২৩ এপ্রিল ২০২৬, ১:০৩ পিএম

চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে আজ হারিয়েছে বাংলাদেশ। ১৭ পয়েন্টের এই বিশাল জয় টুর্নামেন্টে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে রাখল।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। থাইল্যান্ডের খেলোয়াড়রা শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল।
পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে, যেখানে থাইল্যান্ড আটকে যায় ৩৪ পয়েন্টে। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে পরাস্ত করেছে বাংলাদেশের মেয়েরা।
এশিয়ান বিচ কাবাডিতে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ বরাবরই সমীহ জাগানিয়া নাম। থাইল্যান্ডের মতো দলকে ১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের নারীরা তাদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রমাণ করল। এই জয় নক-আউট পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে মানসিকভাবে অনেকখানি চাঙ্গা করে তুলবে। আগামীকাল শুক্রবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।
No posts available.
২৪ এপ্রিল ২০২৬, ৬:৪০ পিএম
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
২৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

শুক্রের ছুটির সকাল। স্বাভাবিকতই স্কুল-কলেজ যাওয়ার তাড়া নেই এসময়টায়। আলস্যের সকালে তাই একটু ঝিমিয়ে নেওয়া কিংবা বন্ধুদের সঙ্গে প্রকৃতি দেখতে বেরিয়ে পড়া। অথচ আরামের এমন মুহূর্ত একপাশে রেখে সাজসকালে কিছু ক্ষুদে প্রাণের আনাগোনায় মুখর হয়ে পড়ে রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া সংস্থা। উদ্যেশ্য, অনূর্ধ্ব ১৬ বালিকা র্যাপিড দাবায় অংশগ্রহণ। যার তত্ত্বাবধানে ছিল এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেইজ একাডেমি।
দেশের ২৫ টি জেলার ৮০ জন ক্ষুদে দাবাড়ু অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গনে এ আয়োজনের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো আমিনুল এহসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন ও হ্যাট্রিক মহিলা দাবা চ্যাম্পিয়ন নওশিন আনজুম। আর গোটা আসর মুখরিত ছিল চাল-পাল্টা চালে ব্যস্তরত এই ছোট্ট মুখগুলোতে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা প্রায়ই শিশু কিশোরদের নানা খেলায় উদ্বুদ্ধ করতে ব্যবস্থা নিয়ে করে থাকে। তারই ধারাবাহিকতায় দাবার আয়োজন। এর আগে এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে অনুষ্ঠিত হয় ম্যানেজারস মিটিং।
মিটিংয়ে ছোট্ট দাবাড়ুদেরসহ তাদের বাবা-মায়েরা উপস্থিত ছিলেন। যেখানে দাবায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়েও কথা বলেন আয়োজকরা। এরপর অংশগ্রহণকারীদের দেয়া হয় জার্সি উপহারও।
নতুন সেই জার্সিতেই শুক্রবার মাতিয়েছে তারা। ১০ মিনিট ও সাথে ৫ সেকেন্ড ইনক্রিমেন্টের এই খেলায় বিজয়ীদের মেইন পুরস্কার ছিল তিনটি। এছাড়াও ১৫ ক্যাটাগরিতে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে দারুণ এক সময় কাটায় দেশের বিভিন্ন প্রান্তের এই দাবাড়ুরা।
আয়োজকদের মতে, এমন প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে দাবার প্রতি আগ্রহ ধরে রাখা এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। দাবার এই ‘চাল-পাল্টা চালে’র লড়াইয়ের মাধ্যমেই হয়তো একদিন বেরিয়ে আসবে আগামীর কোনো গ্র্যান্ডমাস্টার, যারা বিশ্বমঞ্চে উজ্জ্বল করবে বাংলাদেশের মুখ।

সেমিফাইনালের লড়াইয়ে বিমান বাহিনীর সামনে দাঁড়াতেই পারল না বর্ডার গার্ড বাংলাদেশ। তিন সেটেই হেরেছে তারা। অপর সেমিফাইনালে সেনাবাহিনীর সঙ্গে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভলিবল দল। স্বাধীনতা দিবস উপলক্ষে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস আয়োজিত ভলিবল প্রতিযোগিতার ফাইনালে কাল সেনাবাহিনীকে মোকাবিলা করবে বাংলাদেশ বিমান বাহিনী।
গত মঙ্গলবার থেকে পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। আগামীকাল ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তার আগে আজ হয়ে গেল দুটি সেমি-ফাইনালের লড়াই।
প্রথম সেমিফাইনালে বর্ডার গার্ডকে ৩-০ (২৫-১৫, ২৫-১৯ ও ২৫-১৯ পয়েন্ট) সেটে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। দ্বিতীয় সেমিফাইনালে পানি উন্নয়ন বোর্ডকে ৩-১ সেটের (২৫-১৬, ২১-২৫, ২৫-১৯, ২৫-২৩ পয়েন্ট) ব্যবধানে হারায় বাংলাদেশ সেনাবাহিনী।
আগামীকাল ফাইনাল গড়াবে বেলা ৩টায়। তার আগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বর্ডার গার্ড ও পানি উন্নয়ন বোর্ড একে অপরকে মোকাবিলা করবে।

দেশের অন্যতম সফল খেলা আর্চারি কদিন ধরেই নেতিবাচক খবরের শিরোনামে। ফেডারেশনটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সম্প্রতি সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, তাঁর অগোচরে ফেডারেশনের তহবিল থেকে ১৪ লাখ টাকার মতো উত্তোলন করা হয়েছে। তাঁকে না জানিয়েই পরিবর্তন করা হয়েছে কোষাধ্যক্ষ।
আজ বৃহস্পতিবার এই ইস্যুতে আর্চারি ফেডারেশনের নির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে।সভায় কমিটির ১৪ জনের ১০ জন সদস্যই সাধারণ সম্পাদক তানভীর আহমেদের ওপর অনাস্থা জ্ঞাপন করেছেন। তারা কাজ করতে চান না তানভীরের সঙ্গে।
তানভীর আহমেদ যদিও ফেডারেশনে আর্থিক অনিয়ম ঘটেছে বলে সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, তবে সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড বলছে ভিন্ন কথা। তানভীর আহমেদই সম্প্রতি একাধিক শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন কাউকে না জানিয়ে। পরে জানা যায়, সফরে যাওয়ার আগে নিয়ম অনুযায়ী যুগ্ম সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব না দিয়ে একজন সদস্যকে দায়িত্ব দিয়ে গেছেন। যা কমিটির অন্যরা পরে জানতে পারেন। গত ৫ এপ্রিল হওয়া আর্চারির নির্বাহী কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হয়। এ সময় তানভীর আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ৭ এপ্রিল ফেডারেশন সভাপতি স্বাক্ষরিত চিঠিতে তানভীরকে এক মাসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
৫ এপ্রিলের মিটিংয়েই কোষাধ্যক্ষ পদ থেকে শহিদুজ্জামান সেচ্ছায় সরে যেতে সম্মতি জানান। জানা যায়, ঠিকঠাক দায়িত্ব পালন না করায় সেদিন সভাপতির তোপের মুখে পড়েন তিনি। এরপরই শহিদুজ্জামানের জায়গায় দায়িত্বে আসেন সাইদুজ্জামান তুহিন।
সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে নতুন কোষাধ্যক্ষের স্বাক্ষরে আর্চারি ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্ড থেকে মোট ২১ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। যার একটি বড় অংশ খরচ হয়েছে জাতীয় দলের বিদেশি কোচের বেতন, আবাসন বাবদ। কোন খাতে কি খরচ হয়েছে তা নোটশিট আকারে ফেডারেশনে লিপিবদ্ধ আছে।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত একজন সদস্য বলেন, ‘সাধারণ সম্পাদক পুরো বোর্ডের সম্মানহানি করেছেন। তিনি অভিযোগ করেছেন টাকা আত্মসাৎ হয়েছে। অথচ কোথায় কী হয়েছে, সবই লিপিবদ্ধ আছে। উনি (সাধারণ সম্পাদক) তার আপত্তির কথা সভাপতি বরাবর বা বোর্ডে তুলতেই পারতেন। কিন্তু সেটা না করে সংবাদমাধ্যমে নানা অভিযোগ এনেছেন। এটা উনি কি জন্য করেছেন সেটা জানি না। তবে তার ওপর বোর্ডের বেশির ভাগ সদস্যই নাখোশ। হতে পারে নিজের স্বেচ্ছাচারিতা আড়াল করতে তিনি এমন করছেন।’
আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। দুই যুগের বেশি সময় তিনি এই খেলাটি দেশে বিকশিত করেছেন। পাশাপাশি সরাসরি অলিম্পিকে খেলার অবস্থানে পৌঁছেছেন টানা দুই বার। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে সকল ফেডারেশনে রদবদল হয়েছে। সেখানে চপলকে আর্চারির সাধারণ সম্পাদক করে একটি প্রজ্ঞাপন হয়। এতে সার্চ কমিটির আহ্বায়ক ক্ষোভে ফেটে পড়েন। এতে জাতীয় ক্রীড়া পরিষদ চপলকে তখন সদস্য করে তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করেন। তানভীর আহমেদ আর্চারির আম্পায়ার/জাজ হিসেবে কাজ করেছেন। সাংগঠনিক অভিজ্ঞতা তেমন না থাকলেও সাধারণ সম্পাদক হয়ে ইতিমধ্যে এক বছর পার করেছেন। নানা সময় কমিটির কর্মকর্তাদের মধ্যে খানিকটা দূরত্ব ও সমন্বয়হীনতা গোপনীয় পর্যায়ে থাকলেও কোষাধ্যক্ষ পরিবর্তন কেন্দ্র করে সেটা প্রকাশ্যে এসে অনাস্থা ও মন্ত্রী তলব পর্যন্ত গড়িয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী কিভাবে আর্চারির এই অশান্ত পরিবেশ শান্ত করেন সেটাই এখন দেখার বিষয়।

আজ বিশ্ব উদযাপন করছে টেবিল টেনিসের শতবর্ষ পূর্তি। এমন দিনে বাংলাদেশও বসে নেই। এ বছর স্বাধীনতা পদক জেতা কিংবদন্তি জোবেরা রহমান লিনুকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (টিটি)। একইসঙ্গে সম্প্রতি সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে আটটি পদক জেতা বাংলাদেশের খেলোয়াড়দের সম্মাননা এবং আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিনুকে অতিথি করা হয়। তরুণ খেলোয়াড়দের স্বপ্ন থাকে কিংবদন্তি এই ক্রীড়াবিদকে সামনে থেকে দেখার। দুই প্রজন্মের সেই মেলবন্ধনই আজ হয়ে গেল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে।
অনুষ্ঠানের শুরুতে ভারতের শিমলায় পদকজেতা খেলোয়াড়েরা একে একে আর্থিক পুরস্কারের চেক গ্রহণ করেন লিনুর কাছ থেকে। পুরস্কার প্রদান শেষে বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছু গল্প তিনি তুলে ধরেন সবার সামনে। প্রথমেই বলেন,
'আজ অনেকগুলো কারণে আমি খুশি। ১০০ বছর টেবিল টেনিসের পূর্তি, সে উপলক্ষে এমন আয়োজন এবং সেই দিনে এখানে থাকতে পেরে ভালো লাগছে, আমি ভাগ্যবান যে এমন দিনটি দেখেছি। কিছুদিন আগে আমি স্বাধীনতা পদক পেয়েছি। এটা আমার জন্য, আমার খেলাটার জন্য এবং টিটি ফেডারেশনের জন্য বড় পাওয়া।'
সাফল্যমন্ডিত ক্যারিয়ারে ১৬বার জাতীয় টেবিল টেনিসের চ্যাম্পিয়ন লিনু। দারুণ এই কীর্তির জন্য ওয়ার্ল্ড গিনেসরেকর্ড বুকে নাম উঠেছে তাঁর। কিন্তু এই পথচলা যে মসৃণ ছিল না সেটিও জানান লিনু।
জোবেরা রহমান লিনু ১৯৬৫ সালের ৯ জুন চট্টগ্রামের কাপ্তাইতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ আবদুর রহমান ছিলেন সরকারি প্রকৌশলী। তাঁর মায়ের নাম আঁখি রহমান। তবে বাবার হাত ধরেই টিটিতে আসা তাঁর।
লিনু কিভাবে টিটি খেলায় আসেন সেই গল্প জানিয়ে বলেন,
'ওরা জানুক কোনো কিছু পেতে শর্ট-কার্ট বলে কিছু নেই। ৯ বছর বয়সে খেলা শুরু করি। দেশ তখন মাত্র স্বাধীন হয়, সেই সময়ে খেলাটা শুরু করা সহজ কিছু ছিল না। বাবা অনেক বেশি সাপোর্টিভ ছিল। আমি এবং আমার বড় বোনকে (মনিরা মোর্শদ হেলেন) খেলতে দিয়েছেন। তখন হাফ প্যান্ট পরে খেলাটা মেনে নেওয়ার মতো সমাজ ব্যবস্থা ছিল না। কিন্তু আমার বাবা আমাদের আধুনিক জীবন-যাপন করার অনুমতি দেন। সেই সঙ্গে এটাও বলেন যে আমাদের কার্যক্রম, আমাদের চলা, কথা বলায় যে কেউ কখনও কষ্ট না পায়। এতটুকু বেসিক শিখেই আমরা বড় হয়েছি।'
এরপর লিনু বলেন নিজের শৈশবের গল্প,
'কাপ্তাইয়ে জন্ম আমার। বনে বনে ঘুরেছি, গাছ থেকে ফল পেরে খেয়েছি, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট এমন আরও অনেক কিছু খেলে বড় হয়েছি। একদিন দেখি একটা বল নিয়ে বাসায় সবাই খেলছে, সেটা দেখেই আমি বাবাকে বলি এই খেলাটা আমি খেলতে চাই, তখন বাবা আমাকে অনুমতি দেন। সেটা ১৯৭৩ সালের কথা। পরের বছর ঢাকার প্রেস ক্লাবে হওয়া একটি ওপেন টেবিল টেনিসে আমরা দুই বোন আসি। তখন সেখানে সবাই অনেক বড় ছিলেন, আমি তখনও বাচ্চা, কিন্তু খেলাটা যে একটা যুদ্ধ তা আমি বুঝিনি। কিন্তু ওই টুর্নামেন্টে আমরা দুই বোন ফাইনালে উঠি (বড় বোন সিনিয়রে, লিনু জুনিয়রে)। এরপর ১৯৭৭ সালে আমি জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই।'
অনুষ্ঠানে তিনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের পরামর্শ দেন।
লিনু যখন স্টেজে দাঁড়িয়ে নিজের জীবনের কথা সবার সঙ্গে ভাগাভাগি করছিলেন, তখন করতালি দিয়ে একাধিকবার তাঁকে অভিবাদন জানান উপস্থিত প্রত্যেকে।
গত বছর থাইল্যান্ড থেকে কোচ নিয়ে আসে ফেডারেশন। কদিন আগে জাপানের আরেক কোচকে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশি এই কোচ। সেটি দেখেই কি না লিনু নিজের ক্যারিয়ারের একটি টুর্নামেন্টের কথা সবার সামনে তুলে ধরেন। বলেন, '১৯৮০ এশিয়ান চ্যাম্পিয়নশিপ বসে ভারতের কলকাতায়। সেমি-ফাইনালে জাপানি একজন আমার বিপক্ষে পিছিয়ে ছিল দুই সেটে, কিন্তু এরপর ওর কোচ এসে কি যেন ওকে বলল, এরপর সে আমার সঙ্গে এমনভাবে খেললো যে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি করব, তখন আমার কোনো কোচও ছিল না। এখন তো কোচ আছে, বলা হচ্ছে খেলাটা এগিয়ে যাচ্ছে কিন্তু আমি বলব ততটা আগাইনি। কারণ এশিয়ান মঞ্চে পদক আসছে না।' কোচকে নিয়ে তিনি বলেন,
'জাপানিজ কোচের কাছে কিছু বলতে চাই। আপনাকে স্বাগতম। আমি ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন। আপনার কাছে আমার প্রত্যাশা— দারুণ কিছু অর্জন আপনার হাত ধরে আসবে।'
নিজের বক্তব্য শেষে একটি দাবির কথা তুলে শেষ করেন লিনু। শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। এই আয়োজনে টেবিল টেনিসকে যুক্ত করার দাবি করেন তিনি। প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের কাছে একই দাবির কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ সনেট। একইসঙ্গে টিটির বয়সভিত্তিক খেলোয়াড়দের সরকারের ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করার দাবিও করেন।
নিজের বক্তব্যে সনেট বলেন,
'স্বাধীনতা পুরস্কার পাওয়ায় কিংবদন্তী লিনুকে স্বাগত জানাতে এবং সংবর্ধনা দিতে চেয়েছি। আজকে সেটি দিতে পেরে সত্যি খুব খুশি। অনূর্ধ্ব-১৯ বালক ডাবলসে স্বর্ণ জেতায় তাদেরও অভিনন্দন। আশা করি তারা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।'

অবশেষে জাতীয় শুটার কামরুন নাহার কলির বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। তবে তাঁর ওপর আরোপ করা হয়েছে বেশ কিছু বিধি-নিষেধ। এসব নির্দেশনা অনুসরণের লিখিত অঙ্গীকার দিলেই তবে শুটিং ক্যাম্পে ফিরতে পারবেন তিনি। আর ফেডারেশন আরোপিত নির্দেশনা অমান্য করলে কোনো নোটিশ ছাড়াই সরাসরি পুনরায় বহিষ্কার করবে ফেডারেশন, এমনটাও ওই চিঠিতে জানিয়ে রেখেছে ফেডারেশন।
শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস স্বাক্ষরিত বহিষ্কার প্রত্যাহার চিঠিতে কলির প্রতি মিডিয়া সংক্রান্ত নির্দেশনাই একাধিক। ফেডারেশনের অনুমতি ছাড়া মিডিয়ায় বক্তব্য দেওয়া যাবে না। এমনকি সামাজিক মাধ্যমে ফেডারেশনের কোনো সিদ্ধান্ত কিংবা কোন খেলোয়াড়-কোচকে নিয়ে বিশেষভাবে পোস্ট দেয়া যাবে না। কোচের আচরণবিধির পাশাপাশি ক্যাম্পের আইনশৃঙ্খলা মেনে চলতে হবে।
কলিকে আগামী তিন মাস পর্যবেক্ষণ করবে ফেডারেশন। এই সময়ের মধ্যে কোনো ছোটখাটো শৃঙ্খলা ভঙ্গ হলেও স্থায়ী বহিষ্কারের কারণ হতে পারেন তিনি। পর্যবেক্ষণ সময়ের পরেও ফেডারেশনের উল্লিখিত শর্ত ভাঙলে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার পুনরায় কার্যকর হবে এমনটাই চিঠিতে রয়েছে।