১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

চমৎকার বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পেই আটকে দিলেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। জবাবে শুরুতে চাপ পড়লেও দারুণ ব্যাটিংয়ে অপরাজিত ফিফটি করলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের নৈপুণ্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে রোববার সকালের ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১০২ রান করতে পারে ডাচরা। জবাবে ২০ বল আগেই ম্যাচ জিতে যায় জ্যোতির দল।
প্রথম রাউন্ডের চার ম্যাচের পর সুপার সিক্সেও তিন ম্যাচের সবকটি জিতল বাংলাদেশ। সব মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে যাবে বাংলাদেশ।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে ডাচরা। মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় তারা। সেখান থেকে রবিন রাইক ও সানিয়া খুরানা ৭৮ রানের জুটি গড়ে দলকে একশ পার করান।
ইনিংসের শেষ ওভারে আউট হন ৩৯ রান করে। ৪৫ বলে ৪টি চার মারেন তিনি। আর ৩৭ বলে ৬ চারে ৪৩ রানে অপরাজিত থাকেন সানিয়া।
বাঁহাতি স্পিনের জাদুতে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১০ রানে ৩ উইকেট নেন নাহিদা। এছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান নেন ১টি করে উইকেট।
রান তাড়ায় প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন জ্যোতি ও শারমিন সুলতানা সুপ্তা। দলের পঞ্চাশের আগে সুপ্তাও ধরেন ড্রেসিং রুমের পথ।
এরপর আর উইকেট পড়তে দেননি জ্যোতি ও সোবহানা মোস্তারি। অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন তারা। ক্যারিয়ারের ১১তম ফিফটিতে ঠিক ৫০ রানে অপরাজিত থাকেন জ্যোতি। আর সোবহানার ব্যাট থেকে আসে ৩৩ রান।
সব মিলিয়ে ৭ ম্যাচে ৫২.৪০ গড় ও ১৪৫.৫৫ স্ট্রাইক রেটে ২৬২ রান করে বাছাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সোবহানা।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১০২/৬ (হিদার সিগার্স ১, ফিবি ৪, ডে লেডে ৪, কালিস ৪, রবিন ৩৯, ওভারডাইক ৩, সানিয়া ৪৩*, আইরিস ০*; মারুফা ৪-০-১৪-১, নাহিদা ৪-১-১০-৩, রিতু ৪-০-১৮-০, রাবেয়া ৪-০-২৬-১, স্বর্ণা ৩-০-১৭-১, ফাহিমা ১-০-১৪-০)
বাংলাদেশ: ১৬.৪ ওভারে ১০৫/৩ (দিলারা ৪, জুয়াইরিয়া ০, সুপ্তা ১৩, জ্যোতি ৫০*, সোবহানা ৩৩*; আইরিস ৪-০-১৬-১, হিদার সিগার্স ৩-০-৯-১, ওভারডাইক ৩-০-১৬-০, ডি ল্যাঙ্গে ৩-০-২৬-০, সিলভার সিগার্স ২.৪-০-২০-০, লান্ধির ১-০-১৭-১)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ২:২৩ পিএম
৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এম

আগামী ১১ জুন শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তার ঠিক একদিন আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আজ পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এই ম্যাচের কথা নিশ্চিত করেছে।
ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ভেন্যুর নাম ঘোষণা না করলেও পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচটি পর্তুগালের লেইরিয়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ৬ জুন ওইরাসের ন্যাশনাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপের আগে পর্তুগালের প্রস্তুতি এখন পর্যন্ত মিশ্র। গত রোববার আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রবার্তো মার্তিনেজের দল। এরপর বুধবার ভোরে আটলান্টায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা।
চোটের কারণে দুই ম্যাচেই অনুপস্থিত ছিলেন পর্তুগালের নিয়মিত অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘কে’ তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রোনালদোরা।
এরপর ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামিতে কলম্বিয়াকে মোকাবিলা করতে হবে মার্তিনেজ শিষ্যদের।

ব্রাজিলিয়ান সিরি আ-তে শুক্রবার ভোরে রেমোকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে সান্তোস। এই জয়ের রাতে ভালো অভিজ্ঞতা হয়নি দলটির প্রাণভ্রমরা নেইমার জুনিয়রের। মৌসুমের তৃতীয় হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নামতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।
২-০ ব্যবধানে পাওয়া জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের ৪০ মিনিটে থাসিয়ানোর গোলে এগিয়ে যায় সান্তোস। ৮২ মিনিটে দ্বিতীয় গোলের পেছনেও ছিল নেইমারের অবদান।
৮৬ মিনিটে মাঝমাঠে ডিয়েগো হার্নান্দেজের ফাউলের শিকার হন নেইমার। উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে এগিয়ে গেলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হন। ফলে পরের ম্যাচে নেইমারকে পাচ্ছে না সান্তোস।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নেইমার বলেন, ‘এটি সম্পূর্ণ অন্যায়। আমাকে বারবার ফাউল করা হচ্ছিল, এটি ছিল চতুর্থ বা পঞ্চম ফাউল। আমি শুধু প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়েছিলাম আর আমাকেই হলুদ কার্ড দেওয়া হলো।’
রেফারি সাভিও সাম্পাইও কে নিয়েও ক্ষোভ ঝাড়েন ব্রাজিলের পোস্টার বয়, ‘সাভিও এমনই। সে সব সময় ম্যাচের কেন্দ্রবিন্দু হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার চরম সম্মানবোধের অভাব রয়েছে। সে কারো সাথে কথা বলতে চায় না, কোনো যোগাযোগ করতে চায় না। সে মনে করে সেই সবকিছুর নিয়ন্ত্রক এবং খেলাটিকে নিজের মতো করে চালাতে চায়।’
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সান্তোস। আগামী রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ক্লাবটিকে।
পর্তুগিজ সমর্থকদের জন্য আনন্দের খবরই বটে। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আজ রোনালদোকে শুরুর একাদশে নামানোর ইঙ্গিত দিয়েছেন আল নাসর কোচ জর্জ জেসুস।
গত ২৮ ফেব্রুয়ারি আল ফায়হার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রোনালদো। এই চোটের কারণে আল নাসরের সবশেষ তিনটি ম্যাচ এবং পর্তুগালের হয়ে গত মাসে দুটি প্রীতি ম্যাচে ছিলেন না তিনি।
দীর্ঘ এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর গত মঙ্গলবার আল নাসরের অনুশীলনে ফেরেন রোনালদো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল নাসর কোচ বলেন,
‘আজ আমাদের একটি অনুশীলন সেশন আছে এবং সেখানে ক্রিস্তিয়ানো বলে আশা করা হচ্ছে।’
এরপর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোনালদোর অনুশীলনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে আল নাসর। যেখানে বেশ হাস্যোজ্জ্বল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে আল নাসর তারকাকে।
রোনালদোর ফেরার বিষয়টি জানিয়ে ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ইনস্টাগ্রামে লেখেন,
‘চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর রোনালদোকে দলে ডাকা হয়েছে এবং তিনি আজ খেলার জন্য প্রস্তুত আছেন।’
মার্চের শুরুতে গোড়ালিতে চোট পাওয়া সাদিও মানেও আজ ফিরছেন। বর্তমানে ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা ৩ পয়েন্টে এগিয়ে আছে।
আল নাসর ও আল নাজমোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।
টটেনহাম হটস্পারে শুরু হয়েছে রবার্তো ডি জার্বি অধ্যায়। মঙ্গলবার ক্লাবটির দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায় ম্যাসন গ্রিনউডকে নিয়ে করা পূর্বের এক মন্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
২০২২ সালে গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাহার করে নেয়। এর কারণ হিসেবে মূল সাক্ষীদের সরে যাওয়া এবং নতুন কিছু তথ্যের প্রকাশ পাওয়ার কথা জানানো হয়।
২০২৪ সালের জুলাইয়ে ডি জার্বি যখন ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের কোচ ছিলেন, তখন গ্রিনউডকে দলে ভেড়ান। গত নভেম্বরে গ্রিনউডকে নিয়ে ডি জার্বি বলেন ‘আমি শুধু এটুকুই দেখছি যে ম্যাসন একজন ভালো ছেলে।’
টটেনহামের ডেরায় ডি জার্বির থাকার বিষয়টি প্রকাশ পেলে ফুঁসে ওঠে স্পার্সের ফ্যান গ্রুপগুলো। গ্রিনউডকে সমর্থনে ডি জার্বির আগের বক্তব্যের জন্য তারা এই কোচের নিয়োগের বিরোধিতা করেছিল।
সমর্থকদের বিরোধিতা সত্বেও মঙ্গলবার ৫ বছরের জন্য ডি জার্বিকে সই করায় উত্তর লন্ডনের ক্লাবটি। দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথম ক্লাব সাক্ষাৎকারে কথা বলেন এই কোচ। পূর্বের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বলেন,
‘আমি কখনোই নারীদের প্রতি সহিংসতা বা সাধারণভাবে কারোর প্রতি সহিংসতার বিষয়টিকে খাটো করে দেখতে চাইনি। এই বিষয়ে আমার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আমার একটি মেয়ে আছে এবং আমি জানি এই বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আমাকে আরও ভালোভাবে জানবে এবং বুঝবে যে ওই মুহূর্তে আমি কোনো পক্ষ নিতে চাইনি।’
গত ২৮ ডিসেম্বরের পর লিগে জয়ের মুখ দেখেনি টটেনহাম। বর্তমানে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে রয়েছে তারা। রেলিগেশন জোনের ঠিক এক ধাপ উপরে থাকা ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে ইতালিয়ান কোচ বলেন,
‘এখানে ৫ বছরের চুক্তিতে এসেছি কারণ আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী। আগামী মৌসুমেও টটেনহামের কোচ থাকব, ফলাফল যাই হোক না কেন। এমনকি আমরা যদি চ্যাম্পিয়নশিপে নেমে যাই, তবুও আমি থাকব। আমার লক্ষ্য এখন শুধুই এই ক্লাব এবং এর সমর্থকদের মুখে হাসি ফেরানো।’
ব্রাইটনের সাবেক কোচ বর্তমান সময়কে তাঁর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন,
‘টটেনহামের এখন সবার জন্যই কঠিন সময়। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড়দের সেই মান আছে যা দিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। আমাদের বড় মাপের খেলোয়াড় আছে, শুধু তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার কাজটুকু করতে হবে। এই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত।’
আগামী ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ডি জার্বির মাঠের লড়াই শুরু হবে।
শেষ হয়ে গেল বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন। গ্রুপ পর্বের শেষ খেলায় মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে লাল সবুজের দল। আন্তর্জাতিক বিরতি শেষে খেলোয়াড়েরা ফিরেছেন নিজ নিজ ক্লাবে। বাংলাদেশ দলের বেশিরভাগ খেলোয়াড় যখন ঢাকায়, তখন সিঙ্গাপুর থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা চৌধুরী।
হামজার ক্লাব লেস্টার সিটি আজ চ্যাম্পিয়নশিপের খেলায় মোকাবিলা করবে প্রিস্টন নর্থ এন্ডকে। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশের ফুটবল সমর্থকদের নিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের ‘নম্বর এইট’। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন গত এক বছরে বাংলাদেশের ফুটবল যেভাবে এগিয়েছে সেটিকে। একই সঙ্গে ধন্যবাদ দিয়েছেন দেশের ফুটবল সমর্থকদেরও।
বৃহস্পতিবার রাতে ওই পোস্টে হামজা লিখেছেন,
‘‘গ্রুপ পর্বটা আমরা যেভাবে শেষ করতে চেয়েছিলাম, ঠিক সেভাবে হয়নি। তবে এক বছরে আমরা যতটুকু এগিয়েছি, সেজন্য আমি অত্যন্ত গর্বিত। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের সামনে দারুণ সব অর্জনের সুযোগ রয়েছে।’
এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ শেষ করেছে পয়েন্ট টেবিলের তিনে থেকে। ৬ খেলায় একটিতে জয়, দুটিতে ড্র এবং তিনটিতে হেরেছে বাংলাদেশ। তবে জয়-পরাজয় দূরে রাখলে, বাংলাদেশ বাছাই পর্বে প্রায় প্রতিটি ম্যাচে লড়াই করেছে। ভাগ্য সহায় হলে হয়ত ভিন্ন কিছু হতে পারত। এই সময়ে বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরে পেয়েছে আবার। সমর্থকেরা মাঠে ফিরেছেন। হামজা-জামালদের সাপোর্ট দিতে দেশে এবং দেশের বাইরে স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন তারা। লাল সবুজের সমর্থকদের নিয়েও লিখেছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার,
‘আর আপনাদের সমর্থন বরাবরের মতোই অবিশ্বাস্য ছিল।’
আপাতত ক্লাবেই মনোযোগ দেবেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে দলের অবনমন ঠেকাতে কঠিন সময় পার করতে হবে তাদের। মৌসুমে ক্লাবগুলোর হাতে আছে আর মাত্র ৭টি করে ম্যাচ। অবনমন অঞ্চলের একদম উপরের স্পটে থাকা হামজাদের পয়েন্ট ৩৯ খেলায় ৩৯। ২৪ দলের লিগে লেস্টার সিটি ২২-এ।