
ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে তুলনা নিয়ে তর্ক-বিতর্ক চলে আসছে বহুদিন। মাঠের পারফরম্যান্সের তুলনা টানতে দুই মহাতারকার সমর্থকরাই কথার লড়াইয়ে জড়িয়ে মুখে ফেনা তুলে ফেলেন। তবে একজায়গায় চিরপ্রতিদ্বন্দ্বী থেকে ঢের এগিয়ে ‘সিআর সেভেন’। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি থেকে পর্তুগিজ তারকার আয় এখন প্রায় দ্বিগুণ।
বিশ্বের খেলোয়াড়দের আয় নিয়ে ‘স্পোর্টিকো’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে রোনালদো শীর্ষে রয়েছেন। পর্তুগিজ ফুটবলার ২০২৫ সালে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি থেকে দ্বিগুণ আয় করেছেন। আল-নাসরের এই ফরোয়ার্ড সবশেষ বছরে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৭২০ কোটি টাকা কামিয়েছেন। আয়ের তালিকায় শীর্ষ ১০০ খেলোয়াড়ের মধ্যে ১৩ জনই ফুটবলার।
সামাজিক মাধ্যমে রেকর্ড অনুসারীর অধিকারী রোনালদো স্কোর্টিকোর তালিকার শীর্ষে রয়েছেন টানা তৃতীয় বছর। সৌদি প্রো লিগ ক্লাবের সঙ্গে চুক্তি থেকে ১২ মাসে ২০ কোটি ডলার আয় করেছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এছাড়াও তিনি অন্যান্য ব্যবসা থেকে তাঁর আয় ৬০ মিলিয়ন ডলার।
পাঁচবারের ব্যালন ড’অর বিজয়ী সিআর সেভেন টানা নয় বছর কমপক্ষে ১০ কোটি ডলার আয় করছেন। ফুটবলের বাইরে বিজ্ঞাপন, স্পনসরশিপ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে আয় করেছেন তিনি। রোনালদোর সামাজিক মাধ্যমে অনুসারির সংখ্যাও ছাড়িয়েছে ১০০ কোটি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে চমক দেখিয়েছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। বক্সিং রিংয়ে নামার জন্যই প্রতি ম্যাচে তিনি ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত আয় নিশ্চিত করেন। পাশাপাশি মেক্সিকোতে তার মালিকানাধীন জ্বালানি ব্যবসা ‘ক্যানেলো এনার্জি’ বর্তমানে শতাধিক গ্যাস স্টেশনে বিস্তৃত, যা তার আয়ের একটি বড় উৎস হয়ে উঠেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন তিনি। যদিও মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তায় মেসি এখনো বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদদের একজন, তবুও আয়ের দিক থেকে রোনালদোর সঙ্গে ব্যবধান বেশ বড়।
ফুটবলারদের মধ্যে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে খেলা করিম বেনজেমা ১১৫ মিলিয়ন ডলার আয় করে আছেন তালিকার সপ্তম স্থানে। এছাড়া ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার নিয়ে অবস্থান করছেন দ্বাদশ স্থানে। নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড ৭৭.৯ মিলিয়ন ডলার আয় করে আছেন ১৮ নম্বরে।
আয়ে বড় অধঃপতন হয়েছে নেইমারের। গত বছরটা মোটেও ভালো যায়নি ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী ২০২৫ সালের শুরুর দিকে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে গিয়েছিলেন। সৌদি প্রো লিগের আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর, নেইমারের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে তিনি শীর্ষ ছয়ের মধ্যে থেকে ৩০ নম্বরে নেমে গেছেন। সান্তোসের রাজপুত্রের আয় ৫ কোটি ডলার হ্রাস পেয়েছে। ২০২৫ সালে নেইমারের মোট আয় হয়েছে ৩.৭ কোটি ডলার।
No posts available.

লা লিগায় বার্সেলোনার ২৯তম শিরোপা উদযাপনে নতুন মাত্রা যোগ করলেন লামিনে ইয়ামাল। ছাদখোলা বাসে শোভাযাত্রার সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেছেন ১৮ বছর বয়সী এই তারকা।
সোমবার বার্সেলোনা শহরের রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে শুরু হয় বিজয় মিছিল। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, সমর্থকদের উপস্থিতিতে বার্সেলোনার খোলা বাসের ওপর দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছেন ইয়ামাল।
ইয়ামালের এই পদক্ষেপকে উপস্থিত দর্শকরা করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফুটবল ভক্তরা ইয়ামালের এই সাহসিকতার প্রশংসা করছেন।

রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় নিশ্চিত করল কাতালানরা। লা লিগার ইতিহাসে এটি দ্বিতীয়বার, যেখানে সরাসরি এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে লিগ শিরোপা নির্ধারিত হলো।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। যার বড় একটি অংশ নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
ইসরায়েলি এই আগ্রাসনের শুরু থেকেই যার প্রতিবাদ করে আসছে বার্সেলোনা শহরের মানুষ। নিয়মিত প্রতিবাদ সমাবেশ ছাড়াও এই শহর থেকেই গাজায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর মতো কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
রোববার হ্যামস্ট্রিং চোটের কারণে অবশ্য মাঠে নামতে পারেননি ইয়ামাল। বার্সেলোনা কর্তৃপক্ষের আশা, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন এই স্প্যানিশ তারকা।

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে কুরাসাও ফুটবল শিবিরে। খেলোয়াড় ও স্পন্সরদের অব্যাহত দাবির মুখে জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ফ্রেড রুটেন। সোমবার কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এফএফকে গত শুক্রবারও খেলোয়াড়দের দাবি নাকচ করে দিয়েছেল। তবে সোমবার ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে ফ্রেড রুটেনের জরুরি বৈঠকের পর দৃশ্যপট বদলে যায়। রুটেন জানান, দলের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক সেটি তিনি চান না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রুটেন বলেন,
‘খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন কোনো পরিবেশ তৈরি হতে দেওয়া ঠিক নয়। এই মুহূর্তে পদত্যাগ করাই বিচক্ষণতার পরিচয় হবে। সময় খুব কম, তাই কুরাসাওয়ের স্বার্থে আমার সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ।‘
রুটেনের অধীনে গত মার্চে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া এবং চীনের কাছে হেরে যায় কুরাসাও। রুটেনের পদত্যাগে দলটির সাবেক কোচ ডিক অ্যাডভোকাটের পুনরায় ফেরার পথ প্রশস্ত হলো।
গত নভেম্বরে ৭৮ বছর বয়সী ডিক অ্যাডভোকাটের হাত ধরেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পায় কুরাসাও। কিন্তু মেয়ের অসুস্থতার কারণে ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব ছাড়লে রুটেনকে নিয়োগ দেওয়া হয়।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘ই’ তে রয়েছে কুরাসাও। ১৪ জুন হিউস্টনে শক্তিশালী জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রা। এরপর ২১ ও ২৬ জুন ইকুয়েডর ও আইভরি কোস্টের বিপক্ষে খেলবে তারা।

প্রিমিয়ার লিগে জমে উঠেছে অবনমন এড়ানোর লড়াই। নিজেদের অস্তিত্ব রক্ষার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল টটেনহাম হটস্পার। প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্পার্সরা। ফলে লিগের তলানিতে থাকা দলগুলোর ওপর চাপ বাড়ানোর সম্ভাবনা ভেস্তে গেছে উত্তর লন্ডনের ক্লাবটি।
সোমবার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে টটেনহাম। বর্তমানে ১৮ নম্বর অবস্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে মাত্র ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে রবার্তো ডি জার্বির শিষ্যরা।
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের ৫০ মিনিটে ২০ গজ দূর থেকে এক দুর্দান্ত শটে স্পার্সকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড ম্যাথিস তেল। এই গোলের পর মনে হচ্ছিল টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়বে স্বাগতিকরা।
কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে নিজের ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেন তেল। তাঁর বুটের আঘাত সরাসরি গিয়ে লাগে ইথান আম্পাদুর মুখে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন লিডস ইউনাইটেডের এই ডিফেন্ডার। ভিএআর রিভিউ শেষে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে সমতা ফেরাতে ভুল করেননি ডমিনিক কালভার্ট-লেউইন।
ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছায়। ইনজুরি টাইমে ১৩ মিনিট যোগ করা হলেও স্পার্স কোনো গোল করতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লিডসের শন লংস্টাফের নিশ্চিত গোল দুর্দান্ত দক্ষতায় রুখে দেন স্পার্স গোলকিপার আন্তোনিন কিনস্কি।
৩৬ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে টটেনহাম। লিগ টেবিলে তাদের অবস্থান এখনো নড়বড়ে। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকলেও হাতে আছে মাত্র দুটি ম্যাচ। পরবর্তী ম্যাচে মঙ্গলবার স্পার্সদের লড়তে হবে চেলসির বিপক্ষে।

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দেশটি বিশ্বকাপ সারথী দলের প্রধান কাণ্ডারি অভিজ্ঞ এডিন জেকো। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার গত মৌসুমে শালকেকে বুন্দেসলিগায় ফিরতে বড় ভূমিকা রেখেছেন।
সোমবার রাজধানী সারায়েভোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল ঘোষণা করেন বসনিয়া কোচ সের্জেই বারবাবেজ।
দল ঘোষণার সময় বারবারেজ বলেন,
'আমরা এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি, যারা বসনিয়ার পরিচয় এবং আমাদের জাতির লড়াকু মানসিকতাকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করবে।'
বেশ নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল বসনিয়া। চলতি বছরের মার্চে উয়েফা প্লে-অফে ইতালিকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
বিশ্বকাপে 'বি' গ্রুপে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার বাকি দুই সঙ্গী সুইজারল্যান্ড এবং কাতার। ১১ জুন বিশ্বকাপ শুরুর পরের দিনেই মিশন শুরু বসনিয়ার। নিজেদের প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে তারা।
২০২৬ বিশ্বকাপের জন্য বসনিয়া ও হার্জেগোভিনা স্কোয়াড:
গোলরক্ষক: নিকোলা ভাসিলি (সেন্ট পাওলি), মার্টিন জ্লোমিসলিচ (রিজেকা), ওসমান হাজিকিচ (স্লাভেন বেলুপো)।
ডিফেন্ডার: সেয়াদ কোলাসিনাচ (আটালান্টা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পদোরিয়া), আমার দেদিচ (বেনফিকা), নিকোলা কাটিচ (শালকে), তারিক মুহারেমেভিচ (সাসুওলো), নিহাদ মুজাকিচ (গাজিয়ানটেপ), স্তেপান রাদেলিচ (রিজেকা), নিদাল চেলিক (লঁস)।
মিডফিল্ডার: আমির হাজিয়াহমেতোভিচ (হাল সিটি), বেঞ্জামিন তাহিরোভিচ (ব্রন্ডবি), জেনিস বুর্নিচ (কার্লসরুহার), আরমিন গিগোভিচ (ইয়াং বয়েজ), ইভান বাসিচ (আস্তানা), এস্মির বাজরাকতারেভিচ (পিএসভি), আমার মেমিচ (ভিক্টোরিয়া প্লাজেন), ইভান সুনিচ (পাফোস), কেরিম আলাইবেগোভিক (আরবি সালজবার্গ), এরমিন মাহমিচ (স্লোভান লিবেরেক)।
ফরোয়ার্ড: এডিন জেকো (শালকে), এরমেদিন ডেমিরোভিচ (স্টুটগার্ট), সামেদ বাজদার (জাগিলোনিয়া বিয়ালিস্তক), হারিস তাবাকোভিচ (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), জোভো লুকিচ (ক্লুজ)।

বিশ্বকাপের জন্য ব্রাজিল দলকে প্রস্তুত করার প্রথম ধাপ সম্পন্ন করেছেন কার্লো আনচেলত্তি। প্রাথমিক বিবেচনার ভিত্তিতে খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন তিনি।
ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদ মাধ্যম ইউওএল এর প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তি ইতোমধ্যেই ৫৫ সদস্যের একটি প্রাথমিক দল গঠন করেছেন। যেখান থেকে তিনি টুর্নামেন্টের জন্য তাঁর চূড়ান্ত দল বেছে নেবেন।
এই তালিকার উল্লেখযোগ্য নাম দুই অভিজ্ঞ তারকা—নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভার অন্তর্ভুক্তি। দুজনই দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন।
১৮ মে রিও ডি জেনেরিওতে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে ইউওএল জানিয়েছে, নেইমার ও সিলভার অন্তর্ভুক্তির বিষয়টি। শতভাগ ফিট না থাকলেও ঠিকই ক্লাব ফুটবলে নিয়মিত গোল পাচ্ছেন নেইমার। তার মধ্যে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরারকে বিশ্বকাপে স্কোয়াডে দেখতে ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেস সরাসরি চিঠি পাঠিয়েছেন দেশটির ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)।
আগামী ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তার আগে সোমবার (১১ মে) থেকে দলগুলোর খেলোয়াড় তালিকা প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, ৪৮টি অংশগ্রহণকারী দেশের হাতে জুন মাসের শুরু পর্যন্ত সময় রয়েছে চূড়ান্ত তালিকা জমা দেওয়ার জন্য। তবে অনেক পরাশক্তি ইতোমধ্যেই তাদের দল ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিয়েছে।
১১ মে দলগুলোর জন্য প্রাথমিক বা সাময়িকভাবে খেলোয়াড় তালিকা জমা দেওয়ার শেষ দিন। এই তালিকায় ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড় রাখতে পারে ফেডারেশনগুলো। আজ থেকে শুরু হচ্ছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়। ২ জুন ফিফার কাছে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। এই দিনেই ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের সব খেলোয়াড়ের নাম প্রকাশ করবে।
গত কাতার বিশ্বকাপের মতো এবারও প্রত্যেক দল সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। দলে অন্তত তিনজন গোলরক্ষক থাকা বাধ্যতামূলক। চূড়ান্ত তালিকা জমা দেওয়ার পর শুধুমাত্র গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রেই ফিফার অনুমতি সাপেক্ষে খেলোয়াড় পরিবর্তন করা যাবে।