১১ মে ২০২৫, ১০:৩২ পিএম
ম্যাচের শুরুটা দেখে মনে হচ্ছিল, মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ভিন্ন ছন্দেই হাজির রিয়াল মাদ্রিদ। প্রথম দিকে এলেমেলো ফুটবল খেলা বার্সেলোনা খুব দ্রুতই নিজেদের গুছিয়ে নিল। বিরতির আগেই চার গোল খেয়ে বসা রিয়ালের হয়ে একাই লড়ে গেলেন কিলিয়ান এমবাপে, করলেন দারুণ এক হ্যাটট্রিক। তবে কার্লো আনচেলত্তির দলের রক্ষণভাগের ভুলে যাওয়ার মত এক ম্যাচে শেষ হাসি হাসল ইয়ামাল-রাফিনিয়ারাই। আর তাতে চলে গেল লা লিগা জয়ের আরও কাছে।
লা লিগায় রোববারের এল ক্লাসিকোর মহারণে আরও একবার বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। ৪-৩ গোলে দুর্দান্ত জয়ে মৌসুমে রিয়ালকে টানা চার ম্যাচে হারের তেতো স্বাদ উপহার দিল ফ্লিকের দল।
আরও পড়ুন
| ‘ইয়ামাল বাচ্চা না, এমন পারফরম্যান্সই চায় বার্সা’ |
|
এই জয়ে বার্সেলোনার লিগ জয়ও প্রায় নিশ্চিত হয়ে গেছে। তিন ম্যাচ হাতে রেখে ৮২ পয়েন্ট কাতালান ক্লাবটির। আর দুইয়ে থাকা রিয়ালের অর্জন ৭৫ পয়েন্ট।
লা লিগায় বড় ধরণের নাটকীয়তা না দেখা দিলে এই হারে নিশ্চিত হয়ে গেছে রিয়ালের শিরোপাহীন মৌসুম। দুই দফায় রিয়ালকে অসাধারণ সব সাফল্য এনে দেওয়া আনচেলত্তির জন্য শেষটা হতে যাচ্ছে ভুলে যাওয়ার মতোই।
ম্যাচে রিয়ালের শুরুটা অবশ্য হয় স্বপ্নময়। পাউ কুবার্সির দুর্বল ব্যাকপাস থেকে বল পেয়ে গতিতে বক্সের ভেতর প্রবেশ করেন এমবাপে। বল ক্লিয়ার করতে গিয়ে তাকে ফাউল করে বসেন গোলকিপার ওয়েজেচ সেজনি। পেনাল্টির বাঁশি সাথে সাথেই বাজিয়ে দেন রেফারি। ফরাসি তারকার বাঁদিকে নেওয়া নিচু শটে হাত লাগালেও আটকাতে পারেননি সেজনি।
এটি ছিল চলতি মৌসুমে লিগে এমবাপের ২৫তম গোল। লিড নিয়ে রিয়াল অব্যাহত রাখে ইতিবাচক ফুটবল। একের পর পর আক্রমণ শানায় দলটি। বিপরীতে ফ্লিকের দল গুছিয়ে নিতেই নষ্ট করে কিছুটা সময়।
নবম মিনিটে বলার মত প্রথম আক্রমণে বক্সের ভেতর কঠিন এঙ্গেল থেকে শট নিয়েছিলেন এরিক গার্সিয়া, তবে রিয়ালের জন্য তা বিপদের কারণ হয়নি।
১৪তম মিনিটে ফের বার্সেলোনার জালে বল, আর এবারও স্কোরার সেই এমবাপেই। তবে বল বানিয়ে দেওয়ার একটা বড় কৃতিত্ব পাবেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় মাঝমাঠ থেকে দারুণ এক ডিফেন্সচেড়া পাসে খুঁজে নেন ফ্রানের বিশ্বকাপ জয়ী তারকাকে। বল রিসিভ করে জায়গা বানিয়ে সেজনিকে পরাস্ত করে রিয়ালের লিড বড় করেন এমবাপে।
গোলের লক্ষ্যে প্রথম দুই শট থেকেই জালের দেখা পাওয়া রিয়ালের আক্রমণের সামনে সেই সময়ে বেকায়দায় ছিল বার্সেলোনা। ১৮তম মিনিটে বক্সের একটু বাইরে থেকে লামিন ইয়ামালের কার্লিং শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ব্লক করেন থিবো কোর্তোয়া।
পরের মিনিটে আরেকটি ভালো সেভ দিলেও শেষ পর্যন্ত হার মানতে হয় কোর্তোয়াকে। ফেররান তরেসের কর্নার কিক থেকে হেডারে জাল খুঁজে নেন এরিক গার্সিয়া, যিনি কোপা দেল রের ফাইনালেও রিয়ালের বিপক্ষে গোল করেছিলেন।
আরও পড়ুন
| আবেগে ভেসে, চোখের জলে বায়ার্নকে বিদায় জানালেন কিংবদন্তি মুলার |
|
এক গোল শোধ দিয়ে ক্রমেই রিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। খেই হারিয়ে ফেলা রিয়ালের খর্বশক্তির রক্ষণের জন্য গতিময় ইয়ামালকে সামলানো শুরু থেকেই ছিল কঠিন। ৩২তম মিনিটে তরেসের পাস থেকে কাট করে বক্সের ভেতর বাঁদিক থেকে বা পায়ের কোনাকুনি এক শটে গোল করেন স্প্যানিশ এই উইঙ্গার, লা লিগায় এটি এই মৌসুমে ইয়ামালের সপ্তম গোল।
পরপর দুই গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের গোল হজম করে বসে রিয়াল, যেখানে ফুটে ওঠে তাদের ছন্দপতন। বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এমবাপে, তবে ঠিক তার সামনে দাঁড়িয়ে যান সতীর্থ লুকাস ভাজকেস। দুজনের ভুল বোঝাবুঝি থেকে পাল্টা আক্রমণে বল পেয়ে যান রাফিনিয়া। নিখুঁত ফিনিশিংয়ে প্রথমবারের মত বার্সেলোনাকে লিড এনে দেন ব্রাজিল ফরোয়ার্ড।
শুরুতে ঝলক দেখানো রিয়াল এরপর আশা জাগিয়েছিল সমতা টানার। পেনাল্টি আদায় করেছিলেন এমবাপে। তবে তিনি নিজেই অফসাইড থাকায় সেটা আর মেলেনি।
উল্টো ৪৫তম মিনিটে আরেক গোল খেয়ে বসে রিয়াল। এবারও কেন্দ্রবিন্দু সেই ভাজকেসই। রিয়াল অধিনায়কের কাছ থেকে বক্সের বাইরে বল কেড়ে রাফিনিয়াকে পাস বাড়ান তরেস, ফাঁকায় থাকা দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গারের সমস্যা হয়নি জালের দেখা পেতে। লা লিগায় এটি মৌসুমে রাফিনিয়ার ১৮তম গোল ছিল।
অবিশ্বাস্য এক প্রথমার্ধে রিয়াল শুরুর দুই গোলের পর লক্ষ্যেই আর শটই রাখতে পারেনি। বিপরীতে ১১টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে বার্সেলোনা।
বিরতির পরও একই ছন্দ ধরে রাখে বার্সেলোনা। রিয়ালের জোড়াতালি দেওয়া রক্ষণভাগকে আরও একবার বিপদে ফেলেই দিচ্ছিলেন রাফিনিয়া। ৫৩তম মিনিটে বাঁদিক থেকে তার পাস থেকে ফাঁকায় দাঁড়ানো ইয়ামাল টোকা দিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে আর মেলেনি গোল।
ম্যাচের ধারার বিপরীতে এর তিন মিনিট পর একটা সুযোগ পেয়েছিলেন এমবাপে, তবে শট উঁচিয়ে মেরে হতাশ করেন রিয়ালকে। পাল্টা আক্রমণ থেকে এরপর দুরন্ত গতিতে এগিয়ে ডান দিক থেকে ক্রস বাড়ানোর চেষ্টা করেন ভিনিসিয়ুস জুনিয়র, তবে সেটা বাধাপ্রাপ্ত হয় আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ক্লিয়ারিংয়ে।
শেষ পর্যন্ত এই জুটির হাত ধরেই গোল পায় রিয়াল। আরও একটি কাউন্টার এটাক থেকে বল পেয়ে দুজন এগিয়ে যান বার্সেলোনার বক্সে। নিজের সামনে সুযোগ থাকলেও গোলের সামনে এমবাপেকে দিয়ে হ্যাটট্রিক করান ভিনিসিয়ুস। ২৭তম গোলের মাধ্যমে লা লিগার সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় রবার্ট লেভানদভস্কির চেয়ে দুই গোলে এগিয়ে যান ফরাসি ফরোয়ার্ড।
৭৪তম মিনিটে স্কোরলাইন ৫-৩ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। তার সামনেও ছিল হ্যাটট্রিকের আশা। ইয়ামালের ক্রসে ছিলেনও ভালো পজিশনে, তবে ছয় গজের ভেতর থেকে বল পোস্টের ওপর দিয়ে মেরে টিকিয়ে রাখেন রিয়ালের ম্যাচে ফেরার আশা।
আরও পড়ুন
| ড্র করে সুযোগ মিসের হতাশায় গার্দিওলা |
|
জমে ওঠা ম্যাচের ৮২তম মিনিটে বার্সেলোনা শিবিরে জোর দাবি ওঠে পেনাল্টির। বক্সের ভেতর অহেলিয়া চুয়ামেনির সম্ভাব্য হ্যান্ডবল সময় নিয়ে স্ক্রিনে দেখে রেফারি নাকচ করেন পেনাল্টির আবেদন। হাফ ছেঁড়ে বাচে রিয়াল।
৮৮তম মিনিটে ভিনিসিয়ুসের বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড ভিক্টর মুনজ প্রথম টাচেই পেয়েছিলেন হিরো হওয়ার সুযোগ। তবে লক্ষ্যে শট রাখলেই গোল, এমন পজিশন থেকে তিনি বল মেরে দেন পোস্টের বাইরে।
গোলের জন্য মরিয়া রিয়ালকে আরও একবার পাল্টা আক্রমণে চমকে দেয় বার্সেলোনা। ৯৫তম মিনিটে কাট করে বক্সে ঢুকে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান ফেরমিন লোপেজ। তবে হ্যান্ডবল হওয়ায় বাতিল হয় সেই গোল। বাকি সময়ে কোনো দলই পারেনি বলার মত আর সুযোগ তৈরি করতে।
No posts available.

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে স্তব্ধ করে দিয়ে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা জিতে নিল জাপান। সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো এশীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নাদেশিকোরা।
এই জয়ের মাধ্যমে ২০১৪ ও ২০১৮ সালের পর তৃতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরল দলটি।
রেকর্ড ৭৪ হাজার ৩৯৭ জন দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। তবে ম্যাচের ১৭ মিনিটে জাদুকরী এক মুহূর্ত উপহার দেন জাপানি ফরোয়ার্ড মাইকা হ্যামানো। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া নিখুঁত বাঁকানো শট অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ডকে পরাস্ত করে জালে জড়ায়। হ্যামানোর এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। সাম কার ও ক্যাটলিন ফোর্ড বেশ কয়েকবার জাপানের রক্ষণভাগে ভীতি ছড়ালেও গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেন। দ্বিতীয়ার্ধের শেষদিকে অ্যালানা কেনেডির হেড রুখে দিয়ে জাপানের জয় নিশ্চিত করেন গোলকিপার আয়াকা ইয়ামাশিতা।
২০১৪ ও ২০১৮ সালেও অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। ঘরের মাঠে এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্বাগতিকদের।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কেনেডি। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন জাপানের রিকো উয়েকি (৬ গোল)।
এই টুর্নামেন্টের শীর্ষ ৬ দল জাপান, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং ফিলিপাইন আগামী ২০২৭ নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচের আগে বড় ধরনের হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন দলের প্রধান গোলকিপার আলিসন বেকার।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে চোট ও দল থেকে ছিটকে যাওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন আলিসন। ইনস্টাগ্রাম স্টোরিতে লিভারপুলের এই গোলকিপার লিখেছেন,
‘দুর্ভাগ্যবশত আমি কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকব। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি।’
আলিসন কবে ফিরবেন সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন করিন্থিয়ানসের ২৭ বছর বয়সী গোলকিপার হুগো সুজা।
আলিসনের এই চোট কেবল ব্রাজিলের জন্যই নয়, তাঁর ক্লাব লিভারপুলের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে আরনে স্লটের দল।
এর আগে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পেশির সমস্যার কারণে খেলেননি তিনি। যদিও দ্বিতীয় লেগে ফিরেছিলেন, তবে নতুন করে এই চোটের ফলে চ্যাম্পিয়নস লিগে পিএসসির বিপক্ষে শেষ আটের লড়াইয়ে আলিসনের থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরলান্ডোতে কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে মার্চ উইন্ডোতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে সেখানে নেই ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। হ্যামস্ট্রিং চোটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন আল নাসর তারকা।
গত নভেম্বরে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচেও ছিলেন না সিআরসেভেন। ধারণা করা হচ্ছিল আর্মেনিয়ার বিপক্ষে খেলতে না পারলেও মার্চ উইন্ডোতে দলে ফিরবেন তিনি। সব কিছু ঠিক ছিল, হঠাৎ ইনজুরিতে পরায় দলে ফেরা আরও দীর্ঘায়িত হলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
রোনালদো ইনজুরি নিয়ে আল-নাসর কোচ জর্জে জেসুস বলেন, ‘আগের ম্যাচে ক্রিস্তিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পেরেছি, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিস্তিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে সামলায়।’
বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজানোর আগে আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে কোচ রবার্তো মার্টিনেজের দল।
প্রীতি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড
গোলকিপার : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা।
ডিফেন্ডার : ম্যাথিউস নুনেস, দিয়োগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো।
মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা।
ফরোয়ার্ড : রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস।

ঈদের ছুটিতে ব্যস্ত সময় বাংলাদেশের ফুটবলে। ঈদের ভিয়েতনামে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আগের দেশ চাঁদ রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। মালদ্বীপের পথে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সিনিয়র দল। ২২ সদস্যের স্কোয়াড নিয়ে সেখানে আজ সকালে পৌঁছেছে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সরাসরি আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।
ভিয়েতনামে ম্যাচ খেলে ২৭ মার্চ সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে লাল সবুজের দল। প্রতিযোগিতায় ৫ ম্যাচ খেলে ৫ পয়েণ্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ থেকে নিজেদের শেষ খেলায় জয় চায় হাভিয়ের কাবরেরার দল।
আর এশিয়ান কাপের মূলপর্বে খেলতে এখন থাইল্যান্ডের পথে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ১২ দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আফঈদা-সাগরিকারা মাঠে নামবেন ১ এপ্রিল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এক সপ্তাহ আগেই দেশ ছেড়েছে পিটার বাটলারের দল।
এদিকে অনূর্ধ্ব-২০ সাফ খেলতে মালদ্বীপে গেছে আরেকটি দল। ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। লাল সবুজের যুবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে।

শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বোর্নমাউথের লড়াইটা হলো সমানে সমান। ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে অতিথিদের বোর্নমাউথ আটকে রাখলো ম্যাচের প্রথম এক ঘন্টা। ৬১ মিনিটে ডেডলফ ভাঙ্গার পর ম্যানচেস্টার এগিয়ে গেল দুইবার। কিন্তু তারপরও জয় নিয়ে ফেরা হলো না রেড ডেভিলদের।
শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে এএফসি বোর্নমাউথ। ৬১ মিনিটে ব্রুনো ফের্নান্দোজের পেনাল্টি গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। ৬ মিনিট পর রায়ান ক্রিস্তির গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
১-১ গোলে সমতায় থাকার পর ৭১ মিনিটে ম্যান ইউনাইটেড এগিয়ে যায় জেমস হিলের আত্মঘাতী গোলে। নির্ধারিত সময়ের শেষ ১৯ মিনিট লিড ধরে রাখার পন ছিল ম্যান ইউনাইটেডের। তবে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মাথায় বোর্নমাউথ ফের খেলায় ফেরে হ্যারি মাগুয়েরের এক ভুলে। নিজেদের বক্সে বোর্নমাউথ স্ট্রাইকার ইভানিলসনকে ফেলে দেন ইউনাইটেডের সেন্টার-ব্যাক। এতে রেড কার্ড দেখার সঙ্গে পেনাল্টিও হজম করতে হয় তাঁকে। সফল স্পটকিকে দলকে ২-২ সমতায় ফেরান জুনিয়র রুপি। বাকি সময়ে চেস্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল।
এই ড্রয়ে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মাইকেল ক্যারিকের দল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে দশে বোর্নমাউথ। সবার ওপরে থাকা আর্সেনালে ঝুলিতে ৭০ পয়েন্ট। গানারদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। যদিও পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।