বা ড্রেসিংরুমের কোনো এক ঘটনায় এই দুই খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে ভালভার্দে গুরুতর আহত হন এবং তাঁর মস্তিষ্কে চোট ধরা পড়ায় তাকে হাসপাতালেও যেতে হয়েছে। এই ঘটনার জেরে ক্লাব কর্তৃপক্ষ উভয় খেলোয়াড়কেই ৫ লাখ ইউরো করে জরিমানা করেছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে ভালভার্দেসহ বেশ কয়েকজন তারকাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
রাতে এল ক্লাসিকো মিস করছেন এমবাপে, দানি সেবায়োস, দানি কারভাহাল, রদ্রিগো, এদের মিলিতাও, মেন্ডি, আরদা গুলের ও ভালভার্দে। এমবাপের উরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও তাঁকে দলে রাখা হয়নি। দলের মূল শক্তির বড় একটি অংশ একসঙ্গে না থাকায় বার্সেলোনার বিপক্ষে রিয়ালের লড়াইটা অসম হয়ে দাঁড়িয়েছে। যদিও বার্সেলোনার প্রাণভ্রমরা ইয়ামালও ছিটকে গেছেন।
শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, ম্যানেজমেন্টের ভেতরেও অস্থিরতা চরমে। শোনা যাচ্ছে, কোচ আলভারো আরবেলোয়া ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারিয়েছেন। টানা দ্বিতীয় মৌসুমে শিরোপাহীন থাকার শঙ্কায় থাকা আরবেলোয়াকে এই ম্যাচের পরই বরখাস্ত করা হতে পারে। গুঞ্জন ছড়িয়েছে, রিয়ালের ডাগআউটে আবারো ফিরতে পারেন হোসে মরিনহো।
লিগ টেবিলের শীর্ষে থাকা হান্সি ফ্লিকের বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ বর্তমানে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। আজ রাতে যদি রিয়াল জিততে না পারে, তবে লিগ শিরোপার আশা আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে যাবে।