
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দুই স্তরের বাছাইপর্বের প্রক্রিয়া তৈরি করতে যাচ্ছে ইউয়েফা। নতুন এই নিয়মের ফলে সান মারিনো, জিব্রাল্টার কিংবা অ্যান্ডোরার মতো দুর্বল বা ছোট দলগুলোর বিপক্ষে ইউরোপের বড় ফুটবল পরাশক্তিদের আর মাঠে নামতে হবে না।
বাছাইপর্বের একপেশে ও কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো বাদ দেওয়ার জন্য ফুটবল বিশ্লেষক ও সমালোচকেরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৮ নেশনস লিগের র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে শীর্ষ ৩৬টি দেশকে 'লিগ ১'-এর অধীনে ১২টি দল করে মোট ৩টি গ্রুপে ভাগ করা হবে। অন্যদিকে, বাকি ১৮টি দেশ খেলবে সম্পূর্ণ আলাদা একটি টুর্নামেন্টে। ধারণা করা হচ্ছে, এই পদ্ধতি দুর্বল দলগুলোর জন্য আরও বেশি ন্যায়সঙ্গত হবে, যেখানে তাদের ম্যাচ জেতার বা ভালো ফলাফল করার সুযোগ থাকবে অনেক বেশি।
বিশ্বকাপের এই বাছাইপর্বের পুরো প্রক্রিয়াটি চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটের আদলে সাজানো হয়েছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে যেখানে কোনো কোনো দেশকে ৬টি আবার কোনো কোনো দেশকে ৮টি ম্যাচ খেলতে হয়েছে, নতুন নিয়মে এখন সব দলকেই সমান ৬টি করে ম্যাচ খেলতে হবে।
১২টি দলের একেকটি গ্রুপে থাকা প্রতিটি দল ৬টি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে ৩টি হোম এবং ৩টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। এই প্রতিপক্ষগুলো নির্ধারণ করা হবে পটের ভিত্তিতে—প্রতিটি পট থেকে দুটি করে দল প্রতিপক্ষ হিসেবে মিলবে। এর ফলে গ্রুপ পর্বের চেনা ফরম্যাট—যেখানে একই গ্রুপের সব দল একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলত—সেই প্রথা উঠে যাচ্ছে।
'লিগ ১'-এর প্রতিটি গ্রুপের শীর্ষ বা সেরা র্যাঙ্কিংয়ের দলগুলো সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। আর বাকি জায়গাগুলো নির্ধারণ করা হবে প্লে-অফের মাধ্যমে। তবে কতটি দল সরাসরি সুযোগ পাবে, সেই সুনির্দিষ্ট সংখ্যাটি উয়েফা এখনো চূড়ান্ত করেনি।
বাকি থাকা তলানির ১৮টি দেশ অংশ নেবে 'লিগ ২'-এ। বর্তমান নেশনস লিগের ফরম্যাট অনুযায়ী হিসাব করলে—'লিগ সি'-র গ্রুপ চ্যাম্পিয়নরা ছাড়া বাকি সব দল এবং 'লিগ ডি'-র ৭টি দেশই মূলত এই স্তরে খেলবে। তবে 'লিগ ২'-এ খেললেও এই ছোট দেশগুলোর সামনেও প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ থাকবে।
ইউয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন বলেন,
‘নতুন এই ফরম্যাট প্রতিযোগিতার ভারসাম্য আরও উন্নত করবে, গুরুত্বহীন বা ডেড ম্যাচের সংখ্যা কমাবে এবং ফুটবলপ্রেমীদের আরও আকর্ষণীয় ও গতিময় এক প্রতিযোগিতা উপহার দেবে। একই সাথে আন্তর্জাতিক ক্যালেন্ডারে অতিরিক্ত কোনো ম্যাচের দিন (ডেট) না বাড়িয়েই এটি সব দলের জন্য চূড়ান্ত পর্বে যাওয়ার সমান সুযোগ নিশ্চিত করবে।’
উয়েফা আরও ঘোষণা করেছে যে, ২০২৮ সাল থেকে নেশনস লিগের কাঠামোতেও পরিবর্তন আনা হবে। নতুন নিয়মে টুর্নামেন্টটি ১৮টি করে দল নিয়ে মোট ৩টি স্তরে বিভক্ত হবে—যেখানে প্রতি ডিভিশনে ৬টি করে দল নিয়ে ৩টি গ্রুপ থাকবে। দলগুলোকে আগের মতোই ৬টি ম্যাচ খেলতে হবে, তবে প্রতিপক্ষ থাকবে ৫টি ভিন্ন দল।
এখানে ৬টি করে দল নিয়ে মোট ৩টি পট করা হবে। উদাহরণস্বরূপ—১ নম্বর পটে থাকা একটি দল, একই পটের অন্য একটি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে (নিজেদের মাঠে ও প্রতিপক্ষের মাঠে) ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে। এর পাশাপাশি ২ নম্বর ও ৩ নম্বর পট থেকে দুটি করে দলের বিপক্ষে (হোম অথবা অ্যাওয়ে ভিত্তিতে) বাকি ম্যাচগুলো খেলবে। তবে টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল এবং দলগুলোর উন্নতি ও অবনমন প্রক্রিয়া আগের নিয়মেই চালু থাকবে।
No posts available.
২০ মে ২০২৬, ৯:১৮ পিএম
২০ মে ২০২৬, ৭:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির প্রভাব যেন দিন দিন এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এবার ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানাতে তাঁর নিজের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে মেসির আকাশচুম্বী জনপ্রিয়তার কথা মাথায় রেখে নিউ জার্সির একটি স্থানীয় টাউনশিপ তাদের একটি রাস্তার অংশের নাম দিয়েছে ‘লিও মেসি ওয়ে’।
১৩ হাজারেরও কম জনসংখ্যার এই ছোট্ট শহরটি তাদের শেরম্যান অ্যাভিনিউয়ের একটি নির্দিষ্ট অংশকে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির নামে নামকরণের জন্য বেছে নিয়েছে। মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেকের পর থেকে উত্তর আমেরিকার ফুটবলে ইন্টার মায়ামি অধিনায়কের যে বিশাল প্রভাব, এই উদ্যোগটি তারই একটি স্থায়ী স্মারক হিসেবে কাজ করবে।
বিশ্বকাপ দরজায় কড়া নাড়তে থাকায় নিউ জার্সির স্থানীয় কমিউনিটি লিডাররা টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নানা উপায় খুঁজছেন। আর বার্কলে হাইটস উপশহরটি মেটলাইফ স্টেডিয়ামের খুব কাছে হওয়ায় তারা বিশ্বকাপের এই আবহকে দারুণভাবে লুফে নিচ্ছে; কারণ এই স্টেডিয়ামটিই বিশ্বফুটবলের এই মহাযজ্ঞের অন্যতম প্রধান ভেন্যু।
মূলত 'বিএইচ ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ টাস্ক ফোর্স'-এর উদ্যোগে এই নামকরণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া উৎসবটি যৌথভাবে আয়োজন করার প্রস্তুতি হিসেবে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে দিতে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এই বিশেষ প্রশাসনিক গ্রুপটি গঠন করা হয়েছিল। নিজেদের প্রজন্মের সেরা ফুটবলারের নামে রাস্তার নামকরণ করাটাকেই স্থানীয়দের বিশ্বকাপের সাথে যুক্ত করার সবচেয়ে সেরা উপায় হিসেবে বেছে নিয়েছে তারা।
‘লিও মেসি ওয়ে’ সাইনটি যেখানে বসানো হয়েছে, সেটি মোটেও কোনো কাকতালীয় বিষয় নয়। কৌশলগতভাবেই এটি ‘পাত্রিয়া স্টেশন ক্যাফে’র ঠিক পাশেই স্থাপন করা হয়েছে, যা এই অঞ্চলের আর্জেন্টাইন ভক্তদের জন্য একটি আত্মিক আশ্রয়স্থল হয়ে উঠেছে। আর্জেন্টাইন নৃত্যশিল্পী ক্যারোলিনা জোকালস্কির হাত ধরে প্রতিষ্ঠিত এই ক্যাফেটি আলবিসেলেস্তে কমিউনিটি এবং ফুটবলপ্রেমীদের আড্ডার একটি অত্যন্ত সুপরিচিত মিলনমেলা।
ভক্ত-সমর্থকদের ছবি তোলার জন্য জায়গাটি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, যা আরও একবার প্রমাণ করে যে—মেসির প্রভাব শুধু মাঠের সবুজ ঘাসেই সীমাবদ্ধ নয়, তা নিউ ইয়র্ক মেট্রোপলিটন অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনকেও গভীরভাবে প্রভাবিত করছে।
মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তাদের পরের ম্যাচ ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে। ২৮ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে লিওনেল স্কালোনিদের গ্রুপপর্ব।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে চোটের কারণে স্বপ্নভঙ্গের স্তব্ধতা কাটিয়ে অবশেষে মুখ খুলেছেন ফেরমিন লোপেজ। মেটাটারসাল ফ্র্যাকচারের (পায়ের পাতার হাড় ভাঙা) পর বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মাঠের বাইরে ছিটকে যাওয়ার এই দুঃসময়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার আগে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
লা লিগার একদম শেষ লগ্নে পাওয়া পায়ের চোটের পর ফেরমিন লোপেজের সফল অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। গত রোববার রিয়াল বেটিসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে ডান পায়ের পঞ্চম মেটাটারসাল (পায়ের পাতার বাইরের দিকের হাড়) ভেঙে যাওয়ায় এই তরুণ মিডফিল্ডারকে ছুরি-কাঁচির নিচে যেতে হয়। ওই ম্যাচে চোটের কারণে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল।
অস্ত্রোপচার সফল হওয়ার পর বার্সার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে,
‘ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ফ্র্যাকচারের কারণে ফেরমিনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হসপিটাল দে বার্সেলোনা-তে ডক্টর আন্তোনি দালমাউ কোলের তত্ত্বাবধানে এবং ক্লাবের মেডিকেল সার্ভিসের পর্যবেক্ষণে এই অস্ত্রোপচার করা হয়। তার মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, তা পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তীতে নির্ধারণ করা হবে।’
অস্ত্রোপচারের পর সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় নিজের হতাশা মোটেও লুকিয়ে রাখেননি ২৩ বছর বয়সী তারকা লোপেজ। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্পেন দল যখন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই এই চোটের আঘাত তার মনে কতটা গভীর ক্ষত তৈরি করেছে, তা স্পষ্ট ফুটে উঠেছে তাঁর কথায়। একজন পেশাদার অ্যাথলেট যখন ক্যারিয়ারের সেরা ছন্দে থাকেন, তখন এই ধরনের ধাক্কা মানসিক স্বাস্থ্যের ওপর কতটা চাপ ফেলে—সে কথাই অকপটে স্বীকার করেছেন তিনি।
নিজের পোস্টে ফেরমিন লিখেছেন,
‘অস্ত্রোপচার খুব ভালোভাবে সফল হয়েছে। আমি এখনই আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার কথা ভাবছি—শারীরিক এবং মানসিক, উভয় দিক থেকেই। জীবন আর ফুটবল—দুটোই বড্ড নিষ্ঠুর, বিশেষ করে যখন আপনি এটা সবচেয়ে কম আশা করবেন কিংবা আপনার সঙ্গে এমনটা হওয়া মোটেও উচিত নয়। তবে আপনাকে মেনে নিতেই হবে যে, এটাও এই যাত্রারই একটা অংশ।’
লোপেজ আরও যোগ করেন,
‘এটি আমার জন্য অত্যন্ত কঠিন একটা সময় এবং ক্যারিয়ারের আরও একটি বড় চ্যালেঞ্জ। তবে কোনো সন্দেহ নেই যে, আমি এই বাধা কাটিয়ে উঠব। এখন বাড়ি বসে জাতীয় দল আর আমার সতীর্থদের সমর্থন জোগানোর সময়। যারা পাশে থেকেছেন এবং সুন্দর সব বার্তা পাঠিয়েছেন, তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৮ ম্যাচে ১৩টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন লোপেজ। দুর্দান্ত এই ছন্দের কারণে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের শুরুর একাদশে তাঁর জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু আগামী জুনে টুর্নামেন্ট শুরু হতে যাওয়ার মুখে, এই চোটের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে বিশ্বকাপ খেলার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, প্রায় তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে লোপেজের। তাতে বিশ্বফুটবলের এই মহাযজ্ঞ তো বটেই, এমনকি বার্সেলোনার পুরো প্রাক-মৌসুমের প্রস্তুতিও মিস করবেন তিনি।

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। লিগের শেষ মুহূর্তের চরম স্নায়ুচাপের মধ্যেও মিকেল আরতেতার শিষ্যরা দারুণ লড়াকু মানসিকতা দেখিয়েছে। তবে আগামী রোববার ট্রফি উদযাপনে দলের দুই খেলোয়াড়ের কপালে চ্যাম্পিয়ন মেডেল জুটবে কি না, তা নিয়ে আছে অনিশ্চয়তা।
প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই টিকিয়ে রাখতে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির সামনে সমীকরণ ছিল একটাই—বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠেই জিততে হবে। কিন্তু সিটি সেই ম্যাচে জয় পেতে ব্যর্থ হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগের ট্রফি নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।
আগামী রোববার লিগের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে আর্সেনাল। সেলহার্স্ট পার্কে সেই ম্যাচ শেষেই প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরবেন গানার্স অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তবে ট্রফি ছোঁয়ার এই মহা-উৎসবেও দলের দুই তারকার কপালে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন মেডেল জুটবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের কোনো খেলোয়াড় যদি মেডেল পেতে চান, তবে তাকে লিগে অন্তত ৫টি ম্যাচ খেলতে হবে। আগে এই নিয়মে ১০টি ম্যাচ খেলার বাধ্যবাধকতা থাকলেও পরবর্তীতে তা কমিয়ে ৫ ম্যাচ করা হয়। গানার্স স্কোয়াডের সিংহভাগ খেলোয়াড়ই খুব সহজেই এই কোটা পূরণ করে ফেলেছেন। এমনকি গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া ক্রিস্তিয়ান নরগার্ডও লিগে ৬টি ম্যাচ খেলে মেডেল নিশ্চিত করে ফেলেছেন।
একইভাবে, মাত্র ১৬ বছর বয়সেই ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করা বিস্ময়বালক ম্যাক্স ডাওম্যানও লিগে ৫টি ম্যাচ খেলে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তাতে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মেডেল জয়ের অনন্য কীর্তি গড়লেন ডাওম্যান। অন্যদিকে, গত জানুয়ারিতে ধারে (লোন) মার্শেইতে চলে যাওয়ার আগে ইথান নওয়ানেরিও ৬টি ম্যাচ খেলে নিজের মেডেলটি নিশ্চিত করে রেখেছিলেন।
মেডেল মিস করছেন যারা
আর্সেনালের চ্যাম্পিয়ন স্কোয়াডের সেই দুই দুর্ভাগা হাই-প্রোফাইল তারকা কে, যারা পর্যাপ্ত ম্যাচ না খেলায় মেডেল পাচ্ছেন না? তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং হাই-প্রোফাইল নামটি হলো ইংলিশ ক্লাবটির দ্বিতীয় গোলকিপার কেপা আরিজাবালাগা।
স্প্যানিশ গোলকিপার কেপা চেলসি থেকে ধারে আর্সেনালে এসেছিলেন। চলতি মৌসুমে তিনি গানার্সদের হয়ে সব মিলিয়ে ১১টি ম্যাচ খেললেও তার প্রায় সবগুলোই ছিল কাপ টুর্নামেন্টে। প্রিমিয়ার লিগে এবার একটি ম্যাচও মাঠে নামা হয়নি তার। কারণ, লিগে গোল্ডেন গ্লাভস জয়ী ডেভিড রায়া পুরো মৌসুম জুড়েই ছিলেন আর্সেনাল পোস্টের নিচে অতন্দ্র প্রহরী।
মেডেলের জন্য টেকনিক্যালি যোগ্য নন দলের তৃতীয় পছন্দের গোলকিপার টমি সেটফোর্ডও। আয়াক্স একাডেমি থেকে আসা ২০ বছর বয়সী এই তরুণ আর্সেনালের মূল স্কোয়াডের সদস্য হলেও চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের একটি ম্যাচেও স্কোয়াডে জায়গা পাননি। তাঁর একমাত্র ম্যাচটি ছিল এফএ কাপে, যেখানে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে শেষ দিকে কেপার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে লিগে না হলেও ম্যানসফিল্ডের বিপক্ষে ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকটি ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি।
এই তালিকায় থাকা অন্য খেলোয়াড় হলেন ১৬ বছর বয়সী তরুণ ডিফেন্ডার মার্লি স্যালমন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪টি ম্যাচ খেললেও প্রিমিয়ার লিগে এখনো তার অভিষেকই হয়নি।
৪০ মেডেলের বিশেষ ‘কোটা’
তবে এই তিনজনের জন্য এখনই আশার আলো একবারে নিভে যায়নি। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দল নিজেদের ইচ্ছেমতো বণ্টন করার জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছ থেকে ৪০টি মেডেল পায়। ফলে ক্লাব কর্তৃপক্ষ চাইলে এই তিন ফুটবলারকে স্মারক হিসেবে মেডেল দিতেই পারে। তবে এই ৪০টির বাইরে অতিরিক্ত মেডেলের প্রয়োজন হলে প্রিমিয়ার লিগ বোর্ডের বিশেষ অনুমতির দরকার হয়, যা সাধারণত ব্যতিক্রমী কোনো পরিস্থিতি ছাড়া দেওয়া হয় না।
সব মিলিয়ে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। তবে আরতেতার দলের সামনে ডাবল জয়ের এক মহাকাব্যিক সুযোগ অপেক্ষা করছে। আগামী ৩০ মে বুদাপেস্টে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে গানার্সরা। সেই ম্যাচ জিততে পারলে দীর্ঘদিনের ইউরোপিয়ান ট্রফির খরাও ঘুচবে লন্ডনের ক্লাবটির।

ফেডারেশন কাপ ফাইনালের ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে কদিন ধরে কম জলঘোলা করেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত এক দিন পেছালেও সেই একই ভেন্যুতে গড়ালো ফাইনাল। যেখানে সবাইকে কিছুটা চমকেই দিল সাদা-কালোরা। হাই প্রেসিং ফুটবলে কিংসকে ভড়কে দিয়ে প্রথমার্ধে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল জিতে নিল বসুন্ধরা কিংস।
বুধবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মোহামেডানের হয়ে জোড়া গোল করেছেন মোজাফফরভ। তবে মালির এই ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সও ঢাকা পড়ল দোরিয়েলতনের দিনে।
এ নিয়ে এই প্রতিযোগিতায় পঞ্চবারের মতো শিরোপা জিতলো কিংস। যার মধ্যে টানা তিন বছরে ধরে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন তারা।
বছরের শুরুতে কুমিল্লায় মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ ২.০ জিতে শুরু; এরপর আবাহনীকে পেছনে ফেলে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ ফুটবল লিগ শিরোপাও নিশ্চিত করে তারা। আর আজ ফেডারেশন কাপ জিতে ঘরোয়া ট্রেবল জিতে নিলো বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ক্লাবটি।
এদিন পঞ্চম মিনিটে মোজাফফরভের ফ্রি কিক গোলে এগিয়ে যায় মোহামেডান। বক্সের একটু সামনে থেকে টপ কর্নার দিয়ে এই মিডফিল্ডার গোল করে উৎযাপনটা করেন ক্রিস্তিয়ানোর রোনালদোর মতো করে।
তবে মোহামেডানের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়। পরের মিনিটে বল দেওয়া নেওয়া করে মোহামেডানের বক্সে ঢুকে পড়েন স্যামুয়েল রাকসাম ও ফয়সাল আহমেদ ফাহিম। স্যামুয়েল শট নিলে ঠেকিয়ে দেন গোলকিপার সুজন। তবে ফিরতি শট নেওয়ার সময় রাকসামকে পেছন থেকে ফাউল করে বসেন শাকিল আহাদ তপু। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর সফল স্পট কিকে দলকে ১-১ সমতায় ফেরান দোরিয়েলতন। খানিক পরই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ আসে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।
১২ মিনিটে রাকিব মোহামেডানের বক্সে ঢুকে পড়েন ডানপ্রান্ত দিয়ে। জাতীয় দলের ফরোয়ার্ডের ক্রস কর্নার করে দেন জাহিদ শান্ত। শর্ট কর্নার থেকে রাকিব বল জালে ঠেলে দিলেও গোল মেলেনি সোহেল রানা হ্যান্ডবলের স্বীকার হলে। দুই মিনিট পর সোহেল রানার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলে শট নেন মোজাফফরভ। যদিও বল বেরিয়ে যায় বাম পাশের পোস্ট ঘেঁষে।
২২ মিনিটে আরিফের বাড়ানো বলের নাগাল নিতে যাওয়া সাইফুলকে নিজেদের পেনাল্টি এরিয়ায় ফেলে দেন কিংসের অধিনায়ক তপু। রেফারির বাশি বাজার পর পেনাল্টি নিতে আসা মোজাফফরভকে ডানদিকে ঝাপিয়ে পড়ে আটকে দেন শ্রাবণ। এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া হয় মোহামেডানের।
পেনাল্টি মিসের পর হতাশায় না ডুবে হাই-প্রেসিং ফুটবলে কিংসকে আরও চেপে ধরে মোহামেডান।
ফেডারেশন কাপে নিজের সপ্তম গোলে সৌরভ দেওয়ান ৩৫ মিনিটে এগিয়ে দেন মোহামেডানকে। আক্রমণের শুরু নিজেদের অর্ধ থেকে এলি কেকের একটা লং বল থেকে। যেটা কিংসের ডান কর্নারের কাছে মাটিতে নামান জাহিদ শান্ত। তাঁর কাটব্যাকে মোজাফফরভের শট ফিরে এলে সেই শান্তর আরেকটা নিচু ক্রসে গোলমুখের সামনে পোস্টে দারুণভাবে প্লেসিং করেন সৌরভ।
৩৬ মিনিটে দোরিয়েলতনকে গোলবঞ্চিত করেন এলি কেকে। এগিয়ে যাওয়া মোহামেডান এরপরও আনমার্কে রাখে কিংসের এই গোলমেশিনকে। সেটির ফায়দা খানিক পর আরেকবার নিতে পারেননি এই ব্রাজিলিয়ান।
৪২ মিনিটে আরও একবার গোলবারের সামনে দুর্দান্ত ছিলেন শ্রাবন। রহমতের দূরপাল্লার শট পা দিয়ে ঠেকিয়ে দেন তিনি।
এই অর্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রাকিবের দারুণ ক্রসে দোরিয়েলতনের হেডে কাপে মোহামেডানের ক্রসবার। বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরা হয়নি কিংসের।
দোরিয়েলতনকে আনমার্ক রাখলে কি হয় সেটি বিরতির পর মোহামেডানকে বুঝিয়ে দিতে সময় নেননি এই ব্র্রাজিলিয়ান। ৫১ মিনিটে মধ্যমাঠ থেকে রক্ষণচেড়া পাস দেন রাকিব। সেখান থেকে এলি কেকেকে পেছনে ফেলে পোস্টের ডান দিক দিয়ে নিচু শটে জাল কাঁপান দোরিয়েলতন।
৬৮ মিনিটে কিংসকে প্রায় এগিয়ে দিচ্ছিলেন দোরিয়েলতন। তবে তাঁকে গোলবঞ্চিত রাখেন সুজন।
৭১ মিনিটে জোড়া পরিবর্তন আনে মোহামেডান। সাইফুলকে তুলে রহিম উদ্দিন এবং জুয়েল মিয়াকে তুলে জয় আহমেদকে নামান কোচ সেন্টু।
৭৪ মিনিটে কি মিসটাই না করলেন শাহরিয়াার ইমন। ফাহিমের ক্রসে পোস্টের সামনে ফাকায় থেকেও বলে পা ছোয়াতেই পারলেন না। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন জাতীয় দলের এই উইঙ্গার।
৭৯ মিনিটে সেই দোরিয়েলতনের হ্যাাটট্রিকে কিংসকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। দারুণ গোলের পর জার্সি খুলে ভিন্ন রকম উৎযাপন করে কার্ড দেখেন কিংসের এই নম্বর নাইন। সেই সঙ্গে এই প্রতিযোগিতায় ১২ গোল হলো তাঁর। প্রতিযোগিতার সর্বোচ্চও এটিই।
শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু ২৫ মে। ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ছয় জাতির এই টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি আফঈদা খন্দকারদের। এর জন্য অবশ্য চড়াই-উতরাইয়ের মধ্যদিয়েই যেতে হবে পিটার বাটলারের দলকে।
অষ্টম সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও মালদ্বীপ। শক্তিশালী এই দুই প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলার প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডে ১৫ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ। যেখানে স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন আফঈদারা।
অনুশীলন ক্যাম্পে ব্যস্ত সময় পার করার পর সাফে অংশ নিতে আগামীকাল সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন পিটার বাটলাররা। স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ব্যাংকক থেকে রওনা দিয়ে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় গোয়ায় পৌঁছাবেন তারা। পরের দিনই সেখানে প্রথম অনুশীলন সেশনে নামবে দল।
ব্যাংকক ছাড়ার আগে বুধবার অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্পে শেষবারের মতো অনুশীলন করেছেন আফঈদারা। এদিন দলের খেলোয়াড়রা তিনটি গ্রুপে ভাগ হয়ে ছোট পরিসরে (স্মল-সাইডেড) ম্যাচ খেলেন তারা। সবশেষ তথ্যমতে, দলের খেলোয়াড়রা সবাই সুস্থ আছেন। এখন পর্যন্ত স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড়ের চোট বা ইনজুরির খবর পাওয়া যায়নি।
বড় কোনো টুর্নামেন্টের আগে প্রস্তুতি ক্যাম্পের সংস্কৃতি ফুটবলে বেশ পরিচিত। তবে এ ধরনের ক্যাম্পগুলো বেশ ব্যয়বহুল। তারপরও নারী দলকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্যাংকক ছাড়ার আগে বাংলাদেশ কোচ পিটার বাটলার এই বিষয় নিয়ে কথা বলেছেন।
আফইদাদের ব্রিটিশ কোচ বলেন,
‘আমি এই ক্যাম্পের যৌক্তিকতা শুধু এই কারণে দেখাচ্ছি না যে এটিই নিয়ম। আজকাল আপনি যার সাথেই কথা বলবেন, সবাই কমবেশি এই বিষয়টি বুঝতে পারছেন। এই ধরনের ক্যাম্পগুলো কতটা ব্যয়বহুল, সে সম্পর্কে আমি খুব ভালোভাবেই সচেতন। আসলে ক্যাম্পগুলো সফলভাবে পরিচালনা করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।’
ক্যাম্পের দারুণ সুযোগ করে দেওয়ার জন্য বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাটলার বলেন,
‘আমি বাফুফের সেসব কর্মকর্তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ, যারা আমাদের জন্য এই সুযোগটি করে দিয়েছেন। এই ক্যাম্পটি আমাদের জন্য একদম নতুন এক ঝলক টাটকা বাতাসের মতো। প্রতিটি জিনিসেরই ভালো এবং মন্দ দুটো দিকই থাকে। এটি চিরন্তন সত্য যে, আপনি ভালো সময়ের চেয়ে খারাপ বা কঠিন পরিস্থিতি থেকেই বেশি কিছু শিখতে পারবেন।’
বাংলাদেশ কোচ বেশ আশাবাদী, ব্যাংককের ১৫ দিনের ক্যাম্প বেশ কাজে দেবে গোয়ায়। তিনি যোগ করেন,
‘আশা করি আমরা ভবিষ্যতে এই রকম আরও ক্যাম্পের সুযোগ পাব। আমার মনে হয় 'অ্যালপাইন'-এর এই সুযোগ-সুবিধাগুলো সত্যিই চমৎকার ছিল। আর ভবিষ্যতের কথা যদি বলি, আমি এখানে থাকি বা অন্য কেউ আসুক না কেন— সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এবং অন্যরা মিলে ভবিষ্যৎ সাফল্যের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে দিয়ে যাচ্ছি। সেটা সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চেই হোক কিংবা এশিয়ান কাপের স্তরেই হোক।’
ব্যাংককে নিজেদের শেষ দিনের অনুশীলন শেষে দলের অ্যাটাকিং মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা বলেন,
‘এখানে তীব্র তাপ ও রোদের মধ্যেই দুই সপ্তাহ ধরে অনুশীলন করেছি আমরা। খেলোয়াড়রা সবাই প্রস্তুত। সাফে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা লক্ষ্য নিয়ে মাঠে নামব এবং শিরোপা ধরে রাখার চেষ্টা করব।’
তিনি আরও বলেন,
‘আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত। আমরা এখানে দুটি ম্যাচ খেলেছি, যা মূল খেলায় কাজে লাগবে। দেশবাসীর কাছে সমর্থন চাই, আমরা দেশবাসীকে নিরাশ করব না।’