
এএফসি উইমেন’স এশিয়ান কাপ অধ্যায় শেষ হয়েছে ইরান নারী ফুটবল দলের। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে হেরেছে তারা। ফলে বাড়ি ফেরার অপক্ষোয় জাহরা গনবারিরা। তবে দেশটিতে চলমান যুদ্ধ ইরানের ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। এমতাবস্থায় বিবিসির খবরে বলা হয়েছে, পাঁচ ইরানি নারী ফুটবলারকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত নিরাপদেই থাকছেন তারা।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার সরকার এই সিদ্ধান্তের কথা জানায়। দেশটির প্রধানমন্ত্রী আন্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ার মানুষ এই সাহসী নারীদের পরিস্থিতিতে গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং তারা এখানে নিরাপদে আছেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সামাজিক মাধ্যমে পাঁচ খেলোয়াড়ের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেন। তিনি জানান, কয়েক দিন ধরেই গোপনে তাদের সঙ্গে আলোচনা চলছিল। তবে পুরো দলের সবাই একই সিদ্ধান্ত নেবেন, এমনটি নিশ্চিত নয় বলেও জানান তিনি।
আরও পড়ুন
| অস্ট্রেলিয়ার আশ্রয়ে ইরানের ৫ নারী ফুটবলার |
|
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইরানের মেয়েদের জাতীয় সংগীত না গাওয়ার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ দ্বিগুণ হয়েছে। এই ঘটনায় সমালোচনা শুরু হয় এবং এক সমালোচক এটিকে ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দেন, কঠোর শাস্তির দাবি তোলেন তারা।
এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং শেষ ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ইরানের খেলোয়াড়রা জাতীয় সংগীত গেয়ে সালাম দেন। সমালোচকেরা মনে করছেন, দেশের কর্তৃপক্ষের চাপের কারণে তারা জাতীয় সংগীত গাইতে বাধ্য হয়েছেন।
ম্যাচটির প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অনেক সমর্থক ‘লায়ন্স এন্ড সান’ পতাকা উড়িয়ে দেন—যেটি ইসলামী বিপ্লবের আগে ইরানের রাষ্ট্রীয় পতাকা ছিল। স্টেডিয়ামের বাইরে কেবল বর্তমান সরকারি পতাকা প্রদর্শনের নির্দেশ থাকা সত্ত্বেও তারা গোপনে পতাকাগুলো ভেতরে নিয়ে আসে।
রবিবার রাতে স্টেডিয়াম থেকে দলটির বাস বের হওয়ার সময় সমর্থকদের হাতে ব্যানার দেখা যায়—যেখানে লেখা ছিল, ‘অস্ট্রেলিয়াতে নিরাপদে থাকো, পুলিশের সঙ্গে কথা বলো’। বাসের ভেতরে বসে খেলোয়াড়রা বৃষ্টির মধ্যে বাইরে ঘটে যাওয়া দৃশ্য দেখেন।
সোমবার পাঁচতারকা রিসোর্টে কড়া নিরাপত্তা দেখা গেছে। হোটেলের সামনে ফেডারেল পুলিশ মোতায়েন ছিল। দলের কোনো খেলোয়াড়কে দেখা না গেলেও প্রতিনিধি দলের কয়েকজন সদস্য হোটেলের সাধারণ জায়গায় বসেছিলেন। তারা কখন হোটেল ছাড়বে—ইরানে ফিরবে নাকি অন্য কোনো দেশে যাবে—এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন
| কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল |
|
সিডনিতে সোমবার ইরানি দলের নিরাপত্তা নিশ্চিত করতে ফিফা, এএফসি ও অস্ট্রেলিয়ান সরকারের প্রতি আহ্বান জানান বিশ্বব্যাপী খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রোর এশিয়া/ওশেনিয়া অঞ্চলের সভাপতি বিউ বুশ। তিনি বলেন,
‘আমরা (অস্ট্রেলিয়ান সরকারকে) বলছি, যেন খেলোয়াড়দের (নিরাপত্তা) নিয়ে কাজ করা হয়। এটা সত্যিই কঠিন পরিস্থিতি। এমন খেলোয়াড় থাকতে পারে, যারা ফিরে যেতে চায়। দলের মধ্যে এমন কিছু খেলোয়াড় থাকতে পারে, যারা আশ্রয় পেতে চায়, অথবা অস্ট্রেলিয়ায় আরও বেশি সময় থাকতে চায়। এমন কিছু খেলোয়াড় থাকতে পারে যারা সম্ভাব্য দেশে ফেরা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘ইরান দলকে দেশে ফিরতে দিয়ে অস্ট্রেলিয়া ‘ভয়াবহ মানবিক ভুল’ করছে।’’ দলটির সদস্যদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘ইরানের জাতীয় নারী ফুটবল দলকে জোরপূর্বক ইরানে ফেরত নেওয়ার অনুমতি দিয়ে অস্ট্রেলিয়া ভয়াবহ মানবিক ভুল করছে, সেখানে (ইরান) হয়তো তাদের হত্যা করা হবে। আপনি যদি তা না করেন (আশ্রয় না দেন), তাহলে যুক্তরাষ্ট্র তাদের নিয়ে যাবে।’
No posts available.
১০ মার্চ ২০২৬, ১০:১২ এম

লিওনেল মেসির ভবিষ্যৎ সম্পর্কে কথা বলেছেন তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম। সম্প্রতি তিনি আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে খুশি হতাম যদি সে অবসরের পর মায়ামিতে বসবাস করতেন। যদিও এরপর তিনিই আবার জানান, ‘আমি চাই মেসি অবসর নিয়ে মায়ামিতে থাকুক। কিন্তু লিও বলেছে সে শুধু ক্যাম্প ন্যু’র কাছে থাকতে চায়।’
বেকহ্যাম আরও যোগ করে বলেন বার্সেলোনার প্রতি মেসির আবেগ, অনুরাগ অনন্য, ‘কেউ-ই বার্সাকে তাঁর (মেসি) মতো ভালোবাসে না। আপনি দেখবেন বার্সার লোগো তাঁর পায়ে, এমনকি তাঁর পানির বোতলেও।’ বেকহ্যামের এই মন্তব্য ফুটবল দুনিয়ায় মেসির বার্সেলোনার প্রতি অনুরাগকে আবার সামনে এনেছে। এমনটাই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
প্রশ্ন উঠছে— মেসি কি বার্সেলোনায় আবার ফিরবেন? যদিও ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ঘুরে ২০২৩ সাল থেকে তিনি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্র মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এই সময়ে অনেক ক্লাবের থেকে প্রস্তাব পেলেও পরিবারের কথা ভেবেই তিনি যুক্তরাষ্ট্র থেকে গেছেন বলে বিভিন্ন সময়ে সংবাদ প্রচার হয়েছে। তবে এখন অনেকে আশা করেন ভবিষ্যতে তিনি বার্সেলোনায় ফিরে ক্লাবের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক বজায় রাখবেন। ক্লাবটির কোচিং বা কোনো প্রশাসনিক ভূমিকায় আগ্রহ দেখাতে পারেন মেসি।

এফএ কাপের সবশেষ দুই আসরের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি। গতবার ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল পেপ গার্দিওলার দলের। আগের বছর রানার্সআপ হতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারায়। দুই আসরে শিরোপার খুব কাছ থেকে ফিরে আসা সেই ম্যানচেস্টার সিটিকে এবার কোয়ার্টার ফাইনালেই বড় বাধা ডিঙাতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল পড়েছে তাদের সামনে।
সোমবার এফএ কাপের ড্র হয়েছে। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে হবে লিভারপুল ও ম্যানসিটিকে। অবশ্য সাতবারের এফএ কাপজয়ী ম্যানচেস্টার সিটির জন্য স্বস্তির খবর– তারা ইতিহাদে স্বাগত জানাবে অল রেডদের।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের দেখা হয়েছে দুইবার। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সিটিজেনরা ৩-০ গোলে জেতে। সবশেষ লিভারপুলের মাঠেও ২-১ গোলের রোমাঞ্চকর জয় পায় গার্দিওলার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের অপর দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। সান্ডারল্যান্ডকে চমকে দেওয়া লিগ ওয়ানের দল পোর্ট ভেল শেষ আটে মুখোমুখি হবে ব্লুজদের। প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে থাকা সর্বনিম্ন র্যাংকিংধারী দলটি ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে।
প্রিমিয়ার লিগের শীর্ষ দল এখন আর্সেনাল। গত শনিবার ম্যান্সফিল্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে গানাররা। ১৪ বারের চ্যাম্পিয়নরা খেলবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের মাঠে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড স্বাগত জানাবে লিডসকে।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে আগামী ৪ এপ্রিল। বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথমবারের মতো এএফসি উইমেন’স এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছে পিটার বাটলারের দল। গতকাল অস্ট্রেলিয়ার পার্থে উজবেকিস্তানের বিপক্ষে হেরে আজ সকালেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন রুপনা-মিলি-মনিকা চাকমারা।
পার্থ সময় সকাল সাড়ে ৯টায় থাই এয়ারওয়েজে বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। ব্যাংককে কয়েক ঘণ্টা যাত্রা বিরতি রয়েছে। বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন আফঈদারা।
সোমবার উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজই দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। আজ ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের দিকে চোখ থাকত। কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। কাল হেরে যাওয়ায় তাই ১০ মার্চ রিটার্ন টিকিটই কার্যকর হয়েছে।
এশিয়া কাপ খেলা বাংলাদেশের অনেক ফুটবলারের বয়স ২০ বছরের নিচে। তাদের অনেকেই ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই অনুশীলনে নামতে হবে তাদের।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়ে আর্জেন্টিনা ও স্পেন-এর মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি। তবে মহাদেশীয় দুই চ্যাম্পিয়নের লড়াই ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যেই মিলল সুখবর।
আগামী বৃহস্পতিবার থেকে আবারও ফিনালিসিমার আয়োজক দেশ কাতারের মাঠে ফিরছে ফুটবল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ মার্চ দোহায় ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
কাতারের ঘরোয়া প্রতিযোগিতাগুলো এই সপ্তাহেই আবার শুরু হতে যাচ্ছে। এরমধ্যে আছে কাতার স্টার্স লিগ। ইতোমধ্যে বৃহস্পতিবারের জন্য তিনটি ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শনিবার থেকে ক্লাবগুলো আবার অনুশীলন শুরু করেছে, যদিও আঞ্চলিক উত্তেজনার কারণে দলগুলো বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কাজ করছে।
বর্তমান পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, এরপরও জাতীয় প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। কাতারের ক্লাবগুলোকে আবার অনুশীলন কেন্দ্র ও স্টেডিয়ামে ফিরতে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ, তবে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখা হয়েছে। খেলোয়াড় ও কোচিং স্টাফরা বাড়তি নিরাপত্তা প্রটোকল মেনে চলছেন এবং আয়োজকরা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
ফিনালিসিমার আয়োজক শহর এখনও চূড়ান্ত নয়
এখন পর্যন্ত ফিনালিসিমার আয়োজক শহর হিসেবে কাতারের দোহাকেই ধরা হচ্ছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মহারণ নিয়ে সমর্থকদের আবেগ উত্তেজনা এখনো প্রবল। গত কয়েক দিনে বিকল্প ভেন্যু হিসেবে কয়েকটি স্টেডিয়ামের নাম আলোচনায় এলেও, কনমেবল ও ইউয়েফা দ্রুতই সেই জল্পনা থামিয়ে দেয়। যৌথ এক বিবৃতিতে দুই সংস্থা জানায়, ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহের শেষের দিকে নেওয়া হবে।
দুই মহাদেশের ফুটবল নিয়ন্তক সংস্থার বিলম্বকে অনেকেই সময় নেওয়ার কৌশল হিসেবে দেখছেন, যাতে কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে।
আঞ্চলিক উত্তেজনা সিদ্ধান্তকে জটিল করছে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে কাতার সতর্ক অবস্থায় রয়েছে। অঞ্চলে ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি নিয়ে উদ্বেগ রয়েছে। যদিও দুই দিন আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা করা হবে না—তবু পরিস্থিতি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কিছু ইঙ্গিতও দেখা যাচ্ছে। আকাশসীমায় আরোপ করা বিধিনিষেধ কিছুটা শিথিল হতে শুরু করেছে, আর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা ফের শুরু হওয়াও ইঙ্গিত দিচ্ছে যে বড় ক্রীড়া আয়োজনের জন্য পরিবেশ ধীরে ধীরে অনুকূল হতে পারে।
এই ধারা বজায় থাকলে, আগের পরিকল্পনা অনুযায়ী কাতারই ফিনালিসিমা আয়োজন করতে পারে। পাশাপাশি কাতার ফুটবল ফেস্টিভাল–এর অংশ হিসেবে নির্ধারিত আরও পাঁচটি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কদিন পর পরই অদ্ভুত আর আপত্তিকর ঘটনা ঘটিয়ে আলোচনায় আসবেন হোসে মরিনিয়ো, এটাই যেন নিয়ম। কোচিং ক্যারিয়ারে হরেদরে বিতর্কিত ঘটনার জন্ম দেওয়া অভিজ্ঞ এই কোচ এবার পর্তুগালের শীর্ষ লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচে দেখলেন লাল কার্ড। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বহিষ্কার হওয়ার ঘটনার রেশ না কাটতেই আবার লাল কার্ড দেখতে হলো তাকে।
পোর্তোর বিপক্ষে গতকাল ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষদিকে ঘটে আপত্তিকর ঘটনা। যোগ করা সময়ের একটি ঘটনায় বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে লাল কার্ড দেখান রেফারি। সেটাই যেন ক্ষুব্ধ করে তোলে মরিনিয়োকে। পরে লকার রুমে যাওয়ার সময় প্রতিপক্ষ দলের স্টাফদের উদ্দেশ করে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় তাকেও লাল কার্ড দেখান রেফারি।
অবশ্য ম্যাচের পর লাল কার্ড দেখার অন্য কারণ শোনা গেল মরিনিয়োর মুখে। পোর্তোর সাবেক এই কোচ বলেন, ‘রেফারি আমাকে বলেছেন যে, পোর্তো বেঞ্চের দিকে একটি বল ছুঁড়ে মারায় আমাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা।অনেক সময়ই, যখন আমরা গোল করি, আমি স্ট্যান্ডে বল কিক মারি কোনো এক ভাগ্যবানকে (দর্শককে) সুযোগ দিতে। আমি জানি, টেকনিক্যালি আমি খুব ভালো নই, কিন্তু শটটা গ্যালারির দিকে ছিল। আমাকে অন্যায্যভাবে লাল কার্ড দেওয়া হয়েছে। চতুর্থ অফিসিয়াল গোটা ম্যাচ জুড়েই খুব খারাপভাবে দায়িত্ব সামলেছে।’
৬৩ বছর বয়সী মরিনিয়োর অভিযোগ পোর্তোর কোচ তাকে নাকি পঞ্চাশবার ‘বিশ্বাসঘাতক বলে গালি দেন, ‘তিনি আমাকে পঞ্চাশবার বিশ্বাসঘাতক বলেছেন। আমি জানতে চাই, বিশ্বাসঘাতক কী হওয়ার জন্য? আমি পোর্তোতে গিয়েছিলাম, আমার প্রাণ উৎসর্গ করেছি। এরপর চেলসি, ইন্টার, রিয়াল মাদ্রিদ—সারা বিশ্বের ক্লাবে কাজ করেছি, প্রতিদিন ২৪ ঘণ্টা দিয়েছি। এটাকেই আমি পেশাদারিত্ব বলি।’
মরিনিয়ো আরও যোগ করেন, ‘আমি এটা পছন্দ করি না। ভক্তদের গালি আলাদা, সেটা ফুটবল। কিন্তু একজন পেশাদারের কাছ থেকে? তিনি ও একজন পেশাদার, বিভিন্ন জার্সি পরেছেন, আমি বুঝতে পারছি না। বিশ্বাসঘাতক কেন? সব কিছু দেওয়ার জন্য বেনফিকাকে?’
কোচিং ক্যারিয়ারে এই পোর্তোর হয়েই দারুণ সাফল্য পেয়েছিলেন মরিনিয়ো। তাঁর অধীনে পর্তুগিজ ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ জেতে। ২০০১ সালে ক্লাবটিতে যোগ দিয়ে আড়াই বছর ডাগ-আউটে ছিলেন তিনি।
২০০০ সালে বেনফিকাকে প্রথম দফায় কোচিং করানোর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ফেনেরবাচে থেকে দ্বিতীয় দফায় বেনফিকায় যোগ দেন মরিনিয়ো। এই মৌসুমে লিগ জয়ের দৌড়ে মরিনিয়োর বেনফিকার প্রধান প্রতিদ্বন্দী পোর্তো ও স্পোর্টিং সিপি। পোর্তোর বিপক্ষে ড্রয়ের পর ২৫ ম্যাচে ৫৯ নম্বর নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে বেনফিকা। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো। দুই নম্বরে থাকা স্পোর্টিংয়ের পয়েন্ট ৬২।