
এশিয়া কাপ হকির প্রাথমিক দলে রাখা হয়নি পুস্কর খিসা মিমো, মঈনুল ইসলাম কৌশিক, নাঈম উদ্দিন ও মাহবুব হোসেনদের মতো সিনিয়রদের। বাদ পড়াদের অভিযোগ- কেবল অন্যায়ভাবে বাদ দেওয়াই নয়, বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কর্মকর্তা আবু জাফর তপনের কাছ থেকে প্রকাশের অযোগ্য গালি এবং সম্মানহানির শিকার হয়েছেন তারা।
মঙ্গলবার রাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের রুমে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। জানা যায়, রিয়াজুলের সঙ্গে কথা বলার সময় রুমে ঢোকেন জাতীয় দল নির্বাচক কমিটির সদস্য ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু জাফর তপন। তার সঙ্গেই কথা বলতে গেলে এক পর্যায়ে তিনি নাঈমে অশ্রাব্য ভাষায় গালি দেন।
আরও পড়ুন
| হকি এশিয়া কাপে নেতৃত্বে বাবু, বাদ মিমোসহ চার সিনিয়র |
|
টি-স্পোর্টসের সঙ্গে আলাপে মিমো জানিয়েছেন এই কথা।
“আমাদের মনে হয়েছিল টিম ঘোষণায় অন্যায় করা হয়েছে এবং আমরা ব্যক্তিগত আক্রোশের শিকার। তাই সেক্রেটারির সঙ্গে কথা বলার সময় রুমে ঢোকেন তপন ভাই। তখন সেক্রেটারি তপন ভাইকে বলেন, ওরা কী বলছে শোনেন। পরে ওনার সঙ্গে কথা বলতে গেলে তর্কাতর্কি শুরু হয়।”
“নাঈমকে অশ্রাব্য ভাষায় গালি দেন তপন ভাই। নাঈম এটা মেনে নিতে পারেনি। তখন ও তপন সাহেবকে বলে, কোনো খেলোয়াড়কে এভাবে আপনি গালি দিতে পারেন না। তারপর এক পর্যায়ে ধস্তাধস্তিও হয়।”
আরও পড়ুন
| হাঁটুর চোটে মাঠের বাইরে কাই হাভার্টজ |
|
যার বিরুদ্ধে অভিযোগ সেই তপন অবশ্য গালি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। বুধবার সন্ধ্যায় ফোন করলে এই প্রতিবেদককে বলেন,
“ওরা সেক্রেটারির সঙ্গে কথা বলতে এসেছিল এটা ঠিক। তাদেরকে কেন রাখা হয়নি এটা জানতে চেয়েছে ওরা। এখন কথা যখন হয়, তখন সবকিছু নরমাল হয় না, অনেক সময় উত্তেজিত হয়ে কথা হয়; সেরকমই কথা হয়েছে।”
ঘটনা কেবল উত্তেজিতের মধ্যেই থেকেছে নাকি আপনি নির্দিষ্ট কোনো গালি দিয়েছেন তাদের? এমন প্রশ্নে তপন বলেন,
“অনেক সময় যেটা হয়, রাগের মাথায় মানুষ উচ্চস্বরে কথা বলে এরকম কিছু কথা হয়েছে।”
যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ অস্বীকার করায় বরং অবাক হয়েছেন নাঈম। টি স্পোর্টসের সঙ্গে কথোপকথনে তিনিও মিমোর মতো একই অভিযোগ করেন।
“(তপনের বক্তব্য) সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে আমরা লিখিত অভিযোগ দেবো।”
এরপর জানান দল থেকে বাদ পড়েছেন বলে কোনো ক্ষোভ নেই তার।
“দল থেকে বাদ পড়েছি এটা নিয়ে স্বাভাবিক আছি। কিন্তু কষ্ট লাগছে আমাদের সর্বশেষ ট্যুরের (এএইচএফ কাপ) ক্ষোভ এখানে টেনে আনা হয়েছে। আমরা ওনার (তপন) ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি।”
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ২:২৫ পিএম
২ এপ্রিল ২০২৬, ৩:০৭ পিএম

থাইল্যান্ডে বড় ‘অঘটনের’ মুখোমুখি হলো বাংলাদেশ। যে উজবেকিস্তানকে আন্তর্জাতিক হকিতে স্রেফ গোলবন্যার সামনে দাঁড় করিয়ে রাখা ছিল বাংলাদেশের অভ্যাস, আজ সেই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা।
এই ড্রয়ে সেরা চারে থেকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে উজবেকিস্তান।
বাংলাদেশের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। স্থাননির্ধারণী ম্যাচগুলোতে ছয়ে থেকে শেষ করতে পারলেই টিকিট পাবে এশিয়ান গেমসের।
আরও পড়ুন
| মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া দিবসে প্রতিমন্ত্রী |
|
বাছাই টুর্নামেন্টে বরাবরই দাপট দেখানো বাংলাদেশ এবার গিয়েছিল শিরোপার লক্ষ্য নিয়ে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ম্যাচে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারের ক্ষতে আজ নতুন করে প্রলেপ দিল উজবেকিস্তান।
থাইল্যান্ডের এয়ারফোর্স হকি মাঠে আজ পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। সমতা ফেরাতে হন্যে হয়ে লড়লেও উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে।
চতুর্থ কোয়ার্টারের ২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনলেও জয়ের জন্য প্রয়োজনীয় লিড আর নিতে পারেনি বাংলাদেশ। উল্টো একাধিক পেনাল্টি কর্নার পেয়ে ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল উজবেকরাই।

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ। শুক্রবার লড়াই করে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে আশিকুজ্জামানের দল।
থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সেরান বোথালে গোল করে দলকে এগিয়ে নেন। ৭ মিনিট পর আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে বাংলাদেশ। তাতে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। তবে বাংলাদেশের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর কুশাল উইরাপুলি গোল করে ফের শ্রীলঙ্কাকে এগিয়ে দেন।
মাঝে প্রায় আধঘন্টা কোনও দলই গোলের দেখা পায়নি। ৪৯ মিনিটে গোল করে শ্রীলঙ্কা লিড বাড়িয়ে নেয় ৩-১ ব্যবধানে। সুরেশ রত্নায়েকে আক্রমণ থেকে গোল করেন। একই মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছাড়ে শ্রীলঙ্কা।
গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ রোববার, প্রতিপক্ষ উজবেকিস্তান।

এ বছরের সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের এবারের আসর। সেই গেমসের আগে হকির বাছাই প্রতিযোগিতা থাইল্যান্ডে শুরু হয়েছে আজ থেকে। উদ্বোধনী দিনে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
দারুণ জয়ে ম্যাচ সেরা হয়েছেন আমিরুল ইসলাম। খেলা শেষে এক ভিডিও বার্তায় বলেছেন, 'আলহামদুলিল্লাহ আজকে আমরা তিন পয়েন্ট পেয়েছি। লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ আগাবো। আজ প্রথম ম্যাচ ছিল এবং জিততে পেরেছি। পরের ম্যাচেও জয়ের লক্ষ্য থাকবে। পাশাপাশি খেলায় উন্নতি করব ইনশা আল্লাহ। ম্যান অব দ্য ম্যাচ হতে পেরে আমি অবশ্যই আনন্দিত। কবে এর পুরো ক্রেডিট আমার টিমমেটদেরকে। কারণ তারা আমাকে সাপোর্ট করছে। আর আমি চেষ্টা করছি।'
বৃহস্পতিবার খেলার চতুর্থ মিনিটে চি হুসানের গোলে লিড নেয় তাইপে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টার শুরুর পাঁচ মিনিট পর আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। সর্বশেষ যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের হকির হামজাখ্যাত এই তারকা। এই কোয়ার্টারে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। তৃতীয় কোয়ার্টার ৩-১ স্কোরলাইনে শেষ হয়।
চতুর্থ ও শেষ কোয়ার্টার ছিল চরম নাটকীয়তা। চাইনিজ তাইপে এই কোয়ার্টারের শুরুতে তিন পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে রাখে। সেই চাপ সামলে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করলে বাংলাদেশের লিড ৪-১ হয়। ঐ মিনিটেই তাইপের চি হুসান ব্যবধান কমিয়ে আনেন ৪-২-এ৷ ১৪ সেকেন্ড পর পেনাল্টি কর্নার থেকে তাইপে আরেক গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে। বাকি সময় সতর্ক থেকে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে আগামীকাল। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্ট এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের চ্যাম্পিয়ন।

দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি এবং আবাহনী হকি দলের ম্যানেজার জাকী আহমেদ রিপন আর নেই।
বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাকী আহমেদ রিপনের মৃত্যুতে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। ফেডারেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আবাহনীর হয়ে খেলোয়াড়ি জীবন শেষে দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন রিপন। ক্লাবটির হকি কমিটির সেক্রেটারিও ছিলেন তিনি। রিপনের মৃত্যুতে ক্লাবের সাবেক খেলোয়াড়, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংগঠন শোক প্রকাশ করেছেন।

ভারত-পাকিস্তান লড়াই আবারও ফিরছে—তবে এবার ক্রিকেট নয়, হকির মঞ্চে। ২০২৬ ছেলেদের হকি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আগামী ১৫ থেকে ৩০ আগস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়াম যৌথভাবে আয়োজন করবে হকি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘পুল ডি’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে পরের ধাপে। এরপর নতুন করে দুটি গ্রুপে ভাগ হয়ে শিরোপার লড়াইয়ে নামবে দলগুলো।
বিশ্বকাপের আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবার মুখোমুখি হবে। জুনে ইংল্যান্ডে দ্বৈত ম্যাচ খেলবে তারা। সর্বশেষ ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।
সাম্প্রতিক পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলছে। ২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত রয়েছে ভারত। ২০১৩ সালের পর দুই দলের ২৬টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে ভারত।
তবে দীর্ঘ আট বছর পর বিশ্বকাপে ফিরছে পাকিস্তান। কঠিন সময় পার করলেও মিশরের বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করে জায়গা নিশ্চিত করেছে দলটি।
ভারতের অধিনায়ক হারমানপ্রীত সিং বলেন,
'পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সব সময়ই আলাদা উত্তেজনা তৈরি করে। তবে আমরা এটিকে অন্য যেকোনো গুরুত্বপূর্ণ ম্যাচের মতোই দেখছি—নিজেদের পরিকল্পনায় অটল থেকে সেরা খেলাটাই খেলতে চাই।'