
দলের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে ছাড়াই সাান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে পারফরম্যান্স দেখাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ভিনিসিউস জুনিয়র।
লা লিগায় শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠল রিয়াল।
হাঁটুর অস্বস্তির কারণে সপ্তাহজুড়ে অনুশীলন মিস করা এমবাপে ছিলেন এদিন বেঞ্চে। উরুর চোটে জুড বেলিংহ্যামও ছিলেন না দলে। তবে দলীয় পারফরম্যান্সে ঘাটতি পড়েনি লস ব্লাঙ্কোসদের।
আরও পড়ুন
| সাউদাম্পটনের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিল হামজার লেস্টার |
|
পঞ্চম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন গনসালো গার্সিয়া। ২১ মিনিটে ডিন হুইসেন ইয়াঙ্গেল হেরেরাকে ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। স্পট কিক থেকে সমতা ফেরান মিকেল ওইয়ারসাবাল।
চার মিনিট পরই আবার লিড নেয় রিয়াল। জন আরামবুরুর ট্যাকলে বক্সে পড়ে পেনাল্টি পান ভিনিসিউস। সফল স্পট কিকে নিজেই দলকে লিড এনে দেন। ৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ান অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। বক্সের সামনে ফাঁকা জায়গা পেয়ে জোরালো শটে মৌসুমের নিজের প্রথম গোলটি করেন।
বিরতির পর আবারও পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিউস। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাওয়া স্পট কিক কাজে লাগিয়ে ব্যবধান ৪-১ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে আলভারো আরবেলোয়ার দল।
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সোসিয়েদাদের ১০ ম্যাচের অপরাজিত ধারার ইতি টানল রিয়াল। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮, সোমবার জিরোনার বিপক্ষে জয় পেলে আবারো শীর্ষে উঠবে বর্তমান চ্যাম্পিয়নরা।
No posts available.
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৯ পিএম
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এম
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ এম
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম

মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার রেসে লিভারপুল নেই বললেই চলে। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অল রেডরা আছে টেবিলের ছয়ে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৫। তবে চ্যাম্পিয়নস লিগে সরাসরি শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্নে স্লটের দল।
শনিবার এফএ কাপে ব্রাইটনকে বিদায় করে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। ওই ম্যাচে গোল এবং গোলে সহায়তা করেছেন দলটির সেরা তারকা মোহাম্মদ সালাহ। তবে মৌসুমে কোনো শিরোপা জেতার জন্য মিশরীয় তারকা মনে করেন সেটা নির্ভর করছে ডোমিনিক সবোসলাইয়ের পারফরম্যান্সের ওপর। সর্বশেষ এফএ কাপে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচেও গোল করেছেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচে সোববোসলাই দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এই মৌসুমে তাঁর দশম গোল। ম্যাচ শেষে টিএন্ডটি স্পোর্টসকে সালাহ বলেছেন,
‘আমি মনে করি লিভারপুলের একটি কাপ জেতা তাঁর (সবোসলাই) পারফরম্যান্সের উপর নির্ভর করে। আমরা ওর উপর অনেক নির্ভরশীল। এই মৌসুমে সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’
কোচ আর্নে স্লটও সালাহর কথায় একমত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শনিবার রাতে স্লট বলেন,
‘বিশ্বে অনেক এলিট খেলোয়াড় আছে, কিন্তু আমি তাঁর (সালাহ) সঙ্গে একমত। ডোমিনিক (সবোসলাই) তাদের মধ্যে একজন।’
তবে সবোসলাইকে শুধু নয়, স্লট প্রশংসা করেছেন সালাহরও। বলেন,
‘সে কেবল গোলই করে না, দলের রক্ষণেও বড় ভূমিকা পালন করছে। এটিকে ইতিবাচক হিসেবে নিতে চাই।’
যদিও মৌসুমের প্রথমার্ধে সালাহর উপর আস্থা হারিয়েছিলেন স্লট। ম্যাচ টাইম না পেয়ে তো বিরক্ত হয়েছিলেন সালাহ নিজেও। সে সময় তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও উঠেছিল। তবে আফ্রিকা কাপ অব নেশনস থেকে ফিরে আসার পর সালাহ খেলার ধরনে কিছু পরিবর্তন এনেছেন যেন। মৌসুমের প্রথমার্ধে প্রতি ৯০ মিনিটে তিনি গড়ে ২.৭ বার বল জিততেন। আফকন থেকে আসার পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫-এ। প্রথম দলে ফেরার পর ৭ ম্যাচে তিনি দুই গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন।
ফুটবল বিশ্লেষকদের মতে, সবোসলাইয়ের ধারাবাহিকতা লিভারপুলের ট্রফি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে এবং সেটি গুরুত্বপূর্ণ। তবে সালাহর অভিজ্ঞতা এখনও দলের সাফল্যে বড় ভূমিকা রাখবে বলেই ধারণা অনেকের।

ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন। প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার।
শনিবার রাতে বুন্দেসলিগায় ব্রেমেনের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন। দুর্দান্ত ফর্মে থাকা কেইনের জোড়া গোলে লিগে শীর্ষ স্থান আরও মজবুত করেছে বাভারিয়ানরা।
গত ডিসেম্বরেই জিমি গ্রিভসের ৪৭৪ গোলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কেইন। এবার সেটিকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। ওয়েন রুনিকে ছাড়িয়ে জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলদাতা কেইন, থ্রি লায়ন্সদের জার্সিতে তাঁর গোল সংখ্যা ৭৮।
আরও পড়ুন
| সাউদাম্পটনের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিল হামজার লেস্টার |
|
১৫ বছর আগে পেশাদার ফুটবলে লেইটন ওরিয়েন্টের হয়ে প্রথম গোল করেছিলেন কেইন, ক্লাবটিতে তাঁর গোলসংখ্যা ৫। এরপর লেস্টারের হয়ে ২, মিলওয়ালের হয়ে ৯, টটেনহামের হয়ে ২৮০ এবং বর্তমানে বায়ার্ন মিউনিখের জার্সিতে ১২৬ গোল করেছেন কেইন।
কেইনের ৫০০ গোলের প্রায় অর্ধেকই এসেছে প্রিমিয়ার লিগে (২১৩)। বুন্দেসলিগায় করেছেন ৮৯ গোল। কেইনের মোট গোলের এক-পঞ্চমাংশই (১০০ গোল) এসেছে স্পট কিক থেকে। চ্যাম্পিয়নস লিগে ইংলিশদের মধ্যে সর্বোচ্চ ৪৮ গোল এখন তাঁর নামের পাশে।
৫০০ তম গোলটি ছিল দূরপাল্লার শট থেকে, ক্লাব ও দেশের হয়ে ৭৪৩ ম্যাচে এই মাইলফলকে পৌঁছালেন কেইন। পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৫ সালে ৭৫৩তম ম্যাচে ছুঁয়েছিলেন ৫০০ গোল। সর্বকালের দ্রুততম হিসেবে এই রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে, মাত্র ৬৩২ ম্যাচে ৫০০ গোল করেছিলেন।
কেইনের সামনে এখন নতুন লক্ষ্য। এক মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড রবার্ট লেভানডফস্কির। কেইনের বর্তমান গোল ২৬, সামনে বাকি ১২ ম্যাচ। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই স্ট্রাইকার গড়ে প্রতি ম্যাচে ১.২৫টি গোল করলেই লেভানডফস্কিকে ছাড়িয়ে যাবেন।

নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থের এক গোলে সহায়তা করলেন মোহাম্মদ সালাহ; মিশরীয় তারকার এমন দাপুটে পারফরম্যান্সে ব্রাইটনকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে লিভারপুল। একই রাতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে অ্যাস্টন ভিলা।
শনিবার রাতে অ্যানফিল্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে লিভারপুর। সালাহর আগে অন্য দুটি গোল করেছেন ডোমিনিক সোবোসলাই ও কার্টিস জোনস।
৪২মিনিটে মিলোস কেরকেজের ক্রস থেকে ডান দিক থেকে উঠে এসে বল জালে জড়ান জোন্স। গত ১৭ জানুয়ারির পর এটিই ছিল তাঁর প্রথম একাদশে নামা।
আরও পড়ুন
| ভিয়েতনামকে উড়িয়ে আফঈদাদের সতর্ক করলো চীন |
|
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় লিভারপুল। ৫৬ মিনিটে সালাহর ক্রস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন সোবোসলাই। মৌসুমে এটি ১০ম গোল ছিল হাঙ্গেরিয়ান এই মিডফিল্ডারের।
৬৬ মিনিটে বক্সে সালাহকে ফেলে দেন পাসকাল গ্রোস। পেনাল্টি থেকে জোরালো শটে ব্যবধান ৩-০ করেন ৩৩ বছর বয়সি সালাহ। চলতি মৌসুমে লিভারপুলের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।
ম্যাচে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ব্রাইটন। আলিসন বেকার দারুণ সেভ করেন দিয়েগো গোমেজের শট, আর লুইস ডাঙ্কের সুযোগও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ দিকে বদলি হিসেবে নেমে বল জালে জড়ান ১৭ বছর বয়সি রিও এনগুমোহা, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়।
রাতের অপর ম্যাচে ১০ জনের অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। সান্দ্রো টোনালির জোড়া গোলে পঞ্চম রাউন্ড নিশ্চিত হয় নিউক্যাসলের। ভিএআর না থাকায় ম্যাচজুড়ে রেফারির একাধিক সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক।

ঘরের মাঠে আগে লিড নিল সাউদাম্পটন। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি লেস্টার সিটি। কিন্তু অতিরিক্ত সময়ে গিয়ে আর পেরে উঠল না হামজা চৌধুরীর ক্লাব। লেস্টারকে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠল সাউদাম্পটন। ইনজুরির কারণে এদিনও মাঠে নামতে পারেননি লেস্টারে বাংলাদেশের মিডফিল্ডার হামজা।
শনিবার রাতে সাউদাম্পটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে লেস্টার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। পেনাল্টি এরিয়ায় বল পায়ে থাকা স্যামুয়েল এডোজির পায়ে মেরে বসেন লেস্টারের সেন্টার ডিফেন্ডার সালেব ওকোলি। সফল স্পট কিকে দলকে লিড এনে দেন কাইল লারিন।
বিরতির পর দ্রুতই ম্যাচে ফেরে লেস্টার। ডিভাইন মুকাসার কাছ থেকে বল পেয়ে গোলে জোরালো শট নেন জেরেমি মঙ্গা। তবে তাঁর ডান পায়ের শট সাউদাম্পটনের এক ডিফেন্ডারের শরীরে লেগে যায় অলিভার স্কিপের কাছে। লেস্টার অধিনায়ক বাইসাইকেল কিকে জালে বল জড়ানে। ১-১ সমতা বিরাজ করে ম্যাচে।
এরপর দুই দলই চেয়েছে ম্যাচে এগিয়ে যেতে। সুযোগও তৈরি করেছে দুই দল। তবে নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল মিসের হতাশায় ভোগে লেস্টার। গোললাইনের সামনে দুবার ক্লিয়ার করেন সাউদাম্পটনের ডিফেন্ডার নাথান উড।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় সাউদাম্পটন। বক্সের একটু উপরে ফ্রি কিক পায় সাউদাম্পটন। উড়ে আসা বলে পোস্টের সামনে হেড নেন জেমস ব্রি। টপ কর্নার দিয়ে জাল খুঁজে নেয় বল। ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে মাঠ ছেড়েছে ক্লাবটি।
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ম্যানসফিল্ড। এই জয়ে ১৯৭৫ সালের পর এই প্রথম এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করল ইংলিশ লিগ ওয়ানের ক্লাবটি।
প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সালফোর্ডকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে পেপ গার্দিওলার দল। এদিন বেঞ্চ পরীক্ষা করেছেন সিটি কোচ। মার্ক গুইয়েহির গোলে জয় পেয়েছে সিটিজেনরা। অন্য মাচে

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে রয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন- চীন ও উত্তর কোরিয়া। ‘বি’ বাংলাদেশের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। শুক্রবার অনুশীলন ম্যাচে শক্তিশালী ভিয়েতনামকে বড় ব্যবধানে উড়িয়ে লাল-সবুজের মেয়েদের নিজেদের শক্তির জানান দিয়েছে চীন।
নারী এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন। শিরোপা ধরে রাখতে তারা প্রীতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ভিয়েতনামের মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ৬-১ গোলে ভিয়েতনামকে উড়িয়ে দিয়েছে চীনের মেয়েরা। শুক্রবার ঘরের মাঠে হওয়া দ্বিতীয় প্রীতি ম্যাচে এই জয় পেয়েছে তারা। নারী ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১১২) চেয়ে ৭৬ ধাপ এগিয়ে ভিয়েতনাম (৩৬)।
এশিয়ান কাপে বাংলাদেশের তিন প্রতিপক্ষই পূর্ণ প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে। চীন এশিয়ান কাপে খেলছে সরাসরি। নভেম্বরে তারা দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল এবং স্কটল্যান্ডের কাছে হেরেছিল ৩-২ গোলে। আর এ সপ্তাহে তারা দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভিয়েতনামের বিপক্ষে। প্রথম ম্যাচে যাদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল চীন।
নারী এশিয়ান কাপে সবচেয়ে সফল দেশ চীন। ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। উত্তর কোরিয়া ও উজবেকিস্তানেরও আছে সমৃদ্ধ অতীত। উত্তর কোরিয়া তিনবারের চ্যাম্পিয়ন এবং উজবেকিস্তানের আছে ৫ বার এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা। বাংলাদেশকে ভালো কিছু করতে হলে গ্রুপ পর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা।
গত বছর মিয়ানমারে এশিয়ান কাপের টিকিট নিশ্চিতের পর বাংলাদেশ দল ৪টি ম্যাচ খেলে চারটিই হেরেছে। গত বছর অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছিল ৩-০ ও ৫-১ গোলে। এর পর ঘরের মাঠে মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে পিটার বাটলারের দল।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। এর আগে বাফুফে ঘোষণা করেছিল ১৬ ফেব্রুয়ারি দল থাইল্যান্ড যাবে। সেখানে ক্যাম্প করে তারপর অস্ট্রেলিয়া। এখন থাইল্যান্ডে অনুশীলন ও ম্যাচের সুযোগ না পাওয়ায় সরাসরি সিডনি গিয়ে ক্যাম্প করবে বাংলাদেশ। ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ চীনের বিপক্ষে।