২০ আগস্ট ২০২৫, ৮:৩৫ পিএম

ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও ফুটবল ইতিহাসে নিজের নাম লিখেছেন নতুন উচ্চতায়। গড়েছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড, এমনটাই দাবি তার ক্লাব ফ্লুমিনেন্সের।
গত মঙ্গলবার কোপা সুদামেরিকানায় আমেরিকা দে কালি-এর বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচ খেলার মধ্য দিয়ে এই রেকর্ড নিজের করে নিয়েছেন ফাবিও। এটি ছিল অভিজ্ঞ এই গোলরক্ষকের ক্যারিয়ারের ১ হাজার ৩৯১তম ম্যাচ।
গিনেস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী, ফাবিও পেছনে ফেলেছেন সাবেক ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে (১ হাজার ৩৯০ ম্যাচ)। যদিও শিলটন নিজে দাবি করেন যে, তিনি ১ হাজার ৩৮৭টি ম্যাচ খেলেছেন।
রেকর্ড গড়ায় ৪৪ বছর বয়সী ফাবিওকে ম্যাচ শেষে ক্লাবের পক্ষ থেকে স্মারক ফলক ও চিত্রকর্ম উপহার দেওয়া হয়। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি সব সময় চেষ্টা করি প্রথমে একজন ভালো মানুষ হতে। আজকের দিনটির জন্য আমার পরিবার, বন্ধু, স্ত্রী, সবার প্রতি কৃতজ্ঞতা। ঈশ্বরের সাহায্য ছাড়া এসবের কিছুই সম্ভব হতো না।"
দীর্ঘ ক্যারিয়ারে সব মিলিয়ে ২৭টি শিরোপাজয়ী ফাবিও ব্রাজিল জাতীয় দলে ডাক পেলেও কখনই জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। চলতি বছরের ক্লাব বিশ্বকাপে তিনি ফ্লুমিনেন্সের হয়ে সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর তার বয়স হবে ৪৫ বছর।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় ফাবিও ও শিলটনের পর তালিকায় আছেন যথাক্রমে ক্রিস্তিয়ানো রোনালদো (১ হাজার ২৮৭), পল বাসটক (১ হাজার ২৮৪) ও রজেরিও সেনি (১ হাজার ২২৬)। এদের মধ্যে ফাবিও বাদে শুধুমাত্র রোনালদোই এই তালিকার একমাত্র সদস্য যিনি খেলা চালিয়ে যাচ্ছেন এখনও।
No posts available.
১৯ মে ২০২৬, ২:০১ পিএম
১৯ মে ২০২৬, ১:২৭ পিএম

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফের জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। ঐতিহাসিক এই মিশনে তারা দলে টেনেছে ওয়েস্ট হ্যাম ও স্টোক সিটির সাবেক স্ট্রাইকার মার্কো আরনাউতোভিচকে।
৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডে খেলছেন। অস্ট্রিয়ার হয়ে ১৩২ ম্যাচে ৪৭টি গোল করা আরনাউতোভিচ অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।
দীর্ঘ সময় ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম এবং স্টোক সিটির হয়ে খেলেছেন এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে মোট ১৮৪ ম্যাচ খেলে ৪৩ গোল ও ৩৩ গোলে অ্যাস্টি করেছেন আরনাউতোভিচ।
দলটিতে বরুশিয়া ডর্টমুন্ডের দুই মিডফিল্ডার মার্সেল জাবিতসার এবং কার্নি চুকউইমেকাও ডাক পেয়েছেন, যারা যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলায় খেলেছেন।
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা এই দলটির অধিনায়কত্ব করবেন। আর দলটির কোচের দায়িত্বে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক।
বিশ্বকাপে অস্ট্রিয়া রয়েছে ‘জে’ গ্রুপে জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপের অন্য দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও আলজেরিয়া।
অস্ট্রিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: প্যাট্রিক পেনৎজ (ব্রন্ডবি), আলেকজান্ডার শ্লাগার (আরবি সালজবুর্গ), ফ্লোরিয়ান উইগেল (ভিক্টোরিয়া পিলসেন)।
ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার (এলচে), ডেভিড আলাবা (রিয়াল মাদ্রিদ), কেভিন ডানসো (টটেনহ্যাম), মার্কো ফ্রিডল (ভার্ডার ব্রেমেন), ফিলিপ লিনহার্ট (ফ্রেইবুর্গ), ফিলিপ মিয়েনে (মেইঞ্জ), স্টেফান পশ (মেইঞ্জ), আলেকজান্ডার প্রাস (হোফেনহেইম), মাইকেল সভোবোদা (ভেনেসিয়া)।
মিডফিল্ডার: ক্রিস্টোফ বাউমগার্টনার (আরবি লাইপজিগ), কার্নি চুকউইমেকা (বরুশিয়া ডর্টমুন্ড), ফ্লোরিয়ান গ্রিলিচ (ব্রাগা), কনরাড লায়মার (বায়ার্ন মিউনিখ), মার্সেল জাবিতসার (বরুশিয়া ডর্টমুন্ড), জাভার শ্লাগার (আরবি লাইপজিগ), রোমানো শ্মিড (ভার্ডার ব্রেমেন), আলেসান্দ্রো শফ (পেলেটস ডব্লিউএসি), নিকোলাস সিওয়াল্ড (আরবি লাইপজিগ), পল ওয়ানার (পিএসভি আইন্দহোভেন), প্যাট্রিক উইমার (ভলসবুর্গ)।
ফরোয়ার্ড: মার্কো আরনাউতোভিচ (রেড স্টার বেলগ্রেড), মাইকেল গ্রেগরিচ (অগসবুর্গ), সাসা কালাইজিচ (এলএএসকে)।
ফেডারেশন কাপ ২০২৫-২৬ মৌসুমের ফাইনাল গড়ানোর কথা ছিল আজ মঙ্গলবার । কিন্তু বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল একদিন পিছিয়েছে। তবে আগের মতো একই ভেন্যুতে কিংস অ্যারেনায় হচ্ছে ফাইনাল। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে বিজ্ঞপ্তি দিয়ে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর আগে ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি তুলেছিল মোহামেডান। কিংসের ভেন্যুতে খেলবে না বলে গত ১২ মে বাফুফেকে চিঠি দেয় মোহামেডান। সেটি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চললেও সমাধানে পৌঁছানো যায়নি। এমনকি ফাইনাল গড়ানোর কয়েক ঘন্টা আগেও অনিশ্চয়তা মেঘ কাটেনি। বাফুফে থেকে কেন ম্যাচের দিন দুপুর ১টার আগ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হলো না তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এমনকি বসুন্ধরা কিংস আজ সকালে বাফুফে দেওয়া চিঠিতে বিষয়টি উল্লেখ করে। ফাইনাল নিয়ে বাফুফের অবস্থানকে প্রশ্ববিদ্ধ আখ্যায়িত করেছে তারা। ওই চিঠিতে কিংস জানায় যে ম্যাচটি যেন বাতিল করা হয় এবং ট্রফি মোহামেডানকে দিয়ে দেওয়া হয়। কিংসের পক্ষ থেকে চিঠি যাওয়ার কিছু সময় পর অবশেষে কোনো আনুষ্ঠানিক বার্তা পাঠালো বাফুফে। ম্যাচটি আগামীকাল একই সময় এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ম্যানচেস্টার সিটিতে অবসান হচ্ছে এক সোনালী অধ্যায়ের। ইতিহাদে এক দশক কাটানোর পর বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলা। ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও এক বছর আগেই দায়িত্ব ছাড়ছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। সোমবার রাতে এমনই খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগের শেষ ম্যাচের পরপরই গার্দিওলা আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেবেন বলে জানিয়েছে রয়টার্স। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে চেলসির সাবেক কোচ এনজো মারেস্কার নাম জোরেসোরে শোনা যাচ্ছে।
২০১৬ সালের জুলাইয়ে দলটির কোচের দায়িত্ব নেন গার্দিওলা। সিটির হয়ে এক দশকের এই যাত্রায় প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত হয়েছেন। ইতিহাদে জিতেছেন - প্রিমিয়ার লিগ শিরোপা ৬ বার, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ১ বার, ৫ বার ইএফএল কাপ, ৩ বার এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড ৩ বার, ইউয়েফা সুপার কাপ ১ বার, ও ফিফা ক্লাব বিশ্বকাপ ১ বার।
চলতি মৌসুমেও সিটিকে দুটি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। ইতিমধ্যে তাঁর দল ঘরে তুলেছে লিগ কাপের শিরোপা। আর শনিবার চেলসিকে এফএ কাপে হারিয়ে সিটির হয়ে ২০তম ট্রফি উঁচিয়ে ধরেছেন।
গার্দিওলার শূন্যস্থান পূরণে ম্যানসিটি প্রথম পছন্দ এনজো মারেস্কা। চার মাস আগে চেলসির কোচের পদ থেকে ইস্তফা দেওয়া মারেস্কাকে নিয়ে গত কয়েক মাস ধরেই ইতিহাদে গুঞ্জন চলছিল। গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার পুরনো অভিজ্ঞতা থাকায় তাকেই সিটির ফুটবল দর্শনের যোগ্য উত্তরসূরি মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যমে গার্দিওলার বিদায়ের খবর প্রচার হলেও এফএ কাপ ফাইনাল জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে বরাবরের মতোই রহস্য ধরে রেখেছেন গার্দিওলা। সংবাদ সম্মেলনে টিএনটি স্পোর্টস যখন তাকে ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করে, পেপ কিছুটা বিরক্ত হয়ে উল্টো প্রশ্ন করেন, ‘কীসের গুঞ্জন?’ এরপর আর কোনো কথা না বাড়িয়ে ‘আপনার সন্ধ্যাটি শুভ হোক’ বলে সাক্ষাৎকার শেষ করেন তিনি।
গার্দিওলার লক্ষ্য এখন ম্যান সিটিকে চলতি মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জেতানো। আজ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। লিগে ৩৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৮২। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
আজ যদি ম্যানচেস্টার সিটি জিতে যায়, তবে প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য নির্ধারণ হবে আগামী রোববারের শেষ দিনে। অ্যাস্টন ভিলার বিপক্ষে সেদিন যদি সিটি জিতে এবং আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে বসে তাহলে ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপা জিতবে ম্যান সিটি।
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য সোমবার রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে জায়গা পাননি ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোসহ বেশ কয়েকজন তারকা। দল নির্বাচন কতটা কঠিন ছিল তা অকপটে স্বীকার করেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি।
চলতি মৌসুমে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন পেদ্রো। ওপেন প্লে গোলদাতা তালিকায় আর্লিং হালান্ডের পরই ছিলেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগেও ৩ গোল করেছেন পেদ্রো।
কিন্তু আনচেলত্তি তাঁর বদলে ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো কিংবা বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ানকে বেছে নিয়েছেন। থিয়াগো চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২২ গোল করেছেন, আর রায়ান করেছেন ৫ গোল।
পেদ্রোর সঙ্গে বাদ পড়েছেন তাঁর ক্লাব সতীর্থ আন্দ্রে সান্তোসও। সবশেষ মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে ছিলেন এই মিডফিল্ডার। তাদের বাদ পড়া নিয়ে দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন, ‘সত্যি বলতে, যারা এই স্কোয়াডে জায়গা পায়নি, তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। এটি আমাকে সত্যিই ভাবায় ও দুঃখ দেয়... যেমন আন্দ্রে সান্তোস ও জোয়াও পেদ্রো। তবে ভবিষ্যতে তারা অবশ্যই আরও সুযোগ পাবে।‘
২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (৩ গোল) রিচার্লিসন এবার বাদ পড়েছেন। চলতি মৌসুমে ১০ গোল করলেও ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের চেয়ে তরুণদের ওপরই বেশি ভরসা রেখেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড।
দল ঘোষণার আগে চাউর হয়েছিল থিয়াগো সিলভা থাকছেন ব্রাজিল দলে। তবে এই অভিজ্ঞ ডিফেন্ডারও জায়গা পাননি আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে।
ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির ২৬ জন খেলোয়াড় বেছে নেওয়া কতটা জটিল কাজ, তা মনে করিয়ে দিয়ে আনচেলত্তি বলেন, ‘এই ২৬ জন খেলোয়াড়কে বেছে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। কেন? কারণ এই দেশে ফুটবলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার স্তরটা অনেক উঁচুতে। আমি জানি, যারা এই বছর আমাদের সাথে থেকেও চূড়ান্ত দলে জায়গা পায়নি, তারা স্বাভাবিকভাবেই অসন্তোষ প্রকাশ করবে বা অখুশি হবে।‘
তবে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে খুশির খবর হয়ে এসেছে নেইমার জুনিয়রের দলে জায়গা পাওয়া। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
আক্রমণভাগে নেইমারের মতো অভিজ্ঞ তারকার পাশাপাশি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং তরুণ সেনসেশন এন্ড্রিক ও রায়ানের মতো উইঙ্গারদের নিয়ে দল সাজিয়েছেন আনচেলত্তি।
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’ রয়েছে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনে নামবে তারা। ২০ জুন হাইতি ও ২৪ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
২২ বছরের শিরোপা খরা কাটানোর পথে আরও একধাপ এগিয়ে গেল আর্সেনাল। সোমবার রাতে ঘরের মাঠে বার্নলিকে হারিয়েছে গানার্সরা।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয় ১-০ ব্যবধানে। ম্যাচের জয়সূচক গোলটি করেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল মিকেল আরতেতার দল।
অবনমন নিশ্চিত হয়ে যাওয়া বার্নলি শুরু থেকেই কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের ৩৭ মিনিটে সেই ডেডলক ভাঙেন হাভার্টজ। বুকায়ো সাকার কর্নার কিক থেকে চমৎকার এক হেডে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে কর্নার থেকে এটি ছিল আর্সেনালের ১৮তম গোল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণ বজায় রাখে আর্সেনাল। সেই সুযোগ ও এসেছিল গানারদের সামনে। মিডফিল্ডার এবারোচি ইজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান ২-০ করার সুযোগ হাতছাড়া হয়। তবে রক্ষণভাগের দৃঢ়তায় পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।
এই জয়ের পর ৩৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৮২। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আজ মঙ্গলবার রাতে বোর্নমাউথের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। এই ম্যাচে সিটিজেনরা যদি হেরে যায়, তবে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল।
ম্যান সিটির ম্যাচের দিকে নজর থাকবে আর্সেনাল কোচেরও। ম্যাচ শেষে আরতেতা রসিকতা করে বলেন, ‘আজ আমি বোর্নমাউথের ইতিহাসের সবচেয়ে বড় ভক্ত বনে যাব। আমি টিভির সামনেই থাকব, তবে কতটা চাপ সহ্য করে ম্যাচটা দেখতে পারব তা জানি না।‘
যদি ম্যানচেস্টার সিটি আজ জিতে যায়, তবে প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য নির্ধারণ হবে আগামী রোববারের শেষ দিনে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে গানারদের।