
দুই বছর পর আবারও ইতালি জাতীয় দলে ডাক পেলেন ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসা। ২০২৬ বিশ্বকাপ প্লে-অফকে সামনে রেখে শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেনারো গাত্তুসো। টানা তৃতীয়বার বিশ্বকাপ মিসের শঙ্কায় থাকা ইতালির জন্য এই প্রত্যাবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি প্লে-অফে প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর আয়ারল্যান্ডের। বার্গামোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি জিততে পারলে পাঁচ দিন পর ওয়েলস বা বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলতে হবে তাদের। এই দুটি ম্যাচ জিততে না পারলে অন্তত ১৬ বছর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ইতালিকে।
সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন কিয়েসা ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে। সেই আসরের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হারের ম্যাচেই জাতীয় দলে তাঁর শেষ উপস্থিতি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন।
ক্লাব ফুটবলে ২০২৪ সালের আগস্টে জুভেন্তাস ছেড়ে লিভারপুলে যোগ দেন কিয়েসা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত একাদশে জায়গা পাননি; চলতি মৌসুমে মাত্র একটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তবু পরিশ্রমী মনোভাব ও লড়াকু পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছে দ্রুতই প্রিয় হয়ে উঠেছেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।
এদিকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ক্যালিয়ারির ডিফেন্ডার মার্কো পালেস্ত্রা। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন আটালান্তার ডিফেন্ডার জর্জিও স্কালভিনি এবং রোমার মিডফিল্ডার নিকোলো পিসিল্লি।
বিশ্বকাপের বাছাইপর্বের স্মৃতি ইতালির জন্য সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপের আগে প্লে-অফে সুইডেনের কাছে হেরে বিদায় নেয় তারা। আর ২০২২ বিশ্বকাপের আগে একই ধাপ নর্থ মেসেডোনিয়ার কাছে পরাজয়ে আবারও স্বপ্ন ভঙ্গ হয়। এবার সেই হতাশা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যেই দল গড়েছেন গাত্তুসো।
ইতালির স্কোয়াড
গোলরক্ষক: এলিয়া কাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি দোনারুম্মা, আলেক্স মেরেত
রক্ষণভাগ: আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্দো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, ফেদেরিকো দিমার্কো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা প্রমুখ
মধ্যমাঠ: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিদে ফ্রাত্তেসি, মানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিল্লি, সান্দ্রো তোনালি
আক্রমণভাগ: ফেদেরিকো কিয়েসা, ময়েজ কিন, মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা।
No posts available.

লিভারপুলের দুর্দশা কাটছেই না। প্রিমিয়ার লিগে আজ ব্রাইটনের বিপক্ষে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অল রেডদের।
প্রতিপক্ষের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে লিভারপুলের হার ২-১ ব্যবধানে। এ নিয়ে প্রিমিয়ার লিগের সবশেষ তিন ম্যাচে জয়হীন আর্নে স্লটের দল।
স্টেডিয়ামের কাছে সড়ক দুর্ঘটনার কারণে ম্যাচ শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। তবে মাঠের খেলায় শুরু থেকেই লিভারপুলকে চেপে ধরে ব্রাইটন।
চোটের কারণে মোহাম্মদ সালাহ ও আলিসন বেকারকে ছাড়াই মাঠে নামে লিভারপুল। খেলা শুরুর ৮ মিনিটের মাথায় হুগো একিতিকে চোট পেয়ে মাঠ ছাড়লে বিপদ আরও বাড়ে অতিথিদের।
ম্যাচের ১৪ মিনিটে লিভারপুলের রক্ষণের ভুলে লিড নেয় ব্রাইটন। ইব্রাহিমা কোনাতের ভুলে পাওয়া থ্রো-ইন থেকে বল পেয়ে ফের্দি কাদিওলু ক্রস বাড়ান ডি-বক্সে। দিয়েগো গোমেজের পাস থেকে নিখুঁত হেডে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানি ওয়েব্যাক।
পিছিয়ে পড়া লিভারপুল ৩০ মিনিটে ম্যাচে সমতা ফেরায়। ব্রাইটন অধিনায়ক লুইস ডাঙ্কের ভুল হেড কেড়ে নিয়ে গোলকিপারকে পরাস্ত করে দারুণ এক চিপ শটে গোল করেন মিলোস কারকেজ।
বিরতির পর ৫৬ মিনিটে আবারও লিড নেয় ব্রাইটন। ইয়ানকুবা মিন্টেহর ক্রস থেকে জ্যাক হিনশেলউডের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েব্যাক। অফসাইড নিয়ে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোল বহাল থাকলে উল্লাসে মেতে ওঠে ব্রাইটন সমর্থকরা। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ওয়েব্যাকের ১২তম গোল এটি।
ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে ফেদেরিকো কিয়েসা ও অ্যান্ড্রু রবার্টসনকে বদলি হিসেবে নামান স্লট। কিন্তু ব্রাইটনের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অতিরিক্ত ৭ মিনিটেও গোল শোধ করতে না পারায় হার নিয়েই আন্তর্জাতিক বিরতিতে যেতে হচ্ছে লিভারপুলকে।
এই হারের ফলে উলভস ও টটেনহ্যামের পর ব্রাইটনের বিপক্ষেও পয়েন্ট হারাল লিভারপুল। ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অল রেডরা। এক ম্যাচ কম খেলা চেলসির পয়েন্ট ৪৮।

স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ও পরে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ার পর নতুন সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা। একইসঙ্গে রিয়াল মাদ্রিদ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনোকেও দলে ফিরিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
নতুন সূচি অনুযায়ী, ২৭ মার্চ ঘরের মাঠ লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর চার দিন পর ৩১ মার্চ একই ভেন্যুতে জাম্বিয়ার বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল।
২৭ মার্চ কাতারে স্পেনের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তা বাতিল হয়। এরপর ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে খেলার পরিকল্পনা ছিল। কিন্তু গুয়াতেমালা ২৭ মার্চ ইতালির মাটিতে আলজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আগে থেকেই চুক্তিবদ্ধ।
ফিফার নিয়ম অনুযায়ী, একই আন্তর্জাতিক বিরতিতে একটি দল দুটি ভিন্ন মহাদেশে ম্যাচ খেলতে পারে না। এই ভ্রমণ বিধিনিষেধের কারণেই গুয়াতেমালা ম্যাচটি বাতিল করে আফ্রিকার দুই দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে বুধবার (১৮ মার্চ ) গুয়াতেমালা ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। সেই দলের সঙ্গে নতুন করে অন্তর্ভূক্ত করা হয়েছে ১৮ বছর বয়সী মাস্তানতুনো ও স্ট্রাসবার্গের ফরোয়ার্ড জোয়াকিন পানিচেলিকে।
রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় শুরুতে মাস্তানতুনোকে রাখা না হলেও, বিশ্বকাপের আগে এই তরুণ প্রতিভাকে আরেকবার ঝালিয়ে নিতেই শেষ মুহূর্তে দলে যুক্ত করেছেন স্কালোনি।

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে স্তব্ধ করে দিয়ে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা জিতে নিল জাপান। সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো এশীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নাদেশিকোরা।
এই জয়ের মাধ্যমে ২০১৪ ও ২০১৮ সালের পর তৃতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরল দলটি।
রেকর্ড ৭৪ হাজার ৩৯৭ জন দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। তবে ম্যাচের ১৭ মিনিটে জাদুকরী এক মুহূর্ত উপহার দেন জাপানি ফরোয়ার্ড মাইকা হ্যামানো। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া নিখুঁত বাঁকানো শট অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ডকে পরাস্ত করে জালে জড়ায়। হ্যামানোর এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। সাম কার ও ক্যাটলিন ফোর্ড বেশ কয়েকবার জাপানের রক্ষণভাগে ভীতি ছড়ালেও গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেন। দ্বিতীয়ার্ধের শেষদিকে অ্যালানা কেনেডির হেড রুখে দিয়ে জাপানের জয় নিশ্চিত করেন গোলকিপার আয়াকা ইয়ামাশিতা।
২০১৪ ও ২০১৮ সালেও অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। ঘরের মাঠে এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্বাগতিকদের।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কেনেডি। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন জাপানের রিকো উয়েকি (৬ গোল)।
এই টুর্নামেন্টের শীর্ষ ৬ দল জাপান, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং ফিলিপাইন আগামী ২০২৭ নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচের আগে বড় ধরনের হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন দলের প্রধান গোলকিপার আলিসন বেকার।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে চোট ও দল থেকে ছিটকে যাওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন আলিসন। ইনস্টাগ্রাম স্টোরিতে লিভারপুলের এই গোলকিপার লিখেছেন,
‘দুর্ভাগ্যবশত আমি কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকব। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি।’
আলিসন কবে ফিরবেন সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন করিন্থিয়ানসের ২৭ বছর বয়সী গোলকিপার হুগো সুজা।
আলিসনের এই চোট কেবল ব্রাজিলের জন্যই নয়, তাঁর ক্লাব লিভারপুলের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে আরনে স্লটের দল।
এর আগে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পেশির সমস্যার কারণে খেলেননি তিনি। যদিও দ্বিতীয় লেগে ফিরেছিলেন, তবে নতুন করে এই চোটের ফলে চ্যাম্পিয়নস লিগে পিএসসির বিপক্ষে শেষ আটের লড়াইয়ে আলিসনের থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরলান্ডোতে কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে মার্চ উইন্ডোতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে সেখানে নেই ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। হ্যামস্ট্রিং চোটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন আল নাসর তারকা।
গত নভেম্বরে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচেও ছিলেন না সিআরসেভেন। ধারণা করা হচ্ছিল আর্মেনিয়ার বিপক্ষে খেলতে না পারলেও মার্চ উইন্ডোতে দলে ফিরবেন তিনি। সব কিছু ঠিক ছিল, হঠাৎ ইনজুরিতে পরায় দলে ফেরা আরও দীর্ঘায়িত হলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
রোনালদো ইনজুরি নিয়ে আল-নাসর কোচ জর্জে জেসুস বলেন, ‘আগের ম্যাচে ক্রিস্তিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পেরেছি, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিস্তিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে সামলায়।’
বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজানোর আগে আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে কোচ রবার্তো মার্টিনেজের দল।
প্রীতি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড
গোলকিপার : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা।
ডিফেন্ডার : ম্যাথিউস নুনেস, দিয়োগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো।
মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা।
ফরোয়ার্ড : রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস।