১০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখন লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা নিতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তেমন বড় কোনো ট্রফির জেতার স্বাদও পাননি আল নাসরের তারকা ফরোয়ার্ড। তবে এবার লিগ জেতার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে পর্তুগিজ মহাতারকাকে।
সৌদি লিগে পয়েন্ট টেবিলে আপাতত রোনালদোর আল নাসরেরই আধিপত্য। তবে রোনালদোর ক্লাবকে নাকি ‘কারচুপি’ করে লিগ জেতানো হচ্ছে, এমন গুরুতর অভিযোগই তুললেন আল আহলির দুই ফুটবলার।
আল আহলির ফরোয়ার্ড ইভান টনি সৌদি প্রো লিগের রেফারিংয়ের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। আল আহলিতে তাঁর সতীর্থ ওয়েন্ডারসন গেলানো তো এককাঠি সরেস। ব্রাজিলিয়ান এই ফুটবলারের মতে, এই প্রতিযোগিতায় ‘একজন নির্দিষ্ট খেলোয়াড়কে’ শিরোপা জেতানোর প্রবণতা রয়েছে। আর সেই খেলোয়াড় হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বর সৌদি লিগে আসার পর এখনও লিগ শিরোপা জেতা হয়নি যাঁর।
আল আহলির খেলোয়াড়রা মনে করছেন, বুধবারের আল ফাইহা-এর বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে তাদের অন্তত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এই ড্রয়ের পর দলটি পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেছে। ২৮ ম্যাচ শেষে ক্লাবটির সংগ্রহ ৬৬ পয়েন্ট। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল নাসরের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা।
ম্যাচের পর গ্যালেনো এক্স-এ লিখেন,
‘ট্রফি দিয়ে দাও, এটাই তারা চায়। আমাদের যেকোনোভাবে চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে দিতে চায়, ট্রফিটা একজনের হাতে তুলে দিতে চায়—এটা আমাদের ক্লাবের প্রতি চরম অসম্মান।’
কে এতে সুবিধা পাচ্ছে—এমন প্রশ্নে টনি সরাসরি কোনো ক্লাবের নাম না নিলেও বলেন, ‘আমরা জানি কে। আমরা কাকে ধরার চেষ্টা করছি?”
ইংল্যান্ড জাতীয় দলের ফরোয়ার্ড ইভান টনি চলতি মৌসুম সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জেতার দৌড়ে শীর্ষে আছেন্। ২৬ ম্যাচে তাঁর গোলসংখ্যা ২৭। আল ফাইহার বিপক্ষে তাদের পেনাল্টির আবেদন ভিএআর রিভিউয়ের পরও বাতিল হওয়ায় বেশ হতাশ হয়েছেন টনি,
‘সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ওই দুটি পেনাল্টি। এটা একদম পরিষ্কার। আমি বুঝতে পারছি না, ও কীভাবে বলটি হ্যান্ডল করত? দুই হাতে তুলে নিলে কি তখন পেনাল্টি দিত? দেবে কি দেবে না?’
টনি যোগ করেন,
‘এরপর যখন আমরা রেফারির সঙ্গে কথা বলতে গেলাম, তিনি বললেন, “এএফসি-তে (এশিয়ান ফুটবল কনফেডারেশন চ্যাম্পিয়নস লিগ) মন দাও।” একজন রেফারি কীভাবে এটা বলতে পারে?’
আল আহলির ফরোয়ার্ড আরও বলেন,
‘আমি চাইলে আরও গভীরে যেতে পারি, কিন্তু এতে সমস্যায় পড়তে পারি। আমি এমন একজন মানুষ, যে যা সত্য সেটা সরাসরি বলে।’
নিজ দলের শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে টনি বলেন,
‘আমরা এগিয়ে যাব, যা করার তাই করব, আশা করি কিছু ন্যায্য সিদ্ধান্ত পাব। যদি ভালো রেফারি থাকে, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারব এবং সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে গেলে আমাদের ভালো সুযোগ থাকবে। কিন্তু এমন পরিস্থিতিতে সবসময়ই কাজটা কঠিন হয়ে যায়।’
সর্বশেষ ২০১৮–১৯ মৌসুমের পর থেকে আর সৌদি প্রো লিগ শিরোপা জিততে পারেনি আল নাসর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রোনালদো ছাড়াও একগাদা তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েও লিগ শিরোপার দেখা পায়নি ক্লাবটি। আগামীকাল আল ওখদুদের মুখোমুখি হবে রোনালদোর দল।
No posts available.

ম্যানচেস্টার সিটি যখন প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড়ে আর্সেনালকে ধরার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পেপ গার্দিওলা জানিয়েছেন, মৌসুমে নেওয়া তার সবচেয়ে সেরা সিদ্ধান্তের কথা। নটিংহ্যাম ফরেস্ট এবং ওয়েস্ট হ্যামের সাথে ড্র করে সিটি কিছুটা ছন্দ হারালেও কারাবাও কাপের ফাইনালে গার্নারদের হারানো এবং এফএ কাপে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে সিটিজেনদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
সিটির এই সাফল্যের মাঝেই শোনা যাচ্ছে, বার্নার্দো সিলভা হয়তো ম্যানসিটি ছাড়ছেন। জুনে চুক্তির মেয়াদ শেষ হবে পর্তুগিজ মিডফিল্ডারের। গার্দিওলার সহকারী পেপ লিন্ডার্স সিলভার চলে যাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত করেছেন। তবে গার্দিওলা জানিয়েছেন, সিলভা নিজে তাকে এখনো কিছু জানাননি।
প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচের আগে গার্দিওলা বলেন,
“আমি বার্নার্দোর ওপর খুব রাগ করেছি। আমি তাকে বলেছিলাম কোনো সিদ্ধান্ত নিলে সবার আগে যেন আমাকে জানায়। কিন্তু সে এখনো কিছু বলেনি আমাকে।”
সিলভা সম্পর্কে গার্দিওলা একটি বড় সত্য স্বীকার করেছেন। তিনি মনে করেন, মৌসুমের শুরুতে পর্তুগিজ এই মিডফিল্ডারকে ক্লাব অধিনায়ক বানানোই ছিল তাঁর এই মৌসুমের সেরা সিদ্ধান্ত।
গার্দিওলা বলেন,
“হ্যাঁ, এটিই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। একজন সত্যিকারের অধিনায়ক তখনই বোঝা যায় যখন দল খারাপ সময়ের মধ্য দিয়ে যায়। বার্নার্দো সবসময় নিজের চেয়ে দল এবং ক্লাবকে আগে প্রাধান্য দেয়, যা সবাই পারে না।”
সিলভার প্রশংসা করে গার্দিওলা আরও বলেন,
“সে হয়তো উচ্চতায় খুব লম্বা নয়, বা খুব পেশীবহুলও নয়, কিংবা প্রতি মৌসুমে ৫০টি গোল বা অ্যাসিস্টও করে না। সাধারণত মানুষ গোলদাতাদের নিয়ে বেশি আলোচনা করে। কিন্তু একজন কোচের যা প্রয়োজন, বার্নার্দোর তা সবই আছে। সে অত্যন্ত লড়াকু এবং তার ভেতরে জেতার এক তীব্র আগুন আছে। বড় ম্যাচগুলোতে সে কখনো ভয় পায় না।”

দুই মাস পরই শুরু হচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে বড় ধাক্কা খেল মিশর। রেফারিকে আঘাত করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আফ্রিকার দেশটির প্রধান গোলকিপার মোহাম্মদ এল-শেনাওয়ি।
মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল-আহলি এফসির হয়ে খেলেন শেনাওয়ি। মঙ্গলবার সেরামিকা ক্লিওপেট্রার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ছিলেন বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে সেরামিকার একজন ডিফেন্ডারের হাতে বল লাগলে আল-আহলি পেনাল্টির দাবি জানায়। রেফারি আবেদন নাকচ করলে রেগে যান শেনাওয়ি।
লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে,
‘রেফারিকে ধাক্কা দেওয়া বা টেনে ধরার মাধ্যমে লাঞ্ছিত করার দায়ে (সহিংসতা ছাড়া হাতের ব্যবহার) শেনাওয়িকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার মিশরীয় পাউন্ড (প্রায় ৯৪২ ডলার) জরিমানা করা হয়েছে।‘
শেনাওয়িকে এখন লিগ প্লে-অফের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল-আহলি বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে রয়েছে।
জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭৫ টি ম্যাচ খেলেছেন শেনাওয়ি। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) মিশরের প্রথম পছন্দের গোলকিপার ছিলেন শেনাওয়ি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে গ্রুপ ‘জি’ তে রয়েছে মিশর। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে মোহাম্মদ সালারা। গ্রুপপর্বে মিশরের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও ইরান।
নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মে মাসের মাঝামাঝি ফিরবেন শেনাওয়ি। ফলে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে যেতে হবে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই গোলকিপারকে।

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ঢাকা ডার্বিতে দ্বিতীয় দেখায় ২-১ গোলের ব্যবধানে জিতেছে আবাহনী স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস থেকে মারুফুল হকের দলের পয়েন্ট ব্যবধান কেবল ২।
শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে অঘটন ঘটে। ৪৬তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হাসান মুরাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মিতুল মারমার। মাঝমাঠ থেকে ভেসে আসা ক্রস লক্ষ্য করে বক্সে ঢুকে পড়েন মুরাদ। মুহূর্তেই লাফ দিয়ে বলটি গ্লাভসবন্দী করেন মিতুল। তবে মাটিতে পড়ার সময় মোহামেডানের গোলকিপারের পায়ের আঘাতে চোয়ালে ব্যথা পান আবাহনী সেন্টারব্যাক।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় হাসান মুরাদকে। যা পর্যাপ্ত ছিল না। দেরি না করে তাৎক্ষণিক স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় মুরাদকে। এরপরই অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। পরবর্তীতে মুরাদের বদলি হিসেবে নামেন সবুজ হোসাইন।
আবাহনী টিম সূত্রে জানা গেছে, স্ক্যানে মুরাদের চোয়ালে কোনোরকম ফাটল বা চিড় ধরা পড়েনি। তবে আঘাতের কারণে দুইটি দাঁতের কোনা ভেঙে গেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ঢাকা ডার্বিতে দ্বিতীয় দেখায় শোধ নিয়েছে আবাহনী স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রথম দেখায় হারের পর আজ ২-১ গোলের ব্যবধানে জিতেছে মারুফুল হকের দল। এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা
বিএফএলে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ৭ জয়ে ক্লাবটির পয়েন্ট ২৪। আর আবাহনীর ১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট দাঁড়াল ২২। তৃতীয়স্থানে থাকা ফর্টিসের পয়েন্ট ২১। ষষ্ঠ নম্বরে থাকা মোহামেডা অবনমন হয়ে এখন সপ্তম নম্বরে। ১২ ম্যাচে সাদা-কালোদের জয় কেবল দুটি।
শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় বিএফএলে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে থেকে স্কোরবোর্ডে জয় লেখায় আবাহনী।
ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে কর্ণার থেকে গোল আদায় করে মোহামেডানকে এগিয়ে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। দুরুহ কোন থেকে তার হাওয়ায় ভাসানো ইনসুইং শট বেশ দৃষ্টিনন্দন ছিল। যা সরাসরি টপ কর্ণার দিয়ে জালে জড়ায়।
সপ্তম মিনিটে শোধের সুযোগ পায় মারুফুল হকের দল। সুলেমান দিয়াবাতের ক্রস থেকে বল রিসিভের পর ডান প্রান্ত ধরে সোজা বক্সে ঢুকে পড়েন মিরাজুল। তবে পা দিয়ে সে বল ঠেকিয়ে দেন হোসেন সুজন। এক্ষেত্রে দায় ছিল মূলত মিরাজুলেই। আরেকটু পাওয়ার জেনারেট করলে হয়তো ভিন্ন কিছু হতে পারত।
প্রথম ভুলের পর ষোড়শ মিনিটে মিরাজুল অবশ্য আর হতাশ করেননি আবাহনীকে। মধ্যমাঠ থেকে এমেকা ইউজিগোর বুদ্ধিদৃপ্ত শট হালকা ছোঁয়ায় তরুণ মিডফিল্ডার মিরাজুলের কাছে পৌঁছে দেন হাসান মুরাদ। ডি বক্সের বাইরে থাকা মিরাজুল সে বল নিয়েই ক্ষিপ্তগতিতে ঢুকে পড়েন বক্সে। দারুণ টার্ন এবং সে সঙ্গে ফিনিশিং টাচে আবাহনীকে ফেরান সমতায়। লিগে এটি তার দ্বিতীয় গোল।
বিরতিতে যাওয়ার আগে হলুদ কার্ড দেখেন মোহামেডানের সেন্টারব্যাক শাকিল আহাদ তপু। আর ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে ঘটে অঘটন। বল ক্লিয়ার করতে গিয়ে হাসান মুরাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মিতুল মারমার। মাঝমাঠ থেকে উড়ে আসা ক্রস লক্ষ্য করে বক্সে ঢুকে পড়েন মুরাদ। লাফ দিয়ে বলটি গ্লাভসবন্দী করেন মিতুল। তবে মাটিতে পড়ার সময় মোহামেডান গোলকিপারের পায়ের আঘাতে চোয়ালে ব্যথা পান মোহামেডান সেন্টারব্যাক।
প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় মুরাদকে। এরপরই অ্যাম্বুল্যান্সে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় আবাহনী সেন্টারব্যাককে। তার বদলি হিসেবে নামেন সবুজ হোসাইন।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে মোরছালিনের ফ্রি কিক দারুণ হেডারে লক্ষ্যভেদ করেন ইয়াসিন। তবে সে শট পাঞ্চ করে বাইরে পাঠান আবাহনীর বদলি গোলকিপার সাকিব আল হাসান। এরপরও আরও একবার সুযোগ হাতছাড়া করে মোহামেডান। ডানপ্রান্ত থেকে কর্ণার কিক নিয়েছিলেন মোরছালিন। দ্বিতীয় সুযোগটিও কাজে লাগাতে পারেননি সবুজ। তার শট বারে লেগে ফেরত আসে।
আবাহনী লিড দ্বিগুণ করে ৬৫তম মিনিটে। মোহামেডানের হয়ে ৯৬ গোল করা এমেকার ক্রস কাজে লাগিয়ে গোল আদায় করেন দিয়াবাতে। আবাহনীতে এটি তার নবম গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে আবাহনী।

ফুটবল মাঠের `বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজের জীবনের গল্প এবার দেখা যাবে রুপালি পর্দায়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলকিপারের জীবন নিয়ে অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
মার্তিনেজকে নিয়ে বানানো সিনেমাটির নাম দেওয়া হয়েছে 'দিবু মার্তিনেজ: এল পিবে কে আতাজা এল তিয়েম্পো' যার বাংলা অর্থ ‘যে শিশুটি সময় থামিয়ে দেয়।’ মার্তিনেজের ছোটবেলার ডাকনাম ‘দিবুর সাথে মিল রেখেই এই নামকরণ।
মার দেল প্লাতা থেকে উঠে আসা মার্তিনেজ সাধারণ থেকে কিভাবে বিশ্বসেরা গোলকিপার হয়ে উঠলেন সেই গল্প ফুটিয়ে তোলা হবে সিনেমাটিতে। এতে অ্যানিমেশনের পাশাপাশি মার্তিনেজের অপ্রকাশিত সাক্ষাৎকার এবং দুর্লভ ভিডিও ফুটেজও ব্যবহার করা হবে।
মুক্তির সুনির্দিষ্ট তারিখ জানানো না হলেও, চলতি বছরের শেষ দিকে এটি প্রিমিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। গুস্তাভো কোভার পরিচালনায় সিনেমাটি লিখছেন হার্নান কাসিয়ার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স জানিয়েছে, ‘এই খবরটি গোল সেভ করার মতোই রোমাঞ্চকর। এমন এক কিশোরের গল্প এটি, যে গোলকিপার হওয়ার স্বপ্ন দেখেছিল এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম বড় নায়কে পরিণত হয়েছে।’
২০২২ কাতার বিশ্বকাপে গোলপোস্টের নিচে দেয়াল হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মার্তিনেজ। আলবিসেলেস্তেদের হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্তিনেজ।
মার্তিনেজ বর্তমানে ব্যস্ত আছেন তাঁর ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে বোলোনিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রেখেছেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিক নিচেই চতুর্থ স্থানে রয়েছে মার্তিনেজের দল।