
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলে থেকে ছিটকে যাওয়ার ক্ষত নিয়ে আবারও মাঠে ফিরছে ইতালি। আগামী জুনে লুক্সেমবার্গ ও গ্রিসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য সিলভিও বালদিনিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থতায় ইতালিয়ান ফুটবলে ওলটপালট হয়ে গেছে। রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা।
একইসঙ্গে সরে দাঁড়িয়েছেন ফুটবল প্রতিনিধিদলের প্রধান ও কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। এরপর ৩ এপ্রিল প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নেন জেনেরো গাত্তুসো।
আপাতত নতুন কোনো পূর্ণ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে ইতালির অনূর্ধ্ব-২১ দলের কোচ বালদিনির ওপর আস্থা রাখছে ফেডারেশন। ৩ জুন লুক্সেমবার্গের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ইতালি। এরপর ৭ জুন গ্রিসের ক্রেত দ্বীপে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে তারা।
প্রীতি ম্যাচের পর সেপ্টেম্বরে ইউয়েফা নেশনস লিগে মাঠে নামবে ইতালি।
No posts available.
১৩ এপ্রিল ২০২৬, ৯:৪০ এম

ফিফা ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে আর্জেন্টিনার দুশ্চিন্তা। একের পর এক চোটে পড়ছেন ফুটবলাররা। যা হয়তো বড় ধাক্কা হয়ে আসতে পারে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময়।
আর্জেন্টিনার বাড়তে থাকা চোটের তালিকায় সবশেষ সংযোজন ক্রিশ্চিয়ান রোমেরো। তার আগে চোটে পড়েছেন লাউতারো মার্তিনেস, এমিলিয়ানো মার্তিনেস ও লিসান্দ্রো মার্তিনেস। সব মিলিয়ে ক্রমাগত নেতিবাচক খবরই যেন পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় রোমেরোর টটেনহ্যাম হটস্পার। ০-১ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে গুরুতর ব্যথা পান রোমেরো।
পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার রক্ষণভাগের এই প্রাণভোমরা। তাৎক্ষণিকভাবে চোটের তীব্রতা বোঝা যায়নি। কিন্তু মাঠ ছাড়ার সময় রোমেরোর কান্নাভেজা চাহনিতে ইঙ্গিত ছিল, হয়তো বড় কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে তার ও আর্জেন্টিনার জন্য।
টটেনহ্যামের ম্যাচের আগের দিন নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ভিলার হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। কিন্তু ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় আর মাঠে নামেননি আর্জেন্টাইন তারকা।
অন্য দিকে পেশির পুরোনো চোট আবার ফিরে এসেছে লাউতারো মার্তিনেসের। সম্প্রতি এই চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু পুরোনো চোটের পাশাপাশি আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তাও ফিরে এসেছে তার।
রোমেরো, এমিলিয়ানো ও লাউতারোর মতো লিসান্দ্রোর ক্ষেত্রে অবশ্য দুশ্চিন্তা অত বেশি নয়। প্রায় দুই মাস চোটের কারণে বাইরে থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে ফেরার কথা রয়েছে রক্ষণভাগের এই বড় ভরসার। তাকে নিয়ে ঝুঁকি নিতে চান ইউনাইটেড কোচ।
তবে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা এখনই শেষ হচ্ছে না। কারণ বিশ্বকাপের এখন আর দুই মাসও বাকি নেই। আগামী ১৬ জুন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে আগামী ৩০ মে তারিখের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপ স্কোয়াড। তাই দ্রুত সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে না ফিরলে, শিরোপা ধরে রাখা কঠিনই হতে পারে আর্জেন্টিনার জন্য।

আর্সেনালের হোঁচট খাওয়ার সুযোগে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। এবার ইতিহাদে গানারদের আসন্ন লড়াইকে কার্যত ‘ফাইনাল’ হিসেবে দেখছে দলটি। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার মতে, আর্সেনালের বিপক্ষে ম্যাচটিই এখন শিরোপা নির্ধারণে সবচেয়ে বড় নিয়ামক হকে।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাতে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন গতি পেয়েছে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে নিকো ও'রেইলি, মার্ক গুয়েহি ও জেরেমি ডকুর গোলেই নিশ্চিত হয় দাপুটে জয়।
অন্যদিকে নিজেদের মাঠে শনিবার রাতে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্সেনাল। যে কারণে এখন এক ম্যাচ কম খেলে লিগ লিডারদের থেকে মাত্র ৬ পয়েন্ট দূরে সিটি। বাকি সাত ম্যাচ জিততে পারলে শিরোপা জয়ের সমীকরণও নিজেদের হাতে তুলে নিতে পারবে গার্দিওলার দল।
তাই আর্সেনাল ম্যাচকে ফাইনাল হিসেবে ঘোষণা দিলেন গার্দিওলা। একইসঙ্গে সতর্কও তিনি, সামনে প্রতিটি ম্যাচই কঠিন।
“আর্সেনালের বিপক্ষে ম্যাচটা এখন ফাইনাল। কিন্তু তাই বলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ সহজ হবে- এটা ভাবার সুযোগ নেই।”
আর্সেনালকেও প্রশংসায় ভাসান ম্যান সিটি বস। মিকেল আরতেতার দলকে তিনি ইউরোপের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেন।
“তারা গত ৪৯ ম্যাচে মাত্র তিনটি হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগেও অপরাজিত ছিল। এমন দলকে হারানো সবসময়ই কঠিন- আর কয়েক সপ্তাহের মধ্যে দু’বার হারানো কল্পনা করাই কঠিন।”
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর বাড়তি বিশ্রামকে ইতিবাচক হিসেবেই দেখছেন গার্দিওলা।
“এখন আমাদের হাতে সময় আছে। খেলোয়াড়রা সতেজ, অনুশীলনে সবাই জানে কী করতে হবে।
সব মিলিয়ে, সিটির জন্য সমীকরণ স্পষ্ট, আর্সেনালের জন্যও তাই। ইতিহাদের সেই ম্যাচই এখন ঠিক করে দিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের চ্যাম্পিয়ন।

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের কাছে হারের ম্যাচে দুশ্চিন্তার খবর পেল টটেনহ্যাম। যা একইসঙ্গে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্যও বড় শঙ্কার। ম্যাচ চলাকালীন চোট পেয়ে কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
প্রতিপক্ষের মাঠে রোববারের ম্যাচে দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ধাক্কা লেগে ব্যথা পান টটেনহ্যামের এই সেন্টার ব্যাক। এরপরই খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
যদিও স্ট্রেচারের প্রয়োজন পড়েনি, তবুও সাইডলাইনের দিকে হাঁটার সময় স্পষ্টই ভেঙে পড়তে দেখা যায় তাকে। সতীর্থরাও পাশে এসে সান্ত্বনা দেন।
চোটের ধরন এখনও নিশ্চিত নয়, তবে ম্যাচের সময়কাল বিবেচনায় বিষয়টি বাড়তি উদ্বেগ তৈরি করেছে আর্জেন্টিনা জাতীয় দলের জন্যও। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে রোমেরোর এই চোট আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্যও বড় চিন্তার কারণ।
রোমেরোর সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেলেও কিনস্কি ব্যান্ডেজ বেঁধেই খেলা চালিয়ে যান। নতুন স্পার্স কোচ রবার্তো দে জার্বি ম্যাচ শেষে রোমেরোর অবস্থা জানান।
“রোমেরোর চোটটা খারাপই মনে হচ্ছে। তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয়। সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”
এই হারের ফলে পয়েন্ট টেবিলে বিপদ আরও বাড়ল টটেনহ্যামের। ১৮তম স্থানে থাকা দলটি রেলিগেশন জোনেই রয়েছে। তবে ১৭তম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের থেকে দুই পয়েন্ট পিছিয়ে। হাতে বাকি আর মাত্র ৬টি ম্যাচ।
আগামী ১৬ জুন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভেন্যু কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম। রোমেরোর বর্তমান অবস্থা এখন টটেনহ্যাম ও আর্জেন্টিনা- দুই দলের কাছেই বড় দুশ্চিন্তার কারণ।

শুরুটা ভালোই ছিল চেলসির। একের পর এক আক্রমণে জালের দেখাও খুঁজে পেয়েছিল তারা। যদিও অফসাইডের ফাঁদে গোল মেলেনি। প্রথম ৩০ মিনিটে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা ম্যানচেস্টার সিটি এরপরই গুছিয়ে নেয়। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে তিন তিনবার ব্লুজদের জাল কাঁপায় পেপ গার্দিওলার শিষ্যরা। দারুণ জয়ে লিগ শিরোপা রেসে আর্সেনালের আরও কাছে পৌঁছাল ম্যানসিটি।
রোববার রাতে লিগ ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে সিটি। ইতিহাদে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। লন্ডনে রোববার জালের দেখা পেয়েছেন সিটির নিকো ও'রাইলি, জেরেমি ডোকু ও মার্ক গুইয়েহি। জোড়া অ্যাসিস্ট রায়ান শেরকির।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেওয়ার পর এ নিয়ে পরপর তিন জায়ান্ট টিমকে হারাল ম্যানসিটি। লিগ কাপের ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারানোর পর গত ৪ মার্চ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারায় গার্দিওলার দল। আর রোববার রাতে তাদের সামনে বিধ্বস্ত হলো লিয়াম রোসেনিয়রের চেলসি।
আগের দুই লিগ ম্যাচের একটিতে এভারটনের সঙ্গে ৩-০ এবং অপরটিতে নিউক্যাসলের কাছে ১-০ গোলে হারে চেলসি। ২০২৩ সালের মে মাসের পর টানা তিন লিগ ম্যাচে পরাজয়ের স্বাদ পেল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
এদিনকার জয়ে লিগ টেবিলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট দুরে সিটিজেনরা। সমান ৫৫ পয়েন্ট পেয়ে তিন ও চারে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। ৫২ পয়েন্ট পেয়ে পাঁচে লিভারপুল। ছয়ে থাকা চেলসির ঝুলিতে ৪৮ পয়েন্ট।
স্ট্যামফোর্ড ব্রিজে বিরতি থেকে ফিরেই চেলসির রক্ষণে চাপ বাড়ায় ম্যানসিটি। বক্সে ভাল জায়গায় হালান্ড বল পেলেও তাঁকে শট নিতে দেননি জোরেল হ্যাটো। খানিক পর শেরকির শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। তবে ৫১ মিনিটে অতিথিদের আটকে রাখতে পারেনি চেলসি। বক্সের সামনে থেকে শেরকির ক্রসেই হেডে টপ কর্নার দিয়ে জাল কাঁপান ও'রাইলি।
৫৭ মিনিটে ছোট কর্নারের পর ডোকুর সঙ্গে বল দেওয়া নেওয়া করে এস্তেভাও ও হ্যাটোকে কাটিয়ে বক্সের সামনে থেকে শেরকি পাস বাড়ান গুইহেকিকে। গোলমুখের সামনে বল পেয়ে লিড দ্বিগুণ করতে কোনো ভুল করেননি ইংলিশ সেন্টারব্যাক।
৬৬ মিনিটে আক্রমণে ওঠে চেলসি। বাঁ-দিক থেকে কুকুরেইয়ার ক্রসে পালমারের শট গুইয়েহির ব্লকে কর্নার পায় স্বাগতিকরা।
দুই মিনিট পর চেলসির বক্সের সামনে কাইসেদোর কাছ থেকে বল কেড়ে নিয়ে বটম কর্নার দিয়ে গোল করেন ডোকু। সিটিজেনরা এগিয়ে যায় ৩-০ গোলে।
৭০ মিনিটে ভাল জায়গায় পালমারের ক্রস পেলেও পেদ্রো জালে বল জড়াতে পারেননি। খানিক পর কুকুরেইয়ার জোরালো নিচু শট একটুর জন্য খুঁজে পায়নি জালের দেখা। ৮৩ মিনিটে এবার চেলসি ডিফেন্ডারকে গোলবঞ্চিত রাখেন সিটি গোলকিপার। দুই মিনিট পর বক্সের সামনে পাওয়া ফ্রি কিক গ্লাভসবন্দী করেন দোন্নারুমা। পালমার দারুণ শটে সিটির রক্ষণ দেয়াল ভেদ করলেও অতিথি দলের গোলকিপার ছিলেন অবিচল। শেষ ক্লিনশিট রেখেই মাঠ ছাড়ে অতিথিরা।

টটেনহ্যাম হটস্পারের আকাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে ১৭ নম্বর পজিশনে থেকে কোনো রকমে অবনমন এড়ানো স্পার্সরা চলতি মৌসুমে বড় বিপাকে। রবিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হারের পর ১৮ নম্বরে নেমে গেছে রবার্তো ডি জার্বির দল। অর্থাৎ শেষ ছয় ম্যাচে সাফল্য না পেলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে দেখা যাবে না টটেনহ্যামকে।
রবিবার সান্ডারল্যান্ডের ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অবনমন এড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নামে টটেনহ্যাম। তবে স্বাগতিকদের মাঠে সুবিধা করতে পারেনি তারা। ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় রিচার্লিসন ও ক্রিস্টিয়ান রোমেরোদের।
প্রিমিয়ার লিগে সর্বশেষ ১০ ম্যাচে জয়বঞ্চিত টটেনহ্যাম। টেবিলে ১৮ নম্বরে থাকা দলটি ৩২ ম্যাচে কেবল সাতটিতে জিতেছে, হেরেছে ১৬ ম্যাচে। বাকি ৯ ম্যাচে করেছে পয়েন্ট ভাগাভাগি। ১৯ নম্বরে থাকা বার্নলির ৩২ ম্যাচে জয় মাত্র ৪টি। টেবিলের তলানিতে আছে উলভস। অন্যদিকে শীর্ষে থাকা আর্সেনাল ৩২ ম্যাচে সংগ্রহ করেছে ৭০ পয়েন্ট।
রবার্তো ডি জার্বি আজই প্রথম টটেনহ্যামের ডাগআউটে দাঁড়িয়েছেন। তবে শুরুতেই দুঃস্মৃতির সাক্ষী হতে হয়েছে এই ইতালিয়ান কোচকে। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে তিনি বলেন,
‘আমি দুঃখিত কারণ এই ম্যাচে হার আমাদের প্রাপ্য ছিল না। আমরা ভালো খেলেছি; হয়তো জেতার জন্য তা যথেষ্ট ছিল না, তবে প্রথমার্ধের বেশ কিছু পরিস্থিতিতে আমরা দুর্ভাগা ছিলাম।’
দলের ফল যাই হোক, খেলোয়াড়দের দোষ দিতে চান না ডি জার্বি। তিনি বলেন,
‘আমি খেলোয়াড়দের দোষ দিতে পারি না, কারণ তাদের মানসিকতা ও লড়াই করার মানসিকতা ছিল শতভাগ। নিশ্চিতভাবেই আমরা আরও ভালো খেলতে পারি। আমাদের সেই জায়গাগুলো নিয়েই কাজ করতে হবে।’