
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের জন্য আয়ারল্যান্ড থেকে কোচ আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে তাঁর। এরপর বিকালেই বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা দেখবেন বলে বাফুফে সূত্রে জানা গেছে।
আয়ারল্যান্ডের এই কোচের উয়েফা ‘এ’ লাইসেন্স রয়েছে। আপাতত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে কক্সের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। পরবর্তীতে এপ্রিলে নিযুক্ত কোচের পাশাপাশি আরও কিছু দলের দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এর আগে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটি ও উলভারহাম্পটন ওয়ান্ডারার্সের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করেছেন কক্স। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানেও কাজ করেছেন তিনি।
No posts available.
৪ এপ্রিল ২০২৬, ১:২০ পিএম
৪ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম
৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপ থেকে আজ দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছে চ্যাম্পিয়ন রোনান সুলিভানরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিলে এনে সংবর্ধনা দেওয়া হবে । বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে যুবাদের একটি বিশেষ ছাদখোলা বাসে করে শহরে নিয়ে আসা হবে।
আরও পড়ুন
| এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বিকেলে লিভারপুলের মুখোমুখি ম্যানসিটি |
|
শুক্রবার রাত ৯ টায় শুরু হওয়া ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলের দেখা পায়নি কোন দল। এরপর সরাসরি ট্রাইবেকারে খেলা গড়ালে ৪-৩ ব্যবধানে জেতে মার্ক কক্সের দল। শিরোপা জয়ের পর আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে সাফজয়ী ফুটবল দল।
চ্যাম্পিয়নদের ছাদখোলা বাসে সংবার্ধনা দেওয়ার কথা জানিয়ে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান বাবু বলেন, ‘বিজয়ী দল দেশে আসলে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি, সম্মানিত সভাপতি এবং ফেডারেশনের সকল কর্মকর্তারা এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করবেন। সেখান থেকে সরাসরি গাড়ি চলে যাবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আজকে রাত ৮টার সময়।’
এ নিয়ে পরপর দুবার অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। এর আগে ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-০ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল লাল সবুজের তরুণেরা। মিডিয়া কমিটির পক্ষ থেকে শিরোপাজয়ী দলকে চ্যাম্পিয়ন হওয়ার কথা জানান বাবু।

অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। ৩০ এপ্রিল স্প্যানিশ কোচের সঙ্গে শেষ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তি। নতুন করে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করছে না দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা। জাতীয় দল কমিটির আজকের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিই ছিল কাবরেরার অধীনে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচ। এখন থেকে নতুন কোচের জন্য সিভি গ্রহণ করবে বাফুফে। নতুন কোচ খুঁজে পাওয়া গেলে তাকে দায়িত্ব দেওয়া হবে ১মে থেকে। সেজন্য সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া শুরু করবে ফেডারেশন। যেখানে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন কাবরেরাও। আজ মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা নতুন কোচের সন্ধানে নেমেছি। আমরা নতুন কোচের ইন্টারভিউ নেব। সেক্ষেত্রে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবে।’
আরও পড়ুন
| সন্ধ্যায় দেশে আসছে সাফজয়ী দল |
|
সিঙ্গাপুর সফর শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফিরলেও গত শুক্রবার স্পেনে ফিরে গেছেন কাবরেরা। ৩০ এপ্রিল তার চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকছেন। ২০২২ সালে বাংলাদেশের কোচ হন কাবরেরা। এরপর কেটে গেছে চার বছর। ২০২৩ সালে বাংলাদেশকে সাফের সেমিফাইনালে তুলে অনেক আশা জাগান তিনি। কিন্তু এরপর থেকেই শুরু হয় অধপতন। হামজা চৌধুরী, সমিত সোমের মতো ফুটবলাররা আসায় তাঁর বিদায়ের ডাক দিতে থাকেন সমর্থকেরা। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও তাঁকে নিয়ে ক্ষোভ কমেনি দেশের ফুটবল সমর্থকদের। স্প্যানিশ এই কোচের অধীনে ৩৯ ম্যাচে ১০ জয় পেয়েছে বাংলাদেশ। সমান ১০ ম্যাচে ড্র করলেও হেরেছে ১৯ ম্যাচে।
এবার নতুন কোচ নিয়োগ দেওয়া হবে ২ বছরের জন্য। এ বছর হওয়ার কথা রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। সেটি সামনে রেখেই নতুন কোচের সন্ধানে বাফুফে। এছাড়া জুন উইন্ডোতে থাইল্যান্ড, মিয়ানমারের মতো বড় দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা বাফুফের। তার আগেই নতুন কোচ নিয়োগের কাজটি সেরে ফেলতে চায় ফেডারেশন। কিন্তু নতুন কোচের সিভির মধ্যে থাকতে পারে কাবরেরার সিভিও। সেক্ষেত্রে তাঁর সাক্ষাৎকার নেওয়া হবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হামজা-সমিত-ফাহামেদুলদের মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ। অনেকেই এজন্য দুষছেন কাবরেরাকে। তাঁর সিলেকশন, দল নির্বাচন নিয়ে অসন্তুষ্টি অনেকের মধ্যে। তাকে নিয়ে আজকের সভায় কোনো মূল্যায়ন হয়েছে কি না জানতে চাইলে আমিরুল ইসলাম বলেন, ‘ব্যাপারটা হয়েছে যে, যেহেতু আরও একটা মাস তার সময় রয়েছে...।’ এখানে বলা ভালো যে এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোনো ম্যাচ নেই।

পেরুর
রাজধানী লিমার আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে একটি ফুটবল ডার্বির আগে আয়োজিত
র্যালিতে দুর্ঘটনায় অন্তত একজন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়
এই তথ্য নিশ্চিত করেছে।
লিমার লা
ভিক্টোরিয়া ডিস্ট্রিক্টের মাতুতে এলাকায় অবস্থিত স্টেডিয়ামটি আলিয়ানজা লিমা
ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। গত জানুয়ারিতে এই মাঠেই লিমার বিপক্ষে
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি।
পেরুর
স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো জানিয়েছেন, আহত ৪৭ জনের মধ্যে ৩৯ জনকে
বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার
ফলে পুরো শহরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য
হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
প্রাথমিক
প্রতিবেদনে স্টেডিয়ামের দেয়াল ধসে পড়ার কথা বলা হলেও, আলিয়ানজা লিমা ক্লাব
কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
সামাজিক
মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে কোনো কাঠামোগত ত্রুটি
বা দেয়াল ধসের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসও জানিয়েছে দক্ষিণ দিকের গ্যালারি বা
কোনো দেয়াল ধসে পড়েনি।
পেরুভিয়ান
ফুটবল লিগ কতৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আলিয়ানজা লিমা এবং ক্লাব
ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের ম্যাচটি শনিবার রাতে পূর্ব নির্ধারিত সূচি
অনুযায়ীই হবে।

গত ২২ মার্চ ইংলিশ লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারায় ম্যানচেস্টার সিটি। সেটি ছিল তাদের মৌসুমের প্রথম ট্রফি। এবার দ্বিতীয় ঘরোয়া শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখার পালা, পেপ গার্দিওলার দল আজ মুখোমুখি হবে লিভারপুলের। ইতিহাদে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে দুই দল।
গত তিন মৌসুমের প্রতিটিতেই এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ২০২২ সালে তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করলেও পরের বছর রেড ডেভিলদের কাছে হেরে যায়। এরপর গতবার ক্রিস্টাল প্যালেসের কাছে হারে সিটিজেনরা। এবারও যদি ম্যানচেস্টার সিটি এফএ কাপের ফাইনালে উঠে সেটি হবে তাদের জন্য নতুন রেকর্ড। টানা চারটি ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করবে।
গার্দিওলার দল টানা ৪ ফাইনালিস্ট হতে পারবে কি না সেটি সময় বলে দেবে। তবে ইতিমধ্যেই একটি ইতিহাস রচনা করেছে ইতিহাদের ক্লাবটি। টানা সাতটি সেমিফাইনালে পৌঁছানো প্রথম দল তারাই। লিভারপুলকে হারিয়ে এবার যদিও সেমিতে উঠে তবে রেকর্ড আরও বর্ধিত হবে সিটির জন্য।
আরও পড়ুন
| সন্ধ্যায় দেশে আসছে সাফজয়ী দল |
|
পেপ গার্দিওলার দল এই লক্ষ্য পূরণে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। কারণ এই মৌসুমের বাকি অংশে এটিই একমাত্র বড় শিরোপা যা তারা জিততে পারে। মার্চ উইন্ডোর আন্তর্জাতিক বিরতির আগেই চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে ম্যানসিটি। অন্যদিকে প্রিমিয়ার লিগে টানা দুটি ড্রয়ের ফলে আর্সেনালের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে ক্লাবটি।
এদিকে, লিভারপুলের জন্য মার্চ ছিল ভুলে যাওয়ার মতো মাস। কারণ তারা তাদের ৬টি ম্যাচের বেশিরভাগই হেরেছে। যার মধ্যে ছিল লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে হার। এছাড়া টটেনহাম হটস্পারের সঙ্গে ড্র এবং চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে প্রথম লেগে হার। ইউরোপের মঞ্চে দ্বিতীয় লেগে তুরস্কের ক্লাবটিকে বিপক্ষে ৪-০ গোলে জিতলেও মৌসুমজুড়ে অল রেডদের অধারাবাহিতা সামনে এসেছে।
মৌসুমের বাকি সময়ে ধারাবাহিক হওয়ার বিকল্প নেই লিভারপুলের সামনে। আজকের কোয়ার্টার ফাইনালের পর তারা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে মাঠে নামবে। এবং দ্বিতীয় লেগের ঠিক পরেই এভারটনের সঙ্গে মার্সিসাইড ডার্বি ম্যাচ।
ইয়োস্কো গাভার্দিওল, রুবেন দিয়াস ও জন স্টোনস চোটের কারণে মাঠের বাইরে। ম্যানচেস্টার সিটিকে তিনজন সেন্টার-ব্যাককে ছাড়াই খেলতে হবে বলে ধারণা করা হচ্ছে। লিভারপুলের চোটের তালিকা আরও দীর্ঘ। অল রেডদের রক্ষণভাগের বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত। তাদের মধ্যে গোলকিপার অ্যালিসন বেকার সবচেয়ে উল্লেখযোগ্য।
অন্যদিকে কনর ব্র্যাডলি, জিওভানি লিওনি এবং ওয়াতারু এন্ডো দীর্ঘমেয়াদি চোটের কারণে খেলতে পারছেন না। আলেক্সান্ডার ইসাক অনুশীলনে ফিরলেও তাঁর খেলার সম্ভাবনা কম। তবে বড় খবর হলো আর্নে স্লট আশা করছেন মোহাম্মদ সালাহ এবং ফেদেরিকো কিয়েসা এই ম্যাচটি খেলতে পারবেন।

ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে ঘিরে দলবদলের গুঞ্জন এখন তুঙ্গে। স্প্যানিশ এই তারকা মিডফিল্ডারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আলোচনার পর মুখ খুলেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। স্পষ্ট জানিয়েছেন, কোনো খেলোয়াড় অখুশি থাকলে ক্লাব ছাড়তে পারেন। তবে ব্যক্তিগতভাবে গার্দিওলা চান রদ্রি ইতিহাদ স্টেডিয়ামেই থেকে যান।
মার্চের আন্তর্জাতিক বিরতির সময় রদ্রি স্প্যানিশ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া অসম্ভব। বার্নাব্যুতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে স্প্যানিশ অধিনায়ক বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবগুলোকে কেউ না বলতে পারে না। অনেক খেলোয়াড়ই আতলেতিকো এবং রিয়াল, উভয় ক্লাবের হয়ে খেলেছেন। এটি তাৎক্ষণিক না হলেও সময়ের সঙ্গে সম্ভব।’
লিভারপুলের বিপক্ষে শনিবারের এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে গতকাল রদ্রির মন্তব্যের প্রতিক্রিয়ায় গার্দিওলা বলেন, ‘রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না, এটা সত্য। রদ্রি একজন অবিশ্বাস্য খেলোয়াড় এবং আমার ইচ্ছা সে যত দিন সম্ভব এই ক্লাবে থাকুক। কিন্তু শেষ পর্যন্ত জীবনটা যার যার তার তার।’
আরও পড়ুন
| বিশ্বকাপের দেশে অফসাইডের নতুন নিয়মের পরীক্ষা শুরু |
|
রদ্রি চলে যেতে চাইলে বাধা দিবেন না জানিয়ে গার্দিওলা বলেন, ‘ক্লাব সবার ঊর্ধ্বে। যদি কোনো খেলোয়াড় এখানে অখুশি থাকে, তবে তাঁকে চলে যেতে হবে। ক্লাব রদ্রিকে ধরে রাখতে চায়, কিন্তু কেউ যদি চলে যেতে চায়, আমি তাঁর পথে বাধা হয়ে দাঁড়াব না। সে ক্ষেত্রে তাঁকে স্পোর্টিং ডিরেক্টরের দরজায় কড়া নাড়তে হবে এবং তাঁর মানের উপযুক্ত কোনো প্রস্তাব নিয়ে আসতে হবে।’
২০১৯ সালে যোগ দেওয়ার পর ম্যানচেস্টার সিটির হয়ে ২৯৩ ম্যাচ খেলেছেন রদ্রি। এই সময়ে তিনি ৪টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি এফএ কাপ এবং ৩টি লিগ কাপ জিতেছেন।
২০২৪ সালে ব্যালন ডি’অর জিতলেও গত মৌসুমে চোটের কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। হ্যামস্ট্রিং সমস্যার কারণে চলতি মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়েছেন তিনি।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচ খেলা রদ্রির নেতৃত্বেই আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ২০২৭ সালের জুনে শেষ হবে সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ।