
বার্সেলোনা ছেড়েছেন বহু আগেই। এরপর থেকে খেলে আসছেন এশিয়ায়। নেই খুব একটা আলোচনায়ও। গত জুলাই থেকেই ক্লাবহীন আন্দ্রেস ইনিয়েস্তা। তাতে ৪০-এ এসে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার, বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যমের খবর এমনটাই।
‘রেলেভো’র এক প্রতিবেদন অনুযায়ী, ইনিয়েস্তা এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যেখানে জড়িয়ে আছে তাঁর প্রিয় সংখ্যা ৮। ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই ৮ নম্বর জার্সি পরেই খেলেছেন তিনি। অবসরের ক্ষেত্রেও সেই একই সংখ্যাটাই বেছে নিচ্ছেন তিনি। মানে আগামী ৮ অক্টোবর অবসর নিতে চাইছেন বলেই ইঙ্গিত দিচ্ছে রেলেভো।
২০০২ সালে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছিল ইনিয়েস্তার। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৬৭৪ ম্যাচ খেলেছেন। ৫৭ গোলের পাশাপাশি করেছিলেন ১৩৫ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ ক্লাব ইতিহাসের সম্ভাব্য সব শিরোপাই জিতেছিলেন তিনি।
২০১৮-তে বার্সেলোনা ছেড়ে বিশাল কুভে তে যোগ দেন ইনিয়েস্তা। জাপানি ক্লাবটিতে চার মৌসুম কাটিয়ে পাড়ি জমান আরব আমিরাতের ক্লাব এমিরাতস ক্লাবে। সেখানে এক মৌসুম কাটানোর পর থেকে ক্লাব ছাড়া আছেন তিনি। এবার তো সিদ্ধান্ত নিলেন অবসরেরই।
আন্তর্জাতিক ফুটবল থেকেও বেশ আগে অবসরে গেছেন ইনিয়েস্তা। এক বিশ্বকাপ আর দুই ইউরো জিতে বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে।
No posts available.
২৪ মার্চ ২০২৬, ৭:২৫ পিএম
২৪ মার্চ ২০২৬, ৭:০৮ পিএম

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই আর ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগের মাঝে লেন্সের বিপক্ষে লিগ আ ম্যাচটি স্থগিত করার আবেদন জানিয়েছে প্যারিসের ক্লাবটি। তবে পিএসজির এই আবদনে তীব্র আপত্তি জানিয়েছে তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী লেন্স।
আগামী ৮ এপ্রিল ঘরের মাঠে আরনে স্লটের লিভারপুলকে আতিথ্য দেবে পিএসজি। এর ঠিক তিন দিন পর ১১ এপ্রিল লেন্সের বিপক্ষে তাদের লিগ ম্যাচ। তার তিন দিন পরই অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের লড়াই। ঠাসা এই সূচি থেকে খেলোয়াড়দের বিশ্রাম দিতেই ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে লুই এনরিকের দল।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপার স্বপ্ন দেখছে লেন্স। বর্তমানে টেবিল টপার পিএসজির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা দলটি পিএসজির এই আবদনে ক্ষুব্ধ। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ঘরোয়া লিগকে কোনো নির্দিষ্ট দলের ইউরোপীয় উচ্চাকাঙ্ক্ষার দাবার গুটি হিসেবে ব্যবহার করা উচিত নয়।
লেন্স কোচ পিয়েরে সেজ সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই ম্যাচ স্থগিতের পক্ষে নন। ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়,
‘ইউরোপীয় উচ্চাকাঙ্ক্ষা যতই যৌক্তিক হোক না কেন, ঘরোয়া লিগকে দ্বিতীয় সারিতে ঠেলে দেওয়া প্রতিযোগিতার মর্যাদাহানি করে।‘
পিএসজির এক মুখপাত্র জানিয়েছেন, অতীতেও ফরাসি ক্লাবগুলোর সুবিধার কথা মাথায় রেখে লিগ কর্তৃপক্ষ নিয়মিত ম্যাচ পুনর্নির্ধারণ করেছে। তাদের মতে, ফরাসি ক্লাবগুলো ইউরোপীয় মঞ্চে ভালো করলে সামগ্রিকভাবে ফরাসি ফুটবলেরই উন্নতি ঘটায়।
এর আগে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সময়ও পিএসজির অনুরোধে নঁতের বিপক্ষে তাদের লিগ ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল প্যারিসিয়ানরা।

বিশ্বকাপ প্লে-অফের ঠিক দুই দিন আগে বড় ধরনের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে কেঁপে উঠেছে চেক প্রজাতন্ত্রের ফুটবল অঙ্গন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যাচের ফলাফল প্রভাবিত করার অভিযোগে ইতিমধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দেশটির ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পুলিশি অভিযানের একটি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, কেলেঙ্কারির প্রভাব পড়েছে শীর্ষ লিগ থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোতেও। তদন্তকারীদের ধারণা, কয়েকটি ম্যাচের ফলাফল ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে জুয়াচক্র আর্থিকভাবে লাভবান হতে পারে।
এই তদন্তটি গত তিন বছর ধরে চলছিল বলে জানা গেছে। তদন্তের মূল কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে দেশের পূর্বাঞ্চলীয় মোরাভিয়া অঞ্চল, যা স্লোভাকিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।
এমন পরিস্থিতিতে বড় চাপের মুখে পড়েছে চেক ফুটবল কর্তৃপক্ষ। দেশটির ফুটবল সংস্থার সভাপতি ডেভিড ট্রুন্ডা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, খেলাধুলায় এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই এবং ফুটবল থেকে জুয়া চক্রকে নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
এই কেলেঙ্কারির মধ্যেই আসছে বৃহস্পতিবার বিশ্বকাপ প্লে-অফে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে চেক প্রজাতন্ত্রের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন ঘটনায় দলের প্রস্তুতি ও মনোযোগে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ যুবারা। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন রোনান সুলিভান।
এবারের সাফ ঘিরে বাড়তি আগ্রহ ছিল বাংলাদেশের ফুটবল সমর্থকদের। যার অন্যতম কারণ স্কোয়াডে থাকা বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরুতে ডেকলানকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। আর মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। দুটি গোলই বাংলাদেশ করেছে দ্বিতীয়ার্ধে। যার মধ্যে ফ্রি কিকে যে গোলটা রোনান করেছেন, সেটা বিশ্বমানের ফুটবলারদের ফ্রি-কিককেই মনে করিয়ে দিয়েছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আজ বিকেলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। গত রোববার ভিয়েতনাম আসার কথা থাকলেও তাঁর ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল ৪টায় পৌঁছেছেন তিনি।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে। এদিন বিকেলে হ্যানয়ে বাংলাদেশ দলের অনুশীলন স্থানীয় সময় বিকেল ৫টায়।
হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় যখন এসেছিলেন তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলে অনুশীলন করেছেন। আজ ভিয়েতনামে অনুশীলন শুরু হওয়ায় এবং ভ্রমণক্লান্তি থাকায় প্র্যাকটিস করার সম্ভাবনা কম। এরপরও অনুশীলন গ্রাউন্ডে সবার সঙ্গে তাঁর দেখা করার ইচ্ছে রয়েছে বলে জানা গেছে।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জামালরা। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ। দুটি ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন, আর হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে।

২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে গতকাল সোমবার। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে আজ, প্রতিপক্ষ পাকিস্তান।
মালের ন্যাশনাল স্টেডিয়ামে 'বি' গ্রুপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৪টা ৪৫ মিনিটে। তিন দলের গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ— প্রতিবেশী দেশ ভারত।
পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মালদ্বীপে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। সোমবার শেষ মুহুর্তের অনুশীলন করেছে লাল সবুজের ছেলেরা। এদিন দলের হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ।
দলের গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলী বলেন, 'আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটি জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার ভেতরে একটা জেদ কাজ করছে।'
পাকিস্তান দলের সাম্প্রতিক কোনো ম্যাচের ভিডিও বা অনুশীলনের ফুটেজ না থাকায় তাদের শক্তি বা কৌশল সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলাদেশের। কোচিং স্টাফরা এ নিয়ে খুব একটা বিচলিত নন। সহকারী কোচ আতিকুর রহমান মিশু নিজেদের কৌশলেই ভরসা রাখছেন, 'পাকিস্তান সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। তাই প্রতিপক্ষ নয়, আমরা পুরোপুরি নিজেদের গেমপ্ল্যান নিয়েই পরিকল্পনা সাজিয়েছি।'
এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করছে। এর অন্যতম কারণ দলে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ফুটবলার রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তি। তাঁদের উপস্থিতিতে দলের শক্তি ভিন্ন মাত্রা পাবে বলেই প্রত্যাশা সবার।
এর আগে গতকাল উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে দুটি। স্বাগতিক মালদ্বীপকে ২-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। 'এ' গ্রুপের অপর ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে নেপাল।