
আন্তর্জাতিক ক্রিকেটে
এমনটা কমই দেখা যায়। হুট করেই একই দিনে অধিনায়কত্ব ছেড়েছেন প্রথমে বাবর আজম ও পরে টিম
সাউদি। নিউজিল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ
এই পেসার।
৩৮ বছর বয়সী সাউদির
স্থলাভিষিক্ত হয়েছেন টপ অর্ডার ব্যাটার টম লাথাম। চলতি মাসে ভারত সফর দিয়ে অধিনায়ক
হিসেবে কাজ শুরু হবে তার।
সাউদি ২০২২ সালে কেন
উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি টেস্টে অধিনায়কত্ব
করেছেন। ছয়টি জয়, ছয়টি হারের সাথে রয়েছে দুটি ড্র। সবশেষ শ্রীলঙ্কা কাছে ধবলধোলাই
হয়েছে কিউইরা।
শ্রীলঙ্কা থেকে আসার
পর অকল্যান্ড বিমানবন্দরে নেতৃত্ব ছাড়ার বিষয়টি জানান টেস্টে ৩৭৮ উইকেট শিকারী সাউদি।
“হ্যাঁ। কোচ গ্যারি স্টেডের সাথে আমাদের আলোচনা হয়েছে, যেমনটা আমরা প্রতিটি সিরিজের শেষে করি। সরে যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল আমার এবং এই দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই টমের সময়।”
বল হাতে দলের সবচেয়ে
অভিজ্ঞ পেসার সাউদির নিজের ফর্মও এই বছর স্পটলাইটে ছিল। তিনি তার শেষ আট টেস্টে মাত্র
১২টি উইকেট নিয়েছেন। অধিনায়ক না থাকায় এখন দেখার বিষয় হবে যে, আসছে ভারত সিরিজে তিনি
দলে জায়গা ধরে রাখতে পারেন না।
লাথাম এর আগে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে
৯ বার টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন। ভারতে তিন টেস্টের সফরের জন্য নিউজিল্যান্ডের
১৫ সদস্যের স্কোয়াড এই সপ্তাহেই ঘোষণা করা হবে।
No posts available.
৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম
৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম
৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

পিএসএলে প্রথমবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না নাহিদ রানা। বিবর্ণ চেহারায় হাজির হলেন শরিফুল ইসলামও। বাংলাদেশের দুই পেসারের ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন ইফতিখার আহমেদ। চাচাখ্যাত এই অলরাউন্ডের নৈপুণ্যে শেষ বলে জিতল পেশাওয়ার জালমি।
করাচিতে বুধবার রাতের ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৪ উইকেটে হারিয়েছে জালমি। আগে ব্যাট করে ১৪৫ রানে গুটিয়ে যায় পিএসএলের নতুন দল হায়দরাবাদ। জবাবে ম্যাচের একদম শেষ বলে গিয়ে জিতেছে বাবর আজমের দল।
তিন ম্যাচে জালমির এটি দ্বিতীয় জয়। বৃষ্টিতে ভেসে গেছে তাদের অন্য ম্যাচ। আর চার ম্যাচের সবকটি হেরেছে হায়দরাবাদ।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করা হায়দরাবাদকে শুরুতে ধাক্কা দেন ইফতিখার। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার। মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নবাগত দলটি।
পরে কুশল পেরেরা ৩৫ বলে ৫৮ ও মার্নাস লাবুশেন ২৭ বলে ২৭ রান করে কোনোমতে দলকে দেড়শর কাছে নিয়ে যান।
শেষ দিকের ঘূর্ণি জাদুতে ৩২ রানে ৪ উইকেট নেন সুফিয়ান মুকিম। বাংলাদেশের পেসারদের মধ্যে ২ ওভারে ২১ রান দেন শরিফুল আর ৩ ওভারে ৩০ রান খরচ করেন নাহিদ।
রান তাড়ায় জালমির হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া কুশল মেন্ডিস ২৩ বলে ২৭ ও মাইকেল ব্রেসওয়েল ১৯ বলে করেন ২৫ রান।
শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। হুনাইন শাহর বলে ছক্কা ও চার মেরে দলকে জেতান ইফতিখার। তিনি ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

ব্যর্থতার বৃত্ত ভেঙে গা ঝাড়া দিলেন জস বাটলার। দিল্লি ক্যাপিটালসের বোলারদের নিয়ে ছেলেখেলা করে মারলেন একের পর এক ছক্কা। এই পথচলায় পূর্ণ হলো তার ক্যারিয়ারের ৬০০ ছক্কা। আর এই রেকর্ডের একটি জায়গায় তিনিই পৌঁছালেন সবার আগে।
আইপিএলে বুধবার রাতের ম্যাচে দিল্লির বিপক্ষে ২১০ রান করেছে গুজরাট টাইটান্স। যেখানে ৩ চার ও ৫ ছক্কায় ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন বাটলার। আর এই ৫ ছক্কায় স্বীকৃত টি-টোয়েন্টিতে তার পূর্ণ হয়েছে ৬০০ ছক্কার মাইলফলক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৬৭ ইনিংসে বাটলারের ছক্কা ঠিক ৬০০টি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বাদ দিলে ৩৫ বছর বয়সী এই ইংলিশ তারকাই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৬০০টি ছক্কা মারার রেকর্ড গড়লেন।
বাটলারের আগে ৬০০ ছক্কার কীর্তি গড়া চারজন ব্যাটারই ওয়েস্ট ইন্ডিজের। অবসরের আগে মাত্র ৪৫৫ ইনিংসে ১ হাজার ৫৬টি ছক্কা মেরেছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। আর কারও এই সংস্করণে ১ হাজার ছক্কার রেকর্ড নেই।
৬৫২ ইনিংসে ৯৮২টি ছক্কা মেরে তালিকার দুই নম্বরে কাইরন পোলার্ড। এছাড়া আন্দ্রে রাসেন ৫০৮ ইনিংসে ৭৮৪ ও নিকোলাস পুরান ৪১৮ ইনিংসে মেরেছেন ৭১২টি ছক্কা। অর্থাৎ ৬০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারই ছুঁয়েছেন ৭০০ ছক্কার মাইলফলক।
বাটলারের পর ৬০০ ছক্কার খুব কাছে আছেন তারই স্বদেশি অ্যালেক্স হেলস। এখন পর্যন্ত ৫২৩ ইনিংসে ৫৯৫টি ছক্কা মেরেছেন হেলস।
এছাড়া রানের তালিকায়ও ১৪ হাজারের খুব কাছে পৌঁছে গেছেন বাটলার। এখন পর্যন্ত ৮ সেঞ্চুরি ও ৯৯ ফিফটিতে তার সংগ্রহ ১৩ হাজার ৯৬১ রান। তার আগে ১৪ হাজার রান করেছেন চার ব্যাটার- গেইল (১৪৫৬২), পোলার্ড (১৪৪৮২), হেলস (১৪৪৪৯) ও ডেভিড ওয়ার্নার (১৪১২১)।

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউ জিল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজে ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পূর্ব নির্ধারিত সূচিতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সোমবার বাংলাদেশে আসার কথা নিউ জিল্যান্ড ক্রিকেট দলের। ওই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরুর কথা ছিল দুপুর ২টায়। আর টি-টোয়েন্টি সিরিজের খেলা হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টা থেকে।
এমনটা হলে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ইনিংসের পুরোটা আর টি-টোয়েন্টি ম্যাচের দুই ইনিংসই খেলা হতো ফ্লাডলাইটের আলোয়। তাই এই সূচিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড।
বুধবার এডহক কমিটির প্রথম বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তামিম।
“আপনারা জানেন বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউ জিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব, চেষ্টা করব যতটা কম সম্ভব কৃত্রিম আলোয় খেলার।”
“সুনির্দিষ্ট সময়টা এখনই বলছি না, তবে একটা ধারণা দিতে পারি। যেরকম ওয়ানডে ম্যাচগুলো হয়তো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তো ২টা বা আড়াইটা থেকে হতে পারে। কারণ বিদ্যুৎ নিয়ে যখন সরকার সবাইকে বলছে এটা করতে, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার এবং আমাদের সবার উচিত নিজেদের ভূমিকা রাখা। যদি (কৃত্রিম) আলো ব্যবহার করতেও হয়, যত মিনিমাম কম ব্যবহার করা যায়, যাতে বিদ্যুৎ বাঁচাতে পারি আমরা।”
যথাসময়ে নিউ জিল্যান্ড সিরিজের খেলা শুরুর সময় জানিয়ে দেবে বিসিবি।

চোটে পড়া দুই পেসার নাসিম শাহ ও জামান খানের শূন্যতা পূরণে নিউজিল্যান্ডের গতিতারকা বেন সিয়ার্সকে দলে নিয়েছে রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। বুধবার ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানিয়েছে, বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কায় থাকা সিয়ার্স প্রয়োজনীয় ছাড়পত্র পেলে বৃহস্পতিবারই রাওয়ালপিন্ডিজ শিবিরে যোগ দেবেন। জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে এই খবর।
এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন ডানহাতি এই পেসার। এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা বলতে ছিল কেবল মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলার অভিজ্ঞতা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে ২৭ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন সিয়ার্স। চার ওয়ানডেতে তার শিকার ১০ উইকেট।
মূলত চোটে পড়া দুই পেসার নাসিম শাহ ও জামান খানের বিকল্প হিসেবে তাকে দলে টেনেছে পিন্ডিজ।
করাচি কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোটে পড়া নাসিম শাহ আপাতত মাঠের বাইরে। যদিও দলীয় সূত্র বলছে, তিনি এখনও স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই থাকছেন। আগামী ১৫ এপ্রিল তার আরও মেডিকেল পরীক্ষা হবে, যেখানে চোটের অগ্রগতি মূল্যায়ন করা হবে।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, টুর্নামেন্টের শেষ দিকে নাসিমের ফেরার সম্ভাবনা থাকলেও সেটি নির্ভর করছে তার পুনর্বাসন ও ফিটনেস পরীক্ষার ওপর।
অন্যদিকে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফয়সালাবাদের হয়ে খেলতে গিয়ে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে অ্যাক্রোমিওক্ল্যাভিকুলার (এসি) জয়েন্ট ডিসলোকেশনে পড়েছেন জামান খান। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে জালাত খানকে।
মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন রাওয়ালপিন্ডিজ নিজেদের পরের পিএসএল ম্যাচ খেলবে ১০ এপ্রিল, কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে দেশের ক্রিকেটারদের সামাজিক ও আর্থিক সম্মান সুরক্ষার বিষয়ে কথা বলেছেন তামিম ইকবাল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সভায়ই ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের সর্বকালের সেরা এই ওপেনার।
বিসিবি কার্যালয়ে বুধবার প্রথম বোর্ড সভায় বসেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি। এই সভা শেষে সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক নিজেই জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন-পারিশ্রমিক বাড়ানোর খবর।
শুরুতে নারী ক্রিকেটের পারিশ্রমিক বাড়ানোর কথা জানান তামিম। এতদিন মেয়েদের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি ছিল ৫ হাজার টাকা। সেটি বাড়িয়ে এখন প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটের জন্য ২০ হাজার, লিস্ট 'এ' ম্যাচের জন্য ১৫ হাজার ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা করা হয়েছে।
তবে এটিও যে খুব বেশি নয়, সেটিও মনে করিয়ে দেন তামিম।
“নারী ক্রিকেটে ঘরোয়াতে সম্ভবত ৫ হাজার টাকা ছিল ম্যাচ ফি। যেটা আমার মনে হয়, কোনোভাবে ঠিক না। তারাও ২০ ওভারের ম্যাচ খেলেন, ৫০ ওভারের ম্যাচ খেলেন, দুই-তিন দিনের ম্যাচ খেলেন। যে অঙ্কটা এখন আমরা বাড়িয়েছি, এটাও আমি বলব না যে খুব ভালো। তবে আগের তুলনায় ভালো। কারণ সবকিছু বাড়ানোর একটা সীমাবদ্ধতা আছে।”
এছাড়া নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বাইরেও ৩০ জন ক্রিকেটার আছেন ন্যাশনাল চুক্তিতে। এত দিন তাদের মাসিক পারিশ্রমিক ছিল ৩০ হাজার টাকা। সেটিকে এখন বাড়িয়ে ৪০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড।
এই পারিশ্রমিকের পরিমাণ আরও বাড়াতে না পারার কারণও ব্যাখ্যা করেন বর্তমান বিসিবি প্রধান।
“জাতীয় চুক্তির পারিশ্রমিক বাড়ানোর ক্ষেত্রে একটা জটিলতা ছিল। কারণ কেন্দ্রীয় চুক্তিতে যেটা লোয়েস্ট ক্যাটাগরি (ডি) ওটা হলো ৬০ হাজার টাকা। তাই আমি ঘরোয়া ক্রিকেটে বাড়ালেও একটা গ্যাপ রাখতে হবে কেন্দ্রীয় চুক্তির সঙ্গে। এই কারণে আমরা যতটুকু পেরেছি বাড়ানোর, ততটুকু করেছি।”
এসময় পুরুষ ক্রিকেটে প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মাসিক পারিশ্রমিকও বাড়ানোর ঘোষণা দেন তামিম। এত দিন ভিন্ন তিন ক্যাটাগরিতে যথাক্রমে ৩৫ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিক পেতেন ক্রিকেটাররা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যথাক্রমে ৬৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।